ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘রাশিয়ার জয় নিশ্চিত’: ট্রাম্পকে স্পষ্ট বার্তা পুতিনের


‘রাশিয়ার জয় নিশ্চিত’: ট্রাম্পকে স্পষ্ট বার্তা পুতিনের

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের (৪ জুলাই) ঐতিহাসিক মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এক হাই-ভোল্টেজ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর দুই নেতার মধ্যে দীর্ঘ ১ ঘণ্টা ২৫ মিনিটের এই ফোনালাপকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে নতুন তোলপাড় শুরু হয়েছে। ক্রেমলিনের পক্ষ থেকে এই আলোচনাকে অত্যন্ত "ব্যবসায়িক এবং ফলপ্রসূ" হিসেবে বর্ণনা করা হয়েছে।

ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, ফোনালাপের শুরুতে পুতিন ট্রাম্প এবং আমেরিকার জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। এরপরই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে চলে আসে ইউক্রেন সংকট। ট্রাম্প যুদ্ধ বন্ধের ব্যাপারে জোর দিলে পুতিন যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি এবং রাশিয়ার ক্রমাগত অগ্রগতির কথা তুলে ধরেন।

পুতিন ট্রাম্পকে স্পষ্ট ভাষায় জানান, ডনবাস অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কনস্টান্টিনোভকা নিয়ন্ত্রণ নেওয়ার পর ইউক্রেন ফ্রন্টলাইনে রুশ বাহিনী বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। যেকোনো মূল্যে মস্কো তার লক্ষ্য অর্জন করবে এবং রাশিয়ার এই 'বিজয় অনিবার্য'।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

আলোচনাকালে পুতিন ডোনাল্ড ট্রাম্পকে আবারও মস্কো সফরের আমন্ত্রণ জানান এবং উল্লেখ করেন যে তাঁর এই আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা না গেলেও, এই দীর্ঘ ফোনালাপ এবং পুতিনের কڑا বার্তা ইউক্রেন সংকটের ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মার পানি বৃদ্ধিতে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের পন্টুন ডুবে গেছে, লঞ্চঘাটেও পানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


পদ্মার পানি বৃদ্ধিতে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের পন্টুন ডুবে গেছে, লঞ্চঘাটেও পানি

পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের পন্টুন পুরোপুরি পানির নিচে ডুবে গেছে। এর ফলে গত দেড় মাস ধরে ওই ঘাটে ফেরিতে যানবাহন ওঠানামা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। অন্যদিকে পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়কেও পানি উঠে যাওয়ায় যাত্রীদের ওঠানামা ব্যাপকভাবে ব্যাহত হচেছ। এর ফলে ফেরি এবং লঞ্চ উভয় সেবা ব্যবহারকারীদের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে বিকল্প হিসেবে ২, ৩ ও ৪ নম্বর ফেরিঘাট ব্যবহার করে যানবাহন পারাপার চালিয়ে যাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। তবে বৃষ্টির সময়, বিশেষ করে ৩ নম্বর ফেরিঘাট এলাকায় র‌্যাম্প ও সংযোগ সড়ক পিচ্ছিল হয়ে পড়ে, যতটা সম্ভব ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে যানবাহন ওঠানামা। ফলে ভারী যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং চালকদের অতিরিক্ত সতর্কতার সঙ্গে পারাপার করতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বালুভর্তি বস্তা ফেলে চলাচলের জন্য অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে, পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে ৫ নম্বর ফেরিঘাটের লো-ওয়াটার পন্টুন পানির নিচে তলিয়ে গিয়েছে। এই কারণে ঘাটটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং সেখানে ফেরিতে যানবাহন ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে ২, ৩ ও ৪ নম্বর ফেরিঘাট দিয়ে যানবাহন পারাপার অব্যাহত থাকলেও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় অপেক্ষার সময়ও বৃদ্ধি পেয়েছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া অঞ্চলের এজিএম আব্দুস সালাম বলেন, “পানি বৃদ্ধির কারণে ৫ নম্বর ফেরিঘাটের পন্টুন ডুবে গেছে। এ কারণে ওই ঘাটে ফেরিতে যানবাহন ওঠানামা বন্ধ রয়েছে। পাটুরিয়া ঘাট এলাকায় লো-ওয়াটার, মিড-ওয়াটার ও হাই-ওয়াটার এই তিন ধরনের ফেরিঘাট রয়েছে। ৫ নম্বর ফেরিঘাটটি লো-ওয়াটার হওয়ায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে পন্টুন ডুবে যায়। এ কারণে প্রায় দেড় মাস ধরে ঘাটটি বন্ধ রয়েছে। তবে বিকল্প ঘাট ব্যবহার করায় যানবাহন পারাপারে বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে না।”

যদিও চালক ও যাত্রীরা জানিয়েছেন, বিকল্প ঘাট দিয়ে পারাপার চললেও বৃষ্টির সময় ৩ নম্বর ফেরিঘাটে যানবাহন ওঠানামা যে রকম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, তাতে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়। একই সঙ্গে লঞ্চঘাটের সংযোগ সড়কে পানি উঠায় যাত্রীদের নানাভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা এখন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন।

এদিকে পদ্মা নদীর পানি যদি আরও বৃদ্ধি পায়, তবে ফেরি ও লঞ্চঘাট এলাকার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। পানি কমে পন্টুন সচল হলে ৫ নম্বর ফেরিঘাটে পুনরায় যানবাহন ওঠানামা পুনরারম্ভ হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াল মাদ্রিদ বিশ্বকাপের মাঝে আরো বড় চমক দেখিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


রিয়াল মাদ্রিদ বিশ্বকাপের মাঝে আরো বড় চমক দেখিয়েছে

নেদারল্যান্ডসের রাইট উইং-ব্যাক ডেনজেল ডামফ্রিস চার বছরের চুক্তিতে ইন্টার মিলান ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন।

রোববার (৫ জুলাই) ক্লাবটি ডামফ্রিসকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। যদিও দুই ক্লাবের কেউই কোনো আর্থিক অঙ্ক প্রকাশ করেনি।

তবে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ডামফ্রিসের ২ কোটি ইউরো (প্রায় ২ কোটি ২৯ লাখ মার্কিন ডলার) রিলিজ ক্লজ সক্রিয় করেই তাকে দলে নিয়েছে লস ব্লাঙ্কোস।

২০২১ সালে পিএসভি আইন্দহোভেন থেকে ইন্টারে যোগ দিয়েছিলেন ডামফ্রিস। তিনি পাঁচ মৌসুমে ইতালিয়ান ক্লাবটির হয়ে নিজেকে নির্ভরযোগ্য রাইট উইং-ব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করেন।

ইন্টারের জার্সিতে ২০৭টি ম্যাচ খেলে ২৭টি গোল করেন, পাশাপাশি সতীর্থদের দিয়ে ২৮টি গোল করিয়েছেন। মিলানের ক্লাবটির হয়ে মোট আটটি শিরোপা জিতেছেন ডাচ এই ডিফেন্ডার।

এর মধ্যে রয়েছে দুটি সিরি আ এবং তিনটি কোপা ইতালিয়া। সদ্য শেষ হওয়া মৌসুমে ইন্টার যখন সিরি আ ও কোপা ইতালিয়া, দুই শিরোপাই জিতে ঘরোয়া ডাবল সম্পন্ন করে, তখন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডামফ্রিসের।

চলতি দলবদলে রিয়াল মাদ্রিদের চতুর্থ সাইনিং তিনি। এর আগে মার্ক কুকুরেয়া, বের্নার্দো সিলভা এবং ইব্রাহিমা কোনাতেকেও দলে ভিড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি।

গত মৌসুমে হতাশাজনক পারফরমেন্সের পর, দলকে নতুন করে গড়ে তুলতেই বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে রিয়াল। ২০২৫-২৬ মৌসুমে লা লিগার শিরোপা জিততে পারেনি তারা। এ ছাড়াও, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকেও কোয়ার্টার-ফাইনালেই বিদায় নিতে হয়েছিল।

নির্বাচনী প্রচারণার সময় ক্লাবের রক্ষণভাগকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল ডামফ্রিস। যাকে শেষ পর্যন্ত দলে ভেড়াতে সক্ষম হয়েছে রিয়াল।

ডামফ্রিস সর্বশেষ নেদারল্যান্ডসের হয়ে ২০২৬ বিশ্বকাপেও খেলেছেন। তবে শেষ বত্রিশে মরক্কোর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ডাচরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্য মন্ত্রণালয়ের সব আইন সময়োপযোগী করা হবে: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


তথ্য মন্ত্রণালয়ের সব আইন সময়োপযোগী করা হবে: তথ্যমন্ত্রী

প্রযুক্তির বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান সব আইন সময়োপযোগী করা হবে, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (৫ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ক একটি সভায় তিনি এ কথা তুলে ধরেন।

তথ্যমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ডিজিটাল প্রযুক্তি অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে গেছে। প্রযুক্তি মানুষের জন্য আশীর্বাদ হলেও এর ঝুঁকি ও চ্যালেঞ্জগুলোও রয়েছে। এসব চ্যালেঞ্জ চিহ্নিত করে একটি কার্যকর আইনি কাঠামোর মধ্যে আনতে হবে।

তিনি আরও বলেন, একসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যপরিধি মূলত প্রিন্ট মিডিয়া ও সম্প্রচারমাধ্যমের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম ও ডিজিটাল ইকোসিস্টেমের বিকাশের কারণে নতুন নতুন বিভিন্ন মাধ্যম তৈরি হয়েছে। অনেকগুলো মাধ্যম প্রচলিত আইনের আওতার বাইরে পড়েছে। তাই পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যমান সব আইন, বিধি, প্রবিধান এবং নীতিমালা পর্যালোচনা করে সময়োপযোগী করতে হবে।

জহির উদ্দিন স্বপন জানান, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ এবং প্রযুক্তিনির্ভর নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিভিন্ন নতুন আইন প্রণয়ন করেছে। এসব দেশের আধুনিক আইন, অভিজ্ঞতা অধ্যয়ন এবং পর্যালোচনার কাজ সংশ্লিষ্টদের দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে নিজস্ব বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কার্যকর আইনি কাঠামো গড়ে তোলা সম্ভব হবে।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব শাহ আলম, মন্ত্রণালয়ের আইনজীবী প্যানেলের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে মব সন্ত্রাস সৃষ্টি করে চেক-স্টাম্পে সই নেওয়ার অভিযোগ: লিটুসহ গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক বরিশাল

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


বরিশালে মব সন্ত্রাস সৃষ্টি করে চেক-স্টাম্পে সই নেওয়ার অভিযোগ: লিটুসহ গ্রেফতার ২

বরিশাল নগরীর সদর রোডের অগ্রণী হাউজিং ও বাকলা ডেভেলপারস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের ওপর মব সন্ত্রাসের মতো পরিস্থিতি তৈরি করে জোরপূর্বক চেক ও স্টাম্পে সই নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন পোর্টালে ভাইরাল হলে নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়।

আদালতের নির্দেশ ও মামলা দায়ের

ইতিমধ্যেই অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ থেকে ঘটনাটি কোতোয়ালি মডেল থানায় এজাহার (FIR) হিসেবে রুজু করার নির্দেশ প্রদান করা হয়। আদালতের আদেশের প্রেক্ষিতে বিএমপি’র কোতোয়ালি মডেল থানায় পেনাল কোডের ১৪৩/৪৪৮/৩২৩/৩৮৪/৩৮৫/৩৮৭/৫০৬(২)/১০৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৯, তারিখ: ০৫/০৭/২০২৬ খ্রিঃ; সিআর-১১৮৯/২০২৬)।

২ আসামী গ্রেফতার

মামলা দায়েরের পর আজ রোববার (৫ জুলাই, ২০২৬) দুপুর আনুমানিক ২:০০ ঘটিকায় বরিশাল মহানগরীর টপটেন এলাকা থেকে এজাহারনামীয় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন:

১. মোস্তাফিজুর রহমান লিটু

২. আবুল কালাম আজাদ

গ্রেফতারের পর আসামিদের কোতোয়ালি থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং যেকোনো ধরণের মব সন্ত্রাস বা চাঁদাবাজি রুখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%