০৮:৪৩ এম
ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের শঙ্কায় সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্ণফুলী নদীর তীব্র স্রোতের জন্য চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে, যার কারণে রাঙ্গামাটি ও বান্দরবানের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা একটি জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যটক ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।
এই সময়কালীন সাজেক ভ্যালির সব পর্যটক কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। জেলা প্রশাসক নাজমা আশরাফী জানিয়েছেন, ‘আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসের প্রেক্ষিতে জনসাধারণের নিরাপত্তা বিবেচনায় এই নির্দেশনা প্রদান করা হয়েছে।’
আরও পড়ুন: জাতীয় যুব পুরস্কার-২০২৬ পেলেন নেছারাবাদের শিরিন খানম
এদিকে, কর্ণফুলী নদীতে তীব্র স্রোতের কারণে চন্দ্রঘোনা-রাইখালী ফেরি চলাচল স্থগিত রয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা উল্লেখ করেছেন, ‘দুর্ঘটনা এড়াতে আজ বিকেল ৩টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। স্রোতের অবস্থা বুঝে পরবর্তী সময় ফেরি চলাচল চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন