০৯:২৬ পি.এম
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন প্যারামেডিকও রয়েছেন। গত ২৪ ঘণ্টায় এসব নিহতের ঘটনা ঘটেছে বলে লেবানন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খালিজ টাইমসের খবর অনুযায়ী, আজ বুধবার (৩ জুন) দক্ষিণ লেবাননে ইসরাইলের সর্বশেষ হামলায় অন্তত দুইজন প্যারামেডিক নিহত হয়েছেন। টাইর জেলার শুহুর এলাকায় আল-রিসালা অ্যাসোসিয়েশনের একটি অ্যাম্বুলেন্সকে সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হলে তারা নিহত হন।
এ হামলায় আরও একজন প্যারামেডিক গুরুতর আহত হয়েছেন। চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাকে দ্রুত অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। আল-জাহরানি অঞ্চলে অবস্থিত কাওথারিয়াত আল-রুজ শহরে একটি ইসরাইলি ড্রোনও আঘাত হেনেছে।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ‘নাবাতিয়েহ-কাফারতাবিনেহ সড়ক ধরে যাওয়ার সময় ইসরাইলি বিমান হামলায় লেবাননের সেনাবাহিনীর একজন সেনা নিহত হয়েছেন।’
আরও পড়ুন: ড. ইউনূসের রবেন আইল্যান্ড পরিদর্শন, নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা ছিল সেখানে
এছাড়া মায়ফাদুন এলাকাতেও ইসরাইল পৃথক একটি হামলা চালিয়েছে বলে এনএনএ জানিয়েছে। একই সময়ে বৈরুতের কাছে একটি গাড়িকেও লক্ষ্য করে পৃথক হামলা চালানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবারেও অন্তত ৮ জন নিহত হয়ে প্রায় ১০,৬৭৪ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩,৫১৬ জন নিহত হয়েছেন।
পাল্টা হামলা অব্যাহত রেখেছে লেবাননের হিজবুল্লাহও। গোষ্ঠীটি আজ বুধবার দাবি করেছে যে, তারা দক্ষিণ লেবাননের ওদাইসেহ এলাকার কাছে অবস্থানরত ইসরাইলি সেনাদের ওপর গোলাবর্ষণ করেছে।
সংগঠনটি তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে ওদাইসেহ এলাকার জাল আল-হাম্মার অঞ্চলে জড়ো হওয়া ইসরাইলি সেনাদের লক্ষ্য করে আর্টিলারি শেল নিক্ষেপ করা হয়।
আরও পড়ুন: আরব উপসাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত
হিজবুল্লাহর দাবি, এই হামলা ‘লেবানন ও তার জনগণের প্রতিরক্ষার জন্য’ এবং ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবে চালানো হয়েছে। তবে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন