ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নাগরিককে নয়, ক্ষমতাসীন দলকে সুরক্ষা দিচ্ছে সাইবার আইন: নুর খান লিটন


নাগরিককে নয়, ক্ষমতাসীন দলকে সুরক্ষা দিচ্ছে সাইবার আইন: নুর খান লিটন

প্রবীণ মানবাধিকারকর্মী ও সাবেক জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নুর খান লিটন মনে করেন, সাইবার আইনে নাগরিকদের সুরক্ষার পরিবর্তে ক্ষমতাসীন রাজনৈতিক দল ও সরকারের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। তিনি মন্তব্য করেন, "এই আইন (সাইবার সুরক্ষা আইন) নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু নাগরিকের সুরক্ষা নিশ্চিত হচ্ছে না। বরং সুরক্ষা দেওয়া হচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দল ও তাদের সরকারকে।" তিনি উল্লেখ করেন, ক্ষমতাসীনদের বিরুদ্ধে যৌক্তিক সমালোচনা করলেই এই আইনের মাধ্যমে কী ধরনের খেসারত দিতে হয়েছে, তা বিগত শাসনামলে দেখা গেছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) আয়োজিত ‘মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার সুরক্ষা: আইন, বাস্তবতা ও মানবাধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুর খান লিটন আরও বলেন, "এই আইনের মাধ্যমে ক্ষমতাসীন দল বা সরকারের যেকোনো যৌক্তিক সমালোচনাকেও অপরাধ হিসেবে গণ্য করে সমালোচক, সাংবাদিক ও সম্পাদকদের বিরুদ্ধে শতাধিক মামলা করা হয়েছিল।" তিনি জানান, এসব মামলায় তাদের ভোগান্তির শিকার হতে হয়েছে এবং আদালতে সময় ব্যয় করতে হয়েছে।

আরও পড়ুন: শরীয়তপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা, অটোরিকশা ভাঙচুর

তিনি বলেন, এইচআরএসএসের প্রতিবেদনে উঠে এসেছে, প্রায় ৫৫ থেকে ৬০ শতাংশ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী এবং তাদের ঘনিষ্ঠ অনুসারীরা অধিকাংশ মামলা করেছেন। তিনি মন্তব্য করেন, "ক্ষমতাসীন ব্যক্তিদের চারপাশে থাকা কিছু মানুষের অন্য কাজ না থাকলেও একটি অর্থ উপার্জনের কাজ এবং আরেকটি হচ্ছে, কাকে ঘায়েল করলে ওই শক্তিধর মানুষটি খুশি হবেন, সেই চেষ্টা করা।"

নুর খান লিটন সাইবার জগতে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং তাৎক্ষণিক আইনি সহায়তা প্রদানে এই আইন চরমভাবে ব্যর্থ বলে মনে করেন। তিনি বলেন, "কোনো নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই আইন দিয়ে কী হবে?" তিনি সতর্ক করেন যে, ব্যক্তিগত তথ্যের কারণে একজন নাগরিক সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হতে পারেন। তাই আইনের দুর্বলতার দিকগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

মানহানির বিষয়গুলোতে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে প্রকৃত সাইবার অপরাধ থেকে সাধারণ নাগরিকদের রক্ষা করার মূল দায়িত্ব উপেক্ষিত থেকে যাচ্ছে বলেও মন্তব্য করেন এই প্রবীণ মানবাধিকারকর্মী।

তার মতে, আইনি সুরক্ষার সুবিধা কেবল নিবন্ধিত সংবাদমাধ্যমগুলোকে দেওয়ার ফলে সাধারণ নাগরিক ও মানবাধিকারকর্মীদের মধ্যে বৈষম্যমূলক বিভাজন সৃষ্টি হয়েছে। তিনি বলেন, "সঠিক বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করে শুধু নিবন্ধিত প্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়ায় স্বাধীন প্রতিবেদন প্রস্তুতকারী ও মানবাধিকারকর্মীরা মারাত্মক ঝুঁকিতে পড়ছেন।" এর ফলে সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে সুযোগ-সুবিধার স্পষ্ট বিভাজন তৈরি হচ্ছে।

আরও পড়ুন: যুক্তরাজ্যে আদালতের ঐতিহাসিক রায়: বাবার বিপুল সম্পদ নিয়ে ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের জয়

নুর খান লিটন বলেন, "একটি আইনের মূল লক্ষ্য হওয়া উচিত প্রভাবশালী ব্যক্তি বা বিশেষ কোনো গোষ্ঠীর পরিবর্তে সর্বস্তরের সাধারণ নাগরিকের জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করা।" তিনি সতর্ক করেন, আইন প্রণয়নের উদ্দেশ্য যত ভালোই হোক না কেন, বাস্তব প্রয়োগে তা যদি সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে এবং ক্ষমতার অপব্যবহার বাড়ায়, তবে সেই আইন কার্যকারিতা হারায়।

তিনি আরও বলেন, আইনটির কাঠামোগত দুর্বলতাগুলো দূর করে দ্রুত বিচারিক প্রতিকারের সুযোগ তৈরি করা এবং নাগরিক সুরক্ষাকে প্রাধান্য দিয়ে আইনটি সংস্কার করা অত্যন্ত জরুরি।

গোলটেবিল আলোচনা সভায় এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম, ব্লাস্টের ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী, ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শিব্বির আহমেদ, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) উপদেষ্টা মাবরুর মোহাম্মদ এবং সাংবাদিক জায়মা ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ, কাউকে আটক করা সম্ভব হয়নি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় শ্রমিক লীগ নেতাকে ছিনিয়ে নিতে ছাত্রদল কর্মীর চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


কুমিল্লায় শ্রমিক লীগ নেতাকে ছিনিয়ে নিতে ছাত্রদল কর্মীর চেষ্টা

কুমিল্লার দাউদকান্দিতে হাতকড়া পরানো অবস্থায় আটক এক শ্রমিক লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মী হেলাল শিকারীর বিরুদ্ধে। জানা গেছে, অভিযুক্ত হেলাল শিকারী দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী।

বুধবার সকাল সাড়ে ৯টায় দৌলতপুরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) কমলের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মামুন শিকারীকে আটক করে। আটক হওয়ার পর ছাত্রদল কর্মী হেলাল শিকারী মামুনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি মামুন শিকারীকে নিয়ে পুলিশের কাছ থেকে প্রায় ১০ গজ দূরে চলে যান। পরে পুলিশ ধাওয়া করে মামুন শিকারীকে পুনরায় আটক করে থানায় নিয়ে যায়।

দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী হেলাল শিকারী বলেন, “আটকের পর নিয়ে যাওয়ার সময় ধস্তাধস্তি হয়েছিল। ভুল বোঝাবুঝি থেকে এমন হয়েছে। আমি ছাত্রদলের কর্মী, এখনো কোনো পদ পাইনি।”

এ বিষয়ে দাউদকান্দি থানার এসআই কমল মন্তব্য করতে চাননি। তিনি বিস্তারিত জানার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, “আটকের পর ছাত্রদল কর্মী হেলাল শিকারী মামুন শিকারীকে প্রায় ১০ কদম দূরে নিয়ে গিয়েছিলেন। পরে পুলিশ তাকে আবার আটক করে থানায় নিয়ে আসে। শ্রমিক লীগ নেতা মামুন শিকারী বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।”

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির বলেন, তিনি এমন একটি অভিযোগ শুনেছেন। বিষয়টি জেনে বিস্তারিত পরে জানাবেন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডুয়েটে চালু হলো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সেন্টার, চীনা ভাষার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


ডুয়েটে চালু হলো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সেন্টার, চীনা ভাষার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট), গাজীপুরে বুধবার সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধন উপলক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) ব্যবস্থাপনায় শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন: সিগনিফিক্যান্স অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়।

ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। বৈশ্বিক যোগাযোগে চীনা ভাষার গুরুত্ব এবং এ ভাষা জানার মাধ্যমে সৃষ্ট সুযোগ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষাদানের সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি একই সঙ্গে এ উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকেও (ইউজিসি) ধন্যবাদ জানান।

উপাচার্য বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর ও চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে প্রযুক্তি এবং বৈশ্বিক কর্মবাজার অভূতপূর্ব গতিতে পরিবর্তিত হচ্ছে। এই বাস্তবতায় বর্তমান ও আগামী প্রজন্মকে মাতৃভাষা এবং ইংরেজির পাশাপাশি বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য ভাষায় দক্ষ করে গড়ে তোলা এখন সময়ের অপরিহার্য দাবি। বিদেশি ভাষায় দক্ষতা জনশক্তি রপ্তানির সম্ভাবনা বাড়াবে, কর্মবাজারকে বহুমুখী করবে এবং বৈশ্বিক ভ্যালু চেইনে বাংলাদেশের অংশগ্রহণ সুদৃঢ় করে দেশের সামগ্রিক অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতে বর্তমানে অপরিহার্য হয়ে ওঠা চীনা ভাষা শিক্ষা এক্ষেত্রে অন্যতম নিয়ামক হতে পারে।”

তিনি জানান, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ডুয়েটই প্রথম তৃতীয় ভাষা শিক্ষাদানের জন্য সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস চালু করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ডুয়েটের পরিচিতি সম্প্রসারণ, অংশগ্রহণ, গ্রহণযোগ্যতা বৃদ্ধি ও র‍্যাঙ্কিং উন্নয়নে সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের সুযোগও সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বলেন, “বর্তমান বিশ্বে জ্ঞান, প্রযুক্তি ও অর্থনীতির ক্রমক্ষয়িষ্ণু সীমানার প্রেক্ষিতে একজন প্রকৌশলী ও প্রযুক্তিবিদের জন্য কারিগরি দক্ষতার পাশাপাশি ভাষাগত দক্ষতা ও আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের সক্ষমতা অপরিহার্য। চীনের সঙ্গে অবকাঠামো, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সম্পর্ক ক্রমশ বিস্তৃত হচ্ছে। এ প্রেক্ষাপটে আজকের এই উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে ডুয়েটের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

বাংলাদেশিদের জন্য চীনা ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে ড. ইয়াং হুই বলেন, “চীনা ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি সভ্যতার বাহক ও উন্নয়নের চালিকাশক্তি। জাতিসংঘের ছয়টি সরকারি ভাষার একটি এই ভাষা চার হাজার বছরেরও বেশি পুরোনো সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। বৈশ্বিক গুরুত্বের প্রেক্ষিতে বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও চীনা ভাষা শিক্ষা চালু আছে। চীনা ভাষা শেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের ৩ হাজারের বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ও বৈশ্বিক কর্মবাজারে নতুন সুযোগের দরজা খুলে দেবে।”

বাজারের চাহিদার ভিত্তিতে চীনা ভাষার সঙ্গে দক্ষতার সমন্বয় ঘটানোর জন্য ‘চাইনিজ প্লাস’ কোর্স চালুর মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে শহর ও গ্রামের ব্যবধান কমিয়ে এ সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট কাজে লাগিয়ে বৈশ্বিক কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ গ্রহণের জন্য বর্তমানে চীনা ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম।

গেস্ট অব অনার হিসেবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান ডুয়েটে সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস চালু করতে সহযোগিতার জন্য কনফুসিয়াস ইনস্টিটিউটকে ধন্যবাদ জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের ফ্যাকাল্টি আকিব ইরফান চীনা ভাষা শেখার মাধ্যমে ডুয়েট শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মক্ষেত্রের অবারিত সুযোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে আরও উপস্থিত ছিলেন অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. আবদুর রহমান ফরহাদ এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শফিউল আজম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেসের কারিকুলাম ডেভেলপমেন্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার। তিনি সেন্টারটি চালু করতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুইসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বৈশ্বিক কর্মবাজারে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো এবং উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ইউজিসি। এ উদ্যোগের ধারাবাহিকতায় ডুয়েটে নতুন একটি সেন্টার ও একটি অফিস চালু করা হলো।

সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস শিক্ষার্থীদের জন্য ধাপে ধাপে চীনা, জাপানি, ফ্রেঞ্চ, জার্মান, আরবি প্রভৃতি বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরি করবে। কেন্দ্রটির লক্ষ্য আন্তর্জাতিক পরিসরে শিক্ষার্থীদের যোগাযোগের দক্ষতা বাড়ানো এবং উচ্চশিক্ষা ও বৈশ্বিক কর্মসংস্থানের জন্য তাদের প্রস্তুত করা।

অন্যদিকে, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিদেশি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা ও সহযোগিতা স্থাপনে কাজ করবে। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, স্কলারশিপ ও ফেলোশিপের তথ্য সরবরাহ এবং বিদেশি শিক্ষার্থীদের সহায়তার সমন্বয়কারী দপ্তর হিসেবে দায়িত্ব পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১৮ নভেম্বর, ২০২৬ : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মন্তব্য করেছেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জন শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন দ্বারা সম্ভব নয়, বরং গবেষণাধর্মী কাজের পরিমাণ বৃদ্ধি করা অপরিহার্য।

তিনি বলেন, ‘যত অবকাঠামোগত উন্নয়ন কিংবা যত ধরনের সুযোগ-সুবিধা আমরা বৃদ্ধি করি না কেন, যতক্ষণ না পর্যন্ত গবেষণাধর্মী কাজগুলো আরো সমৃদ্ধ ও বিস্তৃত না হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না।’

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ে হীরকজয়ন্তী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা এবং স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

হীরকজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এই ৬০ বছর শুধুমাত্র সময়ের হিসাব নয়; এটি জ্ঞান, সংগ্রাম, নেতৃত্ব ও জাতি গঠনের একটি দীর্ঘ পদযাত্রা।’

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উল্লেখ করেন, সরকারের একটি প্রধান পরিকল্পনা হলো গবেষণাধর্মী কাজের পরিমাণ বৃদ্ধি করে দেশের বিদ্যমান শিল্পখাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সংযোগ স্থাপন করা। এর ফলে বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ জনবল তৈরি হবে, যারা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি সংশ্লিষ্ট খাতকেও সমৃদ্ধ করবে এবং অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এ বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য টিএসসি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আরেকটি হল নির্মাণের বিষয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আশাবাদী যে, দ্রুততম সময়ের মধ্যে এ সংক্রান্ত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বাস্তবায়িত হবে।

হাটহাজারী আসনের সংসদ সদস্য হিসেবে নিজের অবস্থান তুলে ধরে মীর হেলাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়টি আমার সংসদীয় আসনের অংশ হওয়ায় আমি গর্বিত। আমার বাবা-মা দু’জনই এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, তাই এর সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে।’

প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, কোনো প্রকল্প দ্রুত বাস্তবায়নের প্রয়োজন হলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করে বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জ্ঞান অর্জন সহজ করার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত নীরব দর্শকের ভূমিকা পালন করবে না: সেলিম উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


জামায়াত নীরব দর্শকের ভূমিকা পালন করবে না: সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন অভিযোগ করেছেন যে, জুলাই গণ-অভ্যুত্থানকে আড়াল করে বহুপক্ষীয় যোগসাজশে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।

তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামী দেশের প্রধান বিরোধী দল হিসেবে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারবে না। এই কারণে দলটি বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বারিধারায় ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কার্যালয়ে আয়োজিত থানা দায়িত্বশীল সম্মেলনে সভাপতির বক্তব্যে সেলিম উদ্দিন এসব কথা বলেন। আজ বুধবার (১৮ নভেম্বর) দলটির ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১০০ দিনের ধারাবাহিক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।

কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, আগামী ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার দিবস পালন করা হবে। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ যৌথভাবে কর্মসূচি পালন করবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস কেন্দ্রীয় নির্দেশনায় মহানগরী উত্তরের উদ্যোগে পালন করা হবে। এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বড় পরিসরে শোভাযাত্রার (র‍্যালি) আয়োজন করা হবে। এসব কর্মসূচি ও নাগরিক সমাবেশ সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

জামায়াতের এই নেতা বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থন না দিলে বিএনপি সেই সময়ে ক্ষমতায় আসতে পারত কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু বিএনপি এখন অতীতের সেই সহযোগিতার কথা ভুলে গেছে। কোনো কোনো ক্ষেত্রে দলটি এখন অকৃতজ্ঞের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%