০৯:৫২ পি.এম
ব্যাটের কানায় বল লাগলে স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের কাজ হলো ক্যাচটি লুফে নেওয়া। কিন্তু এমন একজন ফিল্ডার পাওয়া গেছে, যিনি ক্যাচ না নিয়ে আঙুলের সাহায্যে শব্দ করে আম্পায়ারকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বল ব্যাটে লাগার শব্দ নকল করে প্রতিপক্ষকে আউট করার চেষ্টা করেছিলেন।
এটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এমন একটি ঘটনা ঘটিয়েছিলেন একজন অপেশাদার ক্রিকেটার। তিনি আঙুলে টোকা দিয়ে ব্যাটে বল লাগার শব্দ তৈরি করেছিলেন। এই ঘটনাটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। সেই প্রতারণার জন্য ‘ক্লিকি পন্টিং’ নামে পরিচিত ব্রায়ান ডিভাইনকে এবার বড় শাস্তি দেওয়া হয়েছে। তাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
গত জুলাইয়ে নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগের (এনওয়াইএসডি) দ্বিতীয় বিভাগে নর্টনের বিরুদ্ধে খেলছিল সল্টবার্নের দ্বিতীয় একাদশ। স্লিপে ফিল্ডিং করার সময় ডিভাইন আঙুলে শব্দ করেন। বলটি নোমান শাবিরের ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি এই কাজটি করেন। এরপর উইকেটকিপার জশ বোয়েস ক্যাচ নেন। সল্টবার্নের আবেদনের পর আম্পায়ার শাবিরকে আউট দেন। ম্যাচের সেই ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
আরও পড়ুন: ৬৪ টেস্টে ২২৯ উইকেট, সাদা জার্সিকে বিদায় জানালেন শামি
তদন্তের পর ডিভাইনকে ২০২৮ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আওতাধীন সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ের মধ্যে তিনি খেলতে, কোচিং করাতে, আম্পায়ারিং করতে, স্কোরিং করতে কিংবা জুনিয়র দল পরিচালনা করতে পারবেন না।
সল্টবার্নের দ্বিতীয় একাদশও শাস্তি পেয়েছে। দলটিকে দ্বিতীয় বিভাগ থেকে তৃতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। ২০২৭ মৌসুম শুরু করতে হবে ৬০ পয়েন্ট জরিমানা নিয়ে। এছাড়া ক্লাবকে ৩০০ পাউন্ড জরিমানা দিতে হবে।
ডিভাইন ও ক্লাব উভয়ই অভিযোগ স্বীকার করেছে। ডিভাইন শাস্তি মেনে নিলেও ক্লাব আপিল করেছিল। লিগ জানিয়েছে, তদন্তে কয়েক সপ্তাহ সময় লেগেছে। এতে খেলোয়াড়দের সাক্ষাৎকার, লিখিত বক্তব্য এবং ভিডিও পর্যালোচনা করা হয়েছে।
অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের নামের সঙ্গে মিল রেখে ডিভাইনের নাম ‘ক্লিকি পন্টিং’ রাখা হয়েছে। চলতি বছরের শুরুতে তার নাম ও প্রতারণা নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “বিষয়টি দেখে হেসেছিলাম, তারপর আর ওভাবে মাথায় নিইনি। প্রতারণার আশ্রয় নেওয়া কারো নামের সঙ্গে নিজের নাম জড়ানো নিশ্চয়ই ভালো লাগার মতো বিষয় নয়। তবে সত্যি বলতে, পুরো ব্যাপারটি নিয়ে বেশ হেসেছি ও মজা পেয়েছি।”
আরও পড়ুন: ইংলিশ ক্রিকেটার ব্রায়ান ডিভাইন পন্টিংকে মাঠে আঙুল ফুটিয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন