ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারের এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা: ত্রাণমন্ত্রী


সরকারের এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, সরকারের পরিকল্পনা হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনকে গতিশীল করা, তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সারা দেশে এক হাজার নতুন খেলার মাঠ নির্মাণ করা।

মন্ত্রী শনিবার (১০ই অক্টোবর) দুপুরে লালমনিরহাট স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে তুলতে ইতোমধ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে গ্রাম থেকে শহর পর্যন্ত সব খেলার মাঠ সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন খেলার মাঠের অভাবে তরুণ ও যুবসমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। নতুন মাঠ নির্মাণের মাধ্যমে তাদের খেলাধুলায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন: ৪০ লাখ কৃষককে কার্ড, মিলবে ১০ ধরনের সুবিধা : প্রধানমন্ত্রী

ত্রাণমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আবারও শুরু হবে। ধারাবাহিকভাবে এ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনাও রয়েছে। এর ফলে খেলার মাঠে তরুণদের অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, যেসব উপজেলায় এখনো স্টেডিয়াম নির্মাণ করা হয়নি, সেসব উপজেলায় স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। খেলাধুলার প্রতি যথাযথ মনোযোগ দেওয়া হলে দেশের খেলোয়াড়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

এ সময় লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানসহ শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: এই দেশে আমার যতটা অধিকার, আপনাদেরও ততটুকু: প্রধানমন্ত্রী চট্টগ্রামের মণ্ডপে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে ছাত্রশক্তির তীব্র ক্ষোভ ও তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে ছাত্রশক্তির তীব্র ক্ষোভ ও তদন্তের দাবি

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন, জাতীয় ছাত্রশক্তি।

শনিবার (১০ অক্টোবর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর পাঠানো এক বার্তায় এই ক্ষোভ ও নিন্দা জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়েছে, শনিবার (১০ অক্টোবর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষায় তিন লাখের বেশি চাকরিপ্রার্থী অংশগ্রহণ করার কথা ছিল। সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া প্রশ্ন ছড়িয়ে পড়তে দেখা যায়। দূর-দূরান্ত থেকে টাকা খরচ করে এবং দীর্ঘ প্রস্তুতি নিয়ে আসা প্রার্থীদের শেষ মুহূর্তে জানানো হয়, পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তরুণদের সঙ্গে সরকারের এ ধরনের আচরণ একটি নির্মম তামাশার শামিল। সরকারের কাছে তরুণদের সময়, অর্থ ও স্বপ্নের কোনো মূল্য নেই। "এক উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ!"

বার্তায় আরও বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় যে মেধাভিত্তিক ও স্বচ্ছ রাষ্ট্রের স্বপ্ন দেখা হয়েছিল, প্রশ্নফাঁসের এই সংস্কৃতি তার সম্পূর্ণ বিপরীত। নিয়োগ প্রক্রিয়ার গোপনীয়তা রক্ষা করা সরকারের প্রাথমিক দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হয়েছে। নূন্যতম লজ্জাবোধ থাকলে লাখ লাখ বেকার তরুণের স্বপ্ন ধূলিসাৎ করার দায়ে সরকারের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। যে সরকার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করতে পারে না, সে সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্রের গোপনীয়তা রক্ষা করবে কীভাবে?

বার্তায় আরও বলা হয়েছে, জাতীয় ছাত্রশক্তি স্পষ্ট ভাষায় জানাতে চায়– প্রশ্নফাঁসের ঘটনায় অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত যত বড় প্রভাবশালীই হোক, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

জাতীয় ছাত্রশক্তি সরকারকে হুশিয়ারি দিয়ে জানাতে চায়– তরুণদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলা মেনে নেওয়া হবে না। ছাত্রশক্তি চাকরিপ্রার্থী তরুণদের পাশে সবসময় ছিল, আছে, এবং থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী সিটি হাসপাতাল হবে অত্যাধুনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


রাজশাহী সিটি হাসপাতাল হবে অত্যাধুনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) পরিচালিত সিটি হাসপাতালকে অত্যাধুনিক হাসপাতালে রূপ দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি উল্লেখ করেন, হাসপাতালটিকে রাজশাহীর অন্যতম প্রধান হাসপাতালে পরিণত করার সম্ভাবনা বিদ্যমান।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর রানীনগরে অবস্থিত সিটি হাসপাতাল পরিদর্শনকালে তিনি এই আশ্বাস প্রদান করেন। এ সময় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন তাকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান। পরিদর্শনের শুরুতে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, বিভিন্ন ল্যাব, ওয়ার্ড, কেবিন ও অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম ও চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

ড. এম এ মুহিত বলেন, রাসিক প্রশাসক তাকে হাসপাতালটি দেখানোর জন্য নিয়ে এসেছেন। হাসপাতালটির আয়তন বড় হলেও ভবনটি অনেক পুরনো। অতীতে অযত্ন ও অবহেলার কারণে এখানে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের হাসপাতালটি নিয়ে বড় পরিকল্পনা রয়েছে। তার পরিকল্পনাগুলো বাস্তবসম্মত বলে মনে হয়েছে। প্রশাসকের নেতৃত্বে এখানে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলা সম্ভব হলে তা রাজশাহীবাসীর জন্য অত্যন্ত উপকারী হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাসপাতালটির উন্নয়নে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। পাশাপাশি দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনেও সহায়তা করা হবে। হাসপাতালটিকে রাজশাহীর অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্রে পরিণত করার সম্ভাবনা দেখছেন তিনি।

এ সময় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বিএনপি সরকারের অবদান থাকায় পরবর্তী সময়ে এ হাসপাতালের উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি।

রাসিক প্রশাসক বলেন, সিটি হাসপাতালকে অত্যাধুনিক হাসপাতালে রূপ দিতে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উপস্থাপন করবেন তিনি। এ বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী হাসপাতালটির আধুনিকায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মাহফুজুর রহমান রিটন আরো বলেন, রাজশাহী নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর, বাসযোগ্য, স্বাস্থ্যকর ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে তারা কাজ করছেন। এ কাজে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

পরিদর্শনকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু এবং সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বনি উপস্থিত ছিলেন। এ ছাড়া হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপি নেতারাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সততা বেকারি, ম্যানেজারের নাম মোঃ ফারুক, ফ্যাক্টরি তো নয় মনে হয় ময়লার স্তূপ।

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ সদর,

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


সততা বেকারি, ম্যানেজারের নাম মোঃ ফারুক, ফ্যাক্টরি তো নয় মনে হয় ময়লার স্তূপ।

১০ই অক্টোবর রোজ শনিবার, বিকাল ৪ঃ৩০ মিনিটে, মডেল গার্মেন্টসের পাশে ফতুল্লা নারায়ণগঞ্জে, সততা বেকারি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেখানে কোনো সাইনবোর্ড নাই, নাই কোন পরিবেশের ছাড়পত্র, ম্যানাজার কে জিজ্ঞেস করলে তিনি জানান তাদের বিএসটিআইয়ের অনুমোদন আছে, কিন্তু পরিবেশের এমন অবস্থা, মনে হয় এটা একটি টয়লেট খানা,
কিভাবে এই মালগুলি বাজারে বিক্রি করে আসছেন দীর্ঘদিন যাবত, তাদের আইটেমগুলো হলো বিস্কিট কেকএবং রুটি, যে তেল দিয়ে বানানো হয় তেলের মধ্যে দেখা গেল তেলাপোকা, সহ বিভিন্ন পোকামাকড় গাছ যাহা দেখলে মনে হয় এটি একটি ড্রেনের স্তুপ, তাই বিএসটিআই এবং জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট মহোদয় কে বলব আপনারা অভিযান চালিয়ে, এ সকল প্রতিষ্ঠানগুলিকে সিল গলা করে দেয়াও হোক নয়তো এই অসুস্থ কর খাবার খেয়ে জনগণ অসুস্থ হয়ে পড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরের মাদরাসায় শিশুশিক্ষার্থীদের শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


লক্ষ্মীপুরের মাদরাসায় শিশুশিক্ষার্থীদের শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৬ নং ওয়ার্ডের আলেকজান্ডার মাদরাসায় বাবুত তাকওয়া নামে একটি প্রতিষ্ঠানে শিশুশিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওগুলোর ভাইরাল হওয়ার পর মাদরাসা কর্তৃপক্ষ জানায়, ওই ঘটনার সঙ্গে জড়িত শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যদিকে, মাদরাসার প্রধান শিক্ষক ও ইসলামী আন্দোলন রামগতি পৌরসভার সভাপতি হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সমালোচনা বৃদ্ধি পাচ্ছে।

একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে শিশু শিক্ষার্থী আদনানকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় দেওয়া হচ্ছে। এক পর্যায়ে তার মাথায় আঘাত করা হয় এবং পরে স্কেল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার দৃশ্যও দেখা যায়।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, এক শিশুকে দেওয়ালের সঙ্গে ধরে মাথায় একাধিক আঘাত করা হচ্ছে। আরও একটি ভিডিওতে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করতে দেখা যায়। এছাড়া দুটি ছবিতে দেখা যায়, দুটি শিশুকে জানালার সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।

অভিযোগ উঠেছে, এসব ঘটনার সময় অন্যান্য শিক্ষকরা বসে বসে দেখছিলেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদরাসাটিতে শিশু শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। শিক্ষার্থীদের শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগও উঠেছে। স্থানীয়রা দাবি করেছেন, এই অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং মাদরাসার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

অভিভাবকদের অভিযোগ, শিক্ষকরা শিশু শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করছে। ভয়ের কারণে শিশুরা বাড়িতে গিয়ে এ বিষয়ে কিছু বলত না। ভিডিও ভাইরাল হওয়ার পর শিক্ষকদের নিষ্ঠুরতা প্রকাশ পায়। এ ঘটনায় জড়িত শিক্ষকদের বিচারের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন অভিভাবকরা।

মাদরাসার সহকারী শিক্ষক আবদুল মতিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং তিনি প্রধান শিক্ষকের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন। তিনি দাবি করেছেন, একজন শিক্ষক এই ঘটনার সঙ্গে জড়িত।

প্রধান শিক্ষক হাবিবুল্লাহ নীরব জানিয়েছেন, একজন শিক্ষক শিক্ষার্থীকে নির্যাতন করেছে এবং তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি এসব ঘটনার সঙ্গে নিজেকে জড়িত নয় বলে দাবি করেছেন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধান শিক্ষক পলাতক আছেন এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকরা তার কাছে এসেছিলেন, তবে কোনো লিখিত অভিযোগ করেননি।

মাদরাসাটি ২০২৫ সালে রামগতি পৌরসভার ৬ নং ওয়ার্ডে একটি ভবনের দ্বিতীয় তলা ভাড়া নিয়ে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে শিশু শ্রেণি থেকে তৃতীয় জামাত পর্যন্ত প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%