০৪:৪৭ পি.এম
চট্টগ্রাম, ২ অক্টোবর, ২০২৬ : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মন্তব্য করেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।
শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের কালুরঘাট শিল্প এলাকায় নারী শ্রমিকদের জন্য নির্মিত ‘শ্রমজীবি মহিলা হোস্টেল ও শ্রমকল্যাণ কেন্দ্র’ পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।
মন্ত্রী জানান, কালুরঘাট শিল্প এলাকার শ্রমজীবী নারীদের জন্য নির্মিত ‘মহিলা হোস্টেল ও শ্রমকল্যাণ কেন্দ্রটি’ দ্রুত চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যা: গুরুদাসপুরের ওসি প্রত্যাহার, এমপি ছেলেকে ত্যাজ্য ঘোষণা
তিনি উল্লেখ করেন, কালুরঘাট শিল্প এলাকায় অন্তত দুই লাখ শ্রমিক কর্মরত আছেন, যাদের মধ্যে একটি বড় অংশ নারী শ্রমিক। শ্রমজীবী নারীদের নিরাপত্তা, আবাসন, চিকিৎসাসেবা সহ যাবতীয় সংকট নিরসনে এই স্থাপনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় তিনি নারী শ্রমিকদের জন্য নির্মিত হোস্টেল ও ৫ শয্যাবিশিষ্ট হাসপাতাল সহ শ্রমকল্যাণ কেন্দ্রটি পরিদর্শন করেন।
শ্রমমন্ত্রী বলেন, এই স্থাপনায় সরকারের কয়েক শত কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তবে নানা কারণে এটি এখনো চালু করা সম্ভব হয়নি। ভবনটির ভবিষ্যৎ কী হবে এবং এটি কীভাবে শ্রমজীবী নারীদের কল্যাণে ব্যবহার করা যায়, সে বিষয়ে আইনগত ও কারিগরি সব দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ লক্ষ্যে মেয়র, এলাকার সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে।
এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, শ্রম কল্যাণ সংস্থার কর্মকর্তারা, ঠিকাদারি প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থার প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন