০৯:১১ পি.এম
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বিভাগীয় জাদুঘর পরিদর্শন করেছেন এবং রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকেলে বরিশাল বিভাগীয় জাদুঘর পরিদর্শনকালে নগর প্রশাসক ঘোষণা করেছেন যে, আগামী বিজয় দিবসের পূর্বে ‘মুক্তিযুদ্ধ গ্যালারি’ এবং জাদুঘর ভবনের উত্তর পাশে ফজলুল হক এভেনিউতে নতুন একটি প্রবেশদ্বার উন্মুক্ত করার জন্য নগর ভবন থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
শতবর্ষের পুরোনো তৎকালীন বাকেরগঞ্জ জেলার কালেক্টরেট ভবনটি ২০০৪ সালের ১ এপ্রিল সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০০৬ সালের এপ্রিল মাসে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজস্ব খাতের প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে এর সংস্কারের কাজ শুরু হয়। তবে পরবর্তী সরকারগুলোর সময় নজিরবিহীন উদাসীনতার কারণে এই ভবনের সংস্কার কাজ বারবার পিছিয়ে যায়। ২০১৪ সালে বরিশাল বিভাগীয় জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলেও এর প্রশাসনিক কার্যক্রম এখনো খুলনা থেকেই পরিচালিত হচ্ছে।
এখনো পর্যন্ত বরিশাল বিভাগের এই জাদুঘরে মুক্তিযুদ্ধের কোনো গ্যালারি স্থাপন করা হয়নি। অথচ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বরিশালেই স্বাধীন বাংলাদেশের প্রথম সচিবালয় ও সামরিক সদর দপ্তর ছিল। ১৯৭১ সালের মুজিব নগরের আ¤্রকাননে স্বাধীন বাংলাদেশের সরকার গঠনের আগেই বরিশালে এর সচিবালয় প্রতিষ্ঠিত হয়। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পরেও বরিশালের জাদুঘরে মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচিত্র স্থান পায়নি।
আরও পড়ুন: নেছারাবাদে বিএনপি নেতা মিঠুর গণসংযোগ, ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা
বরিশালের সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বিষয়টি জানার পর সরেজমিনে জাদুঘরটি পরিদর্শন করেন এবং মুক্তিযুদ্ধ গ্যালারি প্রতিষ্ঠা সহ বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে তার তরফ থেকে সবকিছু করার প্রতিশ্রুতি দেন। নগর প্রশাসক বরিশাল বিভাগ প্রতিষ্ঠার তিন যুগ পরেও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভাগীয় দপ্তর প্রতিষ্ঠিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিষয়টি নিয়ে অধিদপ্তরের মহাপরিচালকের সাথে কথা বলার পাশাপাশি ডিও লেটার প্রদান করেছেন।
বুধবার নগর প্রশাসকের জাদুঘর পরিদর্শনের সময় প্রখ্যাত ইতিহাসবিদ সাইফুল আহসান বুলবুল এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য-সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে নগর প্রশাসক জাদুঘর ভবনে পৌছালে সহকারী কাস্টডিয়ান আরিফুর রহমান তাকে স্বাগত জানান।
আরও পড়ুন: বরিশালে যুবদলকর্মী কাওসার হাওলাদারকে সন্ত্রাসীদের হাতে হত্যা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন