ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

দিনাজপুরে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


দিনাজপুরে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে গণপ্রকৌশল দিবস-২০২৬ এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে জেলায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার বেলা ১১টায় আইডিইবি জেলা শাখার উদ্যোগে শহরের ইনস্টিটিউট মাঠ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি জেলা শাখার সভাপতি ও দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. মকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সহসভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. আক্তারুজ্জামান জুয়েল এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল। স্বাগত বক্তব্য প্রদান করেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মঞ্জুর মুর্শেদ সুমন।

আরও পড়ুন: বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইনে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সহসভাপতি প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজু। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন আইডিইবির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শহিদুল ইসলাম এবং প্রকৌশলী আব্দুল আউয়াল।

আইডিইবি জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. মাসুদ রানা, কোষাধ্যক্ষ জি এন ভট্টাচার্য, চাকরিবিষয়ক সম্পাদক মো. আব্দুল মোমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, এইচএইচ পলিটেকনিক ইনস্টিটিউট, পুনর্ভবা, অ্যাপটাচ, ডিআইএসটি, গ্লোবাল, আনোয়ারা ও উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, দিনাজপুর আইসিটি ক্লাবের সদস্যবৃন্দ এবং দিনাজপুরে কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীরা এ র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ২৯ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টা থেকে রোববার (৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক নির্দেশনায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ অভিযান চালানো হচ্ছে। অভিযানে কোম্পানীগঞ্জ থানায় ৪ জন, কবিরহাট থানায় ৪ জন, বেগমগঞ্জ মডেল থানায় ১ জন, সেনবাগ থানায় ২ জন, সোনাইমুড়ী থানায় ২ জন, চাটখিল থানায় ২ জন, চরজব্বর থানায় ৩ জন এবং হাতিয়া থানায় ১১ জনকে আটক করা হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় ইয়াবা ও নগদ টাকা সহ দুইজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০০ পি.এম


মঠবাড়িয়ায় ইয়াবা ও নগদ টাকা সহ দুইজন গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার দিবাগত রাত ১০ টার দিকে ২ হাজার ১৫ পিস ইয়াবা ও নগদ এক লক্ষ টাকা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ২ নং ধানিসাফা ইউনিয়নের সাফা বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ২ নং ধানিসাফা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোহাম্মদ মোজাম্মেল বেপারীর ছেলে মোহাম্মদ রুবেল বেপারী (২৯) এবং একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দেবীপুর গ্রামের মৃত আমির হোসেন দফাদার ছেলে এমাদুল দফাদার (৩৮)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এস আই পলাশ বিশ্বাস ও এস আই মোস্তফা শওকত জামান এর নেতৃত্বে একটি দল শনিবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাফা বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় মেসার্স উর্মি এন্টারপ্রাইজের সামনে সন্দেহ জনক  অবস্থায় ২ জনকে দেখতে পেয়ে  তল্লাশি চালায়। তল্লাশিতে রুবেল নামের একজনের জিন্সের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো সাতটি পোটলা ও নগদ এক লক্ষ টাকা উদ্ধার করা হয়। পরে পোটলা  গুলো খুলে  ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। 
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি হোসেন আল মাহাবুব জানান, শনিবার রাতে সাফা বাজার  থেকে দুইজন মাদক কারবারিকে আমাদের  একটি টিম গ্রেফতার করেছে। তাদেরকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদানে আরএসএফের পক্ষে লড়তে ভাড়াটে যোদ্ধা পাঠিয়েছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০০ পি.এম


সুদানে আরএসএফের পক্ষে লড়তে ভাড়াটে যোদ্ধা পাঠিয়েছে আমিরাত

সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর হয়ে লড়াই করার জন্য কলম্বিয়ার ভাড়াটে যোদ্ধাদের সুদানে পাঠানোর ব্যবস্থা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। জাতিসংঘের তদন্তকারীদের একটি গোপন প্রতিবেদনে এই বিষয়ে অকাট্য প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটি জানাচ্ছে, আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একটি নিরাপত্তা প্রতিষ্ঠান লিবিয়া, সোমালিয়া ও চাদের মধ্য দিয়ে এসব যোদ্ধাদের সুদানে পাঠানোর ব্যবস্থা করেছে। দারফুর অঞ্চলে আরএসএফের সামরিক অভিযানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে উত্তর দারফুরের রাজধানী এল-ফাশের অবরোধ ও দখলের সময় তাদের সক্রিয়তা লক্ষ্য করা গেছে।

গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জমা দেওয়া প্রতিবেদনটি মিডল ইস্ট আই নামক মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমের হাতে এসেছে। প্রতিবেদনে গোপনীয়তার বিষয়টি কঠোরভাবে উল্লেখ করা হয়েছে এবং এটি প্রকাশ করা হবে না।

জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছেন, আমিরাতভিত্তিক গ্লোবাল সিকিউরিটি সার্ভিসেস গ্রুপ (জিএসএসজি) কলম্বীয় ভাড়াটে যোদ্ধাদের সুদানে পাঠানোর ব্যবস্থা করে। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমিরাত সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। লিবিয়া, সোমালিয়া ও চাদের মধ্য দিয়ে এসব যোদ্ধাদের সুদানে নেওয়া হয়, যেখানে আমিরাত-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর নিয়ন্ত্রণ রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের বোসাসোতে অবস্থিত পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্সের (পিএমপিএফ) ঘাঁটিটি কলম্বীয় যোদ্ধাদের যাতায়াত ও প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়েছে। এই বাহিনীর সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

এছাড়া, কলম্বীয় ভাড়াটে যোদ্ধারা দারফুরে আরএসএফের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে এল-ফাশের অবরোধ ও দখলের সময় তারা সক্রিয় ছিলেন এবং যুদ্ধ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছেন। এর মধ্যে ড্রোন পরিচালনা, কামান ব্যবহারে সহায়তা এবং পদাতিক বাহিনীর সঙ্গে অভিযান পরিচালনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

গত বছরের অক্টোবরে ৫০০ দিনের বেশি সময় অবরোধের পর উত্তর দারফুরের রাজধানী এল-ফাশের দখল করে আরএসএফ। অভিযানের সময় আরএসএফের যোদ্ধারা হাজার হাজার বেসামরিক মানুষকে ধর্ষণ, হত্যা ও চাঁদাবাজির শিকার করেছেন বলে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা মিডল ইস্ট আইকে জানিয়েছেন। অভিযোগ রয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে রক্ত সংগ্রহ করতে আরএসএফ যোদ্ধারা অস্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপন করেছিলেন।

জাতিসংঘের তদন্তকারীদের তথ্য অনুযায়ী, কলম্বীয় যোদ্ধাদের আমিরাতের আবুধাবি, গায়াথি ও আল-ওয়াথবায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমালিয়ার পুন্টল্যান্ড অঞ্চলের বোসাসোতে পিএমপিএফের ঘাঁটিতেও তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আমিরাতের সামরিক বাহিনী পিএমপিএফকে অর্থায়ন, প্রশিক্ষণ ও তদারকি করেছে।

কলম্বীয় ভাড়াটে যোদ্ধাদের পাশাপাশি লিবিয়ায় খলিফা হাফতারের পরিবার ও তাদের নিয়ন্ত্রণাধীন মিলিশিয়াদের নিয়ন্ত্রিত এলাকা ব্যবহার করে আরএসএফের কাছে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে। এছাড়া, ইথিওপিয়া, চাদ এবং সোমালিয়ার দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল পুন্টল্যান্ড ও সোমালিল্যান্ডের মধ্য দিয়েও এসব সরঞ্জাম পরিবহন করা হয়েছে। আমিরাতের সঙ্গে পুন্টল্যান্ড ও সোমালিল্যান্ডের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সোমালিল্যান্ডকে ইসরাইল স্বীকৃতি দিয়েছে।

তবে আমিরাত এবং এই সরবরাহ নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য পক্ষগুলো কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। মিডল ইস্ট আই আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মন্তব্য জানতে যোগাযোগ করলেও তারা সাড়া দেয়নি। প্রতিবেদনের সঙ্গে যুক্ত এক চিঠিতে আমিরাত জানিয়েছে, সুদানের সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অনিয়মের অভিযোগ তারা প্রত্যাখ্যান করছে। ভাড়াটে যোদ্ধাদের বিষয়ে ওঠা অভিযোগকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

সুদানের যুদ্ধ ২০২৩ সালের এপ্রিল থেকে চলছে। এই সংঘাতে আরএসএফের বিরুদ্ধে দারফুরে গণহত্যার অভিযোগ রয়েছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রও দারফুরে গণহত্যা সংঘটনের জন্য আরএসএফকে দায়ী করেছে।

আমিরাতের সুদানের যুদ্ধে সংশ্লিষ্টতার বিষয়ে জাতিসংঘের এই প্রতিবেদন প্রকাশের সময়টি এমন, যখন দেশটির শীর্ষ কূটনীতিকদের একজন লানা নুসেইবেহ জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার প্রচার চালাচ্ছেন। যুক্তরাজ্যে নিযুক্ত সুদানের রাষ্ট্রদূত বাবিকার আল-সিদ্দিক আল-আমিন বলেছেন, সুদানে আরএসএফকে আমিরাতের সমর্থনের বিষয়টি আড়াল করতে নুসেইবেহর প্রার্থিতা ব্যবহার করা উচিত নয়।

তিনি মন্তব্য করেন, ‘যাদের হাতে সুদানের মানুষের রক্ত লেগে আছে, তাদের আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব দেওয়া উচিত নয়।’

নুসেইবেহ মহাসচিব নির্বাচিত হলে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা বড় ধরনের ধাক্কা খাবে বলেও তিনি সতর্ক করেন।

নুসেইবেহ ২০১৩ সালে জাতিসংঘে আমিরাতের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সাল পর্যন্ত তিনি এ পদে ছিলেন। এ সময়ে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সহসভাপতি, জাতিসংঘ নারী সংস্থার নির্বাহী বোর্ডের সভাপতি এবং দুইবার নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন।

আমিরাতের সুদানের যুদ্ধে জড়িত থাকার অভিযোগ নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হলেও নুসেইবেহ তা অস্বীকার করে আসছেন। সাম্প্রতিক সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব হলে সুদান বিষয়ে নিরপেক্ষ থাকতে পারবেন বলে তিনি জানিয়েছেন। তবে আরএসএফকে আমিরাতের সমর্থনের অভিযোগ সরাসরি মোকাবিলা করেননি। চলতি সপ্তাহে পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আরএসএফের সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং জাতিসংঘের তথ্য অনুসন্ধানকারী সংস্থাগুলোর কাজে তিনি সমর্থন দেবেন।

এদিকে জাতিসংঘের তদন্তকারীদের এ বছরের আরেকটি প্রতিবেদনে আমিরাতের বিরুদ্ধে আরএসএফকে ভাড়াটে যোদ্ধা সরবরাহের অভিযোগ আনা হয়েছিল। ওই যোদ্ধারা এল-ফাশের আক্রমণে অংশ নিয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। জুলাইয়ে নিরাপত্তা পরিষদে তদন্তকারীরা তাদের প্রমাণ উপস্থাপনের পর আমিরাতের জাতিসংঘের রাষ্ট্রদূত প্রতিবেদনটির ‘গুরুতর ত্রুটিগুলো অবিলম্বে সংশোধনের’ দাবি জানান। আমিরাতের ঘনিষ্ঠ মিত্র ও নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য বাহরাইন কয়েক মাস ধরে প্রতিবেদনটি আটকে রেখেছে।

গত সেপ্টেম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক উচ্চ মাত্রার নিশ্চয়তার সঙ্গে জানায়, সুদানে আমিরাতের ভূমিকার সমালোচক ও জাতিসংঘের বিশেষজ্ঞদের লক্ষ্য করে চালানো একটি প্রভাব বিস্তারকারী তৎপরতার পেছনে আমিরাত রয়েছে।

কলম্বীয় ভাড়াটে যোদ্ধাদের সুদানে পাঠানোর সঙ্গে যুক্ত জিএসএসজি প্রতিষ্ঠানটি নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের প্রেসিডেন্সির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে নিজেদের আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্সিবিষয়ক মন্ত্রণালয়ের ‘পছন্দের নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লখনৌগামী ইন্ডিগো বিমানে হাতে লেখা হাইজ্যাকের হুমকির নোটে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০১ পি.এম


লখনৌগামী ইন্ডিগো বিমানে হাতে লেখা হাইজ্যাকের হুমকির নোটে আতঙ্ক

বেঙ্গালুরু থেকে লখনৌগামী বিমানে ছিনতাইয়ের হুমকি সংক্রান্ত হাতে লেখা নোটের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হিন্দুস্তান টাইমস বাংলার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিমানের শৌচালয় থেকে এক যাত্রী নোটটি উদ্ধার করেন।

ইন্ডিগোর ফ্লাইটটি ১৭৮ যাত্রী নিয়ে বেঙ্গালুরু থেকে লখনৌর উদ্দেশ্যে রওনা হয়েছিল। যাত্রা শুরু হওয়ার পরেই বিমানের শৌচালয় থেকে ওই হুমকি দেওয়া নোটটি উদ্ধার করা হয়। নোটটিতে লেখা ছিল, ‘বিমানটি হাইজ্যাক হতে চলেছে ঠিক ৬টা ৩০ মিনিটে। বার্তা অগ্রাহ্য করলে ফল ভোগ করতে হবে।’ পাইলট নোটটি হাতে পাওয়ার পর সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়ে দেন। এরপর বিমানটি ফিরে যায় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে।

অবতরণের পর সব যাত্রীকে নামিয়ে নেওয়া হয় এবং নিরাপত্তা কর্মীরা বিমানটি তল্লাশি করেন। পুলিশ যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করেছে।

এ ধরনের হুমকির ঘটনা নতুন নয়। তবে দিওয়ালি উৎসবের সময়কালে বিমান ঘিরে এই হাইজ্যাকের হুমকি দেওয়া চিঠি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%