মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:০৫ পি.এম
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : নেপালের ত্রিশুলি উপত্যকায় হিমবাহসৃষ্ট বন্যার ফলে ২ হাজার ৫০০টিরও বেশি ভবন ধ্বংস হয়ে গেছে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ গত ২৬ আগস্ট আঘাত হানে। এএফপি ইউরোপের কোপার্নিকাস পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে এই হিসাব করেছে।
কোপার্নিকাসের জরুরি ব্যবস্থাপনা পরিষেবার পর্যালোচনা অনুযায়ী, সম্ভাব্য ক্ষতিগ্রস্ত তিনটি এলাকার মোট ভবনের প্রায় দুই-তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ভবনগুলোও যদি বিবেচনায় নেওয়া হয়, তাহলে ক্ষতিগ্রস্ত স্থাপনার হার ১০টির মধ্যে সাতটিরও বেশি দাঁড়ায়। এই তথ্য বন্যার ভয়াবহতা স্পষ্ট করে। প্রবল স্রোত উপত্যকার ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি প্রকাশ করেছে।
রাজধানী কাঠমান্ডুর উত্তরে অবস্থিত তিমুরে, স্যাব্রুবেশি ও বিদুর শহরের কিছু অংশ এই ক্ষতিগ্রস্ত এলাকার অন্তর্ভুক্ত। দুর্যোগের আগে, এই অঞ্চলে প্রায় ৬ হাজার মানুষ বসবাস করতেন। নেপালের তৃতীয় সর্বাধিক জনবহুল শহর ভরতপুরের আশেপাশের এলাকার ছবিগুলো সোমবার সকালে পরীক্ষা করা হচ্ছিল। বিজ্ঞানীরা জানিয়েছেন, হিমালয়ের একটি বিশাল হিমবাহ ধসে পড়ার কারণে আকস্মিক এই বন্যার সৃষ্টি হয়েছে।
হিমবাহ থেকে প্রায় ২০ কিলোমিটার নিচে নেমে আসা পানির প্রবল স্রোত চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের সীমান্তসংলগ্ন গিরং সীমান্ত চৌকি অতিক্রম করে নেপালে প্রবেশ করে। ছোট সীমান্ত শহর তিমুরে এবং এর আশপাশের এলাকায় ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস হয়েছে।
দুর্যোগের ১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত স্যাব্রুবেশি এলাকায় প্রায় তিন-চতুর্থাংশ ভবন ধ্বংস হয়েছে। এই গ্রামটি বিখ্যাত লাংটাং ট্রেকের শুরুস্থান। হিন্দু তীর্থযাত্রীরাও এই পথটি নিয়মিত ব্যবহার করেন।
আরও নিচে, নুওয়াকোট জেলার প্রশাসনিক কেন্দ্র ও উদ্ধারকারী দলের ঘাঁটি বিদুরের আশপাশের নদী তীরবর্তী এলাকায় ১ হাজার ৮০০টির বেশি ভবন ধ্বংস হয়েছে। অর্থাৎ, প্রতি পাঁচটি ভবনের মধ্যে তিনটি ধ্বংস হয়েছে। বন্যার ফলে ঘরবাড়ির পাশাপাশি সড়ক ও সেতুও ধ্বংস হয়েছে। এর ফলে ত্রাণ পৌঁছানো এবং নিখোঁজদের সন্ধান চালানো আরও কঠিন হয়ে পড়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনের গলার দুটি সোনার চেইন চুরির অভিযোগে সিনারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়েছে। পরে তার দেহ তল্লাশি করে চেইন না পাওয়া গেলে এক্সরে পরীক্ষায় তার পেটের ভেতরে সোনার চেইন দুটির অস্তিত্ব শনাক্ত করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখানোর সময় এ ঘটনা ঘটে।
আটক সিনারা বেগম সিলেট জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসা বিবি ফাতেমা নামে এক নারীর গলায় থাকা সোনার চেইন দুটি কৌশলে টার্গেট করে একটি চক্র। সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় চক্রের সদস্যরা ধাক্কা দিয়ে তার গলার চেইন দুটি খুলে নেয়। এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সন্দেহ হওয়ায় সিনারা বেগমকে রোগীর স্বজনরা আটক করে তল্লাশি চালায়।
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়ে হাসপাতাল ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই নারীকে সুধারাম মডেল থানায় নেওয়া হলে জিজ্ঞাসাবাদে তিনি জানান, সোনার চেইন দুটি গিলে ফেলেছেন। এরপর এক্সরে পরীক্ষার মাধ্যমে তার পেটের ভেতরে চেইন দুটির অস্তিত্ব নিশ্চিত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সার্জারি বিভাগের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তার পেট থেকে সোনার চেইন দুটি বের করার ব্যবস্থা নেওয়া হবে।
সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, অভিযুক্ত নারী হাসপাতালে ভর্তি আছেন। ভুক্তভোগীদের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আমেরিকান কর্নারে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয় মেলা-২০২৬, যা শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সরাসরি তথ্য প্রদান করে।
মেলার উদ্বোধন ঘটে মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে আমেরিকান কর্নারে। এডুকেশনইউএসএ-র আয়োজনে, মেলাটি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলেছিল।
এতে যুক্তরাষ্ট্রের ৯টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সরাসরি অংশগ্রহণ করেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং রাজশাহী শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও প্রতিনিধিরা এ আয়োজনে অংশগ্রহণ করেন। মোট ১৫টি প্রতিষ্ঠান এতে অংশ নেয় এবং প্রায় ১১৬২ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছেন।
মেলায় শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার প্রোগ্রাম, বৃত্তির সুযোগ, একাডেমিক ও অন্যান্য সুযোগ-সুবিধা, আবেদন প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্ভাবনা সম্পর্কে তথ্য প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা সরাসরি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা-সংক্রান্ত প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নিজেদের পছন্দের প্রোগ্রাম ও উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানার সুযোগ পান। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এডুকেশনইউএসএ নিয়ে একটি বিশেষ সেশনও অনুষ্ঠিত হয়, যেখানে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতি, সম্ভাব্য সুযোগ এবং শিক্ষার্থীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, "প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করতে পেরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অত্যন্ত আনন্দিত। এই আয়োজন রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সরাসরি ও সঠিক তথ্য পাওয়ার সুযোগ তৈরি করে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, বৃত্তি এবং উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার পরিকল্পনা আরও সচেতনভাবে করতে পারবে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার সুযোগের সঙ্গে যুক্ত করতে এ ধরনের উদ্যোগকে গুরুত্ব দেবে।"
এডুকেশনইউএসএ-এর প্রতিনিধি লুইস কার্দেনাস বলেন, "বাংলাদেশ থেকে প্রতিবছর বহু শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছে। শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সঠিক ও প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে এডুকেশনইউএসএ একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছে।"
তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, বৃত্তি ও অন্যান্য সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এডুকেশনইউএসএ পরামর্শ কেন্দ্র রয়েছে, যেখানে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পেতে পারে।"
আয়োজকরা জানান, এ ফেয়ারের মাধ্যমে রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সম্ভাবনা সম্পর্কে বাস্তব ও প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র জুন মাসের চুক্তিতে ফিরে এলে ইরানও ‘তাৎক্ষণিকভাবে’ পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে। মঙ্গলবার কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ তথ্য ইরানের প্রেসিডেন্টের অফিসের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
পেজেশকিয়ান বলেন, ‘আমি স্পষ্টভাবে বলছি, যুক্তরাষ্ট্র যদি উল্লিখিত সমঝোতা স্মারকের আওতায় তার প্রতিশ্রুতিতে ফিরে আসে, তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানও তাৎক্ষণিকভাবে পাল্টা পদক্ষেপ নেবে।’ বার্তা সংস্থা এএফপি কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে এই খবরটি জানায়।
যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে ওই সমঝোতা স্মারকটি তৈরি করা হয়েছিল। এটি কয়েক মাস ধরে চলমান তেহরান ও ওয়াশিংটনের সংঘাতের অবসান ঘটানোর জন্য করা হয়েছিল। ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পরবর্তীতে চুক্তিটি ভেস্তে যায়। উভয় পক্ষই চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য পরস্পরকে দায়ী করে।
পেজেশকিয়ানের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধের একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। এক মাসের বেশি সময় ধরে তুলনামূলক শান্ত পরিস্থিতির পর সোমবার দুই দেশ আবারও পাল্টাপাল্টি হামলা শুরু করে।
তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ রেখেছে। তবে তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রও যদি একই পদক্ষেপ গ্রহণ করে, তাহলে চুক্তির আওতায় তারা হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার পাশাপাশি নিজেদের প্রতিশ্রুতিতে ফিরে যাবে।
সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের প্রতিশ্রুতিতে এবং তাদের প্রেসিডেন্ট যে চুক্তিতে স্বাক্ষর করেছেন, তাতে ফিরে আসতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘সেক্ষেত্রে সবকিছু আবার সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুর, ১ সেপ্টেম্বর, ২০২৬ : আজ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৈরি আবহাওয়া সত্ত্বেও হাজারো নেতা কর্মী উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয় আজ মঙ্গলবার ভোর ৬ টায় বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।
এরপর বেলা ১১ টায় একটি আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভায় সমাপ্ত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এসময় জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এলিজা জামান, সাবেক সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনসহ জেলা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ