সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:২৫ পি.এম
গোপালগঞ্জে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্ত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলা শহরের চর পাথালিয়া এলাকায় দোলা পেট্রল পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম আলমগীর শেখ, বয়স ৪৬ বছর। তিনি খুলনা শহরের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আলমগীর শেখ খুলনার দিকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে আসছিলেন। দোলা পেট্রল পাম্প থেকে পেট্রল নিয়ে বের হওয়ার সময় খুলনাগামী একটি ট্রাক পেট্রল নিতে পাম্পে প্রবেশ করছিল। এই মুহূর্তে ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আলমগীর ও তার স্ত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আলমগীর শেখকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটিও জব্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মঙ্গল গ্রহে নাসার কিউরিওসিটি রোভার একটি অদ্ভুত বিন্যাসের ছোট গর্তের সন্ধান পেয়েছে। গর্তগুলো প্রথম দেখায় পায়ের ছাপের মতো মনে হলেও, বিজ্ঞানীদের মতে, লাল গ্রহের পৃষ্ঠে হেঁটে যাওয়ার কোনো প্রাণী বা বস্তুর কারণে এগুলো তৈরি হয়নি। খবর টাইমস অব ইন্ডিয়া।
মঙ্গলের মাউন্ট শার্প পর্বত এলাকায় অনুসন্ধান চালানোর সময় কিউরিওসিটি এই অস্বাভাবিক গঠনগুলোর ছবি ধারণ করে। এই পর্বতটি মঙ্গলের পৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৫০০ মিটার উঁচু এবং দীর্ঘদিন ধরে কিউরিওসিটির অনুসন্ধানের গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। নতুন আবিষ্কৃত গর্তগুলোর প্রতিটির ব্যাস আনুমানিক ১ সেন্টিমিটার এবং এগুলো উন্মুক্ত শিলাস্তরের ওপর অগভীর খাঁজ বা অবনতির মতো দেখা যাচ্ছে।
বিজ্ঞানীরা জানান, মঙ্গলের পৃষ্ঠে ছোট গর্ত ও ক্ষতচিহ্ন নতুন কিছু নয়। তবে এবার দেখা গঠনগুলো বিশেষভাবে নজর কাড়ছে। কারণ, গর্তগুলোর আকৃতি অস্বাভাবিক এবং এগুলো তৈরি করতে পারে এমন কোনো বস্তু কী ছিল, তা গবেষকরা শনাক্ত করতে পারেননি।
নাসার মার্স হ্যান্ড লেন্স ইমেজার (MAHLI) কর্মসূচির উপপ্রধান তদন্তকারী মিশেল মিনিত্তি মন্তব্য করেন, কিউরিওসিটি এর আগে মঙ্গলে যে ধরনের বৈশিষ্ট্য দেখেছে, নতুন গঠনগুলো তার সঙ্গে মেলে না।
মিনিত্তি বলেন, কিউরিওসিটি মঙ্গলের পৃষ্ঠে ১৪ বছর কাটানোর পরও লাল গ্রহটি বিজ্ঞানীদের চমকে দিয়ে চলেছে। তিনি উল্লেখ করেন, চলতি সপ্তাহে রোভারের অনুসন্ধানের দুটি এলাকাতেই এমন বৈশিষ্ট্য পাওয়া গেছে, যা আগে প্রায় কখনো দেখা যায়নি। এগুলো ছিল শিলাস্তরের ওপর ছড়িয়ে থাকা প্রশস্ত ও অগভীর গর্ত।
তিনি আরো বলেন, মঙ্গলে এ ধরনের গর্ত একেবারে অস্বাভাবিক নয়। যখন কোনো শক্ত নডিউল বা ছোট পাথর আশপাশের শিলা থেকে ক্ষয় হয়ে বেরিয়ে যায়, তখন সেখানে শূন্যস্থান তৈরি হয়, যা পরে গর্তের মতো দেখা যেতে পারে। তবে এবার দেখা গর্তগুলো আগের বৈশিষ্ট্যগুলোর তুলনায় অনেক বেশি প্রশস্ত ও অগভীর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব গর্তের সঙ্গে এমন কোনো দৃশ্যমান বস্তু পাওয়া যায়নি, যা আগে সেখানে ছিল বলে ধারণা করা যায়।
এ কারণে গর্তগুলো কোনো প্রাণী বা অন্য কোনো বস্তুর মঙ্গলের পৃষ্ঠে পা ফেলার প্রমাণ নয়। গবেষকদের ধারণা, এর পেছনে ভূতাত্ত্বিক প্রক্রিয়াই দায়ী। তবে ঠিক কিভাবে এসব গঠন তৈরি হয়েছে, তা এখনো নির্ধারণের চেষ্টা চলছে।
মিনিত্তি বলেন, মাউন্ট শার্পের এই অংশের ভূতাত্ত্বিক ইতিহাস বোঝার ক্ষেত্রে নতুন গর্তগুলো একটি নতুন ধাঁধা তৈরি করেছে। তার মতে, ওই শিলাস্তরের নির্দিষ্ট অংশকে প্রভাবিত করা বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে বোঝাপড়ায় এই নতুন ধাঁধাটি গুরুত্বপূর্ণ সংযোজন।
কিউরিওসিটি গর্তগুলোর আশপাশের শিলাও পরীক্ষা করেছে। সেখানে বিভিন্ন ধরনের গঠন ও স্তর লক্ষ্য করা গেছে। রোভারের যন্ত্রগুলো আশপাশের শিলাস্তরের তুলনায় বেশি শক্ত কিছু স্তরের অস্তিত্ব শনাক্ত করেছে। গবেষকদের ধারণা, শিলার রাসায়নিক গঠনের পার্থক্যের কারণে এসব শক্ত স্তর তৈরি হয়ে থাকতে পারে।
২০১২ সালে মঙ্গলে অবতরণের পর থেকে কিউরিওসিটি রোভার গ্রহটির অসংখ্য অস্বাভাবিক ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছে। নতুন আবিষ্কারটি সেই দীর্ঘ তালিকায় আরও একটি সংযোজন।
কিউরিওসিটি এখন পর্যন্ত মঙ্গলে ৫ হাজারেরও বেশি দিন কাটিয়ে গ্রহটি অনুসন্ধান করেছে। এ সময়ে রোভারটি পৃথিবীতে ৭ লাখেরও বেশি ছবি পাঠিয়েছে।
কিউরিওসিটির সাম্প্রতিক পর্যবেক্ষণগুলো বিজ্ঞানীদের মাউন্ট শার্পের শিলা ও মঙ্গলের পৃষ্ঠ কীভাবে তৈরি হয়েছে এবং সময়ের সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়েছে, তা বুঝতে সাহায্য করছে।
প্রথম দেখায় ছোট গঠনগুলোকে পায়ের ছাপের মতো মনে হলেও, সেখানে কোনো কিছু সত্যিই হেঁটে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বিজ্ঞানীদের কাছে আবিষ্কারটি তাতে কোনো অংশে কম আকর্ষণীয় নয়। কারণ এসব ক্ষুদ্র গর্ত মঙ্গলের পৃষ্ঠকে আকৃতি দেওয়া ভূতাত্ত্বিক শক্তি ও প্রক্রিয়াগুলো সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর উত্তরায় বরগুনা-২ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে আটক করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ওই বাসায় অভিযান পরিচালনা করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরে আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়।
উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম জানিয়েছেন, ‘সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১৫ জনকে আটক করা হয়।’
পুলিশের সূত্রে জানা গেছে, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ওই বাসায় কেক কাটার আয়োজন করা হয়েছিল। এ কারণে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
ডিসি রেজাউল করিম আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে কিশোর গ্যাং, অপরাধ প্রবণতা এবং জনশৃঙ্খলা বিঘ্নিতকারী কার্যক্রম প্রতিরোধের উদ্দেশ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা (ডিবি), যার ফলে ৩৭০ জনকে আটক করা হয়েছে।
রোববার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এবং চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের তত্ত্বাবধানে, চাঁদপুর সদর মডেল থানাসহ জেলার বিভিন্ন স্থানে এই সমন্বিত অভিযানটি পরিচালিত হয়। জেলা পুলিশ মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, উঠতি বয়সী কিশোরদের বিভিন্ন অপকর্ম ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ করার জন্য জেলার গুরুত্বপূর্ণ এবং অপরাধ প্রবণ এলাকায় এই অভিযান চালানো হয়েছে। অভিযানে সকল থানার এবং ডিবি পুলিশের একাধিক দল একত্রে অংশগ্রহণ করেছে। আটককৃতদের সম্পর্কে পুলিশ জানায়, তাদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে মাদক বা অন্যান্য সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অন্যদিকে, আটককৃতদের মধ্যে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়, তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে। অভিভাবকদের কাছে সন্তানকে সুপথে রাখা, নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা এবং অপরাধমূলক কাজ থেকে দূরে রাখার বিষয়ে বুঝিয়ে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।
কিশোর অপরাধ নিয়ন্ত্রণে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে পুলিশ প্রশাসন জানায়, জেলার জননিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক গঠিত এডহক কমিটি সম্পূর্ণ বাতিল করার পাশাপাশি আল-আমিন সোসাইটির পরিচালনা পর্ষদ বহাল রাখার দাবিতে অভিভাবকরা মানববন্ধন করেছেন।
মানববন্ধনটি অনুষ্ঠিত হয় সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে।
অভিভাবকরা মানববন্ধনে বলেন, দীর্ঘদিন ধরে আল-আমিন সোসাইটির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। সোসাইটির সুষ্ঠু ব্যবস্থাপনার ফলস্বরূপ প্রতিষ্ঠানটি চাঁদপুরের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাই তারা সোসাইটির গঠিত পরিচালনা পর্ষদ বহাল রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবি জানান।
মানববন্ধনের পর অভিভাবক মহলের পক্ষ থেকে কর্মসূচির সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সোসাইটির সদস্য অ্যাডভোকেট মাসুদুর রহমান বুলবুল, আব্দুস শুক্কুর মস্তান সহ অন্যান্যরা জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আল-আমিন সোসাইটির সুষ্ঠু ব্যবস্থাপনা ও কল্যাণমুখী কর্মসূচির কারণে চাঁদপুরবাসী একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছে। প্রতিষ্ঠানটির পরিসর দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জাতীয় পরীক্ষাগুলোতে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করছে।
অভিভাবকরা দাবি করেন, আল-আমিন সোসাইটির গঠিত গভর্নিং বডি অনুমোদন দিতে হবে। একই সঙ্গে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনায় ‘অযাচিত সরকারি-বেসরকারি হস্তক্ষেপ’ বন্ধ করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবকদের পক্ষে সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সোসাইটির পক্ষে অ্যাডভোকেট মাসুদুর রহমান বুলবুল, আব্দুস শুক্কুর মস্তান, মাওলানা আফসার উদ্দিন মিয়াজী এবং অভিভাবক ফরিদা ও ফারুল বেগম।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. শাহজাহান খান বলেন, ১৯৭৭ সালে আল-আমিন একাডেমি প্রতিষ্ঠার পর থেকে আল-আমিন সোসাইটির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। প্রায় ৫০ বছর ধরে সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালিত হলেও বিভিন্ন সময়ে এর ব্যবস্থাপনায় হস্তক্ষেপের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, ২০১৯ সালে তৎকালীন সরকারের হস্তক্ষেপে সোসাইটির কর্তৃক গঠিত পরিচালনা কমিটি বাতিল করা হয়। পরবর্তী সময়ে সোসাইটি আবারও পরিচালনায় আসে। গত দুই বছরে প্রতিষ্ঠানটি ভালো ফলাফল করেছে দাবি করে তিনি বলেন, সর্বশেষ এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ২২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
শাহজাহান খান আরও বলেন, ‘অবৈধ দখল’ থেকে প্রতিষ্ঠানটি উদ্ধারের পর আবারও একই ইস্যুতে সোসাইটি কর্তৃক পরিচালনা পর্ষদ বাতিল করে এডহক কমিটি গঠনের চিঠি দেওয়া হয়েছে। অথচ সোসাইটি কর্তৃক গঠিত কমিটির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত রয়েছে।
তিনি বলেন, চাঁদপুর তথা দেশের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ তারা চান না। সরকার, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা কামনা করেন তিনি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রতিষ্ঠিত ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দখল বা নিয়ন্ত্রণের চেষ্টা না করে যারা এমন উদ্যোগ নিচ্ছেন, তারা চাইলে নিজেদের উদ্যোগে নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন। একই সঙ্গে আল-আমিন একাডেমির শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ না করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, অতীতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় পরিবর্তন আসার পর এর ফলাফল ও সার্বিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছিল বলে তারা মনে করেন। এর প্রভাব শিক্ষার্থীদের ওপরও পড়েছে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আল-আমিন একাডেমি নিয়ে সব ধরনের ‘ষড়যন্ত্র’ বন্ধের দাবি জানান তারা।
অভিভাবকরা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ