বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০৮:৩৩ পি.এম
পিরোজপুরের কাউখালীতে কঁচা নদীতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার কঁচা নদীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের উদ্দেশ্যে এবং মৎস্য সম্পদ রক্ষার জন্য এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা।
অভিযানের নেতৃত্ব দেন কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আরমান হোসেন। অভিযান শেষে উপজেলা মৎস্য অধিদপ্তরকে বিষয়টি অবহিত করে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আরমান হোসেন মন্তব্য করেন, "কঁচা নদীসহ আশেপাশের নদীগুলোতে কোনো ধরনের অবৈধ জাল ব্যবহার করে দেশের মৎস্য সম্পদ ধ্বংস করতে দেওয়া হবে না। মা মাছ ও ছোট মাছ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা কোনো অবৈধ মৎস্য শিকারিকে ছাড় দেব না। দেশের মৎস্য সম্পদ রক্ষায় সাধারণ জনগণকেও সচেতন হয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী, ২৭ আগস্ট,২০২৬ : ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক রাজশাহী সিটি কর্পোরেশন কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গঠিত কমিটির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন জনসচেতনতা সৃষ্টি, মশা নিয়ন্ত্রণে ফগার স্প্রে, মশার উৎপত্তিস্থলে লার্ভা ধ্বংস এবং বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তবে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকেও সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়নে মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আরও পরিচ্ছন্ন, সুন্দর ও ডেঙ্গুমুক্ত রাজশাহী মহানগরী গড়তে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ কাজে মহানগরবাসীর সহযোগিতা কামনা করছি।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন গঠিত কমিটির সদস্য সচিব ও রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।
সভায় আরও উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, গঠিত কমিটির সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান মুক্ত, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. রোজী আরা খাতুন, রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের সাধারণ সম্পাদক ডা. মো. শামীম হোসেন চৌধুরী, এনজিও প্রতিনিধি খাজা তারেক, বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধি ডা. মো. শাকিল আহমেদ, রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বীরতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইস্রাফিল আলমের বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ (বৃহস্পতিবার) এক শোকবার্তায় রুহুল কবির রিজভী বলেন, আব্দুর রহমান শেখের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। তিনি একজন পরহেজগার এবং সজ্জন মানুষ হিসেবে প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুর রহমান শেখের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু পৃথক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় তিনি মরহুম আব্দুর রহমান শেখকে একজন পরহেজগার, সৎ ও বিনয়ী মানুষ হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্ধক্যজনিত কারণে আজ সকাল সোয়া ৭টায় আব্দুর রহমান শেখ ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট ২০২৬ : কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে অ্যাথলেটিক্স ইভেন্টের ১০০ মিটার ও শটপুট ডিসিপ্লিন। সকালে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হন রেদওয়ান সুলতান শুয়েব।
এছাড়া এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন শাফায়েত মিদুল। আর দ্বিতীয় রানার আপ হন মাহমুদুন্নবী চঞ্চল।
এরপর একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় অ্যাথলেটিক্সের আরেক ডিসিপ্লিন শটপুট। প্রতিযোগিতায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চ্যাম্পিয়ন হয়েছেন মনজুর এলাহী শান্ত। প্রথম রানার আপ হয়েছেন আজিজুল ইসলাম মামুন। আর ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হওয়া রেদওয়ান সুলতান শুয়েব, এই ডিসিপ্লিনে হয়েছেন দ্বিতীয় রানার আপ।
আগামীকাল শুক্রবার ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের দাবা ইভেন্ট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ার বিহারী লাল মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করে দ্বিতীয় তলা থেকে নিচতলায় নামানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেললে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।
অভিযোগের সূত্রে জানা যায়, বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ রহমত ইসলাম শৌচাগার থেকে ফেরার সময় বিএসসি শিক্ষক শাহ আলম বাইরে যাওয়ার অজুহাতে মারধর করেন। এক পর্যায়ে অভিযোগ করা হয় যে, ওই শিক্ষক শিক্ষার্থীর কলার ধরে মারতে মারতে টেনেহিঁচড়ে দ্বিতীয় তলা থেকে নিচতলায় নিয়ে আসেন। এতে রহমত আকস্মিক আঘাত ও আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেন।
ঘটনার খবর সহপাঠীদের মধ্যে ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা বিদ্যালয়ের মূল ফটক অবরোধ করে অভিযুক্ত শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আন্দোলন শুরু করে।
খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন দ্রুত বিদ্যালয়ে উপস্থিত হন। পরে শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। আলোচনায় শিক্ষার্থীদের দাবি মেনে কর্তৃপক্ষ একটি সমঝোতায় পৌঁছায়।
সমঝোতার ভিত্তিতে, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী রহমতের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং তাকে নতুন পোশাক প্রদান করা হবে। এছাড়া তার ফরম পূরণসহ পড়াশোনার যাবতীয় খরচ প্রধান শিক্ষক বহন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অনুমতিক্রমে বেলা ৩টার দিকে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। বর্তমানে বিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর চিকিৎসাসহ পড়াশোনার যাবতীয় খরচ বিদ্যালয়ের পক্ষ থেকে বহন করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ