০৭:১৮ পি.এম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইটভাটা ও মাটিকাটা নিয়ে আধিপত্যের লড়াইয়ে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ফলে অন্তত ১০ জন আহত হয়েছেন। এই সংঘর্ষটি শনিবার (১০ অক্টোবর) দুপুরে ইউনিয়নের আকবরনগর এলাকায় সংঘটিত হয়।
ঘটনার পর ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি। সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, বক্তাবলী ইউনিয়নের ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে অবৈধভাবে মাটি কাটা এবং ইটভাটার চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দুটি পক্ষ গঠিত হয়েছে। এক পক্ষে রয়েছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা সামেদ আলী। অপরপক্ষে রয়েছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি খবির মিয়া।
আরও পড়ুন: কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রোকনুজ্জামান
সূত্র আরো জানায়, পূর্বের সরকারের সময় এসব ইটভাটা ও মাটিকাটা সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী। গণঅভ্যুত্থানের পর এসব সিন্ডিকেট নিয়ন্ত্রণে নিতে শুরু করেন হালিম আজাদ ও খবির মিয়ার লোকজন। সম্প্রতি নজরুল প্রধানের সঙ্গে যোগাযোগ করে এলাকায় ফিরে আসেন শওকত আলীর ঘনিষ্ঠজন সামেদ আলী। এলাকায় ফিরে আসার পর তিনি ইটভাটা ও মাটিকাটা সিন্ডিকেট নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
শনিবার দুপুরে হালিম আজাদ ও খবির মিয়া দলবল নিয়ে সামেদ আলীর এলাকা আকবরনগরে মহড়া দিতে যান। এ সময় নজরুল প্রধান ও সামেদ আলীর লোকজন তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে সামেদ আলীর ছোট ছেলে হৃদয় গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু এই ঘটনায় বলেন, ‘শুনতে পেরেছি নজরুল প্রধান এক জায়গায় প্রোগ্রাম করেছিল। সেখানে হালিম আজাদ দলবল নিয়ে গেছে। তার সঙ্গে এক আওয়ামী লীগ নেতাও উপস্থিত ছিল। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।’
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামিম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: আশী বছরের বৃদ্ধ নুরুজ্জমানের চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করলো জোরারগঞ্জ থানা পুলিশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন