০৯:০৮ পি.এম
পিজ্জা অর্ডার করার পর গ্রাহকরা হাতে পাওয়া পিজ্জার মান যাচাই করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করবে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পিজ্জা প্রস্তুতকারক প্রতিষ্ঠান পাপা জনস গ্রাহকদের কাছে পিজ্জার ছবি এবং মতামত চেয়ে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। ছবি পাঠিয়ে মতামত জানালে গ্রাহকরা বিনামূল্যে একটি পিজ্জা পাবেন।
এই উদ্যোগের মাধ্যমে পিজ্জার মান উন্নত করার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। তারা যাচাই করতে চায়, পিজ্জা সঠিকভাবে রান্না হয়েছে কি না, পনির পুড়ে গেছে কি না, পেপারোনি সসেজের টুকরাগুলো ঠিকভাবে কাটা হয়েছে কি না এবং বাইরের অংশের আকার সঠিক আছে কি না।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ৯ নভেম্বর এই প্রচারাভিযান শুরু হয় এবং এটি ২০ নভেম্বর পর্যন্ত চলবে। প্রথম কয়েক দিনে গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার ছবি ও মতামত সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার নিয়ন্ত্রণ এখন কন্যার হাতে
পাপা জনসের সিইও টড পেনেগর রয়টার্সকে জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন শাখায় পিজ্জার মানের অসংগতি দূর করা সম্ভব হবে। তিনি বলেন, "বিভিন্ন রেস্তোরাঁয় তৈরি পিজ্জার মানে পার্থক্য থাকাটা দীর্ঘদিন ধরে ব্র্যান্ডটির বড় দুর্বলতা।"
কিছু রেস্তোরাঁয় ইতোমধ্যে ক্যামেরার মাধ্যমে পিজ্জার মান যাচাইয়ের ব্যবস্থা রয়েছে। এসব ক্যামেরায় এআই ব্যবহার করে পিজ্জার পনির পুড়ে গেছে কি না, পেপারোনি ঠিকভাবে কাটা হয়েছে কি না এবং বাইরের অংশের আকার সঠিক আছে কি না, তা পরীক্ষা করা হয়।
তবে, প্রতিষ্ঠানটির বিশ্বজুড়ে প্রায় ৬ হাজার রেস্তোরাঁর মধ্যে মাত্র কয়েক শ শাখায় এ ধরনের ক্যামেরা রয়েছে। গ্রাহকদের পাঠানো ছবি ব্যবহার করে আরও বেশি রেস্তোরাঁয় কম খরচে পিজ্জার মান যাচাই করতে চায় প্রতিষ্ঠানটি।
টড পেনেগর জানিয়েছেন, গ্রাহকদের পাঠানো ছবি ও মতামত এক জায়গায় সংরক্ষণ করে বিশ্লেষণ করা হচ্ছে। তবে আপাতত গ্রাহকদের পাঠানো ছবি দিয়ে মান যাচাইয়ের পদ্ধতিটি ক্যামেরার মতো নির্ভুল নয়।
আরও পড়ুন: নৌপথ সচল করতে ৪ হাজার ৫০০ কিলোমিটার খননের উদ্যোগ
তিনি আরও জানান, পাপা জনস গুগল ক্লাউডের সঙ্গে যৌথভাবে এআই প্রযুক্তি নিয়ে কাজ করছে। নতুন এই ব্যবস্থা সেই প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, নিজেদের উদ্যোগেই তুলনামূলক কম খরচে এটি তৈরি করা সম্ভব হয়েছে।
পাপা জনসের এই উদ্যোগ এমন সময়ে এসেছে, যখন প্রতিষ্ঠানটির বিক্রিতে চাপ দেখা যাচ্ছে। ৫ নভেম্বর প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, আগের বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির বিদ্যমান রেস্তোরাঁগুলোর প্রান্তিক বিক্রি ৬ দশমিক ৫ শতাংশ কমেছে।
টড পেনেগরের মতে, গ্রাহকদের কাছ থেকে পাওয়া ছবি ও মতামত বিশ্লেষণ করে কোন সমস্যাগুলো আগে সমাধান করা প্রয়োজন, তা নির্ধারণ করা যাবে। একই সঙ্গে কোন রেস্তোরাঁয় পিজ্জার মান প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না, সে বিষয়েও সংশ্লিষ্ট শাখাগুলো স্পষ্ট ধারণা পাবে।
প্রতিষ্ঠানটি আশা করছে, গ্রাহকদের সরাসরি মতামত ও এআইয়ের মাধ্যমে ছবি বিশ্লেষণ করে পিজ্জার মান আরও উন্নত করা সম্ভব হবে।
আরও পড়ুন: রাইজ ও ডিজিটএক্স একসঙ্গে এআই উদ্ভাবন এগিয়ে নিতে কাজ করবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন