সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৪২ পি.এম
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর্মকর্তার বিরুদ্ধে ‘অসদাচরণে’ অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং তাদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এই দুই কর্মকর্তা হলেন- ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা কর পরিদর্শক মো. আবদুল্লাহ-আল-মামুন এবং মো. রুহুল আমিন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ২২ জুন এনবিআরের পাঁচজন উপ কর কমিশনারের বদলির আদেশ গণমাধ্যমের (ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া) সামনে প্রকাশ্যে ছিঁড়ে ফেলার অভিযোগ আনা হয় দুই কর পরিদর্শক মো. রুহুল আমিন ও মো. আবদুল্লাহ-আল-মামুনের বিরুদ্ধে। রুহুল আমিন কর অঞ্চল-৬ এবং আব্দুল্লাহ-আল-মামুন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অসদাচরণের অভিযোগের কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়।
পরে ঘটনার তদন্তের জন্য এনবিআরের প্রথম সচিব (কর নীতি) মো. জাফর ইমামকে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়। তিনি তার প্রতিবেদনে উল্লেখ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ ‘অকাট্যরূপে প্রমাণ হয়নি’ বলে প্রতিপন্ন হয়েছে।
অভিযুক্ত দুই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, তদন্ত প্রতিবেদন এবং সার্বিক নথি পর্যালোচনা শেষে এনবিআর তাদের অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেছে। একইসাথে, পূর্বে জারি করা তাদের সাময়িক বরখাস্তের আদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শালিস চলাকালীন সাংবাদিক জিয়াউল কবির (৪৮)কে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টা ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত রোববার (১৩ সেপ্টেম্বর) দামকুড়া থানায় তিনি বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামির তালিকায় ফেরদৌস রহমান খোকন (৫৫), ইসমাইল হোসেন পিন্টু (৬০), এজাহারুল হক কাকন (৫৭), আজিজুর রহমান (৬০) ও শহিদুল ইসলাম (৩৫) অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩০৭, ৫০৬(২) ও ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর জমি-সংক্রান্ত বিরোধের কারণে গ্রাম আদালতে শালিস চলাকালীন ক্ষতিপূরণের বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে আসামিরা সাংবাদিক জিয়াউল কবিরকে গলা চেপে ধরে এবং ইট-পাথর দিয়ে ডান হাতের কব্জিতে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁর পকেট থেকে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে উপস্থিত ইউপি সদস্য ও অন্যান্যরা তাঁকে উদ্ধার করেন। ঘটনার সময় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার কথাও এজাহারে উল্লেখ করা হয়েছে।
দামকুড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, লিখিত এজাহারের ভিত্তিতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ ৫৬ জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে ইয়াবা ও বিয়ারও রয়েছে। রোববার রাতে জেলার সকল থানায় মাদকবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে তাদের গ্রেফতার করা হয় এবং সাজা প্রদান করা হয়। সোমবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশে জেলা পুলিশ ও ডিবি পুলিশের সহায়তায় জেলার বিভিন্ন স্থানে একযোগে ৪৯টি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে ১৪৯৫ পিস ইয়াবা এবং ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়। এ সময় ১০ জন মাদক ব্যবসায়ী এবং ৪৬ জন মাদকসেবীসহ মোট ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং বিচারিক আদালতে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ বিষয়ে জানান, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার জন্য এবং নিরাপদ কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি মাদক নির্মূলে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ থেকে মিয়ানমারের তিন রোহিঙ্গা নাগরিককে জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন তদন্তে নেমে ওই তিন ব্যক্তির ফতেহাবাদ ইউনিয়নে স্থায়ী বসবাসের তথ্য না পাওয়ায় সাবেক ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে অনুসন্ধানে ভিন্ন তথ্য বেরিয়ে এসেছে, তিনজনই বাংলাদেশের নাগরিক এবং তাদের পারিবারিক শিকড় কক্সবাজারে অবস্থিত।
জানা যায়, উপজেলা ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ থেকে মিয়ানমারের তিন রোহিঙ্গা নাগরিককে জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ উঠলে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের সূত্র ধরে অভিযোগটি আরও জোরালো হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ কয়েকটি সংবাদমাধ্যমে রোহিঙ্গাদের জন্মনিবন্ধনের খবর প্রকাশিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসন তদন্তে নামলে ওই তিন ব্যক্তির ফতেহাবাদ ইউনিয়নে বসবাসের তথ্য না পাওয়ায় সাবেক ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
জন্মসনদে উল্লেখিত তিন ব্যক্তি হলেন- মুবিনা খাতুন, হাফিছা এবং সাইমুন ইসলাম সাজ্জাদ। অন্য একটি অভিযোগে জন্ম নিবন্ধন পাওয়া আবু হেনা সিদ্দিকী ইশমাম, জুনাইরা আফরিন আঁখি, নূর মামিন, মাজেদকে রোহিঙ্গা দাবি করা হলেও অনুসন্ধানে ভিন্ন তথ্য বেরিয়ে এসেছে। তারা কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার স্থায়ী বাসিন্দা বলে দাবি করেন তাদের স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা কেউই মিয়ানমারের নাগরিক নন বলে জানান। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়া গোয়েন্দা সংস্থার ওই প্রতিবেদনের সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। অনুসন্ধানে ওই গোয়েন্দা প্রতিবেদনের সত্যতাও নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া জন্মসনদের বিষয়ে জেলাপ্রশাসক বরাবর অভিযোগকারী শফিউল আলমের অস্তিত্ব পাওয়া যায়নি।
সরেজমিন গেলে মুবিনা খাতুনের মা নুরজাহান বেগম সাংবাদিকদের বলেন, "আমার সাবেক স্বামী আবুল কাশেম অনেক বছর আগে মারা গেছেন। আমার মেয়ে মুবিনা খাতুনও সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমরা মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা নই। আমাদের জন্ম কক্সবাজার সদরে। আমার বাবা-ভাই সবাই এ দেশের নাগরিক। আমার মেয়েও জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক।"
জন্মনিবন্ধন পাওয়া সাইমুন ইসলাম সাজ্জাদের বাবা রফিকুল ইসলাম বলেন, "আমার ছেলে আবুধাবিতে থাকে। জরুরি প্রয়োজনে ডিজিটাল জন্মসনদ প্রয়োজন হওয়ায় সে পরিচিত একজনের মাধ্যমে জন্মসনদ তৈরি করে। আমরা মিয়ানমারের নাগরিক নই। আমাদের পূর্বপুরুষ জন্মসূত্রে মহেশখালীতে বসবাস; আমরা বাংলাদেশের নাগরিক।"
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন কাজল বলেন, "হাফিছা, আবু হেনা সিদ্দিকী ইশমাম, জুনাইরা আফরিন আঁখি আমার প্রতিবেশী। ওরা আমার ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। চেয়ারম্যান না থাকায় এলাকায় সাধারণ নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। এ কারণে অনেকে বাধ্য হয়ে অন্য এলাকা থেকে নাগরিক সনদ বা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে সমস্যার সমাধান করছেন।"
ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, "ডিজিটাল সেন্টারের সাবেক উদ্যোক্তা আসাদুজ্জামান রাজিব আমাকে জিম্মি করে জোরপূর্বক আমার কাছ থেকে কাজ করিয়ে নিত। আমি ছুটিতে থাকাকালীন রাজির নাগরিকদের সমস্যার কথা বলে বিভিন্ন সময় আমার কাছ থেকে ওটিপি নিয়ে বিভিন্ন এলাকার বাসিন্দাদের জন্মসনদ দেয়, যা পরবর্তীতে আমি জানতে পারি। আমি ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই এবং আইন অনুযায়ী তার শাস্তির দাবি করি।"
সবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন রুহুল বলেন, "২০২৪ সালের আগস্টে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেও জন্মনিবন্ধন কার্যক্রম পরিচালনার ইউজার আইডি ও পাসওয়ার্ড পাই ২০ জানুয়ারি ২০২৫ সালে। অথচ আলোচিত জন্মনিবন্ধনগুলো তৈরি হয়েছে ৪ জানুয়ারি ২০২৫। অর্থাৎ আমি ইউজার এক্সেস পাওয়ার আগেই এগুলো তৈরি করা হয়েছে। কারা, কিভাবে এবং কোন আইডি ব্যবহার করে এসব জন্মনিবন্ধন করেছে, তা আমার জানা নেই।"
এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার সাংবাদিকদের বলেন, "ইস্যু করা জন্মনিবন্ধ সনদ কোনো রোহিঙ্গাকে দেওয়া হয়েছে কিনা তা তদন্ত চলছে, তদন্তে অপরাধী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে সাম্প্রতিক সময়ে সংঘাতের তীব্রতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, বিভিন্ন ফ্রন্টে টানা কয়েকদিনের প্রচণ্ড সংঘর্ষে প্রায় তিন হাজার মানুষ হতাহত হয়েছেন।
সংস্থাটির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ৬ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে মোট ২,৮৮৩ জন হতাহত হয়েছেন। এর মধ্যে ৫০৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহতের সংখ্যা অন্তত ২,৩৭৯ জন।
বাস্তুচ্যুত প্রায় ৭৮ হাজার মানুষ
ডাব্লিউএইচও জানাচ্ছে, সংঘাত মারাত্মক রূপ নেওয়ায় ইয়েমেনের একাধিক প্রদেশে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক গৃহহীন হয়ে পড়েছেন। গত শুক্রবার পর্যন্ত, তাইজ, মারিব, আল-জাওফ, লাহজ, হুদায়দাহ, আবিয়ান এবং শাবওয়া প্রদেশ থেকে অন্তত ৭৭,৭৮৯ জন মানুষ বাস্তুচ্যুত হয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
মারিবে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মারিব প্রদেশ সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং সেখানে দৈনিক হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে।
৯ সেপ্টেম্বর: একদিনেই মারিবে নিহত ও আহতের সংখ্যা দাঁড়ায় ৪৬৯ জনে।
১০ সেপ্টেম্বর: হতাহতের সংখ্যা ছিল ১৭৭ জন।
১১ সেপ্টেম্বর (শুক্রবার): নতুন করে আরও ২১৯ জন হতাহত হন।
সংঘাত অব্যাহত থাকায় মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ডাব্লিউএইচও।
তালাশ বিডি/মিডিয়া লিঃ