১১:১৯ পি.এম
ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, চলতি বছরে কৃষকের চাহিদা পূরণের লক্ষ্যে সারের আমদানি বৃদ্ধি করা হবে।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশে গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি সার মজুত রয়েছে। তিনি উল্লেখ করেন, দেশে সারের সংকট নেই এবং ভবিষ্যতেও কোনো সংকটের আশঙ্কা নেই।
আজ রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে রাজশাহী বিভাগের সার, বীজ, সেচ এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।
আরও পড়ুন: মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়কে যান চলাচল বন্ধ
মন্ত্রী আরও জানান, কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য যত সারের প্রয়োজন, সরকার তা নিশ্চিত করবে। তিনি বলেন, কৃষক যাতে সারের সংকটে না পড়ে, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে।
সারের পাচার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারি অব্যাহত রাখার নির্দেশনা দেন তিনি।
সার ডিলারদের উদ্দেশ্যে কৃষিমন্ত্রী বলেন, বরাদ্দ অনুযায়ী সময়মতো সার উত্তোলন করতে হবে। নির্ধারিত সময়ে সার উত্তোলন না করলে ডিলারকে খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে। তিনি উল্লেখ করেন, ডিলারশিপ ভাড়া দেওয়া বা অন্যের কাছে হস্তান্তর করা যাবে না।
মন্ত্রী বলেন, অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: বাংলাদেশ পুলিশের ২৪ হাজার ৬৭৭ নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত
কৃষকের সুবিধার্থে মৌসুমে সকাল ৯টার মধ্যে সার বিক্রির দোকান খোলা এবং বিকেল ৫টা থেকে ৬টার আগে বন্ধ না করার জন্য ডিলারদের নির্দেশনা দেন তিনি।
মন্ত্রী বলেন, নতুন ফসল ও কৃষি কার্যক্রম সম্প্রসারণের ফলে সারের চাহিদা বৃদ্ধি পেলে সরকার প্রয়োজনীয় সার সরবরাহ করবে। তবে জমির উর্বরতা ও উৎপাদন ব্যয় বিবেচনায় কৃষকদের সুষম ও পরিমিত সার ব্যবহারে সচেতন করতে কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে প্রশিক্ষণ ও পরামর্শ জোরদার করতে হবে। মাছ চাষে সার ব্যবহারের ক্ষেত্রেও মৎস্য কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী রাজশাহী জেলায় আদা, টমেটো, কাঁচা মরিচের চাষাবাদ সম্প্রসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, স্থানীয়ভাবে এসব ফসলে দেশকে স্বয়ং-সম্পূর্ণ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল আলম সরকার। সভায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বক্তব্য রাখেন।
আরও পড়ুন: সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর, মানি লন্ডারিং অভিযোগে
এছাড়া রাজশাহী বিভাগের সকল জেলার জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকগণ সভায় উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন