০৬:৪০ পি.এম
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী এবং মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
রোববার একটি যৌথ বিবৃতিতে তারা এই উদ্বেগের কথা জানিয়ে বলেন, খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধের বিস্তারে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ক্রমেই বাড়ছে। সরকারকে অবিলম্বে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
নেজামে ইসলাম পার্টির শীর্ষ নেতারা উল্লেখ করেন, নাগরিকের জানমালের নিরাপত্তা বিধান এবং স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা দেওয়া সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। যদি মানুষ ঘর থেকে বের হয়ে নিরাপদে কর্মস্থলে পৌঁছাতে না পারে, ব্যবসা-বাণিজ্য পরিচালনায় শঙ্কিত থাকে কিংবা সন্ধ্যার পর রাস্তাঘাটে চলাচলে আতঙ্ক বোধ করে, তবে এটি কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়, বরং রাষ্ট্রের প্রতি জনগণের আস্থার জন্য একটি গুরুতর অশনিসংকেত।
আরও পড়ুন: মোহাম্মদপুরে বিএনপি নেতা মাসুম খান রাজেশ গ্রেফতার
তারা আরও বলেন, অপরাধী যে দল, মত বা পরিচয়েরই হোক না কেন, তাকে রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবের সুযোগ না দিয়ে কঠোর হাতে আইনের আওতায় আনতে হবে। অপরাধ দমনের নামে যেন নিরপরাধ কোনো নাগরিক হয়রানির শিকার না হন এবং অপরাধীর রাজনৈতিক পরিচয় বা প্রভাবে আইন প্রয়োগে কোনোভাবেই বাধা সৃষ্টি না হয়, তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন