০৫:২৯ পি.এম
বাগেরহাটে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরোর বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে শহরের হরিণখানা এলাকায় দুর্বৃত্তরা তাঁর বাড়ির দিকে ককটেল নিক্ষেপ করে। এই ঘটনায় বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং একটি স্প্লিন্টার ঘরের ভেতরে প্রবেশ করে। ঘটনার সময় বিএনপি নেতা বাসায় উপস্থিত ছিলেন না। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরোর বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত গভীর রাতে শহরের হরিণখানা এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে বাড়ির জানালার একটি কাচ ভেঙে যায়। এছাড়া, একটি স্প্লিন্টার ঘরের ভেতরে প্রবেশ করে। তবে ঘটনার সময় বিএনপির ওই নেতা বাসায় ছিলেন না।
ঘটনার খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু উদ্ধার করে।
আরও পড়ুন: বকশীগঞ্জ সীমান্তে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ১টা ২৩ মিনিটে এক যুবক বাড়ির সামনে এসে একটি বস্তু নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনার বিষয়ে বিএনপি নেতা সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরো বলেন, রাত দুইটার দিকে ঢাকা থেকে বাসায় ফেরার পথে বাড়ির সামনে লোকজনের ভিড় দেখে তিনি ঘটনার বিষয়ে জানতে পারেন। তাঁর অভিযোগ, সারা দেশে যে নৈরাজ্য ও সহিংসতা চলছে, তারই অংশ হিসেবে তাঁর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জেলা বিএনপির সাবেক সমন্বয়ক এম এ সালাম বলেন, ঘটনার খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: মাদক ও নাশকতার বিরুদ্ধে কালকিনিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত উদ্ধার করেছি, সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন