নোয়াখালী প্রতিনিধি বার্তা প্রেরক গিয়াস রনি
১২:০৭ পি.এম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত যুবক ফারুক হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারুক হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় করে ৩ থেকে ৪ জনের একটি দল সেখানে এসে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার পূর্বেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এর ফলে ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহত ফারুককে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান এ বিষয়ে বলেন, সন্ত্রাসীরা ওই যুবককে আকস্মিক গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি লোকাল গ্যাংয়ের গুলি। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে সাময়িকভাবে একে অপরের ওপর সামরিক হামলা স্থগিত করেছে ইরান ও ইসরায়েল। তবে লেবাননের ওপর নতুন করে কোনো হামলা চালানো হলে কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে উভয়পক্ষ।
ইরানের সামরিক বাহিনীর যৌথ কমান্ড জানিয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পাল্টাপাল্টি ঘটনার পর তারা আপাতত আক্রমণাত্মক সামরিক অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দুই মাস আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর এটিই ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে প্রথম সরাসরি সামরিক সংঘাত।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, ‘গুলি ছোড়া বন্ধ করুন’ এবং চলমান উত্তেজনা যেন কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত না করে সে বিষয়ে সতর্ক করেন।
পরে ট্রাম্প জানান, একটি নতুন যুদ্ধবিরতির উদ্যোগ নিয়ে কাজ চলছে এবং সমঝোতার সম্ভাবনা খুব কাছাকাছি বলে তিনি মনে করেন।
এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। যদিও ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন, তবুও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। বিশেষ করে লেবাননকে ঘিরে উত্তেজনা আরো বৃদ্ধি পেলে পরিস্থিতি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে সবশেষ পরিস্থিতিতে উভয়পক্ষের হামলা স্থগিতের সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন যুদ্ধবিরতির প্রচেষ্টা অঞ্চলটিতে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা তৈরি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া এলাকায় সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কেটে ফেলার একটি অভিযোগ পাওয়া গেছে।
বগুড়া গ্রামের বিল্লা মোল্লার ছেলে সাইফ উদ্দিন মোল্লা গত তিনদিন ধরে মূল্যবান গাছগুলো কেটে বিক্রির চেষ্টা করছিল।
খবর পেয়ে প্রশাসন গাছগুলো জব্দ করেছে।
দিঘলিয়া গ্রামের শামীম মোল্যাসহ অনেকে জানায়, ১৬ শতক সরকারি জমি থেকে সাইফ উদ্দিন গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিনদিন ধরে ৩৫টি মেহগনি গাছ কেটে বিক্রির চেষ্টা চালায়। গাছগুলোর মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
যখন বিষয়টি প্রশাসনকে জানানো হয়, তখন গাছগুলো জব্দ করা হয়।
তবে, কিছু গাছ অভিযুক্ত সাইফ উদ্দিন সরিয়ে ফেলেছে বলে অভিযোগ গ্রামবাসীর। ঘটনাটি ঘটার পর সাইফ উদ্দিন গা ঢাকা দিয়েছেন।
এ ব্যাপারে নড়াইল সদরের সহকারী কমিশনার (ভূমি)কে এইচ তাসফিকুর রহমান বলেন, সরকারি জায়গা থেকে গাছকাটার খবর পেয়ে ইউনিয়ন নায়েবকে আমি ঘটনাস্থলে পাঠায়। গাছগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারত সীমান্তের সাথে সংযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদার করার কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্ভাব্য পুশইন, মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধের জন্য সীমান্তজুড়ে বাড়তি টহল এবং নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আখাউড়া, কসবা এবং বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে। সীমান্তপথে কোন ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক কিংবা চোরাচালানি পণ্য যাতে দেশে প্রবেশ না করতে পারে, সেই উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ের মধ্যে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধির ওপর নজরদারি করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় জনগণের সহযোগিতাও পাওয়া যাচ্ছে।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, দেশের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। সম্ভাব্য পুশইন নিয়ে উদ্বেগ দেখিয়ে সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্তে যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। মাদক ও চোরাচালান রোধের জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি। প্রতিটি ক্যাম্পের সদস্যরা দিন ও রাতের বিভিন্ন সময় দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্তের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব এবং সীমান্ত নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।
বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর রমনা থানা এলাকার মৌচাক-আনারকলি মার্কেটসংলগ্ন ফুটপাত নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও এলাকায় একক আধিপত্যের পুরনো রেষারেষির জেরে খুন হয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদার। স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের এমনটাই দাবি করেছেন।
ঘটনার পর রাতেই অভিযুক্ত যুবদল নেতা দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণাও করা হয়েছে। এ দিকে, হত্যাকাণ্ডের নেপথ্যের প্রকৃত কারণ উদ্ঘাটনে জোর তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে রমনা থানা এলাকার সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের পাশে আনারকলি সুপার মার্কেটের পার্কিং স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন তালুকদার ছিলেন রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। তিনি পেশায় সিমেন্ট-বালু ব্যবসায়ী ছিলেন এবং মগবাজারের পৃথক দুটি এলাকায় দুই পরিবার ও ৬ সন্তান নিয়ে বসবাস করতেন।
নিহতের ভাগনে ও ঘটনার প্রত্যক্ষদর্শী মোবারক হোসেন আকাশ অভিযোগ করে বলেছেন, ‘সোমবার রাতে আমরা কয়েকজন আনারকলি মার্কেটের পার্কিং স্পটে অবস্থান করছিলাম। এ সময় আনারকলি সুপার মার্কেট কমিটির সাধারণ সম্পাদক ও রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু তার সাঙ্গোপাঙ্গোদের সঙ্গে সেখানে আসেন। একপর্যায়ে তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়।’
আকাশ আরো জানান, কথা কাটাকাটির একপর্যায়ে দিদারুল ইসলাম বাবু কোমর থেকে ছোরা বের করে বিল্লালকে আঘাত করার চেষ্টা করেন। তখন ধাক্কাধাক্কিতে ছোরাটি মাটিতে পড়ে যায়। সঙ্গেই দিদারুলের ‘ডান হাত’ হিসেবে পরিচিত সিরাজুল মাটিতে পড়া ছোরাটি তুলে বিল্লালের বুকে সজোরে বসিয়ে দেয়। এরপর রক্তাক্ত অবস্থায় বিল্লালকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকালে ঢামেক মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের দাবি, এই হত্যাকাণ্ড শুধু তাৎক্ষণিক কোনো মারধরের কারণে ঘটেনি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যবসায়িক আধিপত্যের দ্বন্দ্ব। নিহতের ভাগনে আকাশের ভাষ্যমতে, বিল্লাল হোসেন তালুকদার সিনিয়র রাজনীতিবিদ হওয়ার কারণে মৌচাক-আনারকলি মার্কেটের আশপাশে ফুটপাতের দোকানদারদের নিজেদের মধ্যকার কোনো ঝগড়া বা সমস্যা হলে তারা বিল্লালের শরণাপন্ন হতেন। বিল্লালও এসব সমস্যার সালিশ-মীমাংসা করতেন। ফুটপাতে চাঁদাবাজির একক নিয়ন্ত্রণ ধরে রাখতে যুবদল নেতা দিদারুল ইসলাম বাবু এই সালিশি প্রথা পছন্দ করতেন না। আর সে কারণেই বিল্লালের ওপর তার চরম ক্ষোভ ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয় ও মালিকের বাসায় ভাঙচুরের একটি মামলায় দিদারুল ইসলামের ষড়যন্ত্রে বিল্লালকে আসামি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ওই মামলায় বিল্লাল তিন মাস কারাভোগের পর জামিনে মুক্ত হন এবং পরে সোহাগ পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি মীমাংসা করে নেন। ঘটনার পর তার সাংগঠনিক বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছিল।
এদিকে, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর রাতেই সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে যুবদল। রমনা থানা যুবদলের একাধিক নেতা নিশ্চিত করেছেন যে, বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে রমনা থানা যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সংগঠন।
এই হত্যাকাণ্ডের বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, নিহত ব্যক্তি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা এবং যার বিরুদ্ধে অভিযোগ, তিনিও যুবদলের নেতা। ফলে ঘটনার সঙ্গে জড়িত উভয়পক্ষই রাজনৈতিক পরিচয়ের ব্যক্তি। প্রাথমিক তদন্তে দলীয় কোনো বিরোধ বা রাজনৈতিক দ্বন্দ্বের তথ্য পাওয়া যায়নি। নিহতের ভাগনের বক্তব্য অনুযায়ী, মারধরের ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, মৌচাক-আনারকলি এলাকার ফুটপাত নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে পূর্বশত্রুতার বিষয়টিই তাদের প্রাথমিক সন্দেহের তালিকায় রয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও পেছনের কুশীলবদের খুঁজতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় রমना থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ