রিপোর্ট-শাহ্ জালাল সরদার,কালকিনি,মাদারীপুর
০৭:৩০ পি.এম
বাংলাদেশে চলমান উন্নয়নের অংশ হিসেবে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এর উদ্যোগে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণের পাশাপাশি বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির আওতায় আসনের বিভিন্ন ইউনিয়নে খাল খননের কাজ চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও সেচ সংকটে ভোগা কৃষকরা খাল খনন কার্যক্রমের ফলে উপকৃত হচ্ছেন। খাল পুনঃখননের মাধ্যমে কৃষিজমিতে পানি সরবরাহ সহজ হওয়ায় কৃষকদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে বিভিন্ন ইউনিয়নে পাকা রাস্তা নির্মাণের কাজও শুরু হয়েছে। পাশাপাশি আধাপাকা ও ইটের সলিং রাস্তার উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরদ্দির চর গ্রামের প্রায় ২০০ মিটার কাঁচা সড়কে ইটের সলিংয়ের কাজ শুরু হয়েছে।
জানা গেছে, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কান্ঞন হাওলাদার টিআর প্রকল্পের মাধ্যমে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় এলাকাবাসী দুর্ভোগে ছিলেন। বর্তমানে কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে মাদারীপুর-৩ আসনের যোগাযোগ ব্যবস্থা ও কৃষি খাত আরও উন্নত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যখন কোনো ফুটবলারকে ব্যালন ডি’অর এবং ফুটবল বিশ্বকাপ ট্রফির মধ্যে থেকে একটি বেছে নিতে বলা হয়, তখন মনে হয় না কেউ ব্যক্তিগত পুরস্কারটির দিকে মনোযোগ দেবে। স্পেনের রদ্রি বিশ্বকাপের কথাই বললেন এমনকি তিনি বললেন যে, 'বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য আমি এক মুহূর্তও দ্বিধা না করে ব্যালন ডি’অর ছেড়ে দিতে পারি।'
রদ্রি ২০২৪ সালে ইউরো জিতে ব্যালন ডি’র পেয়েছেন। তবে তার কাছে বিশ্বকাপ ট্রফির গুরুত্ব ব্যক্তিগত অঙ্গীকারের চেয়ে অনেক বেশি, কেবল দেশের হয়ে অর্জনের চেয়ে বড় কিছু হতে পারে না।
রদ্রি বলেন, 'আমার কাছে নিজের দেশের হয়ে জয় অর্জন করার চেয়ে বিশেষ কিছু আর হতে পারে না। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপই আমার জেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা, আর বিশ্বকাপ হলো সেই চূড়ান্ত শিখর। যার দিকে পৌঁছানোর জন্য আমরা সবাই চেষ্টা করি।'
তিনি আরও যোগ করলেন, 'খেলোয়াড় হিসেবে আমরা এই লক্ষ্য নিয়েই খেলি। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার কথা আমি ভাবিনি, কারণ সামনে এখনও অনেক পথ বাকি। যাত্রা খুবই দীর্ঘ এবং আমরা ধাপে ধাপে এগোব।'
বর্তমানে রদ্রির স্পেন এবারের বিশ্বকাপে দ্বিতীয় ট্রফির জন্য লড়াই করবে। ২০১০ সালে তারা প্রথম বিশ্বকাপ জিতেছিল। এবারের আসরে তাদের দল আছে এইচ গ্রুপে। ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের যাত্রা শুরু হবে। ২১ জুন সৌদি আরব এবং ২৭ জুন তাদের প্রতিপক্ষ উরুগুয়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অনুপ্রবেশ এবং সীমান্তে পুশ-ইন নিয়ে উত্তেজনার সময় সীমান্ত সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ এবং ভারত।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার (১২ জুন) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এখন থেকে দুই দেশের সীমান্তে গোয়েন্দা তথ্য বিনিময় এবং সমন্বিত টহল বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এর মাঝেই ভারতের 'অবৈধ' অভিবাসীর চিহ্নিত করে ঢালাওভাবে বাংলাদেশে পুশ-ইন কার্যক্রম সেই চেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
ভারতীয় কর্তৃপক্ষ যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন না করেই জোরপূর্বক অভিবাসীদের সীমান্ত পার করে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করছে বলে ঢাকায় জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চারদিনব্যাপী বৈঠক শেষে এই যৌথ বিবৃতিটি এসেছে। তাতে বলা হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে 'আন্তরিক, ইতিবাচক ও দূরদর্শী' আলোচনা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে 'অবৈধ, অসচেতন ও বলপূর্বক অনুপ্রবেশ'-এর মতো বিতর্কিত বিষয়গুলোও এই নিয়মিত দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্বের সঙ্গে উঠে এসেছে।
বাংলাদেশ-ভারত সীমান্ত বিশ্বের দীর্ঘতম সীমান্তগুলোর মধ্যে একটি, যার দৈর্ঘ্য ৪ হাজার কিলোমিটারেরও বেশি। ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রধান সীমান্ত রাজ্যগুলি যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের ক্ষমতায় রয়েছে।
বিজেপি সরকার অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর বিষয়টিকে তাদের রাজনৈতিক হাতিয়ার ও অগ্রাধিকার হিসাবে নিয়েছে। তারা গত বছর থেকেই বাংলাভাষী মুসলমানদের 'অবৈধ অনুপ্রবেশকারী' হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা চালিয়ে আসছে।
ভারতের এই একতরফা পদক্ষেপ বন্ধের জন্য ইতিমধ্যে নয়াদিল্লিকে বাংলাদেশ এক ডজনেরও বেশি চিঠি প্রদান করেছে।
বিজিবি জানিয়েছে, গত কয়েক সপ্তাহে বিএসএফের বেশ কয়েকটি পুশ-ইনের চেষ্টা তারা ঠেকিয়ে দিয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন, গোয়েন্দা তৎপরতা এবং ড্রোন নজরদারি বাড়ানো হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া ছাড়াই যেকোনো ধরনের পুশ-ইন 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য'। তিনি সতর্ক করেছেন, এ ধরনের পদক্ষেপ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন সব চেষ্টা ভেস্তে দিতে পারে।
জোরপূর্বক সীমান্ত পারাপার প্রতিরোধে সীমান্তে টহল ও জনসচেতনতামূলক প্রচারণা বাড়ানোর কথা জানানো হয়েছে বাংলাদেশ কর্তৃক। অন্যদিকে মে মাসে দিল্লি জানায়, ভারতে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী প্রায় ২ হাজার ৮৬০ জন সন্দেহভাজন ব্যক্তির নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে তারা।
যৌথ বিবৃতিতে মানব পাচার, সীমান্তে হত্যাকাণ্ড, চোরাচালান, অবকাঠামো উন্নয়ন এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার বাস্তবায়ন সম্পর্কিত বিষয়ে দুই দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
এই বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ভারত-বাংলাদেশ সীমান্তে শান্তি, সম্প্রীতি এবং স্থিতিশীলতা বজায় রাখতে উভয় পক্ষই তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।'
সীমান্ত সুরক্ষায় সমন্বিত টহল জোরদার করার পাশাপাশি নজরদারি বৃদ্ধি, রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান এবং আন্তঃসীমান্ত অপরাধী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান আরও জোরালো করার বিষয়ে জানানো হয়েছে।
আগামী নভেম্বর মাসে ঢাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিভ্রাটের কবলে পড়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই সমস্যায় সাধারণ ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বিভিন্ন ব্যবহারকারী অভিযোগ করেছেন, তারা ফেসবুকে লগ-ইন করতে পারছেন না। আবার, অনেকে জানিয়েছে যে, অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দেরি হচ্ছে এবং ফিড আপডেট হচ্ছেনা। এই বিভ্রাটের তথ্য ডাউন ডিটেক্টরসহ বিভিন্ন ওয়েবসাইটে উঠে এসেছে।
ফেসবুক ডাউন হওয়ার বিষয়টি নিয়ে মেটার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে, ঠিক কী কারণে এই সমস্যা হচ্ছে তা স্পষ্ট নয়। এরফলে, সাময়িক এই বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ও বিরক্তি দেখা দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১৩ জুন কক্সবাজার সফরে এসে দেশের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ডুলাহাজারা সাফারি পার্ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। কক্সবাজারবাসীর মধ্যে এ উপলক্ষে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
শুক্রবার (১২ জুন) কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি কক্সবাজারে আসছেন। নির্বাচনের আগে তিনি আসতে পারেননি, তাই জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। এদিকে, এই অঞ্চলের মানুষ তাঁকে সরাসরি দেখবেন এবং তাঁর বক্তব্য শুনবেন। এটিই আমাদের জন্য একটি বড় প্রাপ্তি।
তিনি বলেন, কক্সবাজারবাসীর পক্ষ থেকে কোনো ধরনের ব্যক্তিগত বা স্থানীয় দাবি উত্থাপন করা হবে না। তবে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীকে তুলে ধরা হবে। এসব দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা এবং কক্সবাজারে একটি ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা বিশ্বাস করি, জাতীয় গুরুত্বপূর্ণ এসব দাবি প্রধানমন্ত্রী গুরুত্বসহকারে বিবেচনা করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মাতামুহুরী নামে নতুন উপজেলা সৃষ্টির প্রস্তাব জাতীয় প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত নির্বাহী কমিটির (নিকার) সভায় অনুমোদন পেয়েছে। সেখানে একটি থানা প্রতিষ্ঠারও উদ্যোগ নেয়া হবে।
তিনি আরও বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠিত পেকুয়া উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি একটি পৌরসভা প্রতিষ্ঠা ছিল এবং সেই দাবিও অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রীর সফরকালে মাতামুহুরী উপজেলা ও থানা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
সফরসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী একটি জনসভায় ভাষণ দেবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সেখানে আমরা আমাদের আশা-আকাঙ্ক্ষার কথা তাঁর কাছে তুলে ধরব। জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, উন্নয়ন ত্বরান্বিত হবে এবং মানুষের জীবনমান উন্নত হবে।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ