০১:১৯ পি.এম
বিয়ে, মাতৃত্ব ও সংসার সামলাতে গিয়ে বলিউড অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে দূরে ছিলেন। তবে গত বছর আমির খানের বিপরীতে ‘সিতারে জমিন পার’ সিনেমার মাধ্যমে তিনি আবারও বড় পর্দায় ফিরে আসেন। এরপর থেকে তার অভিনয়ের ব্যস্ততা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। ‘জুনিয়র’, ‘মান্তি-৪’ ও ‘রাজা শিবাজি’র পর, এবার তার নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু সিনেমাটি মুক্তির আগেই একটি রোমান্টিক দৃশ্যের কারণে বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী।
‘গানমাস্টার জি৯’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জেনেলিয়া ও ইমরান হাশমি। সম্প্রতি, সিনেমাটির প্রচারের জন্য তারা ‘ইন্ডিয়ান আইডল: লেজেন্ডস রিটার্ন’-এর বিশেষ পর্বে উপস্থিত হন। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে সিনেমার প্রচারের পাশাপাশি বিচারক হিমেশ রেশমিয়ার সুরে তৈরি গান নিয়েও আলোচনা করেন তারা। এক পর্যায়ে, ‘দার্দ-এ-দিল দার্দ-এ-জিগার’ গানের একটি রোমান্টিক মুহূর্ত পুনরায় অভিনয় করে দেখান দুই তারকা। আর এই ঘটনার পর থেকেই শুরু হয় আলোচনা।
অনুষ্ঠানের প্রকাশিত একটি ঝলকে দেখা যায়, বেঞ্চে বসে রয়েছেন জেনেলিয়া। এ সময় ইমরান তার দিকে এগিয়ে আসেন এবং মুখ থেকে একটি কানের দুল বের করে আনেন। তাদের এমন রোমান্টিক দৃশ্য দেখে অনুষ্ঠানের প্রতিযোগীদের মধ্যে কেউ বিস্মিত হন, আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করেন।
আরও পড়ুন: ছাদের সিলিং ভেঙে পড়ায় অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী টিনা দত্ত
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা প্রতিক্রিয়া। বিশেষ করে, জেনেলিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘ভাবুন তো, কোনো মেয়ে যদি রীতেশের সঙ্গে এমন করত! তা হলে জেনেলিয়া কি ছেড়ে কথা বলত!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধেছেন! এসব তো হবেই।’
তবে বিষয়টি নিয়ে ভিন্নমতও রয়েছে। ইমরান ও জেনেলিয়ার ভক্তদের মতে, দুজনই পেশাদার অভিনেতা। পর্দার প্রয়োজনে অভিনয় করেছেন তারা। তাই এ নিয়ে সমালোচনার কোনো কারণ নেই।
এদিকে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মন্তব্যের মধ্যে কেউ কেউ পুরো ঘটনাকে সিনেমার প্রচারণার কৌশল হিসেবেও দেখছেন। তাদের ধারণা, বিতর্ককে কেন্দ্র করে দর্শকের আগ্রহ তৈরি করাই নির্মাতাদের উদ্দেশ্য। শেষ পর্যন্ত, সেই আগ্রহ সিনেমার ব্যবসায়িক সাফল্যে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়। তবে বিতর্কের বাইরেও ‘গানমাস্টার জি৯’ দেখার অপেক্ষায় রয়েছেন অনেক সিনেমাপ্রেমী।
আরও পড়ুন: জুবিন গার্গের স্মৃতি রক্ষায় পরিবারের সিদ্ধান্তে বিতর্ক, মুখ্যমন্ত্রীর আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন