ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

খেলাপি ঋণ কমলেও ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ


খেলাপি ঋণ কমলেও ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ

সেপ্টেম্বর মাসের শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ কমে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকায় পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক মন্দায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরুদ্ধারে নীতি সহায়তা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি, ইচ্ছাকৃত খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ আদায় করতে রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, খেলাপি ঋণের পরিমাণ সেপ্টেম্বর শেষে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা হয়েছে, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত জুন মাসের শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ। এই হিসাবে দেখা যাচ্ছে, তিন মাসের মধ্যে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমেছে।

পাচার হওয়া অর্থ ফেরাতে বাংলাদেশ ব্যাংক টাস্কফোর্স গঠন করেছে, ডিসেম্বর পর্যন্ত বিশেষ ওয়ান-টাইম এক্সিট সুবিধা চালু করেছে এবং ব্যাংকগুলোর কার্যক্রম তদারকি ও পর্যবেক্ষণ করছে। কেন্দ্রীয় ব্যাংক খেলাপিদের বিরুদ্ধে মামলা করার জন্যও নির্দেশনা দিয়েছে।

আরও পড়ুন: রংপুরে সোনালী ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, খেলাপি ঋণ ব্যাংকিং খাতে তারল্য সংকটের একটি প্রধান কারণ। অনেক ব্যাংক শুধুমাত্র আমানতকারীদের চাহিদা পূরণের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তারল্য সহায়তা গ্রহণ করেছে।

অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন, ইচ্ছাকৃত খেলাপি ও অর্থনৈতিক মন্দার শিকার ব্যবসায়ীদের এক পাল্লায় মাপা সম্ভব নয়। তাদের মতে, ইচ্ছাকৃত খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ আদায়ে রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপের প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদুল ইসলাম ইউনিলিভার বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্সের নতুন ডিরেক্টর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ এম


শহীদুল ইসলাম ইউনিলিভার বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্সের নতুন ডিরেক্টর

মোহাম্মদ শহীদুল ইসলাম ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের ডিরেক্টরের পদ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ইউনিলিভারের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার থেকে তিনি এই নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। একইসঙ্গে, তিনি কোম্পানির ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও কাজ করবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শহীদুল ইসলামের করপোরেট অ্যাফেয়ার্স, সরকারি ও বহির্সংযোগ, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সম্পর্ক, কৌশলগত যোগাযোগ, নীতিগত বিষয়ে অ্যাডভোকেসি এবং করপোরেট সাসটেইনেবিলিটিসহ বিভিন্ন ক্ষেত্রে ২০ বছরেরও বেশি সময়ের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। ইউনিলিভার বাংলাদেশে যোগদানের পূর্বে, তিনি সিনজেনটা বাংলাদেশে একই পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া, তিনি সিনজেনটা বাংলাদেশের বোর্ড ও কান্ট্রি লিডারশিপ টিমের সদস্য হিসেবেও কাজ করেছেন। এর আগে, তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে হেড অব এক্সটার্নাল রিলেশনস হিসেবে দায়িত্ব পালন করেন।

ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান মন্তব্য করেন, “করপোরেট অ্যাফেয়ার্স, অংশীজন ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে শহিদুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের পরিবর্তনশীল ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ সম্পর্কেও তার গভীর ধারণা রয়েছে।

আমরা তাকে ইউনিলিভার বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আশা করি, তার নেতৃত্ব ব্যবসাকে আরও শক্তিশালী করবে এবং অংশীজনদের জন্য দীর্ঘ মেয়াদে সুফল বয়ে আনবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার মেঘনা আলমকে দুদক তলব করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ এম


এবার মেঘনা আলমকে দুদক তলব করেছে

দুর্নীতি দমন কমিশন (দুদক) এবার আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে। অভিযোগ রয়েছে যে তিনি দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং বিদেশে অর্থ পাচার করেছেন।

দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক নোটিশে মেঘনা আলমকে বুধবার (১৮ নভেম্বর) হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

গত ৪ নভেম্বর, দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক সুমিত্রা সেন ওই তলবি চিঠি প্রদান করেন, যা একটি দুই সদস্যবিশিষ্ট অনুসন্ধান দলের প্রধান।

দুদক সূত্রে জানা গেছে, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের সাথে মেঘনা আলমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধানের স্বার্থে মেঘনা আলমকে বুধবার হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

মেঘনা আলম একজন মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জয় করে আলোচনায় আসেন।

এছাড়াও, তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে কাজ করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন। এরপর, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েও শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি আলোচিত এই মডেল ও রাজনীতিবিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বারিধারা থেকে সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ এম


বারিধারা থেকে সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করেছে এসআরবি।

বুধবার (১৮ নভেম্বর) এসআরবি সূত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে।

এসআরবি জানায়, সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরা এসআরবি সদর দফতরে নিয়ে যায়। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি। এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

নজরুল ইসলাম হিরু বীর প্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের টানা চারবারের সংসদ সদস্য ছিলেন। এছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দূষণ ও নির্মাণে সংকটে জাহাঙ্গীরনগরের অতিথি পাখির অভয়াশ্রম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ এম


দূষণ ও নির্মাণে সংকটে জাহাঙ্গীরনগরের অতিথি পাখির অভয়াশ্রম

এক সময় শীতকালীন পরিযায়ী পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এর লেক। কিন্তু অপরিকল্পিত নির্মাণ কাজ এবং দূষণের কারণে পাখির আবাসস্থল ক্রমাগত সংকুচিত হয়ে আসছে। এর ফলে পরিযায়ী পাখির সংখ্যা হ্রাস পাচ্ছে।

একটি জরিপের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ক্যাম্পাসে পরিযায়ী পাখির সংখ্যা ছিল প্রায় সাড়ে তিন হাজার। তবে ২০২২ সালে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে দুই হাজারে। ২০২৫ সালের মধ্যে সংখ্যাটি দেড় হাজারের নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। ছয় বছরের ব্যবধানে পাখির সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে যাওয়ায় বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাখির অভয়ারণ্য অস্তিত্ব সংকটে রয়েছে।

গত বছর শিক্ষার্থী ও জীববৈচিত্র্য সংরক্ষণকর্মী অরিত্র সাত্তার এবং বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের পরিচালিত যৌথ জরিপে এই চিত্র উঠে এসেছে।

সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী এবং পরিবেশকর্মীদের মতে, লেকের পানিদূষণ, পলি জমে জলাশয়ের গভীরতা কমে যাওয়া, বাণিজ্যিক মাছ চাষ এবং বিভিন্ন নির্মাণকাজের কারণে পাখির আবাসস্থল ক্রমাগত সংকুচিত হচ্ছে।

পাখির মৌসুমেও লেক অপ্রস্তুত

প্রতিবছর সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শীতকালীন পরিযায়ী পাখির আগমন শুরু হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে ছোট-বড় মিলিয়ে মোট ১২টি লেক রয়েছে। তবে গত কয়েক বছরে নিয়মিত পরিযায়ী পাখির উপস্থিতি দেখা গেছে মাত্র ছয়টি লেকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারের ভেতরের লেক, সুইমিংপুলের পাশের লেক, রেজিস্ট্রার ভবনের পেছনের লেক এবং বোটানিক্যাল গার্ডেনসংলগ্ন লেক।

সাধারণত পাখির মৌসুম শুরু হওয়ার আগে লেক পরিষ্কার করা হয়, দর্শনার্থীদের সচেতন করতে সতর্কতামূলক বিলবোর্ড স্থাপন করা হয় এবং প্রয়োজনীয় স্থানে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এবারের মৌসুমে অধিকাংশ লেকেই এসব প্রস্তুতি সম্পূর্ণ হয়নি।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বিশমাইল ও পরিবহন চত্বরের পাশের লেক পরিষ্কার করা হলেও সেখানে মানুষের অবাধ চলাচল অব্যাহত রয়েছে। পুরনো রেজিস্ট্রার ভবনের সামনের লেকটি পলি জমে প্রায় ভরাট হয়ে গেছে এবং অবশিষ্ট অংশও আগাছায় ঢাকা। চলতি মৌসুমে সেখানে কোনো পরিযায়ী পাখির দেখা মেলেনি, জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী।

এদিকে, সুইমিংপুলের পাশের লেকের প্রায় পুরো অংশ কচুরিপানায় ঢেকে গেছে। ফলে খোলা পানির পরিমাণ প্রায় নেই বললেই চলে। বোটানিক্যাল গার্ডেনসংলগ্ন লেকের প্রায় তিন-চতুর্থাংশ কচুরিপানায় ঢাকা। বাকি অংশের খোলা পানিতে দেখা গেছে অল্প কিছু পাখি।

সরেজমিনে গিয়ে পাখির নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত কয়েকটি লেকে ভেলায় চড়ে গোপনে মাছ ধরতেও দেখা গেছে।

দূষণ ও বাণিজ্যিক মাছ চাষে বিপর্যস্ত জলজ পরিবেশ

শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের কয়েকটি লেকের পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আবাসিক হলগুলোর অপরিশোধিত পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে পড়ায় পানি নষ্ট হচ্ছে। এর ফলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, যা মাছ ও অন্যান্য জলজ জীবের বেঁচে থাকা কঠিন করে তুলছে।

শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ভারী বৃষ্টির সময় নির্মীয়মাণ এলাকা থেকে মাটি ও পলি ধুয়ে লেকের তলদেশে জমা হচ্ছে। এতে জলাশয়ের গভীরতা কমে যাচ্ছে। পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমা হওয়ায় শৈবাল ও জলজ উদ্ভিদের অস্বাভাবিক বিস্তার ঘটছে। এসব উদ্ভিদ পচে পানিতে অক্সিজেনের মাত্রা আরো কমিয়ে দিচ্ছে।

পরিবেশ বিবেচনায় গুরুত্বপূর্ণ লেকগুলো বাণিজ্যিক মাছ চাষের জন্য ইজারা দেওয়ার সমালোচনা করেছেন জীববৈচিত্র্য সংরক্ষণকর্মী অরিত্র সাত্তার। তার মতে, মনপুরা লেকে নৌযান চলাচল এবং মাছের খাবার ও রাসায়নিক ব্যবহারের ফলে পাখির স্বাভাবিক বিচরণ ও প্রজনন ব্যাহত হচ্ছে। এতে বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে ছোট ডুবুরি ও ছোট বাঁশপাতি হাঁস।

এছাড়া জলাশয়ে নিষিদ্ধ চীনা দুয়ারি জাল ব্যবহারের অভিযোগও রয়েছে। এ ধরনের জালে ছোট-বড় সব মাছ আটকা পড়ায় পুঁটি, গজার ও দেশীয় বাইমসহ বিভিন্ন প্রজাতির মাছের বংশবিস্তার হুমকিতে পড়ছে।

পাখির পাশাপাশি ঝুঁকিতে কচ্ছপ ও অন্যান্য জীব

ক্যাম্পাসের জলজ পরিবেশের অবনতিতে শুধু পরিযায়ী পাখিই নয়, দেশীয় কচ্ছপ, শামুক ও ঝিনুকসহ অন্যান্য জীবও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ক্যাম্পাসে ইন্ডিয়ান রুফড টার্টল ও ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টলের পাশাপাশি আক্রমণাত্মক প্রজাতির রেড-ইয়ার্ড স্লাইডারের সন্ধান পাওয়া গেছে। পরিবেশকর্মীদের আশঙ্কা, এ প্রজাতি খাবার ও আবাসস্থল নিয়ে দেশীয় কচ্ছপের সঙ্গে প্রতিযোগী হয়ে উঠতে পারে।

অন্যদিকে, নতুন কলা ভবনের পেছনের কৃত্রিম লেকসংলগ্ন গাছপালা ও বাঁশঝাড় পরিষ্কার করায় ওই এলাকার জীববৈচিত্র্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে মাছরাঙা পেঁচা ও বড় গন্ধগোকুলের আবাসস্থল সংকুচিত হওয়ার আশঙ্কা করছেন পরিবেশকর্মীরা।

পুনরুদ্ধারের চেষ্টায় কিছুটা প্রাণ ফিরছে লেকে

লেকের পরিবেশ পুনরুদ্ধারে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অরিত্র সাত্তার। তিনি বলেন, পানিতে অক্সিজেনের পরিমাণ বাড়ানো এবং জৈব বর্জ্যের পচনপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কয়েকটি লেকে অ্যারেশন পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

এছাড়া গত বছর শুরু হওয়া আবাসস্থল পুনরুদ্ধার পরিকল্পনার আওতায় কিছু লেকে শাপলা ও ভাসমান জলজ উদ্ভিদ লাগানো হয়েছে। ফলে গত মাসেই (অক্টোবর) কয়েক শ পরিযায়ী পাখির উপস্থিতি দেখা গেছে। এমনকি পরিবহন লেকেও পাখি ফিরতে শুরু করেছে।

তবে পরিবেশকর্মীরা এসব উদ্যোগকে এখনই স্থায়ী সাফল্য হিসেবে দেখছেন না। তাদের মতে, লেকের পানি দূষণমুক্ত করা, নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং মানুষের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করা না গেলে পাখিরা স্থায়ীভাবে অন্য এলাকায় চলে যেতে পারে।

‎লেক সংরক্ষণে সুপারিশ

বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান ক্যাম্পাসের লেক ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রথমেই আবাসিক হলগুলোর অপরিশোধিত পয়োবর্জ্য লেকে ফেলা বন্ধ করতে হবে। পাশাপাশি কচুরিপানার অনিয়ন্ত্রিত বিস্তার নিয়ন্ত্রণ, পলি জমে ভরাট হয়ে যাওয়া লেক খনন এবং পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ জলাশয়গুলোকে বাণিজ্যিক ইজারার বাইরে রাখতে হবে।

এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশ বিশেষজ্ঞদের সমন্বয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত একটি স্বতন্ত্র প্রকৃতি সংরক্ষণ বিভাগ গঠনের সুপারিশ করেছেন তিনি।

অধ্যাপক মোস্তাফিজুর রহমানের মতে, পুরাতন পরিবহন লেক, বিশমাইলের পেছনের লেক, জিমনেসিয়াম ও বোটানিক্যাল গার্ডেনসংলগ্ন এলাকা এবং চৌরঙ্গীর পাশের বড় পুকুরসহ গুরুত্বপূর্ণ জলাশয়গুলো বিশেষভাবে সংরক্ষণ করা প্রয়োজন।

সংরক্ষিত অভয়ারণ্য গড়ার পরিকল্পনা প্রশাসনের

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. সোহেল রানা জানিয়েছেন, লেকের পাড় সংরক্ষণ, খনন এবং হাঁটাপথ নির্মাণের জন্য বিশেষ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর প্রস্তুতি চলছে।

কোষাধ্যক্ষ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কিছু সাধারণ পুকুর বাণিজ্যিকভাবে ইজারা দেওয়া হলেও পরিযায়ী পাখির জন্য গুরুত্বপূর্ণ লেকগুলো প্রশাসনের নিজস্ব নিয়ন্ত্রণে রেখে সংরক্ষিত অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%