ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

গোবিন্দগঞ্জে বাবার কবরের পাশে শায়িত হলেন পোশাকশ্রমিক তৌফিক


গোবিন্দগঞ্জে বাবার কবরের পাশে শায়িত হলেন পোশাকশ্রমিক তৌফিক

মো. তৌফিক (২১) বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরিবারের অভাব দূর করতে পড়াশোনা বন্ধ করে গাজীপুরে গিয়েছিলেন। পোশাক কারখানায় কাজ করে তিনি সংসার চালাতেন। কিন্তু শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে অংশগ্রহণের সময় আর ফিরে আসা হলো না তার। হামলার ফলে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর বুধবার (৪ নভেম্বর) বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছয়ঘরিয়া গ্রামে বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় তৌফিকের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বজন, প্রতিবেশী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এরপর পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তৌফিক গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মো. তৈয়বুর রহমানের ছেলে। তিনি গাজীপুরের লায়লা স্টাইল গার্মেন্টস লিমিটেডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এবং গাজীপুরের বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

আরও পড়ুন: রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা

পারিবারিক সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব তৌফিকের উপর এসে পড়ে। মাধ্যমিকের পড়াশোনা শেষ হওয়ার আগেই এক বন্ধুর মাধ্যমে গাজীপুরে গিয়ে পোশাক কারখানায় কাজ শুরু করেন। নিজের উপার্জনে পরিবারের খরচ চালাতেন তিনি। এর মধ্যেই তার সংসারে সন্তান আসে।

গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে। ওই আন্দোলনে তৌফিক সক্রিয় ছিলেন। গত সোমবার আন্দোলনের সময় হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করেন তিনি। এ সময় হামলাকারীরা তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তৌফিক।

পরে তার সহকর্মী ও আন্দোলনরত শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকার উত্তরার শিনশিন জাপান হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তার মৃত্যু ঘটে।

তৌফিকের বড় ভাই মো. হারুন বলেন, "যে বয়সে পড়াশোনা ও নিজের ভবিষ্যৎ গড়ার কথা, সেই বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তৌফিক।" তার মৃত্যুতে পরিবার উপার্জনের অন্যতম অবলম্বন হারিয়েছে।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

স্বজন ও স্থানীয়দের দাবি, এই কঠিন সময়ে সরকার তৌফিকের পরিবারের পাশে দাঁড়াক এবং তার মৃত্যুর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হোক।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ আলম কালের কণ্ঠকে জানান, সকাল দশটায় তৌফিকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনে হস্তক্ষেপকারী স্পেস লেজারগুলো এবার কাজ করেনি : ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


নির্বাচনে হস্তক্ষেপকারী স্পেস লেজারগুলো এবার কাজ করেনি : ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছেন দেশটির ধনকুবের ইলন মাস্ক।

নির্বাচনি অর্থায়ন পর্যবেক্ষণকারী স্বাধীন সংস্থা ওপেন সিক্রেটস এর তথ্য অনুযায়ী, রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে মাস্ক মধ্যবর্তী নির্বাচনে অন্তত ৪৫৫ মিলিয়ন ডলার ব্যয় করেছেন।

টেক্সাসের সেনেট নির্বাচনে, রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে সমর্থন করার জন্য মাস্ক ২০০ মিলিয়ন ডলারের বেশি খরচ করেছেন। তবে, কেন প্যাক্সটন ডেমোক্র্যাট প্রার্থী জেমস ট্যালারিকোর কাছে পরাজিত হয়েছেন।

কয়েক বছর আগে মাস্ক তার বাসস্থান এবং কিছু ব্যবসায়িক স্বার্থ টেক্সাসে স্থানান্তরিত করেছিলেন।

বিজয়ী ভাষণে, ট্যালারিকো তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা এই রাজ্য এবং এই দেশের প্রত্যেক বিলিয়নিয়ার, প্রত্যেক ট্রিলিয়নিয়ার এবং এই রাজনৈতিক ব্যবস্থার প্রত্যেক দুর্নীতিগ্রস্ত রক্ষককে একটা বার্তা পাঠিয়েছি যে, ক্ষমতা জনগণের।’

এর আগে, বেশ কয়েক ঘণ্টা নীরব থাকার পর মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে লেখেন, ‘মনে হচ্ছে আমার নির্বাচনে হস্তক্ষেপকারী স্পেশ লেজারগুলো এবার কাজ করেনি।’

সূত্র: বিবিসি বাংলা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালপুরে ১৯টি মণ্ডপে কালীপূজার আয়োজন, নিরাপত্তা নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


লালপুরে ১৯টি মণ্ডপে কালীপূজার আয়োজন, নিরাপত্তা নিয়ে আলোচনা

নাটোরের লালপুরে শ্রী শ্রী কালীমাতা পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মেশকাতুল ইসলাম। আসন্ন কালীপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর উপজেলা শাখার সূত্রে জানা যায়, এ বছর লালপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৯টি মণ্ডপে শ্রীশ্রী দীপান্বিতা কালীপূজা অনুষ্ঠিত হবে।

৮ নভেম্বর রোববার থেকে বিভিন্ন মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। মণ্ডপভেদে এক থেকে নয় দিন পর্যন্ত পূজার আয়োজন রাখা হয়েছে।

সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মাসুম, উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি দিপেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকার, বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদকসহ উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে কালীপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে শুক্রবার শুরু হচ্ছে ৩ দিনের জেলা ইজতেমা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


দিনাজপুরে শুক্রবার শুরু হচ্ছে ৩ দিনের জেলা ইজতেমা

দিনাজপুরে জেলা ইজতেমা অষ্টমবারের মতো শুরু হতে যাচ্ছে। শুক্রবার (৬ নভেম্বর) থেকে শুরু হয়ে চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

গোর-এ-শহীদ ময়দানে (হেলিপ্যাড) মুসল্লিদের জন্য প্যান্ডেল, টয়লেট, অজুখানা এবং আগত মেহমানদের থাকার ঘর তৈরির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ইজতেমায় অংশগ্রহণ করতে আসবেন জেলার ১৩টি উপজেলা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রামসহ আশপাশের এলাকার মুসল্লিরা।

জেলা তাবলিগের আমিরে ফয়সাল এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল হাকিম জানিয়েছেন, বাংলাদেশের আমিরে ফয়সাল এবং ঢাকার কাকরাইলের জিম্মাদার (দায়িত্বশীল) আরো কয়েকজন জিম্মাদার (দায়িত্বশীল) ইজতেমায় উপস্থিত থাকবেন।

জেলা তাবলিগের আরেক দায়িত্বশীল শেখ সাবির আলী জানিয়েছেন, সৌদি আরব, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সুদানের জামাতগুলো দিনাজপুরে অবস্থান করছে। এছাড়া আরো কয়েকটি দেশের জামাত পথে রয়েছে। তারা ইজতেমায় আগত মুসল্লিদের সামনে আম বয়ান পেশ করতে পারেন।

তিনি উল্লেখ করেন, ইজতেমা শুক্রবার থেকে শুরু হলেও বৃহস্পতিবার সকাল থেকেই দলে দলে জামাতগুলো আসতে শুরু করবে এবং মুসল্লিদের উপস্থিতিতে মাঠ ভরে যাবে।

স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য বুধবার বিকেল থেকে মুসল্লিরা ইজতেমায় আসতে শুরু করেছেন। তাদের অজু-গোসলের পানি সরবরাহের জন্য টিউবওয়েল, একটি সাব-মারসিবল পাম্প, মোটর বসানো হয়েছে। নিরাপদ স্যানিটেশনের জন্য দুই শতাধিক টয়লেট প্রস্তুত করা হয়েছে। বিদেশি মেহমান ও তাবলিগ জামাতের বৃদ্ধ সাথিদের জন্য মাঠের দক্ষিণ পাশে বিশেষ কক্ষ তৈরি করা হয়েছে।

ইজতেমার কার্যক্রম পরিচালনার জন্য মো. মেহেরুল ইসলাম এবং হাবিপ্রবির শিক্ষক কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল হাকিম আমিরে ফায়সালের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ১০ জন সুরা সদস্যও রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে প্রথমবার জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়। করোনার কারণে দুই বছর ইজতেমা অনুষ্ঠিত হয়নি। এবারের আয়োজন হচ্ছে দিনাজপুরে অষ্টমবারের মতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা

সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারকে সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বুধবার উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এই সহায়তার চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দ থেকে ৫০ কেজি করে চাল দেওয়া হয়। এছাড়াও, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকার চেক, শুকনো খাবার, শাড়ি এবং কম্বল প্রদান করা হয়। বেসরকারি সংস্থা ব্র্যাকের পক্ষ থেকেও ১৩টি পরিবারকে নগদ আট হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু সাইদ, ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক সুশীতল সরকার উপস্থিত ছিলেন।

এছাড়াও, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছাব্বির মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া, জেলা ক্রীড়া দলের সদস্য আলেক উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার জারলিয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%