ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের মেয়াদ বৃদ্ধি


ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের মেয়াদ বৃদ্ধি

সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের জন্য আবেদনের সময়সীমা আগামী ২৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

দেশের বিভিন্ন এলাকায় প্রতিকূল পরিবেশ ও অনিবার্য পরিস্থিতির ফলে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি, ফলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্ মোহাম্মদ মাহবুবের স্বাক্ষরিত পত্রে গতকাল শনিবার এ জরুরি নির্দেশনা প্রকাশিত হয়।

নির্দেশনার মাধ্যমে জানানো হয়েছে, নতুন এবং পূর্বে জমা দেওয়া সমস্ত আবেদনের যাচাই-বাছাই, মূল্যায়ন এবং পরীক্ষা শেষে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। তবে যেসব এলাকায় বর্তমানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে তা অব্যাহত রাখা যাবে।

আরও পড়ুন: ক্যাবের সিলিন্ডার গ্যাসের দাম না বাড়ানোর দাবি, বিইআরসির গণশুনানি বৃহস্পতিবার

স্থানীয় কমিটি চাইলে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে নতুন এবং পুরনো সকল আবেদনকারীর জন্য একসঙ্গে পরীক্ষা গ্রহণ করতে সক্ষম হবে। এছাড়া ২৫ ও ২৬ জুলাই নির্ধারিত পরীক্ষার বিষয়ে স্থানীয় পরিস্থিতির আলোকে পরীক্ষা স্থগিত বা চালিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্থানীয় কমিটিকে দেওয়া হয়েছে।

যদি পরীক্ষা চালিয়ে নেওয়া হয়, তবে পরবর্তীতে নতুন আবেদনকারীদের জন্য আলাদা ভাবে আবার পরীক্ষা নেওয়ার আয়োজন করতে হবে। নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, নিয়োগ প্রক্রিয়ার আওতায় কোনো ধরনের লিখিত পরীক্ষা গ্রহণ করা যাবে না।

প্রার্থীদের ব্যবহারিক, মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার জিপিএর ভিত্তিতে মূল্যায়ন করে ফলাফল প্রস্তুত করতে হবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরে প্রশিক্ষণ এবং অন্যান্য কার্যক্রমের সময়সূচি পুনর্নির্ধারণ করে সংশ্লিষ্টদের অবহিত করা হবে।

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সমাজসেবা অধিদপ্তর সংশ্লিষ্ট কমিটির সভাপতি, সদস্য-সচিব এবং সকলের কাছে যথাযথ নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন: সালথায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১৭ মামলার আসামি গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাকের এরবিলে মার্কিন ‘প্রায় সব’ সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


ইরাকের এরবিলে মার্কিন ‘প্রায় সব’ সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আকরামিনিয়া দাবি করেছেন, ওই অঞ্চলে পরিচালিত ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ও গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে।

সাম্প্রতিক সংঘাতে ইরাকের এরবিলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর 'প্রায় পুরোটাই' ধ্বংস করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। শনিবার একই সঙ্গে তারা জানিয়েছে, তেহরান এখন আরাশ-২-এর চেয়েও উন্নত ও আক্রমণাত্মক ড্রোন মোতায়েন করছে।

এ বিষয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আকরামিনিয়া দাবি করেন, ওই অঞ্চলে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানি হামলায় এসব ঘাঁটির অনেকগুলোই তাদের কার্যক্রম পরিচালনার সক্ষমতা হারিয়েছে।

তিনি আরও দাবি করেন, এরবিলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর 'প্রায় পুরোটাই' ধ্বংস করা হয়েছে এবং সেখানে তৎপর ইরানবিরোধী গোষ্ঠীগুলোর এখন আর অভিযান চালানোর সক্ষমতা নেই।

আকরামিনিয়া বলেন, ওই অঞ্চলের পাশাপাশি দক্ষিণ ইউরোপ ও ভূমধ্যসাগরীয় এলাকাজুড়েও যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক সক্ষমতা, সরঞ্জাম ও ঘাঁটি রয়েছে। পাশাপাশি তারা সাম্প্রতিক ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কাজ করছে বলেও তিনি দাবি করেন।

তিনি সতর্ক করে জানান, সংঘাত আবার শুরু হলে ইরান সামরিক অভিযান চালিয়ে যেতে প্রস্তুত। তিনি বলেন, "আমেরিকানরা যতক্ষণ না বুঝবে যে, আগ্রাসনের মাধ্যমে তারা ইরানি জাতির ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এ অভিযান চলবে।"

মুখপাত্র আরও দাবি করেন, ৪০ দিনের যুদ্ধে ইরানের সামরিক বাহিনী আরাশ-২ ড্রোন ব্যবহার করলেও এখন তারা আরও বেশি ধ্বংসাত্মক, নির্ভুলতাসম্পন্ন ও দূরপাল্লার নতুন ড্রোন মোতায়েন করছে। তিনি বলেন, নতুন এসব ড্রোনের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

সোমবার (২৬ জুলাই) সকালে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনায় আনার কার্যক্রম শুরু হয়েছে।

উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন। একইসঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

প্রধানমন্ত্রী বিশেষভাবে সশস্ত্র বাহিনীর শহিদ সদস্যদের অবদানে কথা উল্লেখ করেন এবং বলেন, জাতি চিরকাল তাদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে নিহত ও আহত সেনাসদস্যদের প্রতিও তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতি একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। তাই এ ক্ষেত্রে কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই। যোগ্য কর্মকর্তাদের মূল্যায়নে তাদের পেশাগত সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং সামগ্রিক কর্মদক্ষতাকে গুরুত্ব দিতে নির্বাচনি পর্ষদের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর এই অবদানের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে বাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এর আগে, সেনাবাহিনী সদর দপ্তরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর ব্যস্ততার মধ্যেও উপস্থিত হয়ে পদোন্নতি পর্ষদের উদ্বোধন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লিপিবদ্ধ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে ৪৬৩ জন গ্রেফতার, ৪০ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে ৪৬৩ জন গ্রেফতার, ৪০ মামলা

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রদান করেছেন।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, অভিযানের মধ্যে রমনা বিভাগ থেকে ৩১ জন, লালবাগ বিভাগ থেকে ৫৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৭ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৩ জন, মিরপুর বিভাগ থেকে ১২৫ জন, গুলশান বিভাগ থেকে ৩৬ জন, উত্তরা বিভাগ থেকে ৫৯ জন ও গোয়েন্দা বিভাগ থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭০ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৫৩ পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন, ৮৬ বোতল এস্কাফ সিরাপ, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, দুটি পিকআপ, ৭টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ১৭ হাজার ৫৫০ টাকা। পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে রাষ্ট্রীয় টিভি ও সরকারের দ্বন্দ্ব প্রকাশ্যে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


ইরানে রাষ্ট্রীয় টিভি ও সরকারের দ্বন্দ্ব প্রকাশ্যে

সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনাকে কেন্দ্র করে ইরানের সরকার ও রাষ্ট্রীয় টেলিভিশন (আইআরআইবি) এর মধ্যে প্রকাশ্য বিরোধের উদ্ভব ঘটেছে।

একই সঙ্গে ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটন-তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে উভয় পক্ষের বক্তব্যে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।

ইরানের গভর্নমেন্ট ইনফরমেশন কাউন্সিল শুক্রবার অভিযোগ করেছে যে, রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি গুরুত্বপূর্ণ বক্তব্যের অংশকে সম্প্রচার করতে ‘সেন্সরশিপ’ করেছে।

তবে শনিবার এক বিবৃতিতে আইআরআইবি সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, দেশের নেতৃত্বের বিভিন্ন স্তরের মধ্যে বিভক্তির ভুল ধারণা সৃষ্টি হতে পারে এমন কোনও বিষয় প্রচার না করা তাদের দায়িত্ব।

খামেনির নির্দেশেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু: পেজেশকিয়ান

সপ্তাহের শুরুতে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, গত বছরের ১২ দিনের ইসরায়েল-ইরান যুদ্ধের পর তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিরোধিতা করলেও ব্যক্তিগতভাবে আলোচনার অনুমোদন দিয়েছিলেন।

পেজেশকিয়ান বলেন, তিনি ও তার সহযোগীরা দেশের পরিস্থিতি ব্যাখ্যা করে সর্বোচ্চ নেতার কাছে জানতে চান, “যুদ্ধও নয়, শান্তিও নয়”—এমন পরিস্থিতি দেশের জন্য ক্ষতিকর হলে কী করা উচিত।

প্রেসিডেন্টের দাবি, সর্বোচ্চ নেতা তখন তাদের আলোচনায় যাওয়ার নির্দেশনা দেন এবং সেই নির্দেশের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হয়।

সরকারের অভিযোগ, রাষ্ট্রীয় টেলিভিশন ইচ্ছাকৃতভাবে এই অংশটি সম্প্রচার থেকে বাদ দিয়েছে।

সংসদ স্পিকার ও বিচার বিভাগের প্রধানের বক্তব্যও সম্পাদনা

সরকারের বিবৃতিতে আরও বলা হয়, এটি বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। সম্প্রতি সংসদের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফের একটি সাক্ষাৎকার থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাসংক্রান্ত অংশ বাদ দেওয়া হয়েছিল।

এছাড়া বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেইয়ের একটি বক্তব্যের অংশও সম্প্রচার করা হয়নি, যেখানে তিনি প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

রাষ্ট্রীয় টিভির সমালোচনায় পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও রাষ্ট্রীয় টেলিভিশনের সমালোচনা করেছেন।

শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধকালীন সময়ে ফক্স নিউজ, সিএনএনসহ বিভিন্ন মার্কিন গণমাধ্যমে তিনি ইরানের অবস্থান জোরালোভাবে তুলে ধরেছিলেন। কিন্তু রাষ্ট্রীয় টেলিভিশন সেই সাক্ষাৎকারগুলোর মাত্র এক-দুটি সাবটাইটেল প্রচার করেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গত মাসে স্বাক্ষরিত (বর্তমানে স্থগিত) সমঝোতা স্মারক নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল বলে কট্টরপন্থীদের যে দাবি, তা সঠিক নয়। তার ভাষায়, তৎকালীন পরিস্থিতিতে এটিই ছিল ‘সম্ভাব্য সবচেয়ে ভালো চুক্তি’।

‘কট্টরপন্থী গোষ্ঠীর প্রভাব’ অভিযোগ সরকারের

সরকারের দাবি, রাষ্ট্রীয় টেলিভিশনের ভেতরে একটি রাজনৈতিক গোষ্ঠী এসব সিদ্ধান্ত নিয়েছে। পর্যবেক্ষকদের মতে, সরকারের ইঙ্গিত ছিল অতি কট্টরপন্থী পায়দারি ফ্রন্ট-এর দিকে।

সরকার বলেছে, এ ধরনের কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তা ও সামাজিক সংহতিকে দুর্বল করতে পারে।

অন্যদিকে আইআরআইবি বলছে, বিতর্কিত অংশ প্রচার করলে দেশের নেতৃত্বে বিভক্তির ধারণা তৈরি হতো।

উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ঘোষিত ‘পবিত্র জাতীয় ঐক্য’ নীতিকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলেছে।

সংসদীয় কমিটির সতর্কবার্তা

আইআরআইবির ওপর সংসদীয় তদারকি কমিটির মুখপাত্র মোহাম্মদ মিরজাই শনিবার জানান, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের কর্মকর্তাদের বিভিন্ন মতামত তুলে ধরতে এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি সতর্ক করা হয়েছে।

এদিকে রক্ষণশীল সাংবাদিক মোহাম্মদ মোহাজেরি মন্তব্য করেন, আইআরআইবি এখন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল কিন্তু সবচেয়ে কম কার্যকর রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে পরিণত হয়েছে।

সংস্কারপন্থী নেতা মোহাম্মদ-সাদেক জাভাদি-হেসার বলেন, “দেশে একটি নির্বাচিত সরকার রয়েছে, আর আরেকটি সরকার হিসেবে আইআরআইবি তার বিরুদ্ধেই কাজ করছে।”

প্রেসিডেন্টের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

সংস্কারপন্থী সংবাদমাধ্যম এন্তেখাব একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আলোচনাসংক্রান্ত বক্তব্য সম্প্রচার না করায় মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আইআরআইবির প্রধান পেইমান জেবেলিকে তীব্র ভর্ৎসনা করেছেন।

অন্যদিকে কট্টরপন্থী আইনপ্রণেতা মেইসাম জোহুরিয়ান দাবি করেছেন, প্রেসিডেন্ট রাষ্ট্রীয় টেলিভিশনের বাজেট কমিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তবে সরকার আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেনি।

ওমানের মধ্যস্থতায় নতুন কূটনৈতিক উদ্যোগ

অভ্যন্তরীণ এই বিরোধের মধ্যেই শুক্রবার ওমানের মধ্যস্থতাকারীরা তেহরান সফর করেন।

তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পরিচালনা ও নিরাপত্তা। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই জলপথের নিয়ন্ত্রণ একটি বড় বিরোধের বিষয়ে পরিণত হয়েছে।

ট্রাম্পের মন্তব্য, ইরানের পাল্টা হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, যুদ্ধ ‘অত্যন্ত ভালোভাবেই’ এগোচ্ছে এবং কয়েক দিনের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফর করবেন।

তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের যোগাযোগ অব্যাহত থাকলেও অচিরেই কোনো সমঝোতা হবে বলে তিনি মনে করেন না।

এদিকে যুদ্ধ আরও তীব্র হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে ধারাবাহিক হামলার যে হুমকি তিনি দিয়েছিলেন, তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হবে কিনা- এ প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান ট্রাম্প।

এর জবাবে শনিবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর বলেন, শত্রুপক্ষ সম্পূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত থাকবে। পাশাপাশি যুদ্ধের সময় নিহত বেসামরিক নাগরিকদের রক্তের প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার করেন তিনি। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%