ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মার্কিন সাংবাদিকের দাবি, সৌদির কিছু অংশ দখল করেছে হুথি বিদ্রোহীরা


মার্কিন সাংবাদিকের দাবি, সৌদির কিছু অংশ দখল করেছে হুথি বিদ্রোহীরা

মার্কিন সাংবাদিক ও পডকাস্টার টাকার কার্লসন দাবি করেছেন যে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিছু অংশ দখল করে রেখেছে। তার অভিযোগ, যুদ্ধকালীন এই গুরুত্বপূর্ণ ঘটনা মার্কিন গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।

গত সোমবার প্রকাশিত এক পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে উইকার্টের সঙ্গে আলাপকালে কার্লসন এই দাবি করেন। তবে এ বিষয়ে হুথি বা সৌদির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পডকাস্টে কার্লসন উল্লেখ করেন, হুথিরা বর্তমানে সৌদি রাজতন্ত্রের জন্য একটি সরাসরি হুমকি হয়ে উঠেছে। তিনি বলেন, সৌদি ভূখণ্ডের একটি অংশ তাদের দখলে রয়েছে। মার্কিন গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হচ্ছে কিনা, সে সম্পর্কে তার কোনো ধারণা নেই।

আরও পড়ুন: প্রতিশ্রুতি আছে, প্রাপ্তি নেই: জলবায়ু সম্মেলনে জৌলুস হারাচ্ছে

সৌদির মাটিতে হুথি যোদ্ধাদের উপস্থিতি রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে কার্লসন বলেন, ‘হ্যাঁ, রয়েছে।’ তবে তিনি উল্লেখ করেননি, সৌদির কোন নির্দিষ্ট অঞ্চল হুথিরা দখল করেছে কিংবা এ তথ্যের উৎস কী।

কার্লসনের এই বক্তব্যের আগে, গত ২ নভেম্বর এক বিশেষ প্রতিবেদনে মিডল ইস্ট আই জানানো হয়েছিল যে, গত অক্টোবরে হুথিরা সৌদি আরবের সামরিক অবস্থানগুলোতে আন্তসীমান্ত অভিযান চালিয়েছে। পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে হুথিদের সৌদি ভূখণ্ড দখলে রাখার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের দক্ষিণ সীমান্তে অবস্থিত আসির, জিজান ও নাজরান প্রদেশের ওপর ঐতিহাসিক দাবি রয়েছে হুথিদের। ১৯৩৪ সালের তায়েফ চুক্তির মাধ্যমে ইয়েমেন এসব অঞ্চল সৌদির কাছে ছেড়ে দিয়েছিল।

এদিকে, কার্লসন মনে করেন, ইরান ছাড়াও অন্য কোনো শক্তি হুথিদের সহায়তা করতে পারে। তবে তিনি এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি।

আরও পড়ুন: বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ সীমিত করার ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা বাতিল করলেন বিচারক

অন্যদিকে, ড্রপসাইট নিউজের অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত ইয়েমেনের কয়েকটি গোষ্ঠী গোপনে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের অভিযানে সহায়তা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের প্রযুক্তিনগরী শেনজেনে রোবট কাজ শিখছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


চীনের প্রযুক্তিনগরী শেনজেনে রোবট কাজ শিখছে

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : চীনের প্রযুক্তিনগরী শেনজেনের একটি পার্কের খাবারের দোকানে একটি রোবট মানুষের মতো দেখতে কাপ হাতে তুলে নেয়। এরপর যন্ত্রটি লিভার টেনে আইসক্রিমের ওপর প্যাঁচানো নকশা তৈরি করে এবং তা ক্রেতার হাতে তুলে দেয়।

এ খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

চীন বিশ্ববাসীর সামনে এ ধরনের প্রযুক্তিগত অগ্রগতির প্রদর্শন করতে চায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনসহ বিশ্বনেতাদের শেনজেনে যাওয়ার কথা রয়েছে এ সপ্তাহে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনে যোগ দিতে।

হংকংয়ের উত্তরে অবস্থিত শেনজেন শহরটি চীনের অন্যতম প্রধান শিল্প ও উৎপাদনকেন্দ্র হিসেবে পরিচিত।

চীনের রোবটগুলো নাচের চমৎকার দক্ষতার জন্য ইতোমধ্যেই পরিচিত। তবে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রকৌশলীরা এসব রোবটকে মানুষের মতো বিভিন্ন কাজ করার জন্য প্রশিক্ষণ দিচ্ছেন। এ জন্য মানুষের মাথায় বিশেষ ক্যামেরা লাগিয়ে কাজের বিভিন্ন দৃশ্য ধারণ করা হচ্ছে। এসব ভিডিও ও তথ্য বিশ্লেষণ করে রোবটকে কাজ শেখানো হচ্ছে।

যদিও ঘর পরিষ্কার করা বা কাপড় ইস্ত্রি করার মতো জটিল কাজগুলো এখনো রোবটগুলো একা করতে পারে না, তবে চীনের বিভিন্ন স্থানে তারা ইতোমধ্যেই সহজ কিছু কাজ করতে শুরু করেছে।

পার্কের আইসক্রিম তৈরির রোবট এবং তার পাশে কফি তৈরি করা আরেকটি রোবট দেখে একটি শিশু বলে ওঠে, ‘মা, দেখো!’

এ সময় পথচারীরা মুঠোফোনে রোবটগুলোর কাজের দৃশ্য ধারণ করছিলেন।

প্রতিটি আইসক্রিম ও কফির দাম প্রায় ৪ ডলার।

এআই রোবোটিকস নামের প্রতিষ্ঠানটির তৈরি এ দুই রোবটের কাজকর্ম পরিচালিত হয় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চীনে তাদের তৈরি ২০০টি মানবসদৃশ রোবট বিভিন্ন স্থানে কাজ করছে। শেনজেনের ওই পার্কে প্রতিদিন সর্বোচ্চ ৩০০ কাপ কফি বিক্রি হচ্ছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা গুও ইয়ানডং বলেন, ‘আমরা বাস্তব পরিবেশের বিভিন্ন পরিস্থিতি থেকে তথ্য সংগ্রহ করছি। যেমন, ভিন্ন ভিন্ন আলোর পরিবেশে রোবট কীভাবে কাজ করে, তা জানা যাচ্ছে। এসব তথ্য রোবটকে অনিশ্চিত ও পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে।’

বিশ্বের উৎপাদনকেন্দ্র চীনে রোবট প্রযুক্তির প্রসার ঘটছে।

চীনে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে মানুষের আগ্রহও বাড়ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের চলতি বছরের এক জরিপে দেখা গেছে, চীনের ৮৩ শতাংশ মানুষ এআই ব্যবহার করে তৈরি পণ্য ও সেবা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। জরিপে অংশ নেওয়া ৩২টি দেশের মধ্যে এ হার সর্বোচ্চ। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন মাত্র এক-তৃতীয়াংশ মানুষ।

চীনের কর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ‘এমবডিড এআই’ প্রযুক্তিনির্ভর রোবট খাতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় ২৩০ শতাংশ বেড়েছে।

এমবডিড এআই এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে রোবট চারপাশের পরিবেশ বুঝতে পারে এবং পরিস্থিতি অনুযায়ী নিজে থেকে কাজ করতে পারে।

কৌশল ও উদ্ভাবনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান জেনজেন ল্যাবসের ডারমট ম্যাকগ্রা বলেন, চীন বিশ্বের অন্যতম প্রধান উৎপাদনকেন্দ্র।

তার মতে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে চীনের কয়েক দশকের উৎপাদন অভিজ্ঞতা রোবট নির্মাতাদের জন্য বড় সুবিধা।

শেনজেনের মতো শিল্পাঞ্চলে এসব যন্ত্রাংশের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কাছাকাছি অবস্থান করায় রোবট নির্মাতারা দ্রুত যন্ত্রাংশ তৈরি, পরীক্ষা ও ব্যবহার করতে পারছেন।

প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষের বসবাসের এই শহরে অন্য অনেক জায়গার তুলনায় অনেক দ্রুত নতুন প্রযুক্তি পরীক্ষা ও বাস্তব কাজে প্রয়োগ করা সম্ভব বলে এএফপিকে জানান ম্যাকগ্রা।

শেনজেনের একটি পণ্য পরিবহন কেন্দ্রে এআই প্রযুক্তির আরেকটি ব্যবহার দেখা গেছে। সেখানে শহরটির আরেকটি প্রযুক্তি স্টার্টআপ এক্স স্কয়ার রোবটের তৈরি দুটি যান্ত্রিক হাত চলন্ত বেল্ট থেকে বিভিন্ন আকারের পার্সেল তুলে নিচ্ছে। প্রয়োজন হলে পার্সেল উল্টে দিচ্ছে, যাতে সেটির ঠিকানার লেবেল ওপরের দিকে থাকে।

এক্স স্কয়ারের ভাইস প্রেসিডেন্ট আর্নল্ড পেই বলেন, ‘পার্সেলটি নরম ব্যাগ হলে রোবট তার বিশেষ গ্রিপার দিয়ে সেটি ধরে। আর কার্টনের বাক্স হলে দুটি হাত সমন্বয় করে সেটি সরিয়ে নেয়।’

তার ভাষ্য অনুযায়ী, একটি আদর্শ এআই রোবট নিজেই সিদ্ধান্ত নিতে পারবে, কোন পরিস্থিতিতে কী করতে হবে। তবে বিভিন্ন বাড়ির মতো অনিয়ন্ত্রিত পরিবেশে কাজ করা রোবটের জন্য অনেক বেশি কঠিন। কারণ, বাড়িভেদে আলো, মেঝে ও আসবাবপত্রের ধরন আলাদা হয়।

শেনজেনের কাছাকাছি ডংগুয়ান শহরের একটি সুপারমার্কেটে ২৩ বছর বয়সী ওয়াং লিন সেন্সরযুক্ত গ্লাভস ও ক্যামেরা লাগানো বিশেষ হেলমেট পরে তাকের পণ্য সাজাচ্ছিলেন।

তার প্রতিটি কাজ ক্যামেরায় ধারণ করা হচ্ছিল। পরে এসব তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে স্ট্রেঞ্জ অ্যাট্রাক্টর নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি চীনের বিভিন্ন স্টার্টআপের মতো মানুষের কাজের এসব তথ্য সংগ্রহ করে রোবটের মস্তিষ্ক হিসেবে কাজ করা এআই মডেল তৈরির প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করে।

ওয়াং লিন এএফপিকে বলেন, ‘কারখানায় কিংবা উঁচু জায়গায় কাজ করার মতো ঝুঁকিপূর্ণ ও একঘেয়ে কাজগুলো রোবট মানুষের পরিবর্তে করতে পারে। এতে মানুষ আরও সৃজনশীল কাজে মনোযোগ দেওয়ার সুযোগ পাবে।’

চীনের বিভিন্ন এলাকায় জুতা মেরামতকারী, নাপিত, ফুল বিক্রেতা, কারখানার শ্রমিক ও পরিচ্ছন্নতাকর্মীরাও একই ধরনের বিশেষ পোশাক ও যন্ত্রপাতি ব্যবহার করে নিজেদের কাজের দক্ষতা রেকর্ড করছেন। এসব কাজের বিনিময়ে তারা অর্থও পাচ্ছেন।

স্ট্রেঞ্জ অ্যাট্রাক্টর জানিয়েছে, চীনের প্রায় ১ হাজার ৬০০টি ও বিদেশের ১ হাজারটি স্থানে তারা এ ধরনের তথ্য সংগ্রহ করছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কাং ইউয়ের মতে, বর্তমান সময়ের রোবটগুলো বিকাশের প্রাথমিক পর্যায়ে থাকা শিশুর মতো।

কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের চীনবিষয়ক এআই বিশেষজ্ঞ পাভলো জভেনিহোরোদস্কি বলেন, চীনের এআই রোবটগুলো এখনো মূলত নির্দিষ্ট নিয়মে পরিচালিত ও বারবার করা যায়—এমন কাজের মধ্যেই সীমাবদ্ধ।

তবে প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়লে চীনের অর্থনীতির বিভিন্ন খাতে এআইচালিত রোবটের ব্যাপক ব্যবহার দেখা যেতে পারে বলে তিনি মনে করেন।

চীনে রোবট ও অন্যান্য প্রযুক্তিনির্ভর উদ্যোগে সরকারের সহযোগিতা রয়েছে। ভবিষ্যতে খাবার সরবরাহের রোবট থেকে শুরু করে বিমানবন্দরে লাগেজ বহনের ট্রলি গুছিয়ে রাখার রোবট ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

বিশ্বের অন্যতম বড় ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল ইতোমধ্যেই বিপজ্জনক কাজের জন্য চীনের স্পিরিট এআইয়ের তৈরি মানবসদৃশ রোবট ব্যবহার করছে।

এসব রোবট উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সংযোগের প্লাগ লাগানোর কাজ করছে, যা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ।

স্ট্রেঞ্জ অ্যাট্রাক্টরের প্রতিষ্ঠাতা কাং ইউ আশা করছেন, আগামী বছর চীনে এআইচালিত রোবটের ব্যাপক ব্যবহার শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিসিওএস শুধু মাসিকের সমস্যাই নয়, স্বাস্থ্যেও প্রভাব ফেলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


পিসিওএস শুধু মাসিকের সমস্যাই নয়, স্বাস্থ্যেও প্রভাব ফেলে

পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) শুধুমাত্র মাসিকের সমস্যার কারণ নয়, বরং এটি নারীর হরমোন, বিপাকীয় কার্যক্রম এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব ফেলে। ব্রণ, অতিরিক্ত লোম, চুল পড়া, ওজন বৃদ্ধি কিংবা ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো বিভিন্ন সমস্যার পেছনে পিসিওএস দায়ী হতে পারে। অনেক নারী এই উপসর্গগুলোর প্রকৃত কারণ জানার আগেই দীর্ঘদিন ভোগেন। কিন্তু সঠিক সময়ে রোগ নির্ণয়, চিকিৎসা এবং জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে এই সমস্যাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। পিসিওএসের লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ডা. নুসরাত শোয়েব।

বিশ্বজুড়ে প্রজননক্ষম বয়সের প্রায় ১০-১৩ শতাংশ নারী পলিসিস্টিক ওভারি সিনড্রোমে (PCOS) আক্রান্ত। অর্থাৎ প্রতি আটজন নারীর মধ্যে প্রায় একজনের এই সমস্যা থাকতে পারে। কিন্তু অনেক নারী জানেন না যে তাদের দৈনন্দিন শারীরিক ও মানসিক সমস্যাগুলোর পেছনে PCOS ভূমিকা রাখতে পারে। উদাহরণস্বরূপ, একজন ২২ বছর বয়সী তরুণীকে চিন্তা করুন। বাহ্যিকভাবে তাকে সম্পূর্ণ সুস্থ মনে হয়। কিন্তু তার মাসিক কখনো ৪০ দিন পর, কখনো ৫০ দিন পর, আবার কখনো টানা তিন মাস বন্ধ থাকে। প্রথমে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। মনে করেছেন, বয়সের সঙ্গে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে দেখা দিল আরো কিছু সমস্যা-

• মুখে বারবার ব্রণ ওঠা।

• থুতনি ও ঠোঁটের উপর অস্বাভাবিক লোম গজানো।

• মাথার চুল পাতলা হয়ে যাওয়া।

• পেটের চারপাশে ওজন বেড়ে যাওয়া।

• মাসিক অনিয়মিত থাকা।

ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কমে গেল। সামাজিক অনুষ্ঠানে যেতে অস্বস্তি, ছবি তুলতে অনীহা, এমনকি নিজের চেহারা নিয়েও তৈরি হলো এক ধরনের হীনম্মন্যতা। চিকিৎসকের কাছে গেলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হলো। কখনো বলা হলো ডিম্বাশয়ে সিস্ট আছে, কখনো শুধু ওজন কমানোর পরামর্শ দেওয়া হলো। কিন্তু তিনি বুঝতে পারলেন না, আসলে তার সমস্যাটা কী। অবশেষে একজন অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শে জানা গেল, তার PCOS রয়েছে। প্রথমবারের মতো তিনি বুঝতে পারলেন, এটি তার কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়। এটি একটি হরমোন ও বিপাকীয় সমস্যা, যার যথাযথ মূল্যায়ন এবং চিকিৎসা সম্ভব।

পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) কী

এটি নারীদের জন্য একটি জটিল হরমোনজনিত ও মেটাবলিক সমস্যা। এর প্রভাবে ডিম্বাশয়ের স্বাভাবিক কার্যক্রম, ডিম্বপাত, মাসিক চক্র এবং শরীরের ইনসুলিন ব্যবহারের প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। অনেকের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যায়। অর্থাৎ শরীরের কোষ ইনসুলিনের প্রতি যথাযথ সাড়া দেয় না। ফলে রক্তে ইনসুলিনের মাত্রা বেড়ে যেতে পারে। এর প্রভাবে ডিম্বাশয়ে অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোনের উৎপাদন বেড়ে যেতে পারে। ফলস্বরূপ দেখা দিতে পারে-

• মাসিক অনিয়মিত হওয়া।

• ডিম্বপাত না হওয়া বা অনিয়মিত হওয়া।

• মুখে ও শরীরের নির্দিষ্ট স্থানে অতিরিক্ত লোম।

• ব্রণ।

• মাথার চুল পাতলা হয়ে যাওয়া।

• ওজন বৃদ্ধি বা ওজন নিয়ন্ত্রণে অসুবিধা।

• গর্ভধারণে বিলম্ব।

মনে রাখতে হবে, সব নারীর ক্ষেত্রে সব লক্ষণ দেখা যায় না। এমনকি স্বাভাবিক ওজনের নারীদেরও PCOS হতে পারে।

কীভাবে নির্ণয় করা হয়

প্রাপ্তবয়স্ক নারীদের ক্ষেত্রে সাধারণত নিচের তিনটি বৈশিষ্ট্যের মধ্যে অন্তত দুটি থাকলে PCOS নির্ণয় বিবেচনা করা হয়—

১. অনিয়মিত মাসিক অথবা ডিম্বপাতের সমস্যা।

২. অ্যান্ড্রোজেন হরমোন বেশি থাকার লক্ষণ, যেমন অতিরিক্ত লোম, ব্রণ, চুল পাতলা হওয়া; অথবা রক্ত পরীক্ষায় অ্যান্ড্রোজেনের মাত্রা বৃদ্ধি।

৩. আলট্রাসনোগ্রামে ডিম্বাশয়ে পলিসিস্টিক গঠন অথবা উপযুক্ত ক্ষেত্রে AMH পরীক্ষায় নির্দিষ্ট বৈশিষ্ট্য। তবে PCOS নির্ণয়ের আগে থাইরয়েডের সমস্যা, প্রোল্যাক্টিন বৃদ্ধি এবং অন্যান্য সম্ভাব্য কারণ বাদ দিতে হয়।

বিশেষভাবে মনে রাখবেন, শুধু আলট্রাসনোগ্রামে ডিম্বাশয়ে ছোট ছোট ফলিকল দেখা গেলেই PCOS বলা যায় না। কিশোরীদের ক্ষেত্রে রোগ নির্ণয়ের নিয়ম আরো সতর্কতাপূর্ণ। মাসিক শুরু হওয়ার পর প্রথম কয়েক বছর অনিয়মিত মাসিক স্বাভাবিক হতে পারে। তাই এ সময় আলট্রাসনোগ্রাম বা AMH দিয়ে PCOS নির্ণয় করা উচিত নয়।

এর চিকিৎসা কী

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, PCOS-এর কোনো একক চিকিৎসা নেই। চিকিৎসা নির্ভর করে রোগীর উপসর্গ, বয়স, শারীরিক অবস্থা এবং ভবিষ্যৎ সন্তান নেওয়ার পরিকল্পনার ওপর।

জীবনযাত্রার পরিবর্তন

এটি চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

• প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা শারীরিক ব্যায়াম।

• সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কার্যক্রম।

• সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ।

• অতিরিক্ত চিনি, কোমলপানীয় ও প্রসেসড খাবার কমানো।

• পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা।

• অতিরিক্ত ওজন থাকলে ধীরে ধীরে স্বাস্থ্যকরভাবে ওজন কমানো।

ওজন স্বাভাবিক থাকলেও স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাসিক নিয়মিত করার চিকিৎসা

রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসক Combined Oral Contraceptive Pill অথবা নির্দিষ্ট সময় অন্তর Progestin ব্যবহারের পরামর্শ দিতে পারেন। বিশেষ করে দীর্ঘদিন মাসিক বন্ধ থাকলে জরায়ুর ভেতরের আবরণ সুরক্ষিত রাখা জরুরি।

ব্রণ ও অতিরিক্ত লোমের চিকিৎসা

প্রয়োজনে হরমোনাল চিকিৎসা এবং Anti-androgen ওষুধ দেওয়া হতে পারে। তবে এসব ওষুধ গর্ভাবস্থায় ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ব্যবহার করা উচিত নয়।

ইনসুলিন রেজিস্ট্যান্সের চিকিৎসা

নির্বাচিত রোগীর ক্ষেত্রে Metformin ব্যবহার করা হয়। এটি বিশেষত বিপাকীয় সমস্যার ক্ষেত্রে উপকারী হতে পারে।

সন্তান নিতে চাইলে

PCOS থাকলেই যে একজন নারী মা হতে পারবেন না, এমন ধারণা সম্পূর্ণ ভুল। অনেক নারী স্বাভাবিকভাবেই গর্ভধারণ করেন। যাদের ডিম্বপাতের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের তত্ত্বাবধানে Ovulation induction করা যায়। বর্তমান আন্তর্জাতিক নির্দেশিকা অনুযায়ী, উপযুক্ত রোগীর ক্ষেত্রে Letrozole প্রথম সারির ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। প্রয়োজনে পরবর্তী ধাপে অন্যান্য চিকিৎসা পদ্ধতিও রয়েছে।

কখন চিকিৎসকের কাছে যাবেন

• মাসিক বারবার ৩৫ দিনের বেশি ব্যবধানে হলে।

• টানা তিন মাস মাসিক বন্ধ থাকলে।

• মুখে বা শরীরে অস্বাভাবিক লোম বৃদ্ধি পেলে।

• অতিরিক্ত ব্রণ বা চুল পড়ার সমস্যা হলে।

• গর্ভধারণে সমস্যা হলে।

দেরি না করে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিন।

কী কী পরীক্ষা প্রয়োজন

রোগীর লক্ষণ ও চিকিৎসকের মূল্যায়ন অনুযায়ী পরীক্ষা নির্ধারণ করা হয়। প্রয়োজন হতে পারে—

লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি

রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, ঢাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইংল্যান্ড বিশ্বের দ্বিতীয় সেরা’, স্প্যানিশ গোলরক্ষকের বক্তব্যে স্ক্যালোনির প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


‘ইংল্যান্ড বিশ্বের দ্বিতীয় সেরা’, স্প্যানিশ গোলরক্ষকের বক্তব্যে স্ক্যালোনির প্রতিক্রিয়া

কর্দোবার মাঠে বুধবার (১৮ নভেম্বর) কোস্টারিকাকে ৭-০ গোলে পরাজিত করার পর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। এ সময় তিনি স্পেনের গোলরক্ষক উনাই সিমনের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গেও কথা বলেন। সিমন দাবি করেছেন, বর্তমানে ইংল্যান্ড বিশ্বের দ্বিতীয় সেরা দল।

স্ক্যালোনি মন্তব্য করেন, ‘উনাই কী বলেছেন, তা আমি শুনিনি। তবে এটি তার ব্যক্তিগত মতামত, এবং সেই মতামতকে সম্মান জানানো উচিত। সাংবাদিক কিংবা অন্য যে কারও মতামতের মতো এটিও গ্রহণযোগ্য।’

বিতর্ক এড়িয়ে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে স্ক্যালোনি বলেন, ‘আমার মনে হয় না, আর্জেন্টিনাকে ছোট করার উদ্দেশ্যে সে কথাটি বলেছে। অন্তত আমি বিষয়টিকে সেভাবে দেখছি না।’

তিনি আরও বলেন, ‘তার মতে ইংল্যান্ড একটি দারুণ দল। তারা সত্যিই অসাধারণ, যাদের আমরা হারিয়েছি। তবে এগুলো ব্যক্তিগত মতামত, এবং আমাদের সেগুলোকে সম্মান করতে হবে।’

উল্লেখ্য, উয়েফা নেশনস লিগের সর্বশেষ ম্যাচে ইংল্যান্ড স্পেনকে ৩-২ গোলে পরাজিত করে। সেই ম্যাচের পর সিমন বলেছিলেন, ‘ইংল্যান্ড বর্তমানে বিশ্বের দ্বিতীয় সেরা দল।’

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে সিমন আরও বলেন, দুই দলের সামর্থ্য প্রায় একই পর্যায়ের। তার ভাষায়, ‘ফিফা র‍্যাঙ্কিংয়ে সেটি প্রতিফলিত না হলেও আমার মনে হয়, তাদের মান আমাদের সমতুল্য। হারটা কষ্টের। শেষ পর্যন্ত আমরা জানতাম, একসময় না একসময় আমাদের হারতে হতো।’

তবে পরিসংখ্যান ভিন্ন কথা বলছে। ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা, তাদের ওপরে আছে স্পেন। অন্যদিকে ইংল্যান্ডের অবস্থান চতুর্থ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরুর ডিষ্ট্রিলারী বিভাগের লাভ ২২৪ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


কেরুর ডিষ্ট্রিলারী বিভাগের লাভ ২২৪ কোটি টাকা

॥ বিপুল আশরাফ ॥

চুয়াডাঙ্গা, ১৮ নভেম্বর, ২০২৬ : ২০২৫-২৬ অর্থবছরে ডিষ্ট্রিলারী বিভাগ থেকে ২২৩ কোটি ৭৯ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে কেরু অ্যান্ড কোম্পানি। বিশ্বজুড়ে কেরুর এই সহযোগী প্রতিষ্ঠানের সুনাম রয়েছে।

কেরু চিনি মিল, যা চিনি শিল্পে লোকসান গুনছে, ডিষ্ট্রিলারীর আয়ের ওপর দাঁড়িয়ে রয়েছে। মিল কর্তৃপক্ষ আশা করছে, চলতি মৌসুমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি লাভের পরিমাণও বাড়বে।

কেরু অ্যান্ড কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (অর্থ) মুহম্মদ আব্দুস সাত্তার বাসস’কে জানান, ২০২৫-২৬ অর্থ বছরে কেরু অ্যান্ড কোম্পানির ডিষ্ট্রিলারী বিভাগ থেকে লাভ হয়েছে প্রায় ২২৪ কোটি টাকা। এই সময়ে সরকারকে ১৫৮ কোটি টাকা রাজস্ব প্রদান করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে নিট লাভ ছিল ১৯০ কোটি টাকা, এবং সরকারি কোষাগারে ভ্যাট ও ট্যাক্স হিসেবে ১৪১ কোটি টাকা জমা দেওয়া হয়েছে।

ডিষ্ট্রিলারী ও কারখানা বিভাগের ব্যবস্থাপক রাজিবুল হাসান জানান, কেরু অ্যান্ড কোম্পানির ডিষ্ট্রিলারী বিভাগ একটি লাভজনক প্রতিষ্ঠান। ২০২৫-২৬ অর্থ বছরে ডিষ্ট্রিলারী ইউনিট থেকে ১৪১ লাখ ৭৭ হাজার প্রুফ লিটার অ্যালকোহল এবং ২ লাখ ৮ হাজার কেস ফরেন লিকার উৎপাদন হয়েছে। এখানে আটটি ব্র্যান্ডের ফরেন লিকার তৈরি করা হয়, প্রতিটি ব্র্যান্ডের চারটি সাইজ রয়েছে। ১৮০ মিলি যেটাকে নিপ বলা হয়, ৩৭৫ মিলি পাইনট, ৭৫০ মিলি কোয়াড, এবং ১ লিটার কাঁচের বোতলকে ওয়ান লিটার গ্লাস বোতল প্রিমিয়াম সাইজ বলা হয়।

তিনি আরও বলেন, কেরু কোম্পানির কান্ট্রি লিকার সারাদেশের ১৩টি সেল সেন্টার থেকে সরবরাহ করা হয়। এসব সেন্টার হলো, দিনাজপুরের পারবর্তীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, দর্শনার চুয়াডাঙ্গা, পাবনা ও বগুড়ার শান্তাহার। কান্ট্রি লিকারের তিনটি গ্রেড রয়েছে। শ্রীমঙ্গলে চা শ্রমিকদের জন্য ৩০ প্রুফ, অন্যান্য জনগণের জন্য ৭০ প্রুফ, এবং শ্রীমঙ্গল ছাড়া সারা দেশে ৬০ প্রুফে এটি বিক্রি হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা অনুযায়ী করা সম্ভব হলেও, বাজারের চাহিদা বৃদ্ধি পেলে আরও বেশি উৎপাদন করা যাবে। এর ফলে কেরু অ্যান্ড কোম্পানির লাভও বৃদ্ধি পাবে।

কেরু অ্যান্ড কোম্পানির অফিস সূত্রে জানা যায়, ১৯৩৮ সালে দৈনিক ১ হাজার টন আখ মাড়াই ও ১৮ হাজার প্রুফ লিটার স্পিরিট তৈরির লক্ষ্যে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু চিনি কল স্থাপন করা হয়। সেসময় ১৬৬ একর জমির ওপর চিনি কল, ডিস্ট্রিলারী এবং শ্রমিক কর্মচারীদের আবাসিক ভবন নির্মাণ করা হয়। এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কেরু কম্পাউন্ডে ১টি প্রাথমিক বিদ্যালয়, ১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ১টি হাসপাতাল নির্মাণ করা হয়। এছাড়া কেরু কম্পাউন্ডের বাইরে ৯টি কৃষি খামার ও ১টি পরীক্ষামূলক খামারসহ মোট ১০টি খামার রয়েছে। প্রতিষ্ঠানটি ২০২৪-২৫ অর্থ বছরে আবগারি শুল্ক, ভ্যাট ও ট্যাক্স হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে ১৪১ কোটি ও ২০২৫-২৬ অর্থ বছরে ১৫৮ কোটি টাকা জমা দিয়েছে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ‘২০২৫-২৬ অর্থ বছরে ট্যাক্স, ভ্যাট ও শুল্ক বাদ দিয়েই প্রায় ২২৪ কোটি টাকা লাভ হয়েছে। কোম্পানির মোট লাভের পরিমাণ আনুমানিক প্রায় ১৬৬ কোটি টাকা। আমরা নিট লাভ বাড়াতে কাজ করছি। তবে এই লাভ অনেকটা নির্ভর করে চাহিদার ওপরে। চাহিদা যদি ভালো থাকে, আগামী অর্থ বছরে এই লাভটা আমরা ধরে রাখতে পারব, ইনশাল্লাহ।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%