ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নামফলক বহাল, বিসিবির বার্তা


শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নামফলক বহাল, বিসিবির বার্তা

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নামফলক সরানোর অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে বিষয়টি নিয়ে অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটি জানিয়েছে, শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নাম বাতিল কিংবা পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং নামফলকও সরানো হয়নি।

বুধবার (২৬ আগস্ট) রাতে সাবেক ক্রীড়া উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়ার একটি ফেসবুক পোস্টের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যান্ডটির নামফলক সরিয়ে নেওয়ার দাবি ছড়িয়ে পড়ে।

তবে বিসিবির দাবি, যাচাই-বাছাই ছাড়াই পুরোনো ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। বোর্ডের ভাষ্য অনুযায়ী, শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নামফলক আগের জায়গাতেই রয়েছে।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সাক্ষাৎ

এ বিষয়ে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সম্প্রতি কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হয়, বর্তমান বোর্ড প্রশাসন মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা স্ট্যান্ডটি বাতিল করেছে। তবে এ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে ক্রিকেট বোর্ড।

বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম কিংবা দেশের অন্য কোনো আন্তর্জাতিক ভেন্যুর কোনো স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার বিষয়ে বোর্ড কোনো সিদ্ধান্ত নেয়নি।

বোর্ড আরও জানায়, চলতি বছরের শুরুতে বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর মিরপুরে তিনটি আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হয়েছে। এসব ম্যাচে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডসহ সব স্ট্যান্ডের নাম মাঠে উপস্থিত দর্শক এবং টেলিভিশন সম্প্রচারে দৃশ্যমান ছিল। ম্যাচের টিকিট ও প্রচারসামগ্রীতেও স্ট্যান্ডগুলোর নাম উল্লেখ করা হয়েছে।

তবে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে কোনো স্ট্যান্ডের নামসংবলিত সাইনেজ ক্ষতিগ্রস্ত হলে তা সাময়িকভাবে সরিয়ে নেওয়া হতে পারে বলেও জানিয়েছে বিসিবি। এ ধরনের কাজ সাধারণত ম্যাচ না থাকার সময়ই করা হয়।

আরও পড়ুন: হাসপাতালে সাংবাদিক এনাম সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রিজভী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ তার নামে স্ট্যান্ডটির নামকরণ করা হয়েছে উল্লেখ করে বিসিবি বলেছে, এ বিষয়ে বিভ্রান্তি বা জল্পনার কোনো সুযোগ নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা প্রচারণা হিসেবে দেখছে ক্রিকেট বোর্ড। বিসিবির দাবি, এসব প্রচেষ্টার উদ্দেশ্য বর্তমান বোর্ডের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করা। বোর্ডের নীতিমালা অনুযায়ী এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ও যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার বিসিবি সংরক্ষণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিসা জালিয়াতি রোধে যুক্তরাষ্ট্রে বিশেষ নজরদারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


ভিসা জালিয়াতি রোধে যুক্তরাষ্ট্রে বিশেষ নজরদারি

যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় বিদেশিরা আসল উদ্দেশ্য গোপন করেছিলেন কি না, তা যাচাই করতে হাজার হাজার সাময়িক ভিসা পর্যালোচনা করছে মার্কিন প্রশাসন। অনিয়ম প্রমাণিত হলে পর্যটন ও ব্যবসা সংক্রান্ত প্রায় দুই লাখ ভিসা বাতিল হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যৌথভাবে এই তদন্ত চালাচ্ছে। মূলত যারা সাময়িক ভিসায় দেশটিতে প্রবেশ করে পরবর্তীতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বা স্থায়ী হওয়ার চেষ্টা করেছেন, তাদের আবেদনগুলো নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। ভিসা নেওয়ার শুরুতেই কেউ প্রকৃত উদ্দেশ্য গোপন করেছিলেন কি না, সেটিই এখন ওয়াশিংটনের প্রধান বিবেচ্য বিষয়।

ভারতীয় নাগরিকরা এই পর্যালোচনার আওতায় পড়বেন কি না, এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, মার্কিন ভিসা পাওয়া কোনো অধিকার নয়, এটি একটি বিশেষ সুযোগ। তিনি বলেন, কনস্যুলার কর্মকর্তার কাছে মিথ্যা তথ্য দিলে তা জালিয়াতি হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল হতে পারে। তবে দেশটিতে গিয়ে আশ্রয়ের আবেদন করলেই তা স্বয়ংক্রিয়ভাবে জালিয়াতি নয়। তদন্তকারীরা মূলত আবেদনকারীর সততা এবং ভিসা পাওয়ার আগের মানসিক প্রস্তুতি খতিয়ে দেখছেন।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ব্যবস্থাকে সুসংহত করতে এই পদক্ষেপ নিয়েছেন। এই যাচাই প্রক্রিয়াটি বিভিন্ন ধাপে সম্পন্ন হবে। ভিসা পাওয়া মানেই চিরস্থায়ী থাকার নিশ্চয়তা নয় এবং অনিয়মের প্রমাণ মিললে যেকোনো সময় তা বাতিল হতে পারে।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে দিনব্যাপী কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে দিনব্যাপী কর্মশালা

খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে বৃহস্পতিবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

কর্মশালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার বর্তমান অবস্থা, সংরক্ষণ, চর্চা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। 

বক্তারা বলেন, ভাষার সঙ্গে জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য জড়িয়ে রয়েছে। তাই গবেষণা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি নতুন প্রজন্মকে ভাষা চর্চায় উৎসাহিত করা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোংরা পরিবেশে ফুচকা তৈরি, এক লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


নোংরা পরিবেশে ফুচকা তৈরি, এক লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা এবং চটপটি তৈরির দায়ে এক কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের মালতিনগর এলাকায় অবস্থিত ভাই বোন ফুচকার কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ফুচকা তৈরির টেবিলের পাশেই পাতা ইঁদুর ধরার ফাঁদ। তার ঠিক মাথার ওপর কবুতরের খাঁচা। সেই খাঁচা থেকে কবুতরের বিষ্ঠা ও পাখনার ময়লা এসে পড়ছে প্রস্তুতকৃত খাবারে। চকচকে এসি আউটলেটের আড়ালে জনপ্রিয় ভাই বোন ফুচকার কারখানায় দেখা মিলেছে এমন ভয়াবহ নোংরা চিত্র। শহরে ভাই বোন ফুচকার আকর্ষণীয় আউটলেট থাকলেও মূল কারখানার পরিবেশ চরম অস্বাস্থ্যকর। খাবারে ইঁদুর ও কবুতরের বিষ্ঠার উপস্থিতির পাশাপাশি অভিযানে ফুটন্ত গরম টক ফুড-গ্রেডবিহীন প্লাস্টিকের পাত্রে রাখা এবং বেশ কয়েক দিন আগের সেদ্ধ করা পচা ডিম পাওয়ার প্রমাণ মেলে। এছাড়া চটপটি ও ফুচকা তৈরিতে ব্যবহৃত গাজর ও শসার বড় একটি অংশই ছিল পচা ও মানহীন।

অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহজালাল। তিনি জানান, বাইরের চাকচিক্যের পেছনে কারখানার ভেতরের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর। ইঁদুরের উপদ্রব, কবুতরের বিষ্ঠা ও পচা কাঁচামাল দিয়ে খাবার তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে পরিবেশ উন্নত করার জন্য ১২ দিনের সময় চেয়েছে। এই ১২ দিন কারখানাটির সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। পরবর্তীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিদর্শনের পর সন্তোষজনক পরিবেশ পেলে পুনরায় চালুর অনুমতি দেওয়া হবে।

বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল জানান, নিয়মিত ভেজালবিরোধী মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানে চড়ে জার্মানিতে মশা, ম্যালেরিয়ায় বিমানবন্দরের দুই কর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


বিমানে চড়ে জার্মানিতে মশা, ম্যালেরিয়ায় বিমানবন্দরের দুই কর্মীর মৃত্যু

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে বিরল ম্যালেরিয়া সংক্রমণের ঘটনায় দুই কর্মীর মৃত্যু হয়েছে। মশাবাহিত এই গুরুতর রোগে বিমানবন্দরের মোট ছয় কর্মী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের ধারণা, আক্রান্তদের মধ্যে সংক্রমণ ছড়ানো মশাগুলো কোনো একটি বিমানের মাধ্যমে জার্মানির সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরে এসে থাকতে পারে। জুলাইয়ে প্রথম এই সংক্রমণের ঘটনা শনাক্ত হওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়।

বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্রাপোর্টের এক মুখপাত্র জানিয়েছেন, সংক্রমণের কারণে একজন কর্মীর মৃত্যু হয়েছে। পরে বুধবার ফ্রাঙ্কফুর্টের জনস্বাস্থ্য কর্মকর্তারা জানান, আক্রান্তদের মধ্যে মোট দু’জন মারা গেছেন।

ঘটনার পর বিমানবন্দরজুড়ে মশা ধরার জন্য বিশেষ ফাঁদ স্থাপন করা হয়েছে। এসব ফাঁদে ধরা পড়া মশাগুলো পরীক্ষাগারে পাঠিয়ে তাদের প্রজাতি ও কোথা থেকে এসেছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে।

ফ্রাপোর্টের মুখপাত্র বলেন, বিমানবন্দরের সব কর্মীকে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। কারও মধ্যে ম্যালেরিয়ার কোনও উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্যও কর্মীদের উৎসাহিত করা হচ্ছে।

ছয় কর্মীর শরীরে সংক্রমণ
ফ্রাঙ্কফুর্টের জনস্বাস্থ্য বিভাগ ঘটনাটি তদন্ত করছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরের বিভিন্ন এলাকায় ও ভিন্ন ভিন্ন দায়িত্বে কর্মরত ছয়জন পুরুষ কর্মী ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন।

কর্তৃপক্ষ এখন রক্তের নমুনা বিশ্লেষণ করে জানার চেষ্টা করছে, আক্রান্ত ব্যক্তিরা একই মশার কামড়ে সংক্রমিত হয়েছেন, নাকি একাধিক মশা থেকে সংক্রমণ ছড়িয়েছে।

বুধবার পরে ফ্রাঙ্কফুর্টের জনস্বাস্থ্য কর্মকর্তারা গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে দুই আক্রান্ত ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তবে নগরীর সাধারণ মানুষের জন্য সংক্রমণের ঝুঁকি অত্যন্ত কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়, ম্যালেরিয়া সাধারণভাবে একজন মানুষ থেকে আরেকজনের শরীরে সরাসরি ছড়ায় না; মশার কামড়ের মাধ্যমেই রোগটি সংক্রমিত হয়।

আক্রান্তদের সংক্রমণের উৎস নির্ধারণে পরীক্ষাগারের ফল পেতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলেও জানিয়েছে জনস্বাস্থ্য বিভাগ।

বিমানে মশা আসার আশঙ্কা
জুলাইয়ে প্রথম এই সংক্রমণের ঘটনা প্রকাশ্যে আসে। সে সময় চারজন বিমানবন্দর কর্মী ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

জার্মানির রোগ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্যবিষয়ক ফেডারেল সংস্থা রবার্ট কোখ ইনস্টিটিউট (আরকেআই) জানিয়েছিল, আক্রান্ত চার কর্মী ৪ থেকে ৬ জুলাইয়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। তাদের সংক্রমণের সম্ভাব্য কারণ হিসেবে বিমানের মাধ্যমে মশা জার্মানিতে আসার বিষয়টি উল্লেখ করা হয়েছিল।

আরকেআইয়ের তথ্যানুযায়ী, জার্মানিতে ম্যালেরিয়ার অধিকাংশ ঘটনা দীর্ঘপথের আন্তর্জাতিক ভ্রমণকারীদের মধ্যে দেখা যায়। সাধারণত তারা ম্যালেরিয়াপ্রবণ দেশ থেকে সংক্রমিত হয়ে দেশে ফেরেন। কিন্তু জার্মানির কোনও বিমানবন্দরের ভেতরেই মশার মাধ্যমে ম্যালেরিয়া সংক্রমিত হওয়া অত্যন্ত বিরল।

সংস্থাটি সতর্ক করেছে, আক্রান্ত ব্যক্তির বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকলে শুরুতে চিকিৎসকেরা ম্যালেরিয়া শনাক্ত করতে দেরি করতে পারেন। আর রোগ নির্ণয়ে বিলম্ব হলে গুরুতর অসুস্থতার ঝুঁকি বেড়ে যায়।

আরকেআই জানিয়েছে, জার্মানিতে বিমানবন্দরকেন্দ্রিক সর্বশেষ ম্যালেরিয়া সংক্রমণের ঘটনা ঘটেছিল ২০২৩ সালে, সেটিও ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরেই।

কীভাবে ছড়ায় ম্যালেরিয়া?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যানুযায়ী, নির্দিষ্ট কিছু প্রজাতির মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে ম্যালেরিয়ার জীবাণু প্রবেশ করে। পরজীবী দ্বারা সৃষ্ট এই রোগ প্রধানত বিশ্বের উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বেশি দেখা যায়।

ম্যালেরিয়া প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য রোগ হলেও এর উপসর্গ কখনও হালকা, আবার কখনও প্রাণঘাতী হতে পারে। জ্বর, কাঁপুনি, মাথাব্যথা, দুর্বলতা ও শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে রোগটি জীবনহানির কারণও হতে পারে।

ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের সাম্প্রতিক ঘটনায় সাধারণ মানুষের ঝুঁকি খুব কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সংক্রমণের উৎস ও মশার প্রজাতি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিমানবন্দরে নজরদারি ও নমুনা পরীক্ষা অব্যাহত থাকবে।

কর্তৃপক্ষ এখন মূলত দুটি বিষয় নিশ্চিত করার চেষ্টা করছে—আক্রান্ত কর্মীদের শরীরে ম্যালেরিয়ার জীবাণু কীভাবে পৌঁছাল এবং কোনও নির্দিষ্ট মশা বা মশার একটি দল বিমানবন্দরের ভেতরে সংক্রমণ ছড়িয়েছে কি না। পরীক্ষাগারের ফল হাতে পাওয়ার পরই এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%