০২:২১ পি.এম
ডি-৮ সদস্য দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনাকে বাণিজ্য ও বিনিয়োগে রূপ দিতে বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) রূপরেখা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের তাগিদ দিয়েছে। একই সঙ্গে, পারস্পরিক শুল্ক সুবিধা সম্প্রসারণ, বাণিজ্য বাধা দূর করা এবং জোটকে আরও কার্যকর করতে পুনর্গঠন ও ফলাফলভিত্তিক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে ঢাকা।
সোমবার (২ নভেম্বর) তুর্কির ইস্তাম্বুলে কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইডলাইনে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই অবস্থান তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈঠকে আলোচনা কেন্দ্রবিন্দু ছিল সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান বাধা দূর করা এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা। দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে শুল্ক সুবিধা বাড়ানো এবং বাণিজ্য সহজ করার বিষয় নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ৬৭ পুলিশ পরিদর্শক এসএসপি পদে পদোন্নতি পেলেন
বাণিজ্যমন্ত্রী বলেন, "বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি।" তিনি আরও বলেন, "এ লক্ষ্যে এফটিএ ও পিটিএর রূপরেখা দ্রুত চূড়ান্ত এবং বাস্তবায়নে ডি-৮ সচিবালয়কে সক্রিয় ভূমিকা নিতে হবে।" সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় জোরদারের জন্যও তিনি অনুরোধ জানান।
চুক্তি বাস্তবায়নের পাশাপাশি জোটের প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ডি-৮কে আরও অর্থবহ করে তুলতে এর পুনর্গঠন এবং ফলাফলভিত্তিক কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।
ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদ বৈঠকে বাংলাদেশের প্রস্তাব ও আগ্রহ ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। বৈঠকে বাংলাদেশের এবং ডি-৮ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী তুর্কিতে সফর করছেন কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে।
আরও পড়ুন: বিশ্বজয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন