ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
০৫:৪১ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে নতুন উদ্যোক্তা তৈরির হার গত ১২-১৫ বছরে আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে বলেই মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে নতুন উদ্যোক্তা খুবই কম তৈরি হয়েছে। যারা আগে থেকেই শিল্প-কারখানার মালিক ছিলেন, তাঁরা মূলত আরো বড় হয়েছেন। এর পেছনে মূলত প্রধান কারণ ছিল গ্যাসের অপ্রতুলতা।’
রবিবার (২৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মিলনায়তনে আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্প মন্ত্রী বলেন, ‘১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে যে হারে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছিল, পরবর্তী ১০-১৫ বছরে সেই অনুপাত ড্রাস্টিক্যালি (তীব্রভাবে) কমে এসেছে। ফলে অর্থনৈতিক প্রবাহ নির্দিষ্ট কিছু হাতের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এটি আয় বৈষম্য বাড়ার একটি প্রধান রেসিপি, এবং আমরা সেটিই অনুসরণ করেছি। যার ফলে ১৫-২০ বছর আগের তুলনায় বর্তমানে আয় বৈষম্য অনেক বেড়েছে।’
আয় বৈষম্যের বৈশ্বিক সূচকের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ইনকাম ডিসপারিটির স্কেল শূন্য থেকে এক পর্যন্ত। সূচক যত ওপরের দিকে যায়, বৈষম্য তত বাড়ে। আমাদের এখানে এই বৈষম্য এখন আগের চেয়ে অনেক বেশি।’
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করে আব্দুল মুক্তাদির বলেন, ‘ভিয়েতনাম, কম্বোডিয়া এমনকি ভারত-পাকিস্তানের জিডিপিতে এমএসএমই খাতের অবদান আমাদের চেয়ে অনেক বেশি। আমাদের জিডিপিতে এই খাতের অবদান মাত্র ২৫ শতাংশ। আমরা এটাকে আরো বাড়াতে চাই। কারণ অর্থনীতির প্রাণপ্রবাহ গতিশীল রাখতে এমএসএমই খাতকে শক্তিশালী করার বিকল্প নেই।’
নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমরা একটি ব্রড-বেইজড (সুদূরপ্রসারী) প্ল্যান নিয়ে এগোচ্ছি। নতুন উদ্যোক্তা তৈরিতে মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা হচ্ছে। বিসিকের মাধ্যমে পাবনা, সিলেট ও নীলফামারীর সৈয়দপুরে নতুন শিল্প পার্ক স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া যেসব শিল্প পার্কে প্লট শেষ হয়ে গেছে, সেখানে নতুন করে ফিজিবিলিটি স্টাডি করে আরও পার্ক করা হবে।’
গ্যাস সংকট ও শিল্পায়ন নিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে আমরা কম জ্বালানি কনজিউম করা শিল্পের দিকে বেশি নজর দেব। আর বর্তমানে যেসব কল-কারখানা গ্যাস সংকটে ভুগছে, সেগুলোর উৎপাদন সক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে সংকট সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করছি।’
এ বছরের আন্তর্জাতিক এমএসএমই দিবসের প্রতিপাদ্য হচ্ছে— ‘এআইনির্ভর ভবিষ্যতে মানুষমুখী অন্তর্ভুক্তি: আগামী প্রজন্মের এমএসএমই খাতের অর্থনৈতিক ক্ষমতায়ন’ এবং মন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তির সুবিধা নিয়ে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উদ্যোক্তা উন্নয়ন অত্যন্ত সময়োপযোগী বলে মন্তব্য করেন।
শিল্প সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উইম্যান অন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), বাংলাদেশের প্রধান ম্যাক্স টুনন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের নাজিম আহমেদ সাত্তার ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম। এর আগে, এ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার দেবীদ্বারের সাবেক পৌর কমিশনার বাছির উদ্দিনকে (৪০) বিমানবন্দর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার (২৮ জুন) ভোরে তিনি দুবাই থেকে দেশে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া বাছির উদ্দিন ছিলেন দেবীদ্বার পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের কমিশনার এবং স্বেচ্ছাসেবক লীগ নেতাও। তিনি পৌরসভার চাঁপানগর গ্রামের মো. আবুল হোসেন মোল্লার ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘ মেয়াদী প্রবাসে পলাতক অবস্থার পর দেশে ফিরে বিমানবন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রবের হত্যা, ছাব্বির হত্যা এবং আবু বক্কর হত্যাচেষ্টা মামলার এজহারনামীয় আসামি বাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা ফুলগাছ তলায় গুলিবিদ্ধ এবং কুপিয়ে পিটিয়ে আব্দুর রহমান রুবেলকে হত্যা এবং কলেজ রোডে কুপিয়ে পিটিয়ে স্কুলছাত্র সাব্বিরকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রহণ করা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বিমানবন্দর থানা পুলিশ বাছিরকে গ্রেপ্তারের পর আমাদের জানিয়েছে। খবর পেয়ে তাকে আনতে থানায় পুলিশ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লিয়াম প্লাঙ্কেট ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের একজন সদস্য ছিলেন। তিনি এখন ক্রিকেটার থেকে বেসবল তারকা হয়ে উঠেছেন। শুক্রবার, ৪১ বছর বয়সী এই তারকা যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড বলার্সের হয়ে বেসবল খেলেছিলেন।
২০১৯ সালের বিশ্বকাপ ফাইনাল ছিল প্লাঙ্কেটের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। ইংল্যান্ডের হয়ে তিনি ১৪ বছরের ক্যারিয়ারে ১৩টি টেস্ট, ৮৯টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি খেলে সর্বমোট ২০১টি উইকেট নিয়েছেন।
এক পর্যায়ে প্লাঙ্কেট ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে চলে আসেন, যেখানে তার স্ত্রীর বাড়ি। এরপর তিনি মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলেছেন। বর্তমানে বেসবলে তার দল ওকল্যান্ড বলার্স পাইওনিয়ার বেসবল লিগে অংশগ্রহণ করছে। এটি একটি স্বাধীন বেসবল প্রতিযোগিতা এবং মেজর লিগ বেসবলের আনুষ্ঠানিক পার্টনার লিগ।
প্লাঙ্কেটকে পিবিএলের ‘মার্কেটিং প্লেয়ার’ হিসেবে ব্যতিক্রমী নিয়মের আওতায় খেলানো হয়, যা দলগুলোকে অস্থায়ীভাবে অন্য খেলার জনপ্রিয় তারকাদের দলে নেওয়ার সুযোগ দেয়। রাইমন্ডি পার্কে ইউবা-সাটার ফ্রিবার্ডসের বিপক্ষে ম্যাচে প্লাঙ্কেট শুরু থেকেই পিচারের ভূমিকায় ছিলেন এবং একটি স্ট্রাইকআউট করার সক্ষমতা দেখান।
ম্যাচ শেষে তিনি জানান, ‘প্রথমে আমি ভেবেছিলাম এটা শুধু আনুষ্ঠানিক উদ্বোধনী পিচ হবে। কিন্তু পরে বুঝলাম, এটা আসল ম্যাচ। প্রথমে মাউন্ডে দাঁড়িয়ে একটু নার্ভাস লাগছিল, তবে ক্যাচার দারুণ সাহায্য করেছে।’
তবে তিনি আরও বলেন, ‘আমি স্ট্রাইকআউটটা পেয়েছি। আমার মনে হয় ব্যাটসম্যান বুঝতেই পারেনি কী আসছে। আমার বলটা ছিল একটু অস্বাভাবিক, ক্রিকেটের বোলিং আর বেসবলের পিচিংয়ের মিশ্রণ। প্রথম ম্যাচ খেললাম, স্ট্রাইকআউটও পেলাম। এর চেয়ে বেশি আর কী চাইতে পারি? দারুণ লাগছে!’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলে পুলিশ উদ্ধার করেছে এক নারীর মরদেহ, যা হাত বাঁধা, গলায় রশি পেঁচানো এবং রক্তাক্ত অবস্থায় ছিল। রোববার (২৮ জুন) দুপুরের দিকে পৌর শহরের শিবনাথ পাড়া এলাকার তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম নাজমা আলম (৫১), যিনি ওই এলাকার ভেটেরিনারি ডাক্তার শফিউল আলম শাহীনের স্ত্রী হিসেবে পরিচিত।
নিহতের স্বজন এবং স্থানীয় এলাকাবাসীরা জানান, সকালে শফিউল আলম অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে তিনি স্ত্রী নাজমাকে একাধিকবার মুঠোফোনে কল করেন, কিন্তু কোন খবর না পেয়ে সাবেক ভাড়াটিয়ার সঙ্গে যোগাযোগ করেন। এরপর, তিনি বাসার নিচতলার ভাড়াটিয়ার সঙ্গে কথা বলে জানতে পারেন নাজমা আলমের অবস্থা আংশঙ্কাজনক।
এ সময় বাড়ির ভেতরে গিয়ে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় নামজার মরদেহ দেখতে পেয়ে তিনি আলোড়িত হন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।
এ ঘটনার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, "এটি নিঃসন্দেহে হত্যা। ঘটনার গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে তার মৃত্যু কীভাবে হয়েছে।"
তিনি আরো জানান, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ