বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং
১১:৪৮ এম
দুর্গাপূজা মানে উলুধ্বনি, ধুনুচি নাচ এবং ঢাক-ঢোলের তাণ্ডব। ষষ্ঠী থেকে বিসর্জন পর্যন্ত ঢাকের আওয়াজ ছাড়া সবকিছুই অসম্পূর্ণ। এই প্রয়োজনের কারণে কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রায় ৫০০ বছর ধরে ঢাকের হাট বসছে।
যদিও নাম ‘ঢাকের হাট’, এখানে বাদ্যযন্ত্র কেনাবেচা হয় না। মূলত এটি বাদকদের জন্য একটি মঞ্চ। তারা এখানে নিজেদের বাদ্যযন্ত্র বাজায় এবং দক্ষতা প্রদর্শন করে। পূজা আয়োজকরা সেই বাজনা শুনে পছন্দের বাদকদল নির্বাচন করেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এ হাট শুরু হয়েছে এবং এটি ষষ্ঠীর (শুক্রবার) গভীর রাত পর্যন্ত চলবে। স্থানীয়দের মতে, এটি শুধুমাত্র একটি হাট নয়; বরং এটি ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে।
সকাল থেকেই কটিয়াদী পুরান বাজার ঢাকের হাটে জমে উঠেছে। চারদিক থেকে ঢাক, ঢোল, কাঁসি, ঝনঝনি, করতাল এবং মন্দিরার শব্দ ভেসে আসছে। সানাই ও বাঁশির সুরও শোনা যাচ্ছে। আধুনিক বাদ্যযন্ত্রও বাজছে। সব মিলিয়ে যেন তাল ও সুরের বাজার। দলে দলে বাদকদল বাদ্যযন্ত্র নিয়ে আসছে দেশের বিভিন্ন স্থান থেকে।
সরেজমিনে হাটে গিয়ে দেখা যায়, মুন্সীগঞ্জের বিক্রমপুরের বাদকদলই সেখানে বেশি উপস্থিত। নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদীসহ অন্তত ১০টি জেলা থেকে বাদকদল এসেছে। ঢাকের তালে চলছে প্রতিযোগিতা। কে বাজাবে সবচেয়ে ভালো এবং কার সুরে বেশি প্রাণ—এই লড়াই চলছে। পাশে দাঁড়িয়ে পূজা আয়োজকরা শুনছেন, দেখছেন এবং পছন্দ করছেন। দরদাম মিললে পছন্দের দলটিকে পূজামণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে।
দুই পক্ষের সম্মতিতে পারিশ্রমিক চূড়ান্ত হয়। পূজার দিনগুলোতে সেই দল মণ্ডপে গিয়ে বাজাবে ঢাক, সানাই, কাঁসি এবং করতাল।
হাটে গফরগাঁওয়ের কাজল চন্দ্র ভৌমিককে পাওয়া যায়। তিনি এক ঢাকির সঙ্গে ২২ হাজার টাকায় চুক্তি করেছেন। তিনি বলেন, ‘সবার বাজনা শুনেছি। যেটা মন ছুঁয়েছে, তাকেই নিয়েছি।’
হবিগঞ্জ থেকে জয়চন্দ্র কর্মকার ও আশীষ রবিদাস এসেছেন তাদের পূজায় একটি বাদক দল নেবেন বলে। তারা বলেন, ‘এই প্রথম ঢাকের হাটে এসেছি। খুব ভালো লাগছে। চেষ্টা করছি সাধ্যের মধ্যে ভালো একটা দল নিতে।’
খোঁজ নিয়ে জানা গেছে, হাটে একজন ঢাকির পাশাপাশি দলগত বাজনদলও রয়েছে। একজন ঢাকির পারিশ্রমিক ২০ থেকে ২৫ হাজার টাকা। দলের ক্ষেত্রে তা ৫০ হাজার থেকে দেড় লাখ এমনকি দুই লাখ টাকা পর্যন্ত যায়। বাদকদল প্রতিমা বিসর্জন পর্যন্ত বাদ্য বাজাবে মণ্ডপে। এই কয়দিন তাদের সব দায়িত্ব আয়োজকদের।
বিক্রমপুর থেকে সুমন চন্দ্র দাস ও পরিমল দাস বলেন, ‘২০ বছর ধরে এখানে আসছি। আগে আমাদের বাপ দাদারা আসতেন। ফোনে চুক্তি করলেও পারতাম, কিন্তু ঢাকের হাটে না এলে মন মানে না।’ তবে তাদের অভিযোগ, ‘আমরা এ দিনটির জন্য অপেক্ষা করি। বাজারে সবকিছুর দাম বেশি। খাটাখাটনির তুলনায় পারিশ্রমিক পাওয়া যায় না। তবু পূর্ব পুরুষের পেশা ধরে রেখেছি। আগে বাপ-দাদারা আসতেন, এখন আমি আসি।’
হাটে নির্দিষ্ট কোনো জায়গা নেই। খাবার পানি, শৌচাগার এবং থাকার সুব্যবস্থা নেই। যে যেখানে পারে, বাদ্যযন্ত্র নিয়ে বসেছেন। বৃষ্টিবাদল হলে আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই।
বাদকদলের সদস্য খোকন মণিঋষি বলেন, ‘ঐতিহ্য টিকিয়ে রাখতে চাইলে দায়িত্বশীল হতে হয়। অবহেলায় ঐতিহ্য মরে যায়।’
৩০ বছর ধরে কটিয়াদীর ঢাকের হাটে আসছেন কাপাশিয়ার নন্দদুলাল দাস। তার ভাষ্য, ‘ফোনে অনেকে যোগাযোগ করেছে, কিন্তু যাইনি। হাটের টান তো অন্যরকম। তাই দলবল নিয়ে চলে এসেছি। এখানে না এলে আনন্দটা পাই না। আর বছরে একবার অনেক বাদকের সঙ্গে দেখা হয়।’ তিনি বলেন, ‘এবার এক আয়োজক এক লাখ ৩০ হাজার টাকা বলেছেন। সম্ভবত তার সঙ্গেই যাব।’ ছোট ও মাঝারি দল ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা চাচ্ছে।
ঢাকের হাটের তত্ত্বাবধানে রয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন শ্রী মা সংঘ। সংগঠনের সভাপতি শীতল চন্দ্র সাহা জানান, কটিয়াদীর ঢাকের হাট ষোড়শ শতকে শুরু হয়। সামন্তরাজা নবরঙ্গ রায়ের আমলে। একবার পূজার জন্য সেরা ঢাকি খুঁজতে বিক্রমপুরে বার্তা পাঠিয়েছিলেন তিনি। তখন নৌকাযোগে বহু ঢাকি আসে কটিয়াদীতে। রাজা নিজে বাজনা শুনে সেরা দলটি বেছে নেন। সেই থেকেই ঢাকের হাট চলমান।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, এবার জেলায় মোট ৪১৮টি মণ্ডপে দুর্গোৎসব হচ্ছে। মণ্ডপের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের একটি ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে, শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
বগুড়া জেলা এনসিপির সদস্য সচিব সুলতান মাহমুদ জানান, ভিডিওতে দেখা যায়, তিনজন যুবক কার্যালয়ে তেল বা পেট্রোল জাতীয় কিছু ছিটিয়ে আগুন লাগাচ্ছেন এবং অপর একজন পুরো দৃশ্যটি মুঠোফোনে ধারণ করছেন। রাতের অন্ধকারের কারণে তাদের মুখমণ্ডল স্পষ্টভাবে চেনা যাচ্ছে না।
তিনি আরও বলেন, বুধবার রাত ১টা থেকে দেড়টার মধ্যে দুর্বৃত্তরা অত্যন্ত ন্যাক্কারজনকভাবে এই ঘটনা ঘটিয়েছে। সকালে এসে বিষয়টি দেখতে পেয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে। পুলিশ প্রশাসন বিষয়টি দেখছে এবং কেন্দ্রীয় কমিটিতে যোগাযোগ করা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আসামিদের শনাক্তকরণের বিষয়ে সুলতান মাহমুদ বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বিদ্যমান এবং তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তবে সুনির্দিষ্টভাবে এই মুহূর্তে কারও নাম বলা মুশকিল। প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখবে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং সতর্ক করেছেন যে, চীনা সরবরাহকারীদের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য একটি ঝুঁকি তৈরি করছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার পোল্যান্ডের ওয়ারশ নিরাপত্তা ফোরামে তিনি এ বিষয়ে বক্তব্য প্রদান করেন।
বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউর শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে। সম্মেলনের প্রথম দিনেই চীনের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা করবেন জোটের নেতারা। ইইউ চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে দেশটির ওপর নির্ভরশীলতা হ্রাস করতে চায়।
ওয়ারশ নিরাপত্তা ফোরামে লিন চিয়া-লুং মন্তব্য করেন, ‘চীনের কর্তৃত্ববাদী আদর্শ ইউরোপের গণতন্ত্রের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। তাই চীনের ওপর নির্ভরশীলতা শুধুমাত্র অর্থনৈতিক ঝুঁকি নয়, এটি ইউরোপের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য একটি হুমকি।’
তিনি আরো বলেন, ‘একটি ইউরোপ হবে যা সরবরাহব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত, যেখানে নিজের স্বাধীনতার একটি অংশ অন্যের হাতে তুলে দেওয়া হয়েছে।’ এ বিষয়ে মন্তব্য জানতে ইমেইলে যোগাযোগ করা হলেও ওয়ারশে অবস্থিত চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
তাইওয়ানের কর্মকর্তারা বিদেশ সফরে গেলে চীন নিয়মিত প্রতিবাদ জানায়। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেকের সঙ্গে আলোচনা করতে রাজি নয় বেইজিং। চীনের দাবি, লাই একজন বিচ্ছিন্নতাবাদী। তবে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের সঙ্গে বাণিজ্য ও সম্পর্ক বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। লিন বলেন, তাইওয়ানের সঙ্গে বাণিজ্য ইউরোপের জন্য লাভজনক হতে পারে।
তিনি উল্লেখ করেন, ‘তাইওয়ান ও ইউরোপ সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মূল্যবোধে বিশ্বাস করে। এগুলো হলো গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন।’ লিন আরো বলেন, ‘তাইওয়ানের মডেল সিলিকন ভ্যালিতে উদ্ভাবন ও সমৃদ্ধির বিকাশে সহায়তা করেছে। ইউরোপের ক্ষেত্রেও এটি একই ভূমিকা রাখতে পারে।’
চীনের আপত্তির কারণে অতীতে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা ইউরোপে খুব কমই সফর করতেন। তবে দুই বছরের বেশি সময় আগে দায়িত্ব নেওয়ার পর লিন কয়েকবার ইউরোপ সফর করেছেন, যার মধ্যে পোল্যান্ড সফরও রয়েছে।
তাইওয়ান ইউরোপের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার চেষ্টা করছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এ উদ্যোগ আরও জোরালো হয়েছে। চীনের সঙ্গে ইউরোপেরও বেশ কিছু বিষয়ে বিরোধ রয়েছে, যার মধ্যে রয়েছে বাণিজ্য ঘাটতি এবং রাশিয়াকে চীনের সহায়তা নিয়ে ইউরোপের উদ্বেগ।
পোল্যান্ডসহ বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে। তবে তাইওয়ানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার বেইজিংয়ের এই দাবি প্রত্যাখ্যান করে।
তাইওয়ানের বক্তব্য, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সমান মর্যাদায় সম্পর্ক গড়ে তোলার অধিকার তাদের রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইন্টার মিয়ামি শিরোপা ধরে রাখার অভিযানে নতুন এক পদক্ষেপ গ্রহণ করেছে। লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে রদ্রিগো ডি পলের গোল এবং জার্মান বের্তেরামের লক্ষ্যভেদ; এই দুই গোলের মাধ্যমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ের ফলে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে নিজেদের স্থান নিশ্চিত করেছে দলটি।
বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করেছে মিয়ামি। ম্যাচের ২০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন বের্তেরামে। চলতি মৌসুমে এটি তাঁর অষ্টম গোল। প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ডি পল। মেসির নিখুঁত পাস থেকে বল পেয়ে তিনি জালে পাঠান।
ম্যাচের শেষ মুহূর্তে নিউইয়র্ক সিটি একটি পেনাল্টি পায়। তবে মিয়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার নিকোলাস ফার্নান্দেজের স্পটকিক ঠেকিয়ে দেন। এর ফলে তিনি টানা দ্বিতীয় ম্যাচে ক্লিন শিট ধরে রাখেন।
২০২৩ সালে মেসি যোগ দেওয়ার পর সেই মৌসুমে কেবল প্লে-অফে উঠতে পারেনি মিয়ামি। কিন্তু এরপর টানা তিন মৌসুমে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দলটি। ২০২৪ সালে প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। তবে গত বছর ভ্যাঙ্কুভারকে হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে মিয়ামি।
এবারও শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছেন মেসি। ২০২৬ সালে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে তোলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও দিয়েছেন এই মহাতারকা। এখন ক্লাবের হয়ে আরেকটি শিরোপা জিতে বছরটিকে স্মরণীয় করে তোলার সুযোগ তাঁর সামনে রয়েছে।
এর আগে নিজেদের সর্বশেষ ম্যাচে মেসি ও লুইস সুয়ারেজের জোড়া গোলে ডিসি ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে পরাজিত করেছিল মিয়ামি। নিউইয়র্ক সিটির বিপক্ষেও জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে তারা। গত ১৬ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করা নতুন কোচ ক্রিস্টিয়ান গঞ্জালেসের অধীনে এটি মিয়ামির দ্বিতীয় জয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছিলেন নিহত অঙ্কিতা ভাণ্ডারির বাবা-মা, যারা মেয়ে হত্যার বিচার চেয়ে আন্দোলন করছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাদের আটক করে দিল্লি পুলিশ।
২০২২ সালে ভারতের উত্তরাখণ্ডে হত্যাকাণ্ডের শিকার হন ১৯ বছর বয়সী অঙ্কিতা ভাণ্ডারি। বিজেপি নেতা দুষ্মন্ত কুমার গৌতম, যিনি সম্প্রতি সিকিমের রাজ্যপাল হয়েছেন, তাকে অঙ্কিতাকে নির্যাতন ও হত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে। প্রতিবাদস্বরূপ, বুধবার সন্ধ্যায় দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন অঙ্কিতার বাবা-মা।
আটকের সময় তাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা পবন খেড়া, দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে, যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয়ভানু চিবসহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতা-কর্মী। যদিও প্রায় দুই ঘণ্টা পর সবাইকে মুক্তি দেওয়া হয়।
অঙ্কিতার বাবা-মা হুঁশিয়ারি দিয়েছেন, মেয়ে হত্যার বিচার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অঙ্কিতার মা জানিয়েছেন, যদি অবস্থান ধর্মঘট করতে না দেওয়া হয়, তাহলে তারা বাড়িতেই অনশন শুরু করবেন।
এদিকে, সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে কংগ্রেস তাদের আটক হওয়ার সমালোচনা করেছে। এতে বলা হয়েছে, ‘ভিআইপি দুষ্মন্ত গৌতমকে বাঁচাতে নরেন্দ্র মোদি সব সীমা অতিক্রম করলেন। ভোর ৪ টায় পুলিশ পাঠিয়ে অঙ্কিতার বাবা-মাকে গ্রেপ্তার করা হল। প্রথমে দুষ্মন্তকে রাজ্যপাল করা হল। আর এখন মেয়ের জন্য বিচার চাওয়া বাবা-মায়ের কণ্ঠরোধ করা হল। লজ্জাজনক।’
চার বছর আগে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর উত্তরাখণ্ডে খুন হন অঙ্কিতা। ১৯ বছর বয়সী অঙ্কিতা হৃষীকেশের একটি রিসোর্টে রিসেপশনিস্ট হিসেবে যোগ দিয়েছিলেন। ২০ দিনের মাথায় নিখোঁজ হয়ে যান তিনি। ছয়দিন পর একটি খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই রিসোর্টে অঙ্কিতাকে ‘যৌন কাজে’ বাধ্য করা হত। ‘ভিআইপি’র সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল। রাজি না-হওয়ায় তাকে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে। হৃষীকেশের ওই রিসোর্টের ম্যানেজার ছিলেন সাবেক বিজেপি নেতা বিনোদ আর্যের ছেলে পুলকিত আর্য, যিনি অঙ্কিতাকে খুনের অভিযোগে কারাগারে রয়েছেন।
অঙ্কিতার পরিবার অভিযোগ করেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে বিজেপির সাবেক সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের তফসিলি জাতি মোর্চার সাবেক প্রেসিডেন্ট দুষ্মন্ত গৌতমের যোগসূত্র রয়েছে। তাদের দাবি, তদন্তে যে ‘ভিআইপি’র কথা উঠে এসেছে, অর্থাৎ যার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য অঙ্কিতাকে চাপ দেওয়া হয়েছিল, তিনি এই দুষ্মন্ত। সম্প্রতি সেই দুষ্মন্তই সিকিমের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন। অঙ্কিতার বাবা-মায়ের দাবি, এই হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত রাজ্যপাল হিসেবে দুষ্মন্তের নিয়োগকে স্থগিত রাখা হোক। ২৪ ঘণ্টার মধ্যে দাবিপূরণ না হলে পুরো দেশে আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অঙ্কিতার বাবা।
দুষ্মন্তকে রাজ্যপাল করার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় অবস্থানে বসা অঙ্কিতার বাবা-মায়ের পাশে দাঁড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তারা ইন্ডিয়া গেটের সামনে প্রতিবাদে যোগ দেন।
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ