ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন জুড বেলিংহ্যাম


টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন জুড বেলিংহ্যাম

২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের জার্সিতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন জুড বেলিংহ্যাম। তিনি জাতীয় দলের হয়ে সাতটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, তার সকল গোলই এসেছে ২০২৬ বিশ্বকাপে। এই ইংলিশ মিডফিল্ডার এক আসরে সর্বোচ্চ গোল করার নতুন রেকর্ডও স্থাপন করেছেন।

বেলিংহ্যাম তার দারুণ পারফরম্যান্সের জন্য স্বীকৃতি পেয়েছেন। ২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। বিশ্বকাপে থ্রি লায়ন্সদের তৃতীয় স্থান অর্জনের পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয় করার পর এটি ইংল্যান্ডের সর্বোচ্চ সাফল্য।

মেক্সিকোর বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে ইংল্যান্ডের ৩-২ গোলের জয়ে বেলিংহ্যাম দুটি গোল করেন। এরপর কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিরুদ্ধে ২-১ ব্যবধানের জয়েও তিনি দুটি গোল করেন। তার ধারাবাহিক পারফরম্যান্সই ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালের দিকে এগিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন: এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ই প্রধান লক্ষ্য, জানালেন বার্সেলোনা প্রেসিডেন্ট লাপোর্তা

এবার টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন বেলিংহ্যাম। ইংল্যান্ডের অফিসিয়াল অ্যাপে সমর্থকদের ভোটে পুরস্কারটি জেতার পর তিনি মন্তব্য করেন, ‘অসাধারণ লাগছে। আবারও ভক্তদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া বিশাল সম্মানের। জাতীয় দলের হয়ে খেলতে নামলে এসব বিষয় নিয়ে ভাবার সুযোগ থাকে না। তবে অসাধারণ একটি মৌসুম কাটানোর পর এমন স্বীকৃতি পাওয়া অবশ্যই দারুণ ব্যাপার।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিম্নচাপের প্রভাবে বরিশালে ফুঁসে ওঠা সাগরের জোয়ারের সাথে উজানের ঢল ও বৃষ্টির পানিতে নদ-নদীর পানি বিপদসীমার ওপরে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


নিম্নচাপের প্রভাবে বরিশালে ফুঁসে ওঠা সাগরের জোয়ারের সাথে উজানের ঢল ও বৃষ্টির পানিতে নদ-নদীর পানি বিপদসীমার ওপরে

পূর্ণিমার ভরা কোটালের প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ইতোমধ্যে স্থল নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। এটি ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে বরিশাল অঞ্চলের বেশ কিছু নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। অন্যান্য নদ-নদীগুলোর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বরিশালের সব নদ-নদীর পানি অন্তত ১০ সেন্টিমিটার বেড়েছে। উজানের ঢলের পানি এবং শুক্রবার সকালের পূর্ববর্তী ৭২ ঘণ্টায় প্রায় দেড়শ মিলিমিটার বৃষ্টির ফলে বরিশাল অঞ্চলের বিপুল ফসলি জমি প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি উপ-বিভাগের ১৮টি গেজ স্টেশনের তথ্য অনুযায়ী, পূর্ণ জোয়ারের সময় অন্তত ৮টি স্থানে মেঘনা, তেতুলিয়া, বলেশ্বর ও বিষখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে।

বরিশাল বিভাগের ৬টি জেলার ৪২টি উপজেলায় লক্ষ্যমাত্রা অনুযায়ী ৭ লাখ হেক্টর জমিতে আমন রোপণ প্রায় সম্পন্ন হয়েছে, কিন্তু অনেক জমি জোয়ারের পানি এবং আশ্বিনের বর্ষণে নিমজ্জিত হয়েছে। বরিশাল মহানগরীর পাশে প্রবাহিত কীর্তনখোলা নদীর জোয়ারের কারণে নগরীর নবগ্রাম রোডসহ বেশ কিছু রাস্তা প্লাবিত হয়েছে। এছাড়া বালুর মাঠ ও রসুলপুর বস্তি সহ আরো কিছু নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ঝালকাঠির বিষখালী ও সুগন্ধা, পিরোজপুরের বলেশ্বর, তজুমদ্দিনের মেঘনা ও সুরমা, বেতাগীর বিষখালী, উমেদপুরের কঁচা ও হিজলার ধর্মগঞ্জ বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছিল। বরিশালের কীর্তনখোলা, ভোলা খেয়াঘাটের তেতুলিয়া, মির্জাগঞ্জের পায়রা ও শ্রীমন্ত, বরগুনার বিষখালী ও খাকদোন, দৌলতখানের মেঘনা, পাথরঘাটার বিষখালী, বাকেরগঞ্জের তুলাতলা নদ-নদীগুলো বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছিল।

এদিকে, নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং ক্রমে দুর্বল হচ্ছে। তবে মৌসুমি বায়ু বরিশালসহ স্থলভাগে মাঝারি অবস্থায় এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, রোববার থেকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

শুক্রবার সকালের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বরিশালে প্রায় ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র ৮ মিলি। নিম্নচাপটি আরো দুর্বল হয়ে সাগর কিছুটা শান্ত হওয়ার পাশাপাশি বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নদ-নদীর পানি হ্রাস পেয়ে ফসলি জমি প্লাবনমুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের অনুমোদনে ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষে'প'ণা'স্ত্র তৈরির লাইসেন্স: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


ট্রাম্পের অনুমোদনে ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে অত্যাধুনিক 'প্যাট্রিয়ট' আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় চূড়ান্ত লাইসেন্স বা অনুমোদন প্রদান করেছেন। এই তথ্য শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সাংবাদিকদের জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সময়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে জেলেনস্কি বলেন, "আমাদের মধ্যে সুনির্দিষ্ট চুক্তি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের শেষ বৈঠকে স্পষ্টভাবে জোর দিয়ে বলেছেন—হ্যাঁ, তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স পাবে।"

রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধের জন্য প্যাট্রিয়ট ইউক্রেনের জন্য প্রধান ভরসা হিসেবে কাজ করবে। কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং নিজস্ব চাহিদার কারণে যুক্তরাষ্ট্র সরাসরি পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারছিল না। এই অবস্থায় ইউক্রেন এবং ইউরোপীয় মিত্ররা দীর্ঘদিন ধরে মার্কিন প্রতিরক্ষা সংস্থা 'আরটিএক্স (রেথিয়ন)' ও 'লকহিদ মার্টিন'-এর সহায়তায় স্থানীয়ভাবে ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স চেয়ে আসছিল।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি হস্তান্তর এবং কারখানা স্থাপনের পর পুরোপুরি উৎপাদনে যেতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে। তবে এই ঐতিহাসিক সিদ্ধান্ত ইউক্রেনের দীর্ঘমেয়াদি আকাশ নিরাপত্তা জোরদার করবে এবং ওয়াশিংটনের ওপর সরাসরি সামরিক সাহায্যের নির্ভরশীলতা অনেকাংশে হ্রাস পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালদ্বীপে ১৮০ দিনে ৪৬ হাজার প্রবাসীকে সেবা, ৫৫০ কূটনৈতিক উদ্যোগ হাইকমিশনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


মালদ্বীপে ১৮০ দিনে ৪৬ হাজার প্রবাসীকে সেবা, ৫৫০ কূটনৈতিক উদ্যোগ হাইকমিশনের

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর, সরকারের ১৮০ দিনের মধ্যে মালদ্বীপে অবস্থানরত প্রবাসীদের সার্বিক সুরক্ষায় বাংলাদেশ হাইকমিশন ৪৬ হাজারেরও বেশি কনস্যুলার, শ্রম ও কল্যাণসেবা প্রদান করেছে। পাশাপাশি, দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করতে ৫৫০টিরও বেশি সমন্বিত কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গতকাল মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের অংশগ্রহণে ‘সেবা, সম্পৃক্ততা, সংলাপ- আপনার কথা, আগামীর পথ’ শীর্ষক আয়োজিত এক বিশেষ সংলাপ ও মতবিনিময় অনুষ্ঠানে সরকারের ১৮০ দিনের এসব সাফল্য তুলে ধরা হয়।

আজ শুক্রবার মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রবাসীসেবা ও কনস্যুলার সহায়তা

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের ১৮০ দিনে হাইকমিশনের কনস্যুলার উইং ৩৪ হাজার ৪৩০টি এবং শ্রম ও কল্যাণ উইং ১১ হাজার ৮৩৩টি সেবা প্রদান করেছে। এর মধ্যে রয়েছে ৩ হাজার ৮৮৪টি পাসপোর্ট আবেদন ও বায়োমেট্রিক গ্রহণ, ৩ হাজার ৫৯৪টি নতুন পাসপোর্ট বিতরণ, ৩৩৩টি ড্রাইভিং লাইসেন্স আবেদন এবং ১৭৫টি হারিয়ে যাওয়া পাসপোর্টের জটিলতা নিরসন।

একই সময় ৪২৫টি স্বেচ্ছায় প্রত্যাবর্তনের আউটপাস, ১৫৫টি ডিটেনশন আউটপাস, ১৯২টি ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড কার্ড এবং ৯৯৪টি প্রশাসনিক নথি ও ভিসা সত্যায়ন সম্পন্ন হয়েছে। এছাড়া ৪৩জন প্রবাসীর মরদেহ স্বজনদের কাছে পাঠাতে প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মন্তব্য করেন, ‘প্রবাসীদের কল্যাণ ও অধিকার সুরক্ষা নিশ্চিত করাই সরকারের মূল অগ্রাধিকার। রাজধানী মালের বাইরে দূরবর্তী প্রশাসনিক দ্বীপগুলোতে অবস্থানরত প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছানোর কাজ চলমান রয়েছে।’

দ্বিপক্ষীয় কূটনীতি ও কর্মসংস্থান

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ককে সুদৃঢ় করতে দ্বিপক্ষীয়, অর্থনৈতিক, শিক্ষা, পরিবেশ ও প্রতিরক্ষা সহ ১৫টির বেশি নতুন ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচিকে কেন্দ্র করে ৭০টির বেশি উচ্চপর্যায়ের বৈঠক, ৩০টি মন্ত্রিপর্যায়ের আলোচনা এবং মালদ্বীপের বিভিন্ন সরকারি দপ্তরে ১০০টিরও বেশি প্রাতিষ্ঠানিক যোগাযোগ সম্পন্ন হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মালদ্বীপের শ্রমবাজারে প্রায় ১০ হাজার সাধারণ কর্মী, ২০০-৩০০ শিক্ষক এবং শতাধিক স্বাস্থ্য পেশাজীবীর সম্ভাব্য নিয়োগের সুযোগ তৈরি করা হয়েছে। এছাড়া ৩০টির বেশি প্রতিষ্ঠানে বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করতে আলোচনা হয়েছে।

রেমিট্যান্স সংযোগ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়াতে মালদ্বীপে একটি বাংলাদেশি ব্যাংকের শাখা প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা চলমান রয়েছে। হাইকমিশন জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে মালদ্বীপ থেকে প্রায় ১৪ কোটি ১১ লাখ মার্কিন ডলার (প্রায় ১,৭৩৭.৯ কোটি টাকা) রেমিট্যান্স বাংলাদেশে এসেছে। ২০২৩-২০২৪ অর্থবছরে যা ছিল ১১ কোটি ২০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় ২০২৪-২০২৫ অর্থবছরে মালদ্বীপ থেকে রেমিট্যান্স প্রবাহ প্রায় ২৫.৯৮ শতাংশ বেড়েছে।

সংস্কৃতি, জনকূটনীতি ও সফট পাওয়ার

বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে ৩০টির বেশি জনকূটনৈতিক ও সাংস্কৃতিক কার্যক্রম, ১৫টি সাংস্কৃতিক উদ্যোগ এবং শিল্প, সাহিত্য ও আলোকচিত্র প্রচারে ১০টিরও বেশি পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসাথে সফট পাওয়ার ও জনকূটনীতিতে ২০টিরও বেশি সম্পৃক্ততা, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধিতে ১৫টিরও বেশি উদ্যোগ, গণমাধ্যম ও কৌশলগত যোগাযোগে ২০টিরও বেশি সম্পৃক্ততা এবং বাংলাদেশের জাতীয় ভাবমূর্তি ও ব্র্যান্ডিংয়ে ৩০টিরও বেশি কার্যক্রম পরিচালিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার মাধ্যমে দ্বিপক্ষীয় মানবিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি বিদ্যমান দ্বিপক্ষীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সক্রিয়করণ, ১০টির বেশি উচ্চপর্যায়ের সরকারি সফর সমন্বয় এবং জাতীয় ও আন্তর্জাতিক দিবসে ৩০টিরও বেশি অনুষ্ঠানে কূটনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। এছাড়া ৮০ জন মালদ্বীপি শিক্ষার্থীকে বাংলাদেশে উচ্চশিক্ষা, ১৯ জন মালদ্বীপের পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ এবং পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের পক্ষ থেকে ২০ হাজার চারা ও বীজ প্রদানের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

হাইকমিশন আরও জানায়, আগামী দিনগুলোতে প্রবাসীদের কল্যাণ ও সেবা আরও উন্নত করা, দ্বীপভিত্তিক সেবা সম্প্রসারণ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান, আনুষ্ঠানিক রেমিট্যান্স চ্যানেল সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় যোগাযোগকে সরাসরি বাণিজ্যিক সামুদ্রিক রুট ও সরাসরি বিমান যোগাযোগের সঙ্গে যুক্ত করার মাধ্যমে পণ্য আদান-প্রদান ও পর্যটন খাতের টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করার অগ্রাধিকার অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে টিকাদান কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


রাজধানীতে টিকাদান কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

রাজধানীর মিরপুরে রাতের অন্ধকারে মুখোশধারীদের দ্বারা একটি টিকাদান ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভাঙচুর ও লুটপাটের পর সেখানে দোকানদার সমিতির সাইনবোর্ড টাঙিয়ে দেওয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে।

এ বিষয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তথ্য প্রদান করেন।

তিনি জানান, প্রায় ২৫০ জন মুখোশ পরা হামলাকারী ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ ব্যানারে ক্লিনিকে হামলা চালায়। তারা কর্তব্যরত দুজন নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে তারা ক্লিনিকের দখল নিয়ে স্থানীয় সাধারণ মানুষকে সেখানে প্রবেশে বাধা দেয়।

ডা. নাসরিনের বক্তব্য অনুযায়ী, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকা দেওয়ার রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার বিভিন্ন সরঞ্জাম ও পদ্ধতি, ওষুধ ও ভ্যাকসিন, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা এবং প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আলট্রাসনোগ্রাম মেশিন নিয়ে গেছে।

এছাড়া, লুটের অভিযোগে একটি জেনারেটর, তিনটি ফ্রিজ, তিনটি এসি, সিসিটিভি ক্যামেরা, তিনটি স্টিলের আলমারি, পাঁচটি স্টিলের ফাইল কেবিনেট, ল্যাবরেটরির সরঞ্জাম ও রিএজেন্ট, দুটি টিভি, দুটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার এবং বিভিন্ন আসবাবপত্র অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি দাবি করেন, হামলাকারীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ কেন্দ্রটির স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে। পরে সেখানে ‘সম্মাননা দোকানদার সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়।

ডা. নাসরিন জানান, যন্ত্রপাতি ও মালামালের আর্থিক ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় কোটি টাকা।

তিনি আরও জানান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি সরকারের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে মিরপুর এলাকার দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা, পরিবার পরিকল্পনা ও শিশুদের টিকাদান সেবা প্রদান করে আসছে।

তিনি বলেন, আগামীকাল (শনিবার) থেকে সরকারি হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু হওয়ার কথা ছিল। তবে কেন্দ্রটি দখল ও ভাঙচুরের কারণে হাম-রুবেলা ক্যাম্পেইনসহ সকল ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

ঘটনার পর কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক।

তিনি বলেন, এটি শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের ওপর হামলা নয়; বরং দেশের দরিদ্র, শিশু ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবার অধিকারের ওপরও আঘাত।

ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচার ও শাস্তির দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কেন্দ্রটির সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে দ্রুত স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর দাবি জানানো হয়েছে। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, মামলায় হানিফ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং দেড় কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%