বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০৭:৪৩ এম
রিয়াল মাদ্রিদ গোল হজম করে কিছুটা দুর্ভাগ্য ও রক্ষণভাগের ভুলের কারণে। তবে বিরতির পর রিয়াল সোসিয়েদাদ ম্যাচে আর তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। কিলিয়ান এমবাপের অসাধারণ হ্যাটট্রিকের ফলে হোসে মরিনহোর দল শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় লাভ করে।
সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার অনুষ্ঠিত ম্যাচটি ৪-১ গোলে জয়লাভ করে স্বাগতিকরা। তাদের আরেক গোলদাতা ছিলেন ভিনিসিউস জুনিয়র।
মৌসুমের প্রথম ম্যাচে রিয়ালের মাঠে ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণ শুরু করে সোসিয়েদাদ। প্রথম উল্লেখযোগ্য সুযোগটি আসে একাদশ মিনিটে, যখন সতীর্থের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে যান মিকেল ওইয়ারসাবাল। স্পেনের এবারের বিশ্বকাপ জয়ী তারকা দারুণ শট নেন, কিন্তু তিবো কোর্তোয়া পা দিয়ে সেটি আটকে দেন।
১০ মিনিট পর রিয়াল এগিয়ে যেতে পারতো। এমবাপের পাস ডি-বক্সে একদম ফাঁকায় পেয়ে যান ভিনিসিউস, সামনে একমাত্র বাধা ছিলেন গোলরক্ষক। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট পা দিয়ে রুখে দেন গোলরক্ষক আলেক্স রেমিরো।
৩৫তম মিনিটে আবারও ভীতি ছড়ায় সোসিয়েদাদ। ডান দিক থেকে ওইয়ারসাবালের বাড়ানো ক্রস ডি-বক্সে বাঁ দিকে পেয়ে জোরাল ভলি করেন সের্হিও গোমেস, কিন্তু বল দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
এর পাঁচ মিনিট পর এমবাপের নৈপুণ্যে এগিয়ে যায় রিয়াল। ফেদে ভালভের্দের দারুণ এক পাস ডি-বক্সে অসাধারণ এক ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি।
তাদের এগিয়ে যাওয়ার আনন্দ কিন্তু চার মিনিটও স্থায়ী হয়নি। ডি-বক্সে ওচিয়েংয়ের দুর্বল শট এক স্বাগতিক ডিফেন্ডারের পায়ে লেগে অন্যপাশে চলে যায়, বিনা বাধায় ছুটে এসে অনায়াসে কোনাকুনি শটে কোর্তোয়াকে পরাস্ত করেন ক্রোয়াট মিডফিল্ডার সুচিচ।
বিরতির পর আক্রমণে জোর দেয় রিয়াল এবং ৬০তম মিনিটে আবার এগিয়ে যায় তারা। বেলিংহ্যামের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়ার মাঝে জায়গা বানিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপে।
আট মিনিট পর ভিনিসিউসের গোলে জয়ের পথে এগিয়ে যায় রিয়াল। গোলটিতে মূল কৃতিত্ব অবশ্য বেলিংহ্যামের। সফরকারী দল নিজেদের সীমানায় পজেশন হারানোর পর, সতীর্থের পাস ডি-বক্সের মুখে পেয়ে দুইজনের মধ্যে দিয়ে ভেতরে ঢুকে শট নেন বেলিংহ্যাম। প্রতিপক্ষের একজনের পায়ে সেটি প্রতিহত হয়, তবে থামেননি ইংলিশ তারকা। বল কেড়ে নিয়ে বাইলাইন থেকে গোলমুখে পাস বাড়ান তিনি, আর বিনা বাধায় টোকায় বল জালে জড়ান ভিনিসিউস।
৮০তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে। প্রতিপক্ষের একজনের দুই পায়ের ফাঁক দিয়ে থ্রু বল বাড়ান ভিনিসিউস, আর ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি তারকা।
আর্দা গিলেরের বদলি নেমে নির্ধারিত সময়ের শেষ মিনিটে জালে বল জড়ান ব্রাহিম দিয়াস। তবে ভিএআরের সাহায্যে রেফারি অফসাইডের বাঁশি বাজালে ব্যবধান আর বাড়েনি।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে রয়েছে সেভিয়া ও রিয়াল বেতিস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেটা, ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক সংস্থা, শিশুদের ক্ষতি সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তিতে কয়েক বিলিয়ন ডলারের একটি চুক্তিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যকে তারা ১৮ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আদালতের অনুমোদন সাপেক্ষে, মেটাকে কিশোর ব্যবহারকারীদের জন্য দৈনিক ব্যবহারের সীমা এবং রাতে ব্লক করার মতো কিছু নির্দিষ্ট নিয়ম চালু করতে হবে।
মেটা এক বিবৃতিতে জানিয়েছে, তারা ১৮ বিলিয়ন (১৮০০ কোটি) ডলার পরিশোধে সম্মত হয়েছে, তবে এর ৩০ শতাংশ টিকটক ও ইউটিউবের সঙ্গে সমঝোতা হওয়ার ওপর নির্ভরশীল।
এই অর্থ ১০ বছর ধরে বার্ষিক কিস্তিতে শোধ করা হবে বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে। তারা উল্লেখ করেছে, এই অর্থ ‘অনলাইন পরিবেশে তরুণদের নিরাপত্তা উদ্যোগসহ অঙ্গরাজ্যগুলোর অন্যান্য অগ্রাধিকারমূলক কর্মসূচিতে অর্থায়নের’ জন্য ব্যবহার করা যেতে পারে।
মামলায় অংশ নেওয়া অঙ্গরাজ্যগুলো ১০ বছরে মোট তহবিলের প্রায় ৭০ শতাংশ, অর্থাৎ প্রায় ১২ দশমিক ৭ বিলিয়ন ডলার পাবে। তবে বাকি ৩০ শতাংশ কেবল দুটি নির্দিষ্ট শর্ত পূরণ হওয়ার পর ছাড়া হবে বলে মেটা জানিয়েছে।
শর্তগুলো হলো– মেটার মালিকানাধীন নয় এমন ইউটিউব ও টিকটক দৈনিক এক ঘণ্টার ব্যবহারসীমা; নাইট মোড এবং বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু করা; ইউটিউব ও টিকটক প্রত্যেকে ওই ৩০ শতাংশ অংশের সমপরিমাণ অর্থ পরিশোধ করবে এবং ওই অর্থের অর্ধেক ইউটিউবের এবং অন্য অর্ধেক টিকটকের পরিশোধের সঙ্গে সম্পর্কিত থাকবে।
মেটা আরও জানিয়েছে, এই চুক্তির কারণে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তারা আনুমানিক ১০ বিলিয়ন ডলার (৭ দশমিক ৩ বিলিয়ন পাউন্ড) আইনি ব্যয় হিসেবে হিসাবভুক্ত করবে বলে আশা করছে।
মেটার এই সমঝোতার ফলে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে শুরু হওয়া একটি বিচারিক কার্যক্রমের সমাপ্তি ঘটেছে। এই বিচার কার্যক্রম মাত্র এক সপ্তাহের কিছু বেশি আগে শুরু হয়েছিল এবং এটি ছয় সপ্তাহ ধরে চলার কথা ছিল।
এই বিচার কার্যক্রমের সূত্রপাত ঘটে ২০২৩ সালে ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের দায়ের করা এক মামলার মাধ্যমে।
মামলায় অভিযোগ করা হয়, মেটা শিশুদের গোপনীয়তা-সংক্রান্ত ফেডারেল ও অঙ্গরাজ্য পর্যায়ের বিভিন্ন আইন বহুবার লঙ্ঘন করেছে।
এর মধ্যে রয়েছে ফেডারেল চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ। এই আইনটি ১৩ বছরের কম বয়সী শিশুদের অনলাইনে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া থেকে সুরক্ষা দেওয়ার জন্য প্রণীত।
অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, মেটা ফেসবুক ও ইনস্টাগ্রামকে এমনভাবে তৈরি করেছে যাতে তা শিশু ও কিশোরদের জন্য আসক্তিকর হয়ে ওঠে। অ্যাপগুলোর বিভিন্ন সুবিধা, যেমন ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া এবং ইনস্টাগ্রাম স্টোরিজ, ব্যবহারকারীদের যত দীর্ঘ সময় সম্ভব প্ল্যাটফর্মে ধরে রাখার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
তাদের দাবি, তরুণ ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মের ব্যবহার কমিয়ে আনা মেটা কঠিন করে তুলেছে। এর মধ্যে রয়েছে ঘন ঘন নোটিফিকেশন পাঠানোর মতো সুবিধা, যার উদ্দেশ্য তরুণদের আবার অ্যাপগুলোতে ফিরিয়ে আনা।
অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, তরুণ ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মগুলোর নিরাপত্তা নিয়ে মেটা ভোক্তাদের বিভ্রান্ত করেছে।
এছাড়া, মেটার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, কোম্পানির প্ল্যাটফর্ম ব্যবহার করার সময় শিশুদের ব্যক্তিগত তথ্য অনুপযুক্তভাবে সংগ্রহ ও ব্যবহার করা হয়েছে। মেটা ধারাবাহিকভাবে এসব অভিযোগ অস্বীকার করে এসেছে।
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, যা এই মামলায় অংশ নেওয়া অঙ্গরাজ্যগুলোর অন্যতম, জানিয়েছে যে মেটার সঙ্গে সমঝোতা চুক্তির আওতায় নিম্নলিখিত ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে:
• ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য প্রতিদিন দুই ঘণ্টার একটি ডিফল্ট ব্যবহারসীমা থাকবে, যা শুধু অভিভাবক তুলে দিতে পারবেন।
• ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ডিফল্টভাবে ব্যবহার বন্ধ থাকবে, যা শুধু অভিভাবক প্রত্যাহার করতে পারবেন।
• ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত এবং স্কুল চলাকালীন সময়ে নোটিফিকেশন ডিফল্টভাবে বন্ধ থাকবে।
• সম্ভাব্য ক্ষতিকর কনটেন্ট সম্পর্কে কিশোরদের অভিযোগ জানানোর জন্য আরও উন্নত ব্যবস্থা থাকবে এবং মেটাকে এসব অভিযোগের ৯০ শতাংশের জবাব ছয় ঘণ্টার মধ্যে দিতে হবে।
• ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের কাছে লাইক বা প্রতিক্রিয়ার সংখ্যা প্রদর্শন নিষিদ্ধ করা হবে।
• ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য ইমেজ ফিল্টার (চেহারা পাল্টে ফেলা সংক্রান্ত) নিষিদ্ধ করা হবে।
• ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীরা ব্যক্তিকরণবিহীন (নন-পার্সোনালাইজড) ফিড ব্যবহারের সুযোগ পাবে।
• অভিভাবকদের তদারকি-সংক্রান্ত টুল আরও উন্নত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বাস্তবায়নের ক্ষেত্রে, ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বলেছে যে মেটা নিম্নলিখিত বিষয়গুলোতে সম্মত হয়েছে:
• ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের শনাক্ত করার জন্য শক্তিশালী বয়স যাচাই ব্যবস্থা চালু করা, পাশাপাশি ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের শনাক্ত ও অপসারণের ব্যবস্থা গ্রহণ করা।
• তথ্য ও অন্যান্য সম্পদে বিস্তৃত প্রবেশাধিকারসম্পন্ন একটি স্বাধীন নিরীক্ষক নিয়োগ করা।
• নিরাপত্তা-সংক্রান্ত বৈশিষ্ট্য নিয়ে ‘আরও কোনো মিথ্যা, বিভ্রান্তিকর বা প্রতারণামূলক বক্তব্য’ দেওয়া থেকে বিরত রাখতে আদালতের নিষেধাজ্ঞার আওতায় থাকা।
মেটার অবস্থান হলো, বেশিরভাগ পরিবর্তন ১০ বছর ধরে কার্যকর থাকবে, কিন্তু শিশুদের জন্য দৈনিক সময়সীমার মতো কিছু উল্লেখযোগ্য পরিবর্তন মাত্র পাঁচ বছর স্থায়ী হবে, যদি না এই সামাজিক মাধ্যম ‘শিল্পের অন্যান্যরা’ একই ধরনের পদক্ষেপ নিতে সম্মত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, নিখোঁজ ব্যক্তিদের এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
গুতেরেস এক বার্তায় উল্লেখ করেন, "ভয়াবহ বন্যায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, অনেকে নিখোঁজ রয়েছেন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে; এ ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত।"
জাতিসংঘ মহাসচিব ক্ষতিগ্রস্ত সবার প্রতি সংহতি জানিয়ে বলেন, নেপাল সরকারের নেতৃত্বে চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে জাতিসংঘের বিভিন্ন দল ও অংশীদাররা সরঞ্জাম ও জনবল পাঠানোর উদ্যোগ নিয়েছে।
নেপালে আকস্মিক বন্যায় অন্তত ১৫৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসির খবরে বলা হয়েছে, নেপাল পুলিশ ১৫৭টি মরদেহ উদ্ধার করেছে।
দুর্যোগের পর প্রায় ৪০৩ জন পর্যটকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মধুপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জটাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. ইসমাইল হোসেন সিরাজী।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র পদপ্রার্থী ও মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম সিদ্দিক এবং ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুস সালাম ডাক্তার।
সভাটি সঞ্চালনা করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর মিজান।
পথসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পথসভা থেকে ‘ঐক্যবদ্ধ বিএনপি, শক্তিশালী সংগঠন—জনগণের পাশে সবসময়’—এই প্রত্যয় তুলে ধরা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেপাল সরকার ভোটেকোশি নদীর তীরবর্তী এলাকাগুলোকে আকস্মিক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তিন মাসের জন্য দুর্যোগকবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে। এই দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার, চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে।
বুধবার, দেশটির সিংহ দরবারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বন্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
নেপালের সরকারি মুখপাত্র এবং শিক্ষা ও ক্রীড়ামন্ত্রী অসমিত পোখরেল জানিয়েছেন, দুর্যোগে আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
আহত ও ক্ষতিগ্রস্ত মানুষকে দ্রুত উদ্ধার করতে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য নেপালের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকাজে নেপালি সেনাবাহিনী, বেসরকারি হেলিকপ্টার এবং অন্যান্য প্রয়োজনীয় সম্পদ ব্যবহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুমোদন দেওয়া হয়েছে।
বন্যাকবলিত মানুষের খাদ্য ও আবাসনের ব্যবস্থা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে, ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত পুনর্নির্মাণ এবং দুর্গত এলাকায় নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়ন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
যদি বন্যায় পরিবারের কোনো সদস্য নিহত হন, তবে বিদ্যমান আইন অনুযায়ী সংশ্লিষ্ট পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। নেপালের অর্থমন্ত্রীকে ক্ষতিগ্রস্ত সরকারি ও ভৌত অবকাঠামো পুনরুদ্ধারে প্রয়োজনীয় অর্থ এবং সম্পদ সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
নেপাল সরকার জানায়, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা আইন, ২০৭৪-এর ৩২ নম্বর ধারার অধীনে ভোটেকোশি নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা গুলোকে দুর্যোগকবলিত ঘোষণা করা হয়েছে।
তথ্যসূত্র : দ্য হিমালয়ান টাইমস
তালাশ বিডি/মিডিয়া লিঃ