ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মিলানে সেনা মোতায়েন, ইতালিতে বিক্ষোভে উত্তাল পরিস্থিতি


মিলানে সেনা মোতায়েন, ইতালিতে বিক্ষোভে উত্তাল পরিস্থিতি

ইতালির মিলান, রোম, তুরিনসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ শিক্ষা, দুর্নীতি, যুদ্ধবিরোধী আন্দোলন, পেনশন ও আবাসনসংকটের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। মিলানে গত সপ্তাহের বিক্ষোভে সংঘর্ষ ও লুটপাটের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে কর্তৃপক্ষ ৫ হাজারের বেশি সেনা ও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করেছে। শনিবার এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মিলানে বিক্ষোভের মধ্যে পরিস্থিতি মোটামুটি শান্ত থাকলেও রোম ও তুরিনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে সংক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই দিনে ইউরোপের আরও কয়েকটি শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মিলানে অতিরিক্ত ৫০০ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। শহরটিতে এর আগে থেকেই কয়েকশ সেনা দায়িত্ব পালন করছিলেন। নতুন সেনা মোতায়েনের ফলে প্রায় ৫ হাজার পুলিশ ও অন্যান্য নিরাপত্তাকর্মীর পাশাপাশি সামরিক সদস্যদের উপস্থিতি বৃদ্ধি পায়।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

নিরাপত্তা জোরদারে ড্রোনের মাধ্যমে নজরদারি, রেলস্টেশনে তল্লাশি, দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন এবং অনলাইনে সহিংসতার সম্ভাব্য আহ্বান পর্যবেক্ষণ করা হচ্ছে। গত সপ্তাহের সহিংসতায় অপ্রাপ্তবয়স্কদের বড় অংশের সম্পৃক্ততার কথা জানিয়ে মেলোনি তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেছেন।

শহরের ফ্যাশন এলাকায় ওমেগা, টিফানি ও গুচির মতো বিলাসবহুল ব্র্যান্ডের দোকানগুলোর সামনের কাচের অংশ সুরক্ষিত করে রাখা হয়েছে। অ্যাপল স্টোরও বন্ধ ছিল। তবে বিকেলের দিকে অধিকাংশ দোকান খুলে দেওয়া হয়।

গত সপ্তাহান্তে মিলানের কেন্দ্রীয় দুওমো চত্বরের আশপাশের সড়কগুলোতে কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছিল। এবার নিরাপত্তাব্যবস্থা শহরের কেন্দ্রের বাইরেও বিস্তৃত করা হয়েছে, যাতে বিক্ষোভ অন্য এলাকায় ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।

শনিবার সন্ধ্যায় মিলান পলিটেকনিকের বাইরে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

আরও পড়ুন: সুদানে স্বর্ণের খোঁজে শ্রমিকেরা জীবন ঝুঁকিতে, খনিতে প্রাণ হারাচ্ছেন

বিক্ষোভের পেছনে নানা দাবি

ইতালির শহরগুলোতে চলমান বিক্ষোভে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো, দুর্নীতি বন্ধ, যুদ্ধবিরোধী অবস্থান, পেনশন সুরক্ষা ও আবাসনসংকট নিরসনের মতো নানা দাবি উঠে এসেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে মিলানে সহিংসতা ও লুটপাটে প্রায় দুই হাজার তরুণ অংশ নিয়েছিল। তাদের মধ্যে অনেকেই অপ্রাপ্তবয়স্ক। দুই দিনে পুলিশ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ৩৪ জন অপ্রাপ্তবয়স্ক।

এদিকে শনিবার বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট নতুন গঠিত ‘অক্টোবর ১৭’ আন্দোলনের ৩০ বছর বয়সি এক ফ্রিল্যান্স সাংবাদিককে নিয়ে তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তারা তাকে আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক হিসেবে সন্দেহ করছেন।

আরও পড়ুন: জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কোফলারের আবুল খায়ের স্টীল মেল্টিং লিমিটেড পরিদর্শন

রোমে সংঘর্ষ, তিরানায় সহিংসতা

রোমে বিলাসবহুল বিপণিবিতানসংলগ্ন সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্কাস ম্যাক্সিমাস ও পিয়াজা দেল পোপোলোর আশপাশেও নজরদারি বাড়ানো হয়েছে। একদল বিক্ষোভকারী কলোসিয়ামে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাদের বের করে দেন। তবে কয়েক শ শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে জানান, তারা সহিংসতার সঙ্গে যুক্ত নন।

রোমে পৃথক একটি যুদ্ধবিরোধী মিছিলেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংক্ষিপ্ত সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করলে বিক্ষোভকারীরা পিছু হটেন।

অন্যদিকে, আলবেনিয়ার রাজধানী তিরানায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ আরও সহিংস রূপ নেয়। কিছু বিক্ষোভকারী সরকারি ভবনে আগুন ধরিয়ে দেন এবং পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আড়াই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

আরও পড়ুন: হলুদ বিন্দু দেখে খননে ২ কোটি টাকার স্বর্ণের খণ্ড উদ্ধার

আলবেনিয়ায় উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউশন ফি কমানোর, শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর এবং শিক্ষা খাতের দুর্নীতি বন্ধের দাবি জানাচ্ছেন। তাদের একাংশ প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে বৃহত্তর সরকারবিরোধী আন্দোলনেও যোগ দিয়েছেন। রামা শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন এবং সহিংসতায় জড়িতদের শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন।

স্পেনে পেনশন, পর্তুগালে আবাসনের দাবিতে মিছিল

স্পেনের রাজধানী মাদ্রিদে হাজারো অবসরপ্রাপ্ত ব্যক্তি ও অন্যান্য নাগরিক পেনশনব্যবস্থায় পরিবর্তনের বিরোধিতা করে শান্তিপূর্ণ মিছিল করেছেন। তাদের আশঙ্কা, সরকারি পেনশন বেসরকারীকরণের উদ্যোগ নেওয়া হতে পারে।

আগামী মাসে স্পেনে আগাম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে পেনশনব্যবস্থা নিয়ে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল ও রক্ষণশীল বিরোধীদের মধ্যে বিতর্ক তীব্র হয়েছে। দেশটিতে বাড়ি ও ভাড়ার মূল্য বেড়ে যাওয়ায় আবাসনসংকট নিয়েও সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ হয়েছে।

আরও পড়ুন: ফ্লাভিও বলসোনারোর পাসপোর্ট বাতিল

একই দিনে পর্তুগালের রাজধানী লিসবনে সাশ্রয়ী আবাসনের দাবিতে মিছিল করেন বিক্ষোভকারীরা। দেশটির সরকারের প্রস্তাবিত কিছু পদক্ষেপের বিরোধিতা করছেন তারা। এসব পদক্ষেপের মধ্যে বার্ষিক ভাড়া বৃদ্ধির সীমা শিথিল করা এবং ভাড়া দিতে ব্যর্থ ভাড়াটিয়াদের উচ্ছেদ সহজ করার বিষয় রয়েছে।

পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো বলেছেন, এসব পদক্ষেপের লক্ষ্য বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের মধ্যে আস্থা বাড়ানো এবং ভাড়াবাড়ির বাজারকে শক্তিশালী করা। তবে বিক্ষোভকারীদের দাবি, এতে ভাড়াটিয়ারা আরও অনিরাপদ অবস্থায় পড়বেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৪ দিন পর ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


৩৪ দিন পর ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা

শ্রেণিকক্ষে ফিরতে চান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক-শিক্ষার্থীরা, দীর্ঘ ৩৪ দিনের অচলাবস্থা কাটানোর পর। তবে, সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার শিক্ষকদের উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে শিক্ষার্থীরা ক্লাসে ফেরার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে তাদের সহযোগিতা কামনা করেছেন। একই দিন শিক্ষক সমিতির সাধারণ সভায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খোলা চিঠিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার কারণে তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে তাদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা বাড়ছে। তারা আর এই ক্ষতি বাড়াতে চান না এবং দ্রুত একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করে শ্রেণিকক্ষে ফিরতে চান।

তবে, ক্লাসে ফেরার সিদ্ধান্তকে আন্দোলন থেকে সরে আসা হিসেবে দেখার সুযোগ নেই বলে চিঠিতে উল্লেখ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে। এই দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলন চলছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

শিক্ষার্থীরা আরও জানান, নতুন নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশ করলে তারা আবারও কঠোর আন্দোলনে যাবেন। ন্যায্য দাবি আদায়ে তারা ঐক্যবদ্ধ থাকবেন বলেও উল্লেখ করেন।

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, তারা সংঘাত বা অচলাবস্থা চান না। বরং, পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের দাবি আদায় করতে চান। তাই একাডেমিক কার্যক্রম সচল করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ ও দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তারা।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা চান, দ্রুত স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরে আসুক। তবে, ক্লাসে ফেরা মানে তাদের ন্যায্য দাবি থেকে সরে আসা নয়। সায়েম স্যারের পুনর্বহালের দাবিতে তাদের আন্দোলন চলবে। তারা সংঘাত নয়, সংকটের সম্মানজনক সমাধান চান।

এদিকে, আজ দুপুরে শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সমিতির যুগ্ম সম্পাদক সামিউন বাসির।

তিনি বলেন, তাদের সাধারণ সভায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীরাও ক্লাসে ফিরতে চান বলে তারা জানিয়েছেন। বাকি সিদ্ধান্তগুলো বিবৃতি দিয়ে জানানো হবে।

ক্লাস শুরুর তারিখ সংশ্লিষ্ট বিভাগগুলো নিজ নিজভাবে নির্ধারণ করবে বলেও জানান সামিউন বাসির।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন শুরু করেন শিক্ষার্থীরা।

একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি পালন করছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস-পরীক্ষাসহ অধিকাংশ একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেজামে ইসলাম পার্টির উদ্বেগ: আইনশৃঙ্খলার অবনতি রাষ্ট্রের জন্য অশনিসংকেত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


নেজামে ইসলাম পার্টির উদ্বেগ: আইনশৃঙ্খলার অবনতি রাষ্ট্রের জন্য অশনিসংকেত

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী এবং মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

রোববার একটি যৌথ বিবৃতিতে তারা এই উদ্বেগের কথা জানিয়ে বলেন, খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধের বিস্তারে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ক্রমেই বাড়ছে। সরকারকে অবিলম্বে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

নেজামে ইসলাম পার্টির শীর্ষ নেতারা উল্লেখ করেন, নাগরিকের জানমালের নিরাপত্তা বিধান এবং স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা দেওয়া সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। যদি মানুষ ঘর থেকে বের হয়ে নিরাপদে কর্মস্থলে পৌঁছাতে না পারে, ব্যবসা-বাণিজ্য পরিচালনায় শঙ্কিত থাকে কিংবা সন্ধ্যার পর রাস্তাঘাটে চলাচলে আতঙ্ক বোধ করে, তবে এটি কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়, বরং রাষ্ট্রের প্রতি জনগণের আস্থার জন্য একটি গুরুতর অশনিসংকেত।

তারা আরও বলেন, অপরাধী যে দল, মত বা পরিচয়েরই হোক না কেন, তাকে রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবের সুযোগ না দিয়ে কঠোর হাতে আইনের আওতায় আনতে হবে। অপরাধ দমনের নামে যেন নিরপরাধ কোনো নাগরিক হয়রানির শিকার না হন এবং অপরাধীর রাজনৈতিক পরিচয় বা প্রভাবে আইন প্রয়োগে কোনোভাবেই বাধা সৃষ্টি না হয়, তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবিজি ইউনিভার্সিটি কাপের উদ্বোধনী ম্যাচে সোনারগাঁও ও এআইইউবি মুখোমুখি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


এবিজি ইউনিভার্সিটি কাপের উদ্বোধনী ম্যাচে সোনারগাঁও ও এআইইউবি মুখোমুখি

অপেক্ষার অবসান ঘটিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ মাঠে শুরু হয়েছে।

এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে টসের মুহূর্তটি ধারণ করা হয়েছে। ছবি: মীর ফরিদ

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করছে সোনারগাঁও ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, এআইইউবি আগে ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে ২ উইকেটে ১২ রান সংগ্রহ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হংকংয়ে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম দিলেন সবুজ অর্থায়নের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


হংকংয়ে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম দিলেন সবুজ অর্থায়নের বার্তা

পরিবেশ সুরক্ষা, সবুজ অর্থায়ন এবং প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

রোববার (২৫ অক্টোবর) হংকং সফরের সময় প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী সমাজ এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বাংলাদেশ কনস্যুলেটে ‘সুন্দরবন লাউঞ্জ’ উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। দূষণ নিয়ন্ত্রণ, বনভূমি সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সবুজ অর্থায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং প্রকৃতিনির্ভর সমাধানের সুযোগ গ্রহণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকারের পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। প্রায় ৩ কোটি ৫৪ লাখ বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে এবং রোপিত গাছের পরিচর্যা ও সুরক্ষা নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।

শেখ ফরিদুল ইসলাম পাহাড় কাটা ও বনভূমি দখল রোধের ওপর গুরুত্বারোপ করেন এবং দখলকৃত বনভূমি উদ্ধারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বুড়িগঙ্গা, তুরাগ ও ধলেশ্বরী নদীর দূষণ প্রসঙ্গে তিনি জানান, ৪২৪টি পয়েন্ট থেকে এসব নদীতে দূষণ হচ্ছে। নদীদূষণ রোধের পাশাপাশি ইটের বিকল্প হিসেবে কংক্রিট ব্লকের ব্যবহার বৃদ্ধির প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেন।

পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে প্রধানমন্ত্রীর গভীর আগ্রহের কথা উল্লেখ করে তিনি কার্বন ক্রেডিট এবং প্রকৃতিনির্ভর সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

মতবিনিময়ে মোংলা বন্দরের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ, সবুজ অর্থায়ন এবং রেমিট্যান্স বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা হয়।

এ সময় হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর, কনস্যুলেটের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিমন্ত্রীর এ সফরে হংকংয়ে ‘ইকো এক্সপো এশিয়া ২০২৬’ ও ‘বেল্ট অ্যান্ড রোড গ্রিন ইনোভেশন কনফারেন্স’-এ অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। একই সফরে চীনের হুনান প্রদেশে সবুজ প্রযুক্তিবিষয়ক ফোরাম এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%