০৮:৪৪ এম
চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় বিস্ময় কেপ ভার্ডে দলকে নিয়ে আত্মবিশ্বাসের কোন কমতি নেই দেশের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসের। তার দৃঢ় বিশ্বাস, শেষ বত্রিশের মহারণে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিদায় করে ইতিহাস গড়ার এই রূপকথার যাত্রা অব্যাহত রাখতে পারবে তাদের দল।
মাত্র চার হাজার বর্গকিলোমিটার আয়তন ও ছয় লাখ জনসংখ্যার এই আফ্রিকার দেশটি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে এবার বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছিল। তবে তারা শুধু অংশগ্রহণকেই সীমাবদ্ধ রাখেনি, ফুটবল বিশ্বের সামনে কাঁপন ধরিয়ে দিয়ে ক্ষুদ্রতম দেশ হিসেবে তারা নাম লিখিয়েছে নকআউট পর্বে।
গ্রুপ পর্বে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে নিজেদের সামর্থ্যের সদৃশ্য দেখিয়েছিল কেপ ভার্ডে। এরপর লাতিন আমেরিকার শক্তিশালী দল উরুগুয়ের বিপক্ষে দারুণ সংগ্রাম করে ২-২ গোলে ড্র করে তারা। আর গ্রুপের শেষ ম্যাচে এশিয়ার পরাশক্তি সৌদি আরবের বিরুদ্ধে ড্র করে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তারা গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটের টিকিট কাটে।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের জার্সিতে এমবাপ্পের ১০০ গোল, কোন প্রতিযোগিতায় কতটি?
নিজেদের ইতিহাসের প্রথম নকআউট ম্যাচে, বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে, বর্তমান শিরোপাধারী আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্ডে। গ্রুপ পর্বে আলবিসেলেস্তেরা তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে, যেখানে দলের আটটি গোলের মধ্যে ছয়টি এসেছে অধিনায়ক লিওনেল মেসির পা থেকে। শক্তির বিচারে এই ম্যাচে আর্জেন্টিনা পরিষ্কার ফেভারিট হলেও, কেপ ভার্ডের প্রেসিডেন্ট নেভেসের চোখে রয়েছে ভিন্ন স্বপ্ন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরিই বলেন, তার বিশ্বাস কেপ ভার্ডে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে। তিনি আরও যোগ করেন, "যখন কোনো দলকে নিয়ে প্রত্যাশা কম থাকে এবং সেই দলের মাঝে জয়ের তীব্র আকাঙ্ক্ষা থাকে, তখন যেকোনো কিছুই সম্ভব।" আর্জেন্টিনার বিপক্ষে তাদের জয়ের শতভাগ সম্ভাবনা আছে বলেই মনে করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন