আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:০০ পি.এম
পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখার উদ্যোগ; উৎসবমুখর পরিবেশে ফাইনাল ও পুরস্কার বিতরণ
চট্টগ্রামের সন্দ্বীপে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রহমতপুর উচ্চ বিদ্যালয়ে আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছর বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও বিদ্যালয় কর্তৃপক্ষ আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার উদ্বোধন করেন রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহমতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সরকারি হাজী আবদুল বাতেন কলেজের সাবেক ভিপি লায়ন আরিফ বিল্লাহ।
এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খেলাকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও দলগত চেতনা গড়ে ওঠার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। পাশাপাশি রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে রানার্সআপ ট্রফি ও মেডেল প্রদান করা হয়।
পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের এবারের আয়োজনের সমাপ্তি ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’ দেওয়া হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পদক দেওয়া হয়েছে।
পদকপ্রাপ্তিতে পুলিশ কমিশনারকে অভিনন্দন জানিয়েছে আরএমপির কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা। আরএমপির পক্ষ থেকে বলা হয়েছে, এ সম্মাননা পুলিশ কমিশনারের পাশাপাশি সংস্থাটির জন্যও একটি স্বীকৃতি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পদকপ্রাপ্তদের তালিকার সঙ্গে এ সম্মাননার কারণ হিসেবে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬ : রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করার সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। এর ফলে ড. আলী আফজালের প্রেসিডেন্ট পদের দায়িত্ব আপাতত বহাল থাকবে।
ড. আলী আফজালের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে আজ হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই আদেশ প্রদান করে।
একই সাথে আদালত এ বিষয়ে একটি রুল জারি করেছে। আদালত বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছে যে, পূর্বে ড. আলী আফজালের দাখিলকৃত আপিল ও স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তি করতে হবে।
এর ফলে গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা রিহ্যাব প্রেসিডেন্টের পদ শূন্য ঘোষণার সিদ্ধান্তের কার্যকারিতা আপাতত স্থগিত হলো। আদালতের এই আদেশের ফলে ড. আলী আফজালের রিহ্যাব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আইনগত অবস্থান বজায় রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং চাইনিজ একাডেমি অব সায়েন্সেস’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আর্থ অবজারভেশন ভিত্তিক বৈজ্ঞানিক তথ্য ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ গবেষণা কার্যক্রম জোরদারের উদ্দেশ্যে গত ১৪ সেপ্টেম্বর চীনের সাংহাইয়ে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
এ উপলক্ষে, আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের কাছে তার দপ্তরে সমঝোতা স্মারকের স্বাক্ষরিত অনুলিপি হস্তান্তর করেন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদের ও ড. মো. আব্দুল মালেকসহ ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষকগণ।
সমঝোতা স্মারকের অন্যতম প্রধান লক্ষ্য হলো ইন্টারন্যাশনাল ডেটা নেটওয়ার্ক ফর আর্থ অবজারভেশন’র আওতায় বাংলাদেশে একটি ইন্টারন্যাশনাল সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠা করা।
চাইনিজ একাডেমি অব সায়েন্সেস’র পক্ষে অধ্যাপক লি গুওছিং এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উপাচার্য বাংলাদেশ থেকে ভিডিও বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সাংহাইয়ে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদের ও ড. মো. আব্দুল মালেক।
ভিডিও বক্তব্যে উপাচার্য উল্লেখ করেন, "এই সমঝোতা স্মারক শুধু একটি আনুষ্ঠানিক চুক্তি নয়; বরং দুই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সহযোগিতা, উদ্ভাবন, উন্নত গবেষণা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।" তিনি আশা প্রকাশ করেন যে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, উন্নত বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তিতে প্রবেশাধিকার বৃদ্ধি এবং দেশের গবেষণা সক্ষমতা জোরদারে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমঝোতার আওতায় কৃষি পর্যবেক্ষণ, দুর্যোগকালীন জরুরি সাড়া প্রদান, আর্থ অবজারভেশন এবং বৈজ্ঞানিক তথ্যভিত্তিক পণ্য উন্নয়নে যৌথ গবেষণা পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি মানসম্মত ডেটাসেট, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা-উপযোগী ডেটাসেট যৌথভাবে উন্নয়নের সুযোগ থাকবে। শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কারিগরি প্রশিক্ষণ, জনবল ও একাডেমিক বিনিময়, আন্তর্জাতিক সম্মেলন এবং বিষয়ভিত্তিক কর্মশালা আয়োজনও এ সহযোগিতার অন্তর্ভুক্ত থাকবে।
স্বাক্ষর অনুষ্ঠানের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও চাইনিজ একাডেমি অব সায়েন্সেস-এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
সাংহাইয়ে আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল ইউনিভার্সিটি অব লাওস এবং থাইল্যান্ডের মাহানাকর্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রতিনিধিরাও অংশ নেন। বিশ্ববিদ্যালয় দু’টিও চীনা অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশ্ববিদ্যালয় এবং চীনের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের মধ্যে আর্থ অবজারভেশন ও গবেষণা সহযোগিতার একটি বৃহত্তর আঞ্চলিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে তিন বছর কার্যকর থাকবে এবং উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে-এর মেয়াদ নবায়ন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ