০৫:২৮ পি.এম
ফুটবল বিশ্বকাপের বহু প্রতীক্ষিত ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে লড়াইকে কেন্দ্র করে পিরোজপুরের কাউখালী উপজেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজমান রয়েছে। শহরের থেকে শুরু করে গ্রামের বিভিন্ন স্থানে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উত্তেজনা দেখা যাচ্ছে। বিভিন্ন মোড়, ক্লাব, পাড়া এবং মহল্লায় বড় পর্দায় খেলা দেখার আয়োজনের পাশাপাশি পিকনিক ও খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে।
এবং এবারের বিশ্বকাপের ফাইনালকে ঘিরে কাউখালীতে এক ভিন্ন ধরনের আবহ তৈরি হয়েছে। বিশেষত, দীর্ঘদিনের অনেক ব্রাজিল সমর্থক এবার স্পেনের পক্ষে অবস্থান নেওয়ায় আর্জেন্টিনা ও স্পেন সমর্থকদের মধ্যে উৎসবমুখর প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। বয়সের বাঁধা মানে না। বয়োবৃদ্ধ থেকে শুরু করে নারী, পুরুষ এবং তরুণ-তরুণী সবাই তাদের প্রিয় দলের জার্সি, পতাকা ও ব্যানার হাতে নিয়ে ফাইনাল ম্যাচ উপভোগের জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত।
কাউখালীর ঐতিহ্যবাহী প্রগতি ক্লাব বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বড় পর্দায় সম্প্রচারের ব্যবস্থা করেছে। বিশেষ করে ফাইনাল ম্যাচ উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে নেওয়া হয়েছে বিশেষ আয়োজন। এছাড়া, উত্তর বাজার, উদয়ন ক্লাব, রেনেসাঁ ক্লাব, আমরা কমল ক্লাব, কলেজপাড়া, চিড়াপাড়া, কুমিয়ান, কেউন্দিয়া, হোগলা, বেতকা, জয়কুল, দক্ষিণ বাজার, জাগরণী ক্লাবসহ উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া এবং মহল্লায় স্থানীয় বাসিন্দারা তাদের নিজস্ব অর্থায়নে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছেন। অনেক স্থানে দর্শকদের জন্য খাবার ও আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়েছে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
কাউখালী উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, "ফলাফল যাই হোক না কেন, বিশ্বকাপের ফাইনাল সকলে একসঙ্গে আনন্দের পরিবেশে উপভোগ করতে চান। প্রিয় দলের জয় উদযাপনের পাশাপাশি খেলার সৌন্দর্য উপভোগ করাই আমাদের মূল লক্ষ্য।"
সবমিলিয়ে, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে কাউখালী এখন ফুটবল উৎসবের নগরীতে পরিণত হয়েছে। খেলা শুরুর অপেক্ষায় প্রহর গুনছেন হাজারো ফুটবলপ্রেমী। শেষ হাসি কার হবে তা নিয়ে চলছে জল্পনা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন