০২:৪৪ পি.এম
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় একটি বাসার গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন, শিশুসহ, দগ্ধ হয়েছেন। অবস্থা খুবই খারাপ।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে নতুন বাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচ তলার ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন- কাপড়ের দোকানের কর্মচারী মো. শাহীন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং তাদের ভাগনি হাফছা (৮)।
দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে আসা শাহিনের সহকর্মী মো. জসিম জানিয়েছেন, শাহীন নতুন বাজার এলাকার ওই বাসায় স্ত্রী ও ভাগনিকে নিয়ে থাকতেন এবং ভোরে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ হয়ে ঘরে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ৪০ লাখ কৃষককে কার্ড, মিলবে ১০ ধরনের সুবিধা : প্রধানমন্ত্রী
তিনি ধারণা করছেন, গ্যাস লাইন লিকেজ থেকেই সম্ভবত এ আগুনের সূত্রপাত ঘটেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানালেন, দগ্ধ শাহিনের শরীরের ৫০ শতাংশ, তার স্ত্রী ফাহিমার ৪৫ শতাংশ এবং শিশু হাফছার ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন