ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে ৪৬৩ জন গ্রেফতার, ৪০ মামলা


রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে ৪৬৩ জন গ্রেফতার, ৪০ মামলা

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রদান করেছেন।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, অভিযানের মধ্যে রমনা বিভাগ থেকে ৩১ জন, লালবাগ বিভাগ থেকে ৫৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৭ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৩ জন, মিরপুর বিভাগ থেকে ১২৫ জন, গুলশান বিভাগ থেকে ৩৬ জন, উত্তরা বিভাগ থেকে ৫৯ জন ও গোয়েন্দা বিভাগ থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭০ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৫৩ পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন, ৮৬ বোতল এস্কাফ সিরাপ, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, দুটি পিকআপ, ৭টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ১৭ হাজার ৫৫০ টাকা। পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে রাষ্ট্রীয় টিভি ও সরকারের দ্বন্দ্ব প্রকাশ্যে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


ইরানে রাষ্ট্রীয় টিভি ও সরকারের দ্বন্দ্ব প্রকাশ্যে

সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনাকে কেন্দ্র করে ইরানের সরকার ও রাষ্ট্রীয় টেলিভিশন (আইআরআইবি) এর মধ্যে প্রকাশ্য বিরোধের উদ্ভব ঘটেছে।

একই সঙ্গে ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটন-তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে উভয় পক্ষের বক্তব্যে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।

ইরানের গভর্নমেন্ট ইনফরমেশন কাউন্সিল শুক্রবার অভিযোগ করেছে যে, রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি গুরুত্বপূর্ণ বক্তব্যের অংশকে সম্প্রচার করতে ‘সেন্সরশিপ’ করেছে।

তবে শনিবার এক বিবৃতিতে আইআরআইবি সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, দেশের নেতৃত্বের বিভিন্ন স্তরের মধ্যে বিভক্তির ভুল ধারণা সৃষ্টি হতে পারে এমন কোনও বিষয় প্রচার না করা তাদের দায়িত্ব।

খামেনির নির্দেশেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু: পেজেশকিয়ান

সপ্তাহের শুরুতে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, গত বছরের ১২ দিনের ইসরায়েল-ইরান যুদ্ধের পর তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিরোধিতা করলেও ব্যক্তিগতভাবে আলোচনার অনুমোদন দিয়েছিলেন।

পেজেশকিয়ান বলেন, তিনি ও তার সহযোগীরা দেশের পরিস্থিতি ব্যাখ্যা করে সর্বোচ্চ নেতার কাছে জানতে চান, “যুদ্ধও নয়, শান্তিও নয়”—এমন পরিস্থিতি দেশের জন্য ক্ষতিকর হলে কী করা উচিত।

প্রেসিডেন্টের দাবি, সর্বোচ্চ নেতা তখন তাদের আলোচনায় যাওয়ার নির্দেশনা দেন এবং সেই নির্দেশের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হয়।

সরকারের অভিযোগ, রাষ্ট্রীয় টেলিভিশন ইচ্ছাকৃতভাবে এই অংশটি সম্প্রচার থেকে বাদ দিয়েছে।

সংসদ স্পিকার ও বিচার বিভাগের প্রধানের বক্তব্যও সম্পাদনা

সরকারের বিবৃতিতে আরও বলা হয়, এটি বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। সম্প্রতি সংসদের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফের একটি সাক্ষাৎকার থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাসংক্রান্ত অংশ বাদ দেওয়া হয়েছিল।

এছাড়া বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেইয়ের একটি বক্তব্যের অংশও সম্প্রচার করা হয়নি, যেখানে তিনি প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

রাষ্ট্রীয় টিভির সমালোচনায় পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও রাষ্ট্রীয় টেলিভিশনের সমালোচনা করেছেন।

শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধকালীন সময়ে ফক্স নিউজ, সিএনএনসহ বিভিন্ন মার্কিন গণমাধ্যমে তিনি ইরানের অবস্থান জোরালোভাবে তুলে ধরেছিলেন। কিন্তু রাষ্ট্রীয় টেলিভিশন সেই সাক্ষাৎকারগুলোর মাত্র এক-দুটি সাবটাইটেল প্রচার করেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গত মাসে স্বাক্ষরিত (বর্তমানে স্থগিত) সমঝোতা স্মারক নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল বলে কট্টরপন্থীদের যে দাবি, তা সঠিক নয়। তার ভাষায়, তৎকালীন পরিস্থিতিতে এটিই ছিল ‘সম্ভাব্য সবচেয়ে ভালো চুক্তি’।

‘কট্টরপন্থী গোষ্ঠীর প্রভাব’ অভিযোগ সরকারের

সরকারের দাবি, রাষ্ট্রীয় টেলিভিশনের ভেতরে একটি রাজনৈতিক গোষ্ঠী এসব সিদ্ধান্ত নিয়েছে। পর্যবেক্ষকদের মতে, সরকারের ইঙ্গিত ছিল অতি কট্টরপন্থী পায়দারি ফ্রন্ট-এর দিকে।

সরকার বলেছে, এ ধরনের কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তা ও সামাজিক সংহতিকে দুর্বল করতে পারে।

অন্যদিকে আইআরআইবি বলছে, বিতর্কিত অংশ প্রচার করলে দেশের নেতৃত্বে বিভক্তির ধারণা তৈরি হতো।

উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ঘোষিত ‘পবিত্র জাতীয় ঐক্য’ নীতিকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলেছে।

সংসদীয় কমিটির সতর্কবার্তা

আইআরআইবির ওপর সংসদীয় তদারকি কমিটির মুখপাত্র মোহাম্মদ মিরজাই শনিবার জানান, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের কর্মকর্তাদের বিভিন্ন মতামত তুলে ধরতে এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি সতর্ক করা হয়েছে।

এদিকে রক্ষণশীল সাংবাদিক মোহাম্মদ মোহাজেরি মন্তব্য করেন, আইআরআইবি এখন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল কিন্তু সবচেয়ে কম কার্যকর রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে পরিণত হয়েছে।

সংস্কারপন্থী নেতা মোহাম্মদ-সাদেক জাভাদি-হেসার বলেন, “দেশে একটি নির্বাচিত সরকার রয়েছে, আর আরেকটি সরকার হিসেবে আইআরআইবি তার বিরুদ্ধেই কাজ করছে।”

প্রেসিডেন্টের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

সংস্কারপন্থী সংবাদমাধ্যম এন্তেখাব একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আলোচনাসংক্রান্ত বক্তব্য সম্প্রচার না করায় মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আইআরআইবির প্রধান পেইমান জেবেলিকে তীব্র ভর্ৎসনা করেছেন।

অন্যদিকে কট্টরপন্থী আইনপ্রণেতা মেইসাম জোহুরিয়ান দাবি করেছেন, প্রেসিডেন্ট রাষ্ট্রীয় টেলিভিশনের বাজেট কমিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তবে সরকার আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেনি।

ওমানের মধ্যস্থতায় নতুন কূটনৈতিক উদ্যোগ

অভ্যন্তরীণ এই বিরোধের মধ্যেই শুক্রবার ওমানের মধ্যস্থতাকারীরা তেহরান সফর করেন।

তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পরিচালনা ও নিরাপত্তা। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই জলপথের নিয়ন্ত্রণ একটি বড় বিরোধের বিষয়ে পরিণত হয়েছে।

ট্রাম্পের মন্তব্য, ইরানের পাল্টা হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, যুদ্ধ ‘অত্যন্ত ভালোভাবেই’ এগোচ্ছে এবং কয়েক দিনের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফর করবেন।

তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের যোগাযোগ অব্যাহত থাকলেও অচিরেই কোনো সমঝোতা হবে বলে তিনি মনে করেন না।

এদিকে যুদ্ধ আরও তীব্র হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে ধারাবাহিক হামলার যে হুমকি তিনি দিয়েছিলেন, তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হবে কিনা- এ প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান ট্রাম্প।

এর জবাবে শনিবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর বলেন, শত্রুপক্ষ সম্পূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত থাকবে। পাশাপাশি যুদ্ধের সময় নিহত বেসামরিক নাগরিকদের রক্তের প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার করেন তিনি। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ : খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

একইসঙ্গে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আজ, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং तৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। এই লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

গতকাল (রোববার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেঁতুলিয়ায় ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাঙ্গামাটিতে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি. মি. রয়েছে। ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮৩ শতাংশ ছিল।

ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৩৬ মিলিমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৬ মিনিটে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে অনুরোধ কাজাখস্তানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে অনুরোধ কাজাখস্তানের প্রেসিডেন্টের

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ : সাইবেরিয়ার ওমস্কে অনুষ্ঠিত এক বৈঠকে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে কথা বলেছেন।

শনিবার, সাইবেরিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এবং আজভ সাগরের তীরে একটি পর্যটন কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের এসব হামলায় মস্কোর নিয়ন্ত্রণাধীন একটি শহরে একজন এবং রাশিয়ার সীমান্তবর্তী গ্রামগুলোতে দুইজন নিহত হয়েছেন। অন্যদিকে, ভুট্টাবাহী একটি কার্গো জাহাজে রুশ হামলার পর দুই নাবিক নিখোঁজ রয়েছে।

এদিকে, দখলকৃত ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ জানিয়েছে, আজভ সাগরের তীরে পর্যটন কেন্দ্রে ইউক্রেনের হামলায় ১২ জন প্রাণ হারিয়েছেন। কিয়েভ জানাচ্ছে, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, চলমান যুদ্ধের চার বছর পেরিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে বেসামরিক মানুষের মৃত্যু সংখ্যা বাড়ছে।

মস্কো জানিয়েছে, ইউক্রেন শনিবার রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ৩০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে, যেখানে দূরবর্তী স্থানও অন্তর্ভুক্ত রয়েছে। সাইবেরিয়ার তিউমেন অঞ্চলের গভর্নর জানান, এখানে একটি তেল শোধনাগারে আগুন লেগেছে।

অন্যদিকে, রাশিয়ার অ্যাথলেটিকস ফেডারেশন জানিয়েছে, ড্রোন হামলার হুমকির কারণে ইউরাল অঞ্চলের ইয়েকাতেরিনবুর্গ শহরে একটি সর্ব-রাশিয়ান ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাইবেরিয়ায় হামলার জন্য দায় স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, কিয়েভ কিরভ অঞ্চলের একটি সামরিক কারখানায় টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে। এর আগের দিনে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ওই হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

কিয়েভ বলছে, তাদের পাল্টা হামলার লক্ষ্য হচ্ছে মস্কোর যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করা এবং ক্রেমলিনকে আলোচনায় বসতে বাধ্য করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ইরান যুদ্ধ

বিশ্ববাজারে তেলের দাম বাড়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


বিশ্ববাজারে তেলের দাম বাড়ার শঙ্কা

লোহিত সাগরের দুটি প্রধান সৌদি তেল বন্দরে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল শনিবারের এই হামলার পর মধ্যপ্রাচ্য সংকট এক বিপজ্জনক ধাপে রূপ নিয়েছে। এর মধ্য দিয়ে পারস্য উপসাগরের ইরান যুদ্ধ ছড়িয়ে পড়ল লোহিত সাগরেও। এতে জ্বালানি তেলের বৈশ্বিক সরবরাহে ব্যাঘাত ঘটেছে এবং বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গত মে মাসের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবার প্রতি ব্যারেল ১০০ ডলার ছুঁয়েছে। এ অবস্থায় বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগামী কয়েক মাসের মধ্যে তেলের দাম লাগাম ছাড়িয়ে যেতে পারে।

এর আগে সর্বশেষ ২০২২ সালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে ১২৮ ডলারে পৌঁছেছিল। আর ২০০৮ সালে তা সর্বকালের সর্বোচ্চ ১৪৬ ডলারে পৌঁছেছিল। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতির দ্রুত সুরাহা না হলে আগামী অক্টোবরের মধ্যে তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ থেকে ১৫০ ডলারে পৌঁছাতে পারে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেছেন, তারা সৌদি আরবের জিজান ও ইয়ানবু বন্দরে আরামকোর স্থাপনায় সফল হামলা চালিয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জিজানের চার লাখ ব্যারেল ক্ষমতার শোধনাগার এলাকা থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এশিয়াভিত্তিক তেলের ব্যবসায়ীরা জিজানের জ্বালানি মজুতাগারের ক্ষতির তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছেন।

অন্যদিকে সৌদির প্রধান তেল রপ্তানিকারক বন্দর ইয়ানবু লক্ষ্য করে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে প্রতিহত করার দাবি করা হয়েছে। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর ইয়ানবু বন্দরটিই সৌদির তেল সরবরাহের প্রধান বিকল্প পথ।

হুতি হামলার জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনি সরকারি বাহিনী হুতিদের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। মারিব, আল-জফ এবং লোহিত সাগরের বন্দরনগরী হোদেইদাহর টেলিকম অবকাঠামো, কামারান দ্বীপ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঘাঁটিতে একাধিক বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী।

ইয়েমেনি কর্মকর্তারা জানিয়েছেন, ২০২২ সাল থেকে চলা অস্ত্রবিরতি ভেঙে দুই পক্ষই নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি হুঁশিয়ারি দিয়ে বলছেন, সৌদি আরব এ যুদ্ধে জড়ালে তাদের সব তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে।

লোহিত সাগরে প্রায় ৭০ লাখ ব্যারেল তেলের প্রতিদিনের পারাপার ঝুঁকিতে থাকার কারণে বিশ্ববাজারে আতঙ্ক দেখা দিয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, আপাতত ইরানে কোনো বড় ধরনের সামরিক হামলা চালানো হবে না। তিনি জানান, সংঘাত থামানোর লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংলাপ চলছে।

টানা ১৩ দিন ক্ষেপণাস্ত্র বিনিময়ের পর গত শুক্রবার রাতে ইরানের প্রধান শহরগুলোতে বড় হামলার খবর পাওয়া যায়নি। তবে মার্কিন বাহিনী প্রয়োজন হলে প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছেন ট্রাম্প। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান হুমকিতে ভয় পায় না এবং চাপের মুখে নতি স্বীকার করে না।

মার্কিন আর্থিক গবেষণা প্রতিষ্ঠান জেপি মর্গানের তথ্য অনুযায়ী, পারস্য উপসাগরের বিকল্প হিসেবে লোহিত সাগর দিয়ে দিনে ৭০ লাখ ব্যারেল তেল পার হয়ে আসতে পারে। বর্তমানে সৌদির ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হুমকির মুখে দাঁড়িয়ে।

জেপি মর্গানের বৈশ্বিক পণ্যসামগ্রী কৌশল বিভাগের প্রধান নাতাশা কানেভা বলেছেন, সৌদি আরব চাইলে সুয়েজ খাল দিয়ে তেল পাঠানোর চেষ্টা করতে পারে। তবে এক্ষেত্রে সমস্যা হলো তাদের বড় তেলের ট্যাঙ্কারগুলো গভীরতার কারণে আটকে যেতে পারে। যদি তারা ছোট ট্যাঙ্কারে করে পাঠায়, তাহলেও নৌযানগুলোর গন্তব্যে পৌঁছাতে আট সপ্তাহ সময় লাগবে।

যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানকে টোল দিয়ে হরমুজ প্রণালি পার হওয়ার কোন উপায়ও নেই কারণ এতে বীমা সুবিধা পাওয়া যাবে না। এতদিন বীমা প্রতিষ্ঠানগুলো উচ্চমূল্যের প্রিমিয়াম নিচ্ছিল, কিন্তু এখন তারা ইরানকে টোল দেওয়া জাহাজকে বীমা সুবিধা দেওয়া বন্ধ করে দিচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে বৈশ্বিক তেলের বাজার লাগামছাড়া হওয়ার শঙ্কা রয়েছেন বিশ্লেষকরা।

এছাড়াও গত মাসের শুরুর দিকে বাহরাইন ও কুয়েত ইরানের ভেতরে গোপনে হামলা চালিয়েছে। ইয়াহু নিউজের খবর অনুযায়ী, ওই হামলায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুতাগারকে আঘাত হানা হয়েছে। উপসাগরীয় রাষ্ট্র দুটি তুলনামূলকভাবে ছোট বিমানবাহিনী পরিচালনা করে, তবে তাদের হাতে মার্কিন ও ইউরোপীয় যুদ্ধবিমান থাকার কারণে হামলার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%