০৩:৪৮ পি.এম
লালমনিরহাটে ৩ দিনব্যাপী জাতীয় ফলমেলা-২০২৬ আজ শুরু হয়েছে।
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’-এই প্রতিপাদ্য সামনে রেখে লালমনিরহাটে ৩ দিনব্যাপী জাতীয় ফলমেলা-২০২৬ শুরু করা হয়েছে। কৃষিতে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, ফলচাষ সম্প্রসারণ এবং স্থানীয়ভাবে উৎপাদিত ফলের ব্যবহার বৃদ্ধির জন্য আয়োজিত এই মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা দেশি-বিদেশি ফলের জাত, উন্নতমানের ফলদ গাছের চারা ও কৃষি প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা খামারবাড়ি প্রাঙ্গণে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া ফিতা কেটে ফল মেলার উদ্বোধন করেন।
আরও পড়ুন: জাতীয় যুব পুরস্কার-২০২৬ পেলেন নেছারাবাদের শিরিন খানম
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মো. কাওছার আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. সাইখুল আরিফিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ এবং জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ নূরুন্নবী মোস্তফা।
উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ফলচাষের আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টিকর ফল উৎপাদন ও ফলভিত্তিক কৃষির সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরে খামারবাড়ির সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. সাইখুল আরিফিনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামান রনি।
আরও পড়ুন: পিসিটির পর সিসিটির দিকে নজর দিচ্ছে সৌদি কোম্পানি
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান, যিনি ফলের পুষ্টিগুণ, ফলচাষের অর্থনৈতিক গুরুত্ব, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং মানবদেহে বিভিন্ন ভিটামিনের উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া বলেন, নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদনের মাধ্যমে দেশের পুষ্টি নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের পুষ্টি চাহিদা পূরণ করতে অধিকহারে ফলদ বৃক্ষ রোপণ ও স্থানীয়ভাবে উৎপাদিত ফল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষক-কৃষাণী, শ্রমজীবী মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ নানা শ্রেণির পেশার মানুষ। প্রশ্নোত্তর এবং মতবিনিময় পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীরা ফলচাষ ও পুষ্টি বিষয়ে তাদের মতামত প্রকাশ করেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মেলা আগামী ৩ দিন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান থাকবে। মেলায় ১২টি স্টলে মৌসুমি ফল, ফলদ চারা, আধুনিক কৃষি প্রযুক্তি এবং পুষ্টিবিষয়ক তথ্য সেবা প্রদর্শন করা হচ্ছে।
আরও পড়ুন: আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দ্বন্দ্ব, সংবাদ সম্মেলন
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই মেলা ফলচাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন