১২:১৯ পি.এম
দামেস্ক সফরের সময়, যা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর চলতি সপ্তাহের শুরুতে ঘটে গিয়েছিল, দুটি বোমা বিস্ফোরণের জন্য দায়ী আইএস-সংশ্লিষ্ট একটি চক্রকে গ্রেফতার করার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে সিরিয়ার কর্তৃপক্ষ এই তথ্যটি প্রকাশ করেছে।
২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদের পতনের পরে ইউরোপীয় ইউনিয়নের কোন রাষ্ট্রপ্রধানের এটা ছিল প্রথম সফর সিরিয়ায়। এক দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর দেশটির ভাবমূর্তি পুনর্গঠনের জন্য প্রেসিডেন্ট আহমেদ আল-শারা চেষ্টা করছেন। তবে ওই হামলার কারণে সফরটি কিছুটা ম্লান হয়ে পড়ে।
এ খবর দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি নিশ্চিত করেছে। সিরীয় প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ বলেন, এ ধরনের হামলায় ‘আমাদের অস্থিতিশীল হতে দেওয়া যাবে না।’ দুই নেতা তাদের দেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকারও করেছেন।
আরও পড়ুন: ফ্লোরিডায় ব্যবসায়িক বিমান বিধ্বস্ত, ৯ জন নিহত
সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাব জানিয়েছেন, ‘দুই দিন আগে দামেস্কে সংঘটিত সন্ত্রাসী বোমা হামলার জন্য দায়ী চক্রটি এখন আমাদের হেফাজতে রয়েছে।’ তিনি এক্সে একটি পোস্টে জানান, ‘তদন্ত শেষ হলে চক্রটির সদস্যদের পরিচয়, তাদের ভূমিকা এবং তাদের সব ধরণের সংশ্লিষ্টতা ও যোগাযোগ জনসমক্ষে প্রকাশ করা হবে।’
দামেস্ক অঞ্চল থেকে অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান আহমাদ দালাতি সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ‘চক্রটি আইএস (ইসলামিক স্টেট) গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দামেস্ক ও এর আশপাশের বিভিন্ন এলাকায় সন্দেহভাজনদের অবস্থান লক্ষ্য করে একাধিক অভিযানের মাধ্যমে চক্রটিকে গ্রেফতারের কার্যক্রম সম্পন্ন হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, চারটি এলাকায় অভিযান চালানো হয়েছে এবং এর মধ্যে দুটি এলাকায় ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের আলাওয়ি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বসবাস করছেন।
আরও পড়ুন: ঢাকাসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, ফি ৮-১০ হাজার টাকা
মঙ্গলবার দামেস্কের মধ্যাঞ্চলে দুটি বিস্ফোরণে একজন নিহত হন এবং বেশ কিছু সংখ্যক মানুষ আহত হন। ওই সময় ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর চলছিল।
সাংবাদিকরা শহরে অন্তত একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং পরে মাখোঁ যে হোটেলে অবস্থান করছিলেন, তার কাছাকাছি ধোঁয়ার কুণ্ডলী উঠে আসে। নিরাপত্তা বাহিনী একটি সড়ক বন্ধ করে দেয় এবং ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছায়।
বিস্ফোরকগুলো ফোর সিজনস হোটেলের কাছে পেতে রাখা হয়েছিল, যেখানে মাখোঁ রাতযাপন করেছিলেন। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি বিস্ফোরক আবর্জনার পাত্রে এবং অন্যটি রাজধানীর কেন্দ্রস্থলে হোটেলের কাছে একটি গাড়িতে রাখা হয়েছিল।
এই দুটি বিস্ফোরণ মাখোঁর হোটেল ত্যাগের পর ঘটে এবং এর কিছুক্ষণ পরই সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় যে, তিনি প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকের জন্য প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছেছেন।
আরও পড়ুন: চলতি বছরে উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন