বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৫২ পি.এম
লালপুর থানার পুলিশ নাটোরের লালপুরে ১০৬টি ইয়াবা ট্যাবলেটসহ এক পুলিশ কনস্টেবল এবং তার তিন সহযোগীকে আটক করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে মাদক বিক্রি ও পরিবহণে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা।
আটক হওয়া পুলিশ সদস্য আল আমিন (২৩) রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত। আল আমিন পানসিপাড়া গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, আটক অপর দুজন হলেন মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) এবং রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪)।
পুলিশের সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত ভোররাতে মোহরকয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় ওহিদুল মোল্লার টিনশেড বাড়ির একটি কক্ষে গিয়ে ওই তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০৬টি ইয়াবা ট্যাবলেট, দুটি মোটরসাইকেল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ইয়াবাগুলো বিক্রি ও পরিবহণের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। আল আমিন বর্তমানে রাজশাহী রেঞ্জের ডিআইজির নিরাপত্তা ইউনিটে কনস্টেবল পদে কর্মরত। একজন পুলিশ সদস্যের মাদকসংক্রান্ত ঘটনায় গ্রেফতারের বিষয়টি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মালতি পাড়ার গন্ধ পর দুলাল মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর দুপুরে গ্রামবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়।
মানববন্ধনে হুগড়া ইউপি সদস্য মোঃ আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, শাকিল, শাহিন মিয়া, মারুফ মিয়া, বিএনপি নেতা বাকি, ফরিদুল, সমাজসেবক এনায়েত করিম , গোলাপ মিয়া, হাসেন আলী , রাশেদুল সহ দুই শতাধিক লোকজন
অংশ নেন।
বিএনপি নেতা ফরিদুল ও বাকি বলেন, মামলাটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
পারিবারিক জমি জমা সংক্রান্ত সমস্যা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মামলা করেন নার্গিস আক্তার।
নার্গিস আক্তারের স্বামীর নাম
আব্দুর রাজ্জাক। হয়রানি করার উদ্দেশ্যে এ মামলাটি
আব্দুর রাজ্জাকের ছোট ভাই
শাহিন মিয়া, শাহীনের স্ত্রী ফরিদা বেগম, তার ভাতিজির জামাই শাকিল, তার চাচাতো ভাই রাশেদুল ও স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি খোকনদের নাম সন্দেহভাজন হিসেবে
জড়ানো হয়। এই মামলার
নিঃশর্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছে এলাকাবাসী।
রাজ্জাক ও শাহিনের ভাতিজা মারুফ মিয়া জানান, মামলাটি মিথ্যা।হয়রানি করার উদ্দেশ্যে এদের নাম জড়ানো হয়েছে।
আব্দুর রাজ্জাক ও শাহীন মিয়া দুজনেই আমার চাচা।
চুরির ঘটনা সাথে শাহিন, শাকিল, রাশেদুল, ফরিদা ও খোকন মিয়া জড়িত নয়।
এনায়েত করিম ও হাসেন আলী জানান,
আমাদের মামলার সাক্ষী বানানো হলেও এ বিষয়ে
আমরা জানিনা। ঘটনা তিনদিন পর তাদের বাড়িতে
আমাদের ডেকে নিয়েছিল আমরা তার বাড়িতে গিয়ে
জিনিসপত্র উলটপালট ও
ঘরের টিনের এক পাশ খোলা।
কিন্তু এই মামলার সাথে যাদের নাম জানানো হয়েছে এরা কেউই জড়িত নয়। পারিবারিক বিরোধের জেরে এটি করা হয়েছে।
মার্কেটের ব্যবসায়ী ডাক্তার গোলাম মোস্তফা জানান, যাদের নামে এই মিথ্যা মামলা দিয়েছে মামলা দিয়েছে তাদেরকে পূর্ব থেকেই আমি চিনি। ২৫ বছর যাবৎ আমি এখানে ব্যবসা করছি। মার্কেটের মালিক শাহিন মিয়া,
বিশিষ্ট ব্যবসায়ী শাকিল মিয়া,
রাশেদুল, খোকন ও ফরিদা বেগম তারা ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিত।
জমি সংক্রান্ত পূর্ব সপ্ততার জন্য এই মিথ্যা মামলার তদন্ত পূর্ব প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
এ বিষয়ে বাদী নার্গিস আক্তার জানান, আমার বাড়িতে টিভি ফ্রিজ, কাগজপত্র সহ বিভিন্ন জিনিস হারানো গিয়েছে।
এ বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে বের করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
নির্দোষ ব্যক্তির জন্য হয়রানি না হয়।
এ বিষয়ে ইউপি সদস্য আব্দুর রউফ জানান, আমি জনগণের সেবক। ভালো-মন্দ সকলেই আমাকে ডাকে। মামলাটি জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে হয়রানি করার উদ্দেশ্যে এটি করা হয়েছে। আমি চাই দোষী ব্যক্তি আইনের আওতায় আসুক। একই সঙ্গে নির্দোষ ব্যক্তি যেন হয়রানি না হয়।
সঠিক তদন্তের মাধ্যমে
পারিবারিক ভাবে বসে
সমাধান করলে ভাল হয়।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই মিজান জানান,
গত বারই আগস্ট চুরি হয়েছে
এর এই মর্মে ১৫ সেপ্টেম্বর
থানায় মামলাটি এজাহার ভুক্ত হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ৪১ বছর বয়সেও পর্তুগালের হয়ে খেলা ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে নিজের তুলনা নিয়ে রসিকতা করেছেন।
এখনও জাতীয় দলের হয়ে খেলা রোনালদোকে দেখে এমবাপ্পে মনে করেন, তাঁর মতো দীর্ঘ সময় ধরে খেলার সুযোগ তিনি পাবেন না। এমবাপ্পে রসিকতার ছলে বলেছেন, "ফ্রান্স আমাকে কখনোই ৪১ বছর পর্যন্ত খেলতে দেবে না।"
জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পেকে প্রশ্ন করা হয়েছিল, রোনালদোর মতো ৪১ বছর বয়স পর্যন্ত ফ্রান্সের হয়ে খেলে যাওয়ার বিষয়টি তাঁর কল্পনায় আছে কি না।
এমবাপ্পে হাসতে হাসতে বলেন, "সত্যি বলতে, আমি যে দেশের হয়ে খেলি, সেটা বিবেচনায় নিলে—ফ্রান্স আমাকে কখনোই ৪১ বছর পর্যন্ত খেলতে দেবে না।"
তবে রোনালদোর অসাধারণ দীর্ঘ ক্যারিয়ারের প্রশংসা করতে ভোলেননি এমবাপ্পে। তাঁর মতে, একজন ফুটবলার যদি শারীরিক ও মানসিকভাবে নিজেকে ঠিক রাখতে পারেন, তাহলে তিনি অনেক বছর সর্বোচ্চ পর্যায়ে খেলে যেতে পারেন—এটি রোনালদো প্রমাণ করেছেন।
এমবাপ্পে মনে করেন, তাঁর ক্ষেত্রে এত দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার সম্ভব নয়। বর্তমানে রোনালদোর বয়স ৪১, অন্যদিকে এমবাপ্পের বয়স ২৭। পর্তুগালের জাতীয় দলে রোনালদো এখনও নিয়মিত খেলছেন, আর ফ্রান্সের অধিনায়কত্ব করছেন এমবাপ্পে।
দুজনের সম্পর্ক মাঠের প্রতিদ্বন্দ্বিতার বাইরেও রয়েছে। ছোটবেলায় রোনালদোকে আদর্শ হিসেবে মানতেন এমবাপ্পে। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। সম্প্রতি এমবাপ্পে জানিয়েছেন, শৈশবের সেই আদর্শ এখন তাঁর পরামর্শ ও সমর্থনের একজন নির্ভরযোগ্য মানুষ।
সেপ্টেম্বরের আন্তর্জাতিক সূচিতে রোনালদো পর্তুগালের দলে আছেন। ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিরুদ্ধে মাঠে নামবে পর্তুগাল। এক দিন পর ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে ফ্রান্স।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা যদি আগামী মার্চে অনুষ্ঠিত হয়, তাহলে তার আগেই— অর্থাৎ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই— জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এই বিষয়টি জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা আসার পরে দেখলাম একটা বিশ্ববিদ্যালয়, সে ছেলেমেয়েদের অনার্স-মাস্টার্স সার্টিফিকেট দিচ্ছে এবং সে পাশ কোর্স এবং অন্যান্য প্রফেশনাল কোর্সের সার্টিফিকেট দিচ্ছে। কিন্তু কোনো ভর্তি পরীক্ষা নাই এবং এটা একটা স্কোরিং করা হচ্ছে। একটা তার রেজাল্ট যেটা আছে এসএসসি এবং এইচএসসিতে সেটাকে এভারেজ করে একটা রেজাল্ট দিয়ে দেওয়া হচ্ছে। এতে যেটা দেখতে পেয়েছি, যে মেয়েটা ফিজিক্স পড়তে চায়, সে পেয়ে গেছে হয়তো ইতিহাস। অথবা যে বাচ্চাটা একটা সাবজেক্ট পড়তে চায়, কম্পিউটার সায়েন্স পড়তে চায়, সে হয়তো দেখা গেল পেয়ে গেছে সামাজিক বিজ্ঞানের কোনো একটা সাবজেক্ট।"
উপাচার্য আরও বলেন, "এরকম একটা অবস্থার ভেতরে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমাদের একটু সেনসিটিভিটি আছে। ভর্তি পরীক্ষা সারা দেশব্যাপী ৫০০ উপজেলা, ৬৪টা জেলায় আমার ভর্তি পরীক্ষা হবে। সেটা একটা বিশাল বড় ম্যানেজমেন্ট। সব থেকে বড় এসএসসি এসএসসির মতো একটা বড় ম্যানেজমেন্ট। কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা পারব কিনা। আমরা অনেকগুলো মিটিং করার পরে, ব্রেইনস্টর্মিং করার পরে আমরা দেখলাম যে আমরা পারব। আমরা ইনশাআল্লাহ দুইটা ভর্তি পরীক্ষা নিয়েছি, সফলভাবে নিয়েছি।"
তিনি আরও জানান, "ছেলেমেয়েরা খুশি এবং উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভর্তি পরীক্ষা দিয়েছে। এবং এতে একটা জিনিস হয়েছে যে ছেলেমেয়েরা ভর্তি পরীক্ষার মাধ্যমে তার ভিতরে একটা সেন্স অব বিলংগিংনেস। যে আমি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আগে মনে করত যে আমি একটা বোর্ডে জিজ্ঞাসা করলে বলত কোথায় যাচ্ছ? বলে গাজীপুর বোর্ডে যাচ্ছি। এখন বলার চেষ্টা করছে যে আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। আর সেন্স অব বিলংগিংনেস, তারপরে তার যে একটা প্রাইড। যখন আমার বড় বড় কলেজের সেন্টারে ভর্তি পরীক্ষা হয়, আপনারা দেখবেন যে হাজার হাজার ছেলেমেয়েরা আসছে ভর্তি পরীক্ষা দিতে, তাদের বাবা-মা আসছে, একটা উৎসবমুখর পরিবেশে এ ভর্তি পরীক্ষাটা হচ্ছে। এখানে মেরিটটা এমনভাবে যাচ্ছে যে যেটা পড়তে চাচ্ছে, তার একটা চয়েস, সেটা সুযোগটা পাচ্ছে এবং জেনুইনলি পাচ্ছে, তার স্কোরের উপরে ভিত্তি করে।"
এ এস এম আমানুল্লাহ আরও বলেন, "আমরা আশা করছি আগামীতে ভর্তি পরীক্ষা চলবে। আমাদের অন-ক্যাম্পাসেও ভর্তি পরীক্ষা ছিল না। এখানে আমরা ভর্তি পরীক্ষা চালু করেছি। তবে আমাদের এবার বড় ভর্তি পরীক্ষাটা চেষ্টা করব গুচ্ছের আগে। জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে নেওয়া যায় কিনা? গুচ্ছটা হয়তো মার্চের দিকে নিতে পারে। গুচ্ছ যদি মার্চের দিকে নেয়, আমরা চেষ্টা করব জানুয়ারি-ফেব্রুয়ারি দিকেই আমাদের ভর্তি পরীক্ষা নিয়ে নিতে।"
তিনি উল্লেখ করেন, এবারের ভর্তি পরীক্ষায় খুব বেশি একটা পরিবর্তন হবে না। আগের মতোই প্রশ্ন থাকবে। তবে প্রিপারেশন নিতে হবে। যদি ভালো কলেজ চান, ভালো সাবজেক্ট যদি চান এবং আপনার ভালো ক্যারিয়ার যদি করতে চান, তাহলে আপনাকে মোটামুটি ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে হবে। এবার অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো প্রিপারেশন নিয়েই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার অন্যতম আসামি মোজাম্মেল হোসেন ফাহাদ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, দেড় বছর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাঁজাসহ সাত কিশোরকে আটক করা হয়েছিল।
ছবিতে একজনকে ফাহাদ বলে দাবি করা হলেও পরিবারের সদস্য এবং তৎকালীন সহকারী প্রক্টর জানিয়েছেন, ছবির ছেলেটি ফাহাদ নয়, বরং তিনি মাহিম। এ বিষয়ে মাহিম নিজেও একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন।
জানা গেছে, ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের লালন চত্বর থেকে সাত কিশোরকে গাঁজাসহ আটক করা হয়। ওই সময় ছবিটি দেখে তৎকালীন সহকারী প্রক্টর জানিয়েছিলেন, ছবির ছেলেটি ফাহাদ। অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ারও একই দাবি করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশিত হয়। তবে পরবর্তীতে তৎকালীন সহকারী প্রক্টর জানান, ছবির ছেলেটি ফাহাদ নয়, তিনি মাহিম।
সেই সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে ছিলেন অপ্রতিমের মা ড. নাহিদা বেগম। তিনি বলেন, "ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে আমি অনেক মাদকসেবী ও মাদককারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছি। ওই ঘটনার কারণে আমার ছেলে অপ্রতিমকে টার্গেট করা হয়ে থাকলে আমি তা মেনে নেব না।"
জানা গেছে, সাত কিশোরকে গাঁজাসহ আটকের ঘটনায় নেতৃত্ব দেন তৎকালীন কুবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. নাহিদা বেগম। এ সময় দুই সহকারী প্রক্টর মাহমুদুল হাসান রাহাত ও মুতাসিম বিল্লাহ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে জব্দ করা গাঁজাও ধ্বংস করা হয়েছিল।
ঘটনার প্রায় দেড় বছর পর গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম। পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় চারজনকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ফাহাদও রয়েছে। তবে দেড় বছর আগে কুবিতে গাঁজাসহ আটক হওয়ার ছবিতে থাকা ছেলেটি ফাহাদ নয় বলে জানিয়েছেন মাহিম। অপ্রতিম হত্যা মামলায় গ্রেফতার তিন আসামি ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ভিডিও বার্তায় মাহিম যা বললেন
ভিডিও বার্তায় মাহিম বলেন, ‘২০২৫ সালে ভার্সিটির একটা কনসার্ট ছিল। কনসার্টে আমরা গিয়েছিলাম। তারপর আমরা বন্ধুরা পাহাড়ের উপরে উঠছিলাম একটু আড্ডা দেব, গানটান করব—এই হিসেবে। তারপর ম্যাম (ড. নাহিদা বেগম) এসে অভিযান চালিয়েছিলেন। আমাদের কাছ থেকে কিছু পাননি। সেখান থেকে একটু দূরে পেয়েছিলেন। এরপর ম্যাম এসে আমার কাছ থেকে মুচলেকা নিয়েছিলেন। নেওয়ার পর বলেছিলেন, তোমাদের পরীক্ষা সামনে। এরপর অভিভাবক ডেকে আমাদের ছেড়ে দেওয়া হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘এখন ওই নিউজটা আবার ছাড়তেছে। আর ওই ছবির ভেতরে আমি মাহিম ছিলাম, কোনো ফাহাদ না। ওইটা আমার ছবি ছিল। আর ওদের সঙ্গে যে তুহিন, তারপরে ফাহাদ, আরও কে কে—ওদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। ওদের আমি চিনিও না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহ বলেন, ‘মাহিমের পরিবার আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তারা বলেছে, এটা ফাহাদ না। এটা মাহিম।’
২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি কুবি ক্যাম্পাসের লালন চত্বর থেকে গাঁজাসহ আটক হওয়ার একটি ছবি প্রতিনিধির হাতে এসেছে। ছবিতে একজনকে চেক শার্ট, ট্রাউজার ও সাদা-কালো শীতের পোশাক পরা অবস্থায় দেখা যায়। ছবিটিকে শুরুতে কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট অনেকে ফাহাদের ছবি বলে জানিয়েছিলেন। পরে জানা যায়, ছবির ছেলেটি মাহিম।
এর আগে গণমাধ্যমকে ড. নাহিদা বেগম বলেছিলেন, প্রক্টরিয়াল টিমের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ আমরা মাদকসহ এ সাতজনকে আটক করেছি। তাদের ভাষ্যমতে, সবার বয়স ১৮ বছরের কম। ভবিষ্যতে তারা যাতে কোনো বড় অপরাধে জড়িত না হয়, সেজন্য মুচলেকা নিয়ে অভিভাবকদের হাতে তাদের হস্তান্তর করা হয়েছে।
ফাহাদকে নিয়ে ভিন্ন বক্তব্য
মামলার আসামি মোজাম্মেল হোসেন ফাহাদ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সালমানপুর (মেম্বার বাড়ি) এলাকার মমিন হোসেন ও জুলি আক্তারের ছেলে। তার বাবা অটোরিকশাচালক। ফাহাদ ময়নামতি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, চলতি মাসের ২ তারিখে অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ারের ইলেকট্রিক অফিসে চাকরি নেয় ফাহাদ। তিনি বলেছিলেন, দেড় বছর আগে কুবিতে গাঁজাসহ আটকের সময় সাত কিশোরের সঙ্গে থাকা ছেলেটিই ফাহাদ।
তবে ফাহাদের মা জুলি আক্তার এ দাবি অস্বীকার করে বলেন, ‘এখানে ফাহাদ নেই।’ যদিও তৎকালীন সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহ বলেছিলেন, ‘এটা ফাহাদ। তারা সবাই মুচলেকা দিয়ে প্রক্টর অফিস থেকে গিয়েছে। তাদের পরিবারের লোকজনও এসেছিল।’ পরে তিনি এ বক্তব্য সংশোধন করেন।
‘আমার ছেলেকে অপরাধী বানানোর চেষ্টা হচ্ছে’
এদিকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা অপ্রতিমের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় ড. নাহিদা বেগম বলেন, ‘আমার ছেলেকে বিভিন্ন আইডি থেকে ব্লেম করা হচ্ছে। আমার ছেলে কিছু বোঝে? আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে আমি এটা কখনই মেনে নেব না। আমি শুধু আমার ছেলের জন্য বিচার চাই না। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তারা জেল থেকে বের হলে আরও কত বাচ্চার জীবন নেবে, কত বাচ্চার জীবন ধ্বংস করবে—সেটা নিয়েও আমি চিন্তিত। আমি চাই, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক।’
ড. নাহিদা বেগম আরও বলেন, বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানা উপায়ে অপ্রতিমকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে তিনি অনেক মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ওই ঘটনার কারণে তার ছেলেকে টার্গেট করা হয়ে থাকলে তিনি তা মেনে নেবেন না।
তিনি বলেন, আমার কোনো দোষ থাকলে আমাকে শাস্তি দেওয়া হোক। মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি আমার অপরাধ হয়, তাহলে তার শাস্তি আমি পাব। আমার ছেলে কেন এর শাস্তি পাবে? আমার ছেলেকে কেন মেরে ফেলা হলো? আমার ছেলেকে তাদের সঙ্গে জড়িয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেও তাদেরই একজন। অথচ আমার ছেলে নিষ্পাপ, ছোট বাচ্চা। সে এসবের কিছুই বোঝে না।
এ সময় কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) কাইমুল হক রিংকু, সরকারি আইন কর্মকর্তা (জিপি) তারেক আবদুল্লাহ, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি শহীদ উল্লাহ, সাধারণ সম্পাদক মাহাবুবুল হক খন্দকার এবং সাবেক সভাপতি শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ