বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৩৪ পি.এম
মুন্সিগঞ্জ পৌরসভার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগমকে ৩২ বছরের শিক্ষকতা জীবন শেষ করার পর সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে উত্তর ইসলামপুর গ্রামের বাসিন্দাদের উদ্যোগে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ইসলামপুর পঞ্চায়েত কমিটির জ্যেষ্ঠ সদস্য দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফয়সাল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পঞ্চায়েত সদস্য শহিদুল্লাহ বেপারী, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উত্তর ইসলামপুর পঞ্চায়েত কমিটির সদস্য গোলজার হোসেন এবং অ্যাডভোকেট সুজন হায়দার জনি।
মোহাম্মদ গোলাম মোস্তফা প্রধান অতিথির বক্তব্যে বলেন, "বাবা-মা সন্তানকে পৃথিবীর আলো দেখান, আর শিক্ষক সেই সন্তানকে জ্ঞানের আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলেন।" তিনি উল্লেখ করেন, মমতাজ বেগম দীর্ঘ শিক্ষকতা জীবনে বহু শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। বর্তমানে তার অনেক শিক্ষার্থী সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন।
তিনি আরও বলেন, "শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে মমতাজ বেগম দিনরাত কাজ করেছেন।" বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নেও সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজের বেতনের অর্থ ব্যয় করেছেন। তিনি জানান, বিদ্যালয়ের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ না থাকলে কেউ এমনটি করতে পারেন না এবং মমতাজ বেগম অন্য শিক্ষকদের জন্যও আদর্শ হয়ে থাকবেন।
মমতাজ বেগমের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা ৩২ বছরের বেশি। এর মধ্যে তিনি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন বলেন, ‘মমতাজ বেগম সত্যিকারের একজন মানুষ গড়ার কারিগর। তার অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করছেন। এমন একজন গুণী মানুষকে বিদায় দেওয়া কষ্টের।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার, শহর যুবদলের সাধারণ সম্পাদক রায়হান কবির, সমাজসেবক হাজি নজরুল ইসলাম, হাজি জজমিয়া, শাহজালাল ভূইয়া, মনির হোসেন, যুবদল নেতা বুরজাহান ঢালী, সিরাজ পাঠান প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার মনোহরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে, উপজেলার উত্তরহাওলা ইউনিয়নের কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হাতিমারা এলাকার একটি ভাতের হোটেল থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে একজন হলেন, হাতিমারা গ্রামের মৃত বজলু ড্রাইভারের ছেলে স্বপন (৫০)। অপরজন হলেন, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ (বিটতলা) এলাকার আবদুল মান্নানের ছেলে বাঁধন (২৩), যিনি বর্তমানে হাতিমারা বেদে বাড়িতে বসবাস করছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
মনোহরগঞ্জ থানার ওসি মাকসুদ আহমেদ জানিয়েছেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক সেবন এবং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বার্সেলোনার প্রতি আগ্রহ ছিল সত্যিই। কাতালান ক্লাবটি তাকে দলে নিতে চেয়েছিল। তবে শেষ পর্যন্ত লাউতারো মার্তিনেজ স্পেনে পাড়ি জমাননি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার ইন্টার মিলানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
গ্রীষ্মকালীন দলবদলে নতুন স্ট্রাইকার খুঁজছিল বার্সেলোনা, কারণ রবার্ট লেভানডফস্কি ও ফেরান তোরেসরা ক্লাব ছেড়ে চলে গেছেন। বেশ কিছুদিন ধরে লাউতারো মার্তিনেজ বার্সার পছন্দের তালিকায় ছিলেন। আগের দলবদলের মৌসুমেও স্প্যানিশ চ্যাম্পিয়নদের আগ্রহের খবর এসেছিল তার বিষয়ে। মার্তিনেজ নিজেই এবার নিশ্চিত করেছেন যে সেই গুঞ্জন সত্য ছিল।
ইতালির মিলান শহরে অনুষ্ঠিত গ্রান গালা দেল কালচিওতে এ বিষয়ে কথা বলেন ইন্টার অধিনায়ক লাউতারো মার্তিনেজ। সেখানে তিনি জানান, বার্সেলোনার আগ্রহ থাকা সত্ত্বেও ইন্টার ছাড়ার ইচ্ছা তার ছিল না।
লাউতারো মার্তিনেজ বলেন, “বার্সেলোনাকে নিয়ে যে গুঞ্জন ছিল, সেটি সত্যি। কিন্তু শেষ পর্যন্ত আমি আমার সতীর্থ ও সমর্থকদের সঙ্গে এখানেই থাকতে চেয়েছি।”
২৯ বছর বয়সী মার্তিনেজ বার্সায় না যাওয়ার কারণও পরিষ্কার করেছেন, “আমার কাছে ইন্টার মানে গর্ব, আনন্দ এবং এখানে থেকে যাওয়ার ইচ্ছা। আমি আবারও এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। ইন্টারের হয়ে বড় কিছু করতে চাই।”
মার্তিনেজ ইন্টারের ক্রীড়া পরিচালক পিয়েরো আউসিলিওর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন, “তিনি আমার ওপর আস্থা রেখেছেন এবং এই প্রকল্পে ভরসা করার সুযোগ দিয়েছেন। আমি তার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব।”
নতুন স্ট্রাইকার হিসেবে বার্সেলোনার প্রথম পছন্দ ছিল হুলিয়ান আলভারেজ। তবে আতলেতিকো মাদ্রিদ আলভারেজকে বার্সার কাছে বিক্রি করতে চায়নি। পরে লাউতারো মার্তিনেজের দিকে ঝুঁকলেও তাকেও আনতে পারেনি বার্সা। শেষ পর্যন্ত আর্সেনাল থেকে ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভিড়িয়েছে বার্সা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাটি থেকে হাজার হাজার ফুট উঁচুতে উড়ছিল একটি উড়োজাহাজ। চারপাশে মেঘের ভেলা। এমন পরিস্থিতিতে যদি জানা যায় যে, উড়োজাহাজটি চালানোর দায়িত্বে থাকা পাইলট হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তবে তা যে কতটা উদ্বেগজনক হতে পারে, তা সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে। এর ফলস্বরূপ, যাত্রীবাহী বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইন্ডিগোর ‘সিক্সই ১৩০২’ ফ্লাইটটি দোহা থেকে ভারতের বেঙ্গালুরু যাচ্ছিল। মাঝ আকাশে পাইলট অসুস্থ বোধ করেন এবং তার জরুরি চিকিৎসা প্রয়োজন হয়ে পড়ে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে, ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করে নিরাপদে ওমানের রাজধানী মাস্কাটে অবতরণ করানো হয়।
বিমানটি অবতরণের পরপরই একটি মেডিকেল টিম পাইলটের প্রাথমিক চিকিৎসার জন্য এগিয়ে আসে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। অন্যদিকে, যাত্রীদের গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছানোর জন্য, ইন্ডিগো কর্তৃপক্ষ বেঙ্গালুরু থেকে একটি বিকল্প বিমান ও নতুন ক্রু দল পাঠায়।
একটি বিবৃতিতে ইন্ডিগো কর্তৃপক্ষ এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে। মাস্কাটে অপেক্ষমাণ যাত্রীদের নিয়মিত আপডেট এবং খাবার সরবরাহ করা হচ্ছে, সংস্থাটি উল্লেখ করেছে যে, যাত্রী, ক্রু এবং বিমানের সুরক্ষা তাদের কাছে সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামীকাল শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উদযাপিত হবে। এদিন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মাধ্যমে জন্মাষ্টমী পালন করবেন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথকভাবে বাণী প্রদান করেছেন।
হিন্দু পুরাণ অনুযায়ী, ভগবান শ্রী কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, যখন পাশবিক শক্তি ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করার জন্য উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব ঘটে। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে-যুগে ভগবান মানুষের মধ্যে অবতীর্ণ হন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি ও ইসকনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
জন্মাষ্টমী উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবে।
শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামীকাল সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ এবং বিকেল ৩টায় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রী কৃষ্ণ পূজা।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আয়োজিত গীতাযজ্ঞ পরিচালনা করবেন চট্টগ্রামের সীতাকুন্ডের শংকর মঠ ও মিশন। বিকেল ৩টায় পলাশীর মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ঐতিহাসিক মিছিল প্রতি বছরের মতোই জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, বঙ্গবাজার, গোলাপশাহ মাজার হয়ে পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এ উপলক্ষে (৩ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত) তিন দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় নাটক কীর্তন মেলা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ