ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাওকে নিয়ে রসিকতায় চীনের বড় দুটি কোম্পানির চুক্তি হারাল এমবাপ্পে


মাওকে নিয়ে রসিকতায় চীনের বড় দুটি কোম্পানির চুক্তি হারাল এমবাপ্পে

ফুটবল মাঠের বাইরের একটি বিতর্কে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে জড়িয়ে পড়েছেন। সাবেক চীনা নেতা মাও সেতুংকে নিয়ে তার একটি মন্তব্যের কারণে ফরাসি এই তারকা চীনে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর ফলস্বরূপ, চীনা নাগরিকদের জাতীয় অনুভূতিতে আঘাত লাগার অভিযোগে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি বাতিল করেছে চীনের দুই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

চুক্তি বাতিলকারী প্রতিষ্ঠান দুটি হলো— চীনের জনপ্রিয় এনার্জি ড্রিংক প্রস্তুতকারক কোম্পানি ‘ডংপেং বেভারেজ’ এবং দুগ্ধজাত পণ্যের জায়ান্ট ‘মেংনিউ’।

মঙ্গলবার, পৃথক বিবৃতিতে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে প্রতিষ্ঠান দুটি। একটি অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওর কারণে এই পদক্ষেপ নেওয়া হয়, যেখানে এমবাপ্পেকে সাবেক নেতা মাও সে-তুংকে নিয়ে রসিকতা করতে দেখা যায়।

আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?

ডংপেং এবং মেংনিউ জানিয়েছে, চীনা জাতীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তারা এমবাপ্পের সঙ্গে তাদের অংশীদারি বাতিল করেছে।

মাও সেতুং, যিনি ১৯৭৬ সালে মারা যান, চীনের প্রতিষ্ঠাতা নেতা হিসেবে পরিচিত। তার সম্পর্কে রসিকতা করা চীনে অসম্মানজনক হিসেবে বিবেচিত হয় এবং এটি সামাজিকভাবে অত্যন্ত স্পর্শকাতর।

ডংপেং এক বিবৃতিতে জানায়, ‘জাতীয় অনুভূতিতে আঘাত করে এমন যেকোনো আচরণের আমরা কঠোর বিরোধিতা করি এবং এ বিষয়ে আমাদের নীতি একেবারেই শূন্য সহনশীলতার। অবিলম্বে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করছি।’

এবারের ফুটবল বিশ্বকাপ চলাকালে চীনে ডংপেংয়ের স্পোর্টস ড্রিংকের বিজ্ঞাপনে এমবাপ্পেকে নিয়মিত দেখা গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি এসব বিজ্ঞাপনে পানীয়টি পান করতে দেখা যায় ফ্রান্স অধিনায়ককে।

আরও পড়ুন: ‘নেতানিয়াহু সরকারের প্রতি আস্থার অভাব’, বুথফেরত জরিপে মন্তব্য আইজেনকোটের

মেংনিউও এমবাপ্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। চীনে বিপুল জনপ্রিয় এই ফরোয়ার্ডের সামাজিক মাধ্যমে অনুসারীর সংখ্যা কয়েক মিলিয়ন।

বিবৃতিতে মেংনিউ জানায়, ‘অবিলম্বে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আমাদের সব ধরনের সহযোগিতা বন্ধ করা হচ্ছে। চীনা জনগণের অনুভূতিতে আঘাত করে এমন যেকোনো কথা বা কাজের কঠোর বিরোধিতা করে মেংনিউ। এ ধরনের আচরণের ক্ষেত্রে আমাদের নীতি শূন্য সহনশীলতার।’

চীনে এমবাপ্পে এতটাই জনপ্রিয় যে, ভক্তরা তাকে আদর করে ‘গুইগুই’ নামে ডাকেন। চীনা ভাষায় যার অর্থ কচ্ছপ। জনপ্রিয় কার্টুন ও চলচ্চিত্র সিরিজ ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস’-এর একটি মিম থেকে এই ডাকনামের প্রচলন হয়েছে।

তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমবাপ্পের জনপ্রিয়তায় ধাক্কা লেগেছে। ভিডিওতে এমবাপ্পেকে বলতে শোনা যায়, ইন্টারনেটে দেখা সবচেয়ে মজার মিমটি ছিল এমন একটি ছবি, যেখানে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে তার মুখ বসানো হয়েছিল অন্য একজনের মুখের জায়গায়।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

‘একজন লোকের ছবিতে আমার মুখ বসানো হয়েছিল। আমার মনে হয়, তিনি চীনের কোনো স্বৈরশাসক।’

এমবাপ্পে সম্ভবত মাও সে তুংয়ের ছবিতে নিজের মুখ বসানো একটি মিমের কথা বলছিলেন। সামাজিক মাধ্যমে এমন আরও বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের ছবিতে এমবাপ্পের মুখ বসানো হয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর চীনের সামাজিক মাধ্যম ওয়েইবোতে শুরু হয় তীব্র সমালোচনা। ‘এমবাপ্পের সঙ্গে সহযোগিতা বন্ধ করল ডংপেং বেভারেজ’ শীর্ষক বিষয়টি প্ল্যাটফর্মটির সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে।

এক ব্যবহারকারী লিখেছেন, এমবাপ্পের ‘অত্যন্ত গুরুতর ভুল মন্তব্য সীমা অতিক্রম করেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

আরও পড়ুন: সুদানে স্বর্ণের খোঁজে শ্রমিকেরা জীবন ঝুঁকিতে, খনিতে প্রাণ হারাচ্ছেন

অনেকে ডংপেংয়ের এনার্জি ড্রিংকের বোতল থেকে এমবাপ্পের ছবি সরিয়ে ফেলার দাবিও জানান।

চীনের অন্যতম বড় অনলাইন ফুটবল সংবাদমাধ্যম ডংকিউদি সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এমবাপ্পের মন্তব্যের নিন্দা জানায়।

প্রতিষ্ঠানটির দাবি, তার বক্তব্য ‘চীন ও চীনা জনগণের প্রতি অবমাননাকর’ এবং ‘চীনা ফুটবল সমর্থকসহ দেশটির মানুষের অনুভূতিতে আঘাত করেছে’।

এর আগে গত সেপ্টেম্বরে ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ছবি ব্যবহার করে সামরিক স্বৈরশাসকের আদলে তৈরি মিম নিয়ে কথা বলেছিলেন এমবাপ্পে।

আরও পড়ুন: জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কোফলারের আবুল খায়ের স্টীল মেল্টিং লিমিটেড পরিদর্শন

সেখানে এসব ছবির কিছু অংশ মজার হলেও ঐতিহাসিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মকাণ্ডের কারণে অন্য দিকটি মোটেও হাস্যকর নয় বলে মন্তব্য করেন তিনি।

‘এর কিছু অংশ মজার। বোঝা যায়, অনেকেই নিছক আনন্দের জন্য এসব করেন। তবে এর আরেকটি দিক ততটা মজার নয়। কারণ, ইতিহাসজুড়ে ওই ব্যক্তিরা যে ক্ষতি করেছেন, তা আমরা জানি।’

‘যারা মানুষ হত্যা করেছেন কিংবা লাখ লাখ মানুষের জীবনে দুর্দশা ডেকে এনেছেন, তাদের সঙ্গে আমার তুলনা করা হচ্ছে। অথচ আমার মনে হয় না, জীবনে কখনও এমন কিছু করেছি।’

ব্যালন ডি’অর পুরস্কার হাতছাড়া হওয়ার এক দিন পরই চীনে এই বিতর্কে জড়ালেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। সোমবার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে হ্যারি কেইনের পেছনে দ্বিতীয় হন তিনি।

আরও পড়ুন: হলুদ বিন্দু দেখে খননে ২ কোটি টাকার স্বর্ণের খণ্ড উদ্ধার

তবে স্পর্শকাতর রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্যের কারণে চীনে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের তারকাদের বিতর্কে জড়ানোর ঘটনা এবারই প্রথম নয়।

২০২৩ সালে একটি ভিডিওতে তাইওয়ানকে দেশ হিসেবে উল্লেখ করে চীনের সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এনবিএর সাবেক তারকা ডোয়াইট হাওয়ার্ড। ওই ভিডিওতে তার সঙ্গে ছিলেন তাইওয়ানের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট লাই চিং-তে।

চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে বেইজিং।

এর আগে ২০১৯ সালে হংকংয়ের বিক্ষোভকারীদের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বিতর্কে জড়ান হিউস্টন রকেটসের তৎকালীন জেনারেল ম্যানেজার ড্যারিল মোরি।

ওই ঘটনার পর এনবিএর সঙ্গে পৃষ্ঠপোষকতা চুক্তি স্থগিত করে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান। দেশটির টেলিভিশনে এক বছরের জন্য বন্ধ রাখা হয় এনবিএর ম্যাচ সম্প্রচারও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতলক্ষ্যা থেকে মাটি লুট থামছে না, অভিযানে ক্ষুব্ধ স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


শীতলক্ষ্যা থেকে মাটি লুট থামছে না, অভিযানে ক্ষুব্ধ স্থানীয়রা

‘নদীর তীর থেকে এক্সকাভেটর ব্যবহার করে মাটি কাটা হয়, যা ভাসমান পন্টুনে রাখা হয়। আবার নদীর তীরে মাটি তুলে স্তূপ করা হয়। রাতের অন্ধকারে অপেক্ষমাণ ড্রামট্রাকে সেই মাটি তোলা হয় এবং বিভিন্ন স্থানে পাঠানো হয়, ক্রেতার ঠিকানায়।’

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীর তীর থেকে মাটি লুটের এই চিত্র তুলে ধরছিলেন একজন স্থানীয় বাসিন্দা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক।

সম্প্রতি একটি বিকেলে শীতলক্ষ্যা নদীর কালীগঞ্জের মূলগাঁও ঘাটে গিয়ে এ প্রতিবেদক ওই বাসিন্দার সঙ্গে কথা বলেন। এ সময় ঘাট থেকে খানিকটা দূরে মাঝনদীতে একটি ভাসমান পন্টুন দেখা যায়। সেখানে মাটিবাহী পন্টুনে মাটি রাখা ছিল এবং তার ওপর একটি এক্সকাভেটর অবস্থান করছিল।

স্থানীয়দের মতে, রাত হলেই পন্টুন মাঝনদী থেকে তীরে নিয়ে আসা হয়। এরপর সেখানে অপেক্ষমাণ ড্রামট্রাকে মাটি তুলে তা বিভিন্ন স্থানে বিক্রি করে ক্রেতাদের কাছে সরবরাহ করা হয়। তারা জানান, নদীর তীর থেকে মাটি কেটে তীরেও রাখা হয়। অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ চক্রটি বেশ কিছুদিন ধরে এভাবে নদীর মাটি লুট করলেও প্রশাসন কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না।

নদীতীরের নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দারা জানান, কালীগঞ্জে রাত নামলেই শীতলক্ষ্যা নদীর তীরে যন্ত্রের গর্জন শুরু হয়। অন্ধকারে লং বুম এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মূলগাঁও মৌজার বিভিন্ন এলাকা থেকে মাটি কেটে প্রতিদিন রাত ৯টা থেকে ৩টা পর্যন্ত ট্রাকে করে মাটি সরবরাহ করা হয়। প্রতিরাতে ৩০ থেকে ৩৫টি ট্রাকে করে মাটি সরানো হয়।

মূলগাঁও নদীতীরের দোকানি চাঁদপুরের নাবিল মাহমুদ জানান, রাতের বেলায়ও চটপটি বিক্রি হয়। মাটিভর্তি পন্টুন ও ড্রামট্রাকের লোকজন রাতে চটপটি খান। তাই রাতেও তিনি দোকান চালান।

ড্রামট্রাকের শ্রমিক জামালপুরের আ. মোতালেব বলেন, ‘রাতের বেলায় ড্রামট্রাকে মাটি তোলার কাজ করি। এরপর যেখানে মাটি যায়, সেখানে মাটি খালাসের কাজও করি।’

এদিকে, প্রশাসনের অভিযান ও জরিমানা আদায়ের পরও শীতলক্ষ্যা নদী থেকে মাটি লুট থামছে না। সম্প্রতি মূলগাঁও গ্রামের শুক্কুর আলীর ছেলে দুলাল মিয়া (৩৮)-কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে স্থানীয়রা প্রশাসনের স্বচ্ছতা ও আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, প্রশাসনকে ‘ম্যানেজ’ করেই নদীতীর থেকে মাটি কাটা চলছে এবং মাঝে মাঝে ‘লোকদেখানো’ অভিযান পরিচালনা করা হচ্ছে।

শীতলক্ষ্যার চরসিন্দুর সেতু থেকে রূপগঞ্জ পর্যন্ত ৮০ কিলোমিটার অংশে দায়িত্ব পালন করছেন ঘোড়াশাল নদী বন্দরের উপপরিচালক মো. রেজাউল করিম। কালের কণ্ঠকে তিনি জানান, ‘২০২১ সালের শেষের দিকে এই নদীবন্দর স্বতন্ত্রভাবে চালু হয়। সেই থেকে এখন পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখল থেকে ১০৮০টি স্থাপনা উচ্ছেদ, ২৫.৫৫ তীরভূমি উদ্ধার এবং তিন লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া গত পাঁচ বছরে চারবার বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় নদী দখল ও দূষণের দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মাটি লুট করে বিক্রির ঘটনা এখনও চলা প্রসঙ্গে উপপরিচালক বলেন, ‘গত ১১ অক্টোবর আমি এখানে যোগদান করেছি। সব খোঁজখবর নিচ্ছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাটি চুরি বন্ধ হবে আশা করি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, সোমবার (২৭ অক্টোবর) কালীগঞ্জের মূলগাঁও এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরের জমি থেকে মাটি কেটে নেওয়ার ঘটনায় মূলগাঁও গ্রামের শুক্কুর আলীর ছেলে দুলাল মিয়া (৩৮) কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদী বেলাবতে বসতবাড়িতে হামলা, নারীকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নরসিংদী প্রতিনিধি

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


নরসিংদী বেলাবতে বসতবাড়িতে হামলা, নারীকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

নরসিংদীর বেলাবতে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে হামলা, দুই নারীকে মারধর, একজনকে শ্বাসরোধে হত্যাচেষ্টা এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে বেলাবো থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. শরীফ মিয়া (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, শরীফ মিয়া বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘলদীকান্দা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে প্রতিবেশী রেনু মিয়া (৪০), লাবলী বেগম (৩০) ও অজ্ঞাতনামা আরও দুই-তিনজনের সঙ্গে তাঁদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে অভিযুক্তরা বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৭ অক্টোবর সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে রেনু মিয়ার নির্দেশে লাবলী বেগমসহ কয়েকজন বাঁশের লাঠি, কাঠের ডাসা ও লোহার রড নিয়ে শরীফ মিয়ার বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়।
গালিগালাজের প্রতিবাদ করায় শরীফ মিয়ার স্ত্রী সুমি বেগম (২৫) ও তাঁর মা আছিয়া বেগমকে (৪৮) লাঠি, কাঠের ডাসা ও লোহার রড দিয়ে মারধর করা হয়। পাশাপাশি তাঁদের এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে রেনু মিয়ার সঙ্গে থাকা একটি গামছা দিয়ে সুমি বেগমের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এ সময় লাবলী বেগম তাঁর গলায় থাকা প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন খুলে নেন বলে দাবি করেন অভিযোগকারী। চেইনটির আনুমানিক মূল্য এক লাখ ১০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে দাবি করা হয়। এরপর আহত সুমি বেগম ও আছিয়া বেগমকে চিকিৎসার জন্য বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মো. শরীফ মিয়া।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিয়া এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ ফ্লাইট চালুর সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


সৌদিয়া এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ ফ্লাইট চালুর সুখবর

সৌদিয়া এয়ারলাইন্স ২৮ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে, যদি নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয়। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষকে এই সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেছে সংস্থাটি।

এর আগে, ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনার পর সৌদি আরবের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি সরাসরি ফ্লাইট বাতিল করেছিল।

একই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসরকারি ইউএস বাংলা ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছিল। বিকল্প হিসেবে, রিয়াদের অনেক যাত্রী বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে জেদ্দা ও মদিনা হয়ে সৌদি আরবে প্রবেশ করেছে।

এসময় যাত্রীদের কাছ থেকে শিডিউল পরিবর্তনের জন্য কোনো বাড়তি ফি নেওয়া হয়নি বলে দাবি করেছে এয়ারলাইন্সগুলো। আগামী ৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান রিয়াদ ও দাম্মামের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা, চলবে ২১ নভেম্বর পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা, চলবে ২১ নভেম্বর পর্যন্ত

সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। বইমেলা আয়োজন উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় নগরের কাজী নজরুল একাডেমি হল রুমে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘আলোকিত সিলেট" এবং জেলা ও মহানগর জাসাসের সার্বিক সহযোগিতায় এ বইমেলার আয়োজন করা হচ্ছে।

বইমেলার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাহিদ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান। কবি ও কথা সাহিত্যিক এবং বইমেলা কমিটির সদস্যসচিব মুন্নি আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সি এম আব্দুল্লাহ আরিফ, যুগ্ন সাধারণ সম্পাদক আল আমীন, আলোকিত সিলেটের সভাপতি ফজলুল করিম এনাম,
আলোকিত সিলেটের সহসভাপতি ও মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ, জসিম বুক হাউস সাহিত্য পরিষদের সভাপতি, কবি ও অবসরপ্রাপ্ত শিক্ষক ছয়ফুল আলম পারুল এবং আলোকিত সিলেটের সহসভাপতি, লেখক ও ব্যাংকার জগলুল হক।
দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক শাহান আহমদ চৌধুরী, জসিম বুক হাউস প্রকাশনীর প্রকাশক ও স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিন, দিরাই উপজেলার সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও আলোকিত সিলেটের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান তালুকদার, সংগঠনটির প্রচার সম্পাদক মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী, কবি ও গল্পকার মো. আতিকুল ইসলাম, নাট্যকার কামাল আহমদ, কবি জেসমিন বেগম, মো. কাজিম আহমদ ও মোশাহিদ মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বই মানুষের ভিতরের মনুষ্যত্বাকে জাগ্রত করে মানুষকে আলোকিত মানুষে পরিণত করে। তাই নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তোলা এবং লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে বইমেলার গুরুত্ব অপরিসীম। সিলেট বইমেলা সফল ও সার্থক করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।

আয়োজকেরা জানান, বইমেলায় স্টল বুকিং চলছে। আগ্রহী প্রকাশক ও প্রতিষ্ঠানগুলোকে স্টল বুকিংয়ের জন্য ০১৭১২-৯৬১৭৩৫ অথবা ০১৭৩৪-৯২১১৩৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%