ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৯১৫ মামলা


ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৯১৫ মামলা

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৯১৫ টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রোববার রাজধানীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগের সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ২৩টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ৫টি ট্রাক, ১৩টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ১টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ২৩৬টি মোটরসাইকেলসহ মোট ৪১৪টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭টি বাস, ৪০টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৪৩২টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ১৬০টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ২৫টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ১৪৬টি মোটরসাইকেলসহ মোট ৩৪৪টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ৬টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ১৬৯টি মোটরসাইকেলসহ মোট ৩৯৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১০০টি বাস, ১৬টি ট্রাক, ৪৫টি কাভার্ডভ্যান, ৯৯টি সিএনজি ও ২৬৯টি মোটরসাইকেলসহ মোট ৮৭৩টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, অভিযান চলাকালে ৫৭৭টি গাড়ি ডাম্পিং ও ৪৩০টি গাড়ি রেকার করা হয়েছে।

আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারাকান্দায় সড়কের পাশে ময়লার স্তূপ, রাংসা নদী দূষিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


তারাকান্দায় সড়কের পাশে ময়লার স্তূপ, রাংসা নদী দূষিত

একদিকে ব্যস্ত আঞ্চলিক মহাসড়ক, অন্যদিকে রয়েছে বিশাল ময়লা-আবর্জনার স্তূপ। এর ওপর ছড়িয়ে আছে পলিথিন ও প্লাস্টিকের বর্জ্য। দেখতে মনে হচ্ছে, এটি কোনো নির্দিষ্ট বর্জ্য ফেলার স্থান নয়, বরং পুরো বাজারের ময়লার ভাগাড়। উল্লেখ্য, জায়গাটি ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের পাশেই অবস্থিত। আর এই বর্জ্যের পাশ দিয়ে বয়ে চলেছে রাংসা নদী।

ময়মনসিংহের তারাকান্দায় দীর্ঘ সময় ধরে এমন দৃশ্য দেখা গেলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, তারাকান্দা বাজারের বিভিন্ন দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা নিয়মিতভাবে এখানে ফেলা হচ্ছে। বছরের পর বছর ধরে বর্জ্যের স্তূপ বৃদ্ধি পেয়ে এখন তা সড়ক ও নদীর পরিবেশের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি পরিদর্শনে দেখা যায়, আঞ্চলিক সড়কের এক পাশে দীর্ঘ এলাকা জুড়ে বিপুল পরিমাণ বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পলিথিনের ব্যাগ, প্লাস্টিকের প্যাকেট, খাদ্যপণ্যের মোড়ক, কাগজ, কাপড় ও বিভিন্ন ধরনের পরিত্যক্ত সামগ্রী পুরো জায়গাটি আচ্ছন্ন করে রেখেছে। কোথাও ময়লার স্তূপ এতটাই বড় হয়ে উঠেছে যে, সড়কের পাশের জায়গা এবং নদীর পাড়ের মধ্যে কোনো পার্থক্য নেই।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ময়লার বড় একটি অংশ পলিথিন ও প্লাস্টিকজাত বর্জ্য। এই ধরনের বর্জ্য সহজে পচে না। বৃষ্টির পানি ও স্রোতের মাধ্যমে এগুলো রাংসা নদীতে গিয়ে পড়ছে। ফলে নদীর পানি এবং জলজ পরিবেশ দূষণের পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা মামুন মড়ল (৪৮) বলেন, "তারাকান্দা বাজারের ময়লা দীর্ঘদিন ধরে এখানে ফেলা হচ্ছে। প্রতিদিন ময়লার পরিমাণ বাড়ছে। পলিথিন ও প্লাস্টিকের বর্জ্য বৃষ্টির পানিতে ধুয়ে রাংসা নদীতে গিয়ে পড়ছে। এতে নদী ও আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসন বিষয়টি দেখেও কার্যকর ব্যবস্থা না নেওয়া দুঃখজনক।"

আরেক স্থানীয় বাসিন্দা মো. মুসা মিয়া (৪৯) বলেন, "সড়কের পাশে এভাবে ময়লার স্তূপ থাকায় পথচারী ও যানবাহনে চলাচলকারীরা দুর্ভোগে পড়ছেন। দুর্গন্ধের পাশাপাশি মশা-মাছির উপদ্রব বাড়ছে। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে পলিথিন ও প্লাস্টিকের কারণে। এগুলো নদীতে গিয়ে পড়লে রাংসার পরিবেশ আরও ভয়াবহভাবে নষ্ট হবে। দ্রুত ময়লা সরিয়ে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা করা দরকার।"

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নতুন নয়। বছরের পর বছর ধরে প্রশাসনের নাকের ডগায় সড়কের পাশে বর্জ্য ফেলার ঘটনা ঘটলেও স্থায়ী সমাধানে দৃশ্যমান উদ্যোগ নেই। ফলে একদিকে জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়কের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে দূষণের শিকার হচ্ছে রাংসা নদী।

নদী ও পরিবেশ রক্ষায় কাজ করা স্থানীয় সচেতন মহলের দাবি, বাজারের বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। সড়কের পাশ থেকে জমে থাকা বর্জ্য অপসারণের পাশাপাশি নির্দিষ্ট বর্জ্য ফেলার স্থান, নিয়মিত ময়লা অপসারণ এবং পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন।

অন্যথায়, আজকের এই ময়লার স্তূপই আগামী দিনে রাংসা নদীর জন্য আরও বড় বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে। স্থানীয়দের প্রশ্ন, চোখের সামনে বছরের পর বছর ধরে নদীর পাড়ে ময়লার পাহাড় গড়ে উঠলেও সংশ্লিষ্টদের নজর কবে পড়বে?

এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, "স্থানীয়ভাবে কোন ডাম্পিং স্টেশন না থাকায় ময়লা আবর্জনা ফেলতে সমস্যার সৃষ্টি হচ্ছে। বিষয়টি নিয়ে অচিরেই কাজ করা হবে। সেখানে সেখানে যেন ময়লা আবর্জনা না ফেলা হয় তার ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রায়গঞ্জে নতুন 'ভূঞাগাতী ইউনিয়ন' গঠনের জন্য গণশুনানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


রায়গঞ্জে নতুন

রায়গঞ্জ উপজেলায় সিরাজগঞ্জের ঘুড়কা ও চান্দাইকোনা ইউনিয়নের ছয়টি ওয়ার্ড নিয়ে নতুন ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব উত্থাপিত হয়েছে। স্থানীয় জনগণের মতামত যাচাই ও এ উদ্যোগের বাস্তবায়নের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করতে গণশুনানির আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

গণশুনানি অনুষ্ঠিত হয় সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় ভূঞাগাতী বাসস্ট্যান্ডে। এতে প্রশাসনের কর্মকর্তাগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা উপস্থিত থেকে প্রস্তাবিত ইউনিয়ন গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রস্তাব অনুযায়ী ঘুড়কা ইউনিয়নের ১ থেকে ৪ নম্বর ওয়ার্ড এবং চান্দাইকোনা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে নতুন ইউনিয়ন গঠনের পরিকল্পনা রয়েছে। স্থানীয়দের মতামত সংগ্রহের জন্য ৩০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গণশুনানিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান এবং সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান।

এছাড়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মো. সামছুল ইসলাম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রানা, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সামা সরকার, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী মণ্ডল, মো. দুলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নতুন ইউনিয়ন গঠিত হলে স্থানীয় পর্যায়ে প্রশাসনিক সেবা, উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা এবং সাধারণ মানুষের সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা নিয়ে গণশুনানিতে আলোচনা হয়। প্রস্তাবটির যৌক্তিকতা ও প্রশাসনিক প্রয়োজনীয়তা বিবেচনায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টদের মতে, ইউনিয়ন গঠনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্থানীয় জনগণের মতামতের পাশাপাশি প্রশাসনিক বাস্তবতা ও বিদ্যমান আইন-বিধি পর্যালোচনা করা প্রয়োজন।

তবে গণশুনানির মাধ্যমে নতুন ইউনিয়ন গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। প্রস্তাবটি যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আশা করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে উত্তরা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


কক্সবাজারে উত্তরা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

কক্সবাজারের সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পায়ে ১০ অক্টোবর তারিখে উত্তরা ব্যাংক পিএলসির ‘শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিচালক বদরুন্নেছা শারমিন ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, খন্দকার আলী সামনুন ও মো. রাফিউল ইসলাম।

সম্মেলনে ব্যাংকের সকল স্তরের নির্বাহীবৃন্দসহ দেশের বিভিন্ন শাখা ও উপশাখার প্রধানগণ অংশগ্রহণ করেন। এই সম্মেলনে ব্যাংকের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী : রুহুল কবির রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী : রুহুল কবির রিজভী

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় বিশ্বাসী। তিনি বলেন, "সুতরাং কোনোভাবেই ফ্যাসিবাদী আমলের লুটপাট ও অরাজকতার পুনরাবৃত্তি করা যাবে না।"

আজ জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

হান্নান শাহ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এই স্মরণসভায় রিজভী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সাধারণ ভোটারদের দেখাতে হবে যে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত সহনশীল এবং তারা ফ্যাসিবাদী আমলের মতো কোনো আচরণ করছে না।

তিনি আরও উল্লেখ করেন, বিগত সরকারের আমলে দেশ থেকে টাকা লুট করা হয়েছে, মানুষের জায়গা দখল করা হয়েছে, এমনকি গোয়ালঘরের গরুও দখল করা হয়েছে। তিনি বলেন, "গোটা দেশে অরাজকতা সৃষ্টি করে তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। কিন্তু বিএনপি সেই পথে হাঁটবে না, বরং শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠা করবে।"

তৃণমূল পর্যায়ের কর্মীদের সরকারের অংশ হিসেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রত্যেক কর্মীকে সহিষ্ণুতার সঙ্গে কাজ করে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। তিনি বলেন, "কে কী পেল বা পেল না, তা নিয়ে মেতে না থেকে, পদ-পদবির দিকে না তাকিয়ে সরকারের ভাবমূর্তি রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে।"

তিনি আরও বলেন, সারের ডিলার আর ঠিকাদারি পাওয়ার জন্য যদি এতদিনের সংগ্রামকে বিক্রি করে দিই, তাহলে আমরা কখনো বড় অর্জন করতে পারবো না।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে রিজভী বলেন, পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা নানাভাবে নাশকতা করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে। তাই আমাদের ঘুমহীন প্রহরীর মতো থাকতে হবে।

তিনি বলেন, পূজা কমিটির সঙ্গে আলোচনা করে প্রতিটি পূজামণ্ডপে পাহারার ব্যবস্থা রাখতে হবে এবং পর্যবেক্ষণ ও নজরদারির মধ্যে রাখতে হবে। এ সময় দলের প্রত্যেক নেতাকর্মীকে স্বেচ্ছাশ্রমে এ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

দেশের বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে প্রয়োজনীয় ডিজেল আমদানি করা যাচ্ছে না। তিনি বলেন, সামনে শীতকালীন শাকসবজি ও রবিশস্য উৎপাদনে ডিজেল অত্যন্ত জরুরি। সরকার এসব সংকট মোকাবিলা করে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, চুলা জ্বলছিল না, মিল-কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তারেক রহমানের নেতৃত্বে পরিস্থিতির উন্নতি হচ্ছে। তিনি বলেন, "আল্লাহর রহমতে রান্নাঘরের চুলা এখন আবার জ্বলতে শুরু করেছে।"

স্মরণসভায় আ স ম হান্নান শাহের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনের স্মৃতিচারণ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, হান্নান শাহ ছিলেন সাহসের প্রতীক ও অন্যায়ের বিরুদ্ধে এক অগ্নিগর্ভ ব্যক্তিত্ব। ওয়ান-ইলেভেনের সময়সহ দেশের বিভিন্ন সংকটে তিনি দলের হাল ধরেছিলেন। কারাবন্দি অবস্থায়ও দলের প্রতি তার কর্তব্যনিষ্ঠা অটুট ছিল। বারবার কারাগারে যাওয়ার ফলে তার পরিবার আর্থিক সংকটে পড়লেও তিনি কখনো কর্তব্য থেকে বিচ্যুত হননি।

অনুষ্ঠানে সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%