০৯:১৫ এম
ফিনল্যান্ডের পর্যটন সংস্থা এবার সরাসরি ফিনল্যান্ডে যাওয়ার সুযোগ প্রদান করছে, যেখানে ডেটিং অ্যাপের পরিবর্তে প্রেমের খোঁজে যাওয়ার সুযোগ রয়েছে। ‘ভিজিট ফিনল্যান্ড’ বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন অবিবাহিতকে চার দিনের ভ্রমণের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। আয়োজকরা ভ্রমণের সমস্ত খরচ বহন করবেন। নির্বাচিত ব্যক্তিরা দেশটির খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি স্থানীয় অবিবাহিতদের সঙ্গে ডিনারে অংশগ্রহণের সুযোগ পাবেন।
‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই আয়োজনটি ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা দুটি গ্রুপে ভাগ হয়ে আটজন করে যাবেন রাজধানী হেলসিংকি এবং লেকল্যান্ড অঞ্চলের তাম্পেরেতে। প্রতিটি গ্রুপের সঙ্গে ডিনারে যোগ দেবেন স্থানীয় দুইজন অবিবাহিত ফিনিশ নাগরিক। তবে কোন গ্রুপের গন্তব্য কোথায় হবে, তা অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর জানানো হবে।
চার দিনের সফরে বিভিন্ন খাবার ও সংস্কৃতিভিত্তিক আয়োজন থাকবে। বিশেষ ডিনারে ফিনল্যান্ডের আঞ্চলিক খাবার নিয়ে তৈরি বিশেষ টেস্টিং মেনু পরিবেশন করা হবে। এই মেনুতে বুনো মাছ, বেরি, মাশরুমসহ স্থানীয় উপাদানে তৈরি বিভিন্ন পদ থাকবে।
আরও পড়ুন: নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী হিসেবে নির্বাচিত আবের কাওয়াস
আবেদনের জন্য আগ্রহী ব্যক্তিদের একটি ভিডিও ইংরেজিতে তৈরি করতে হবে। ভিডিওতে উত্তর দিতে হবে—ডিনার ডেটে কী খাবার পরিবেশন করবেন এবং কেন? ভিডিওটি ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে নির্দিষ্ট হ্যাশট্যাগ ও আয়োজকের অ্যাকাউন্ট ট্যাগ করে পোস্ট করতে হবে। পরে ভিজিট ফিনল্যান্ডের ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করে ভিডিওর লিংক জমা দিতে হবে।
১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিতরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ নভেম্বর ২০২৬। নির্বাচিতদের নাম ১ ডিসেম্বর ঘোষণা করা হবে। সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন