০২:৪৪ এম
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসীর ভিসা বাতিল হওয়া নিয়ে ইস্যু মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।
তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করে ভিসা বাতিল হওয়া প্রবাসীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। এছাড়া বাতিলকৃত প্রবাসীদের একটি সমন্বিত ডেটাবেজ তৈরির কাজও চলমান রয়েছে। কিন্তু এখনও ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। কারণের অনুসন্ধান চলছে এবং এ বিষয়ে সরকারিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সোমবার (১৭ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
মতবিনিময় সভায় মন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি সিআইপি, উদ্যোক্তা ও প্রবাসী ব্যবসায়ীদের মন্ত্রণালয়ে উষ্ণ অভিবাদন জানান। তিনি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখতে সিআইপি প্রবাসীদের অপরিসীম ভূমিকার কথা অত্যন্ত প্রশংসার সঙ্গে স্মরণ করেন।
আরিফুল হক চৌধুরী বলেন, ২০২৪ সালের জুলাই পরবর্তী সময় থেকে ফ্যামিলি, স্টুডেন্ট, ট্যুরিস্ট ও এমপ্লয়মেন্ট ভিসা এবং এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফারের ওপর আরোপিত কড়াকড়ি ও স্থবিরতা সম্পর্কে সরকার পূর্ণ অবগত রয়েছে। যৌথ কূটনীতি ও সর্বোচ্চ সরকারি পর্যায়ের হস্তক্ষেপের মাধ্যমে এই ভিসা সংকট দ্রুত নিরসনে মন্ত্রণালয় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এ প্রেক্ষাপটে তিনি দুবাই সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সিআইপি ব্যবসায়ীদের সুসম্পর্ককে কাজে লাগিয়ে ভিসা জটিলতা নিরসনে সম্পূরক ভূমিকা রাখার আহ্বান জানান।
দেশে প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে বিশেষ সুবিধাসমূহ তুলে ধরে মন্ত্রী প্রতিশ্রুতি দেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা হাই-টেক পার্কে প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য জমি, প্লট বা অবকাঠামো বরাদ্দে বিশেষ কোটা এবং কর ছাড় সুবিধা প্রদান করা হবে। বিডা, কাস্টমস, জাতীয় রাজস্ব বোর্ড এবং অন্যান্য সরকারি অফিসে ফাইলিং ও প্রশাসনিক জটিলতা মুক্ত করতে ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে 'ডিজিটাল ও দ্রুত সেবা' নিশ্চিত করা হবে।
মন্ত্রী সিআইপিদের মাধ্যমে সাধারণ প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় আইন-কানুন, প্রথা ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার জন্য সচেতন করার আহ্বান জানান। তিনি সংবেদনশীল বিষয়ে বা কোনো বিশেষ পরিস্থিতিতে ছবি/ভিডিও ধারণ করা, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বা এআই-এর অপব্যবহার করে নেতিবাচক প্রচার চালানো থেকে বিরত থাকার গুরুত্ব তুলে ধরেন। এর পাশাপাশি কোন ধরনের অবৈধ কর্মকাণ্ড বা অপরাধমূলক আচরণে লিপ্ত না হতে কনস্যুলেট ও মিশনের সঙ্গে যৌথভাবে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
রেমিট্যান্স প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, হুন্ডি প্রতিরোধ করে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ প্রেরণে সিআইপি ব্যবসায়ীদের অধীনস্থ কর্মীদের উদ্বুদ্ধ করতে হবে। অতি দ্রুত সর্বজনীন ও স্বচ্ছ 'প্রবাসী কার্ড' চালু করা হবে, যার মাধ্যমে দেশে সরকারি-বেসরকারি হাসপাতালে সাশ্রয়ী ও অগ্রাধিকারভিত্তিক চিকিৎসা এবং বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে অর্থ প্রেরণ নিশ্চিত হবে। এছাড়া প্রবাসীদের যাতায়াতে টিকিট সিন্ডিকেট ভাঙতে এবং যুক্তিসঙ্গত বিমান ভাড়া নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় ও এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল মতবিনিময় সভায় ভিসা চালুর জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ, বিদেশগমনেচ্ছু কর্মীদের মান উন্নয়ন, প্রবাসী কার্ড নিশ্চিতকরণ, সরকারি খরচে প্রবাসীদের লাশ দেশে আনা, দেশের হাসপাতালে প্রবাসীদের সাশ্রয়ী মূল্যে চিকিৎসা, প্রবাসী সন্তানদের শিক্ষা নিশ্চিতকরণ, সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট, ড্রাই ফুড প্রসেসিং প্ল্যান্ট স্থাপন এবং বিনিয়োগের মুনাফা বিদেশে প্রত্যাবাসনের সুযোগ প্রদানসহ সার্বিক বিষয়ে তাদের দাবি ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিএনপির মধ্যরাতের শোডাউন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন