ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

শুভেন্দু বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে: এমপি সরোয়ার আলমগীর


শুভেন্দু বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে: এমপি সরোয়ার আলমগীর

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বাংলাদেশ সম্পর্কে চিন্তা না করে নিজের দেশের পরিস্থিতির দিকে মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির এমপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

তিনি উল্লেখ করেছেন যে, শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক মন্তব্য করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছেন। তবে বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করছে।

শুক্রবার ফটিকছড়ি উপজেলার বিবিরহাটে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র‍্যালির আগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল

শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে সরোয়ার আলমগীর বলেন, “আপনি আপনার দেশ নিয়ে মাথা ঘামান। আপনার দেশে গত এক মাসে মুসলিম পাড়ায় পানি পাওয়া যায়নি, অথচ এ দেশে হিন্দু এলাকায় এক সেকেন্ডের জন্যও পানির অভাব হয়নি। শুভেন্দু চাচ্ছেন এ দেশে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে যাচ্ছেন। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান যারা এ দেশে বাস করি, সবাই ঐক্যবদ্ধ আছি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি।’”

অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, মিহির চক্রবর্তী, অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন, অ্যাডভোকেট তরুণ কিশোর দেব, অধ্যাপক দয়াল, অ্যাডভোকেট মিহির, জুয়েল চক্রবর্তী, সুজিত চক্রবর্তী, রোপন ভোমিক, মিন্টু নাথ, সাগর দে-সহ সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐতিহাসিক ম্যাচে মুখোমুখি ভারত-জাপান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


ঐতিহাসিক ম্যাচে মুখোমুখি ভারত-জাপান

ঐতিহাসিক ম্যাচ খেলবে ভারত-জাপান

 

ভারত ও জাপান একটি ঐতিহাসিক ম্যাচ খেলতে যাচ্ছে। এই প্রথমবারের মতো মুখোমুখি হবে উভয় দল।

 

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে উদ্‌যাপন করা হবে।

আজ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একটি বিবৃতির মাধ্যমে ম্যাচের বিষয়টি নিশ্চিত করেছে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে জাপানের তোচিগি প্রিফেকচারের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২২ সেপ্টেম্বর।

 

‘স্পোর্ট ৭৫’ নামের এই উদ্যোগের মাধ্যমে ভারত ও জাপানের মধ্যে খেলাধুলার মাধ্যমে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই উদ্যোগের সূচনা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে হওয়া একটি সমঝোতার ভিত্তিতে।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া মন্তব্য করেছেন, ‘জাপানে ভারতীয় দলের এই ম্যাচটি ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এর মাধ্যমে জাপান এবং পূর্ব এশিয়ার আরও বড় দর্শকের কাছে ক্রিকেটকে পরিচিত করার সুযোগ সৃষ্টি হবে।

 

ক্রিকেটকে প্রচলিত অঞ্চলগুলোর বাইরে ছড়িয়ে দেওয়ার জন্য বিসিসিআই প্রতিশ্রুতিবদ্ধ।’

জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেসিএ) প্রধান নির্বাহী নাওকি মিয়াজি এই ম্যাচকে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন দলকে জাপানের ক্রিকেটের ঘরে আমন্ত্রণ জানাতে পারা আমাদের অ্যাসোসিয়েশনের জন্য একটি মাইলফলক। এই লক্ষ্য পূরণে আমাদের সঙ্গে কাজ করার জন্য বিসিসিআইকে ধন্যবাদ। ভারতীয় ক্রিকেট সমর্থকদের উচ্ছ্বাসকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।

 

টি-টোয়েন্টি সংস্করণে ভারতের বিপক্ষে খেলা জাপান হবে ২০তম দল। বর্তমানে তাদের অবস্থান ৪১তম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলা ছাড়ার আগেই কোচ হলেন সিডল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


খেলা ছাড়ার আগেই কোচ হলেন সিডল

খেলোয়াড়ি ক্যারিয়ার এখনও শেষ হয়নি। ৪১ বছর বয়সেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সক্রিয় রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার পিটার সিডল। তবে এবার মাঠে বল হাতে লড়াইয়ের পাশাপাশি নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। আগামী মৌসুমে নিউ সাউথ ওয়েলসের বোলিং কোচের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি।

নিউ সাউথ ওয়েলস আগামী মৌসুমের জন্য সিডলের সঙ্গে চুক্তি করেছে। একইসঙ্গে দলের স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ইয়োহান বোথা।

নিউ সাউথ ওয়েলসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার ব্র্যাড হ্যাডিন। তার কোচিং স্টাফে সিডল এবং বোথার সঙ্গে যুক্ত থাকবেন পিটার ফরেস্ট ও ড্যানিয়েল স্মিথ।

২০১৯ সালে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সিডল। তিনি দেশের হয়ে ৬৭টি টেস্ট, ২০টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও তার খেলোয়াড়ি জীবন থেমে যায়নি। বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ, মেজর লিগ ক্রিকেট ও গ্লোবাল সুপার লিগের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণ করেছেন তিনি।

আসন্ন বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে মাঠে নামবেন সিডল। তবে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে গত বছর তিনি অবসর নেন। ২৩১ ম্যাচের দীর্ঘ ক্যারিয়ারে তার উইকেটসংখ্যা ৭৯২।

সিডলের ক্রিকেট ক্যারিয়ারের বড় সময় কাটিয়েছে ভিক্টোরিয়ায়। ভিক্টোরিয়ার হয়ে দীর্ঘদিন খেলার পাশাপাশি তিন মৌসুম তাসমানিয়ার প্রতিনিধিত্ব করেছেন তিনি। এবার ভিক্টোরিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী নিউ সাউথ ওয়েলসের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন এই পেসার।

শেফিল্ড শিল্ডের অন্যতম সফল দল নিউ সাউথ ওয়েলসের সঙ্গে নতুন ভূমিকায় যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত সিডল।

তিনি বলেন, “এই মৌসুমে নিউ সাউথ ওয়েলস ব্লুজ দলে যোগ দিতে পারাটা দারুণ ও রোমাঞ্চকর। গুরুত্বপূর্ণ এই গ্রীষ্মের আগে প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে গড়া দলটিকে পরামর্শ দেওয়ার সুযোগের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য তর সইছে না।”

নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট কাঠামোর সঙ্গে অস্ট্রেলিয়ার বর্তমান পেস আক্রমণের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স—তিনজনই এই রাজ্যের ক্রিকেটার। তবে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে শেফিল্ড শিল্ডে তাদের নিয়মিত পাওয়া যায় না।

খেলোয়াড় হিসেবে এখনও মাঠে থাকলেও সিডল ইতিমধ্যে তার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের প্রস্তুতি শুরু করেছেন। দীর্ঘ ক্রিকেটজীবনে অর্জিত অভিজ্ঞতা এবার তরুণ পেসারদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পালা তার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


মুন্সীগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

মুন্সীগঞ্জ, ৪ সেপ্টেম্বর, ২০২৬ : জেলায় আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে শহরের কালিবাড়ী মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী জয় কালি মাতা মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মন্দিরের সভাপতি শ্রী পবিত্র শংকর চ্যাটার্জীর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।

এ অনুষ্ঠানে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ দাস ববি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট অজয় চক্রবর্তী, প্রশান্ত কুমার মন্ডল, মুন্সীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভবতোষ চৌধুরী নুপুর প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে জন্মাষ্টমী উপলক্ষে প্রধান অতিথি মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত পুণ্যার্থী অংশগ্রহন করেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে এগ্রোভোল্টাইক প্রকল্প গ্রহণের উদ্যোগ সরকারের : বিডা চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


চাঁদপুরে এগ্রোভোল্টাইক প্রকল্প গ্রহণের উদ্যোগ সরকারের : বিডা চেয়ারম্যান

চাঁদপুর, ৪ সেপ্টেম্বর, ২০২৬ : চাঁদপুরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ থেকে ৮ হাজার একর জমিতে বড় ধরনের এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

একই সঙ্গে সরকারি খাস জমিতে রপ্তানিমুখী শিল্পের জন্য ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপনের জন্য সম্ভাব্য স্থানও খুঁজে দেখা হচ্ছে বলে জানান তিনি।

আজ শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত চক্ষু শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

রাহেলা ওসমান সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

বিডা চেয়ারম্যান বলেন, বিদ্যুৎ সংকট নিরসন, কৃষির সঙ্গে বিদ্যুৎ উৎপাদন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে বড় একটি এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্প করার চেষ্টা চলছে। এ প্রকল্পের বিশেষত্ব হলো, সৌর প্যানেলের নিচের জমিতে কৃষিকাজও করা যাবে। অর্থাৎ একই জমি থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষি উৎপাদন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, প্রকল্পের জন্য চাঁদপুরে ইতোমধ্যে কয়েকটি বড় জায়গা চিহ্নিত করা হয়েছে। সেগুলোর মধ্যে উপযুক্ত স্থান নির্বাচন করে দ্রুত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। প্রকল্পটি প্রায় ৭ থেকে ৮ হাজার একর বা তারও বেশি জায়গাজুড়ে হতে পারে। এটি বাস্তবায়িত হলে কমপক্ষে ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি চাঁদপুরের বিদ্যুৎ পরিস্থিতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি আশা করা হচ্ছে।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, উৎপাদিত বিদ্যুৎ জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় যুক্ত হওয়ার সুযোগ থাকবে। ফলে এর সুফল পুরো দেশের মানুষও পাবেন।

চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগের বিষয়ে বিডা চেয়ারম্যান বলেন, প্রায় দুই মাস আগে প্রধানমন্ত্রী চাঁদপুরে এসে ইপিজেড করার উদ্যোগ নেওয়ার কথা বলেছিলেন। এরই ধারাবাহিকতায় একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি জেলার বিভিন্ন এলাকায় সরকারের কী পরিমাণ খাস জমি রয়েছে এবং সেসব জমিতে ইপিজেড স্থাপনের সম্ভাব্যতা খুঁজে দেখছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সংগঠনের সদস্য অধ্যাপক ড. তারিফুজ্জামান সোহেল শিকদার, সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক, এডিশনাল আইজিপি (টেলিকম) মো. মনিরুজ্জামান, ডিআইজি তাপতুন নাসরীন, প্রাইম ব্যাংকের এমডি নাজিম এ চৌধুরী, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার কমোডর হারুন চৌধুরী, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনিসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%