০৪:০৪ পি.এম
অস্ট্রেলিয়ার ক্রিকেটে আলোচিত স্যান্ডপেপার কাণ্ড নিয়ে আট বছর পর মুখ খুলেছেন ক্যামেরন ব্যানক্রফট। বল বিকৃতির ঘটনায় সরাসরি জড়িত এই ক্রিকেটারের বক্তব্য, দক্ষিণ আফ্রিকা সফরে বলের আকৃতি পরিবর্তনের বিষয়টি দলের সকল সদস্য জানতেন। শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং তিনি নন, পুরো দলই এ বিষয়ে অবগত ছিল।
২০১৮ সালে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় ব্যানক্রফটকে ৯ মাস এবং স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার এক কলামে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ব্যানক্রফট জানিয়েছেন, তদন্তের সময় তিনি সব তথ্য প্রকাশ করেননি।
তার দাবি, দ্বিতীয় টেস্টে পোর্ট এলিজাবেথে প্রথম স্যান্ডপেপার ব্যবহৃত হয়েছিল। এ নিয়ে কোচ ড্যারেন লেম্যান এবং বোলিং কোচ ডেভিড সাকারের সঙ্গে আলোচনা হয়েছিল। ওয়ার্নার স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দেন। তবে স্মিথ এতে জড়াতে চাননি।
আরও পড়ুন: ৩৮ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন হুয়ান মাতা
অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত এক কলামে ব্যানক্রফট জানান, ‘এটা শুধু আমরা তিনজন জানতাম না—পুরো দলই জানত।’
সম্প্রতি উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর নতুন করে আলোচনায় আসে স্যান্ডপেপার-কাণ্ড। বইয়ে খাজা দাবি করেন, বল বিকৃতির বিষয়টি দলের সবাই জানতেন। তার মতে, ঘটনার দায়ও পুরো দলের নেয়া উচিত ছিল। তবে গত শুক্রবার সিডনিতে দীর্ঘ সংবাদ সম্মেলনে খাজার এই দাবি উড়িয়ে দেন প্যাট কামিন্স।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন