০৮:০৪ পি.এম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি) একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, নোবিপ্রবির এমন একটি স্থান, অবস্থিতি ও পরিবেশ রয়েছে যা এর জন্য উপযুক্ত।
মন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়কে একটি ‘ইনক্লুসিভ’ বা অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য সব ধরনের সুযোগ বিদ্যমান।
সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান’ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ডিএনসিসি প্রশাসক: ফুটপাতে ব্যবসার পক্ষে কেউ নেই, সড়ক দখল উচ্ছেদে জনগণের সহযোগিতা জরুরি
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, ‘গত সপ্তাহেই মন্ত্রিসভায় বগুড়া বিশ্ববিদ্যালয় আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ে নার্সিং, মেডিক্যাল সায়েন্স, আইসিটির মতো বিভিন্ন বিষয় থাকবে। নোয়াখালী বিশ্ববিদ্যালয়েরও সেই ধরনের সক্ষমতা রয়েছে।’
মন্ত্রী মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতির গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘ডিনস অ্যাওয়ার্ড’ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুরস্কার। এই স্বীকৃতি স্বরূপের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের অনুপ্রাণিত করা হবে, এবং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও দায়িত্ববোধ তৈরি হবে, যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য সহায়ক হবে।
দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তরের আহ্বান জানিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, ‘যদি জনশক্তিকে কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলার চেষ্টা করা হয়, তারা বিদেশে গিয়ে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে সক্ষম হবে। এজন্য মাদ্রাসা শিক্ষাতেও কারিগরি বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামীতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কমন বিষয়গুলোর পরীক্ষা একই প্রশ্নপত্রে নেওয়া হবে।’
পরীক্ষা ও শিক্ষক সংকট নিয়ে আলোচনা করতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, ‘আগামী ২ জুলাই থেকে চলতি বছরের ৯টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা একই প্রশ্নে সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। শিক্ষায় কোনো বৈষম্য রাখা হবে না।’
আরও পড়ুন: সরকার অবাধ ও সুষ্ঠু স্থানীয় নির্বাচন উপহার দেবে: মীর শাহে আলম
এছাড়াও প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দ্রুতই কেটে যাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘হাইকোর্টে মামলার কারণে ২০১৭ সাল থেকে প্রায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকের পদোন্নতি বন্ধ ছিল। এই বিষয়টি যখন সংসদে উত্থাপিত হয়, তখন আদালতের নজরে আসে। আগামী ২ জুলাই আপিল বিভাগে এটি নিষ্পত্তি হলে সমস্যার সমাধান হবে।’
নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানটির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৪৯ জন কৃতি শিক্ষক ও শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ এবং ৩ জন শিক্ষককে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী নোবিপ্রবির বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর জন্য পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় তিনি আসন্ন এইচএসসি পরীক্ষা যেন শতভাগ দুর্নীতিমুক্ত ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয় সেদিকে কঠোর নজরদারি রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: নাহিদ ইসলাম: আইজিপির দায়িত্ব থেকে দ্রুত সরে যাওয়া উচিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন