ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মেক্সিকোতে নৌবাহিনীর টহলদলের ওপর হামলায় নিহত ১০


মেক্সিকোতে নৌবাহিনীর টহলদলের ওপর হামলায় নিহত ১০

মেক্সিকোতে বন্যা পর্যবেক্ষণকারী নৌবাহিনীর টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ হামলাকারী নিহত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, সপ্তাহের শেষের দিকে দেশটির সিনালোয়া রাজ্যে বন্যা পর্যবেক্ষণের কাজে নিয়োজিত নৌবাহিনীর সদস্যদের ওপর বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালানো হয়। এ ঘটনার পর পরিচালিত অভিযানে ১০ হামলাকারী নিহত এবং আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম হামলায় তিন নাবিক আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। পরে তিনি মারা যান। অন্য দুজন এখন আশঙ্কামুক্ত রয়েছেন।

রয়টার্স জানায়, বর্ষা মৌসুমকে সামনে রেখে নদী ও বাঁধের পানির স্তর পর্যবেক্ষণ এবং সম্ভাব্য বন্যা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করতে нৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

আটক তিন সন্দেহভাজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশ, ১৯৯৯ সালের পর সর্বোচ্চ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোকর্ণ সৈয়দ অলিউল্লাহ হাই স্কুল এন্ড কলেজকে ঘিরে ভাইরাল ভিডিও, তদন্ত ও আইনি ব্যবস্থার কথা জানালেন প্রধান শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৪০ এম


গোকর্ণ সৈয়দ অলিউল্লাহ হাই স্কুল এন্ড কলেজকে ঘিরে ভাইরাল ভিডিও, তদন্ত ও আইনি ব্যবস্থার কথা জানালেন প্রধান শিক্ষক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ সৈয়দ অলিউল্লাহ হাই স্কুল এন্ড কলেজ-কে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওতে এক তরুণ ও এক তরুণীকে ঘনিষ্ঠ অবস্থায় কিস করতে দেখা যায়। ভিডিওটি একজন ব্যক্তি গোপনে মোবাইল ফোনে ধারণ করেছেন বলে জানা গেছে। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গোকর্ণ সৈয়দ অলিউল্লাহ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সঞ্জিৎ কুমার দেব বলেন,
"আমি ভিডিওটি আজ সকালে দেখেছি। এর আগে বিষয়টি সম্পর্কে জানতাম না। ভিডিওতে থাকা ছেলেটিকে আমি শনাক্ত করতে পেরেছি। সে এসএসসি পরীক্ষা দিয়ে ইতোমধ্যে প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছে। বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলব। আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব। এ ধরনের ঘটনা আমাদের প্রতিষ্ঠানের সুনামের জন্য ক্ষতিকর এবং এটি আমাদের প্রতিষ্ঠানের মানহানির কারণ হয়েছে।"
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন অবরোধে অন্ধকারে কিউবা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৪২ এম


মার্কিন অবরোধে অন্ধকারে কিউবা

মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধের ফলে সমাজতান্ত্রিক কিউবার জ্বালানি মজুদ প্রায় শূণ্য হয়ে গেছে। এর ফলস্বরূপ, সোমবার বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় ঘটে এবং গোটা কিউবায় অন্ধকার নেমে আসে।

নতুন করে কঠোর মার্কিন অবরোধের কারণে ন্যাশনাল ব্ল্যাকআউট এবার প্রথমবার হচ্ছে না। মার্কিন অবরোধ শুরু হওয়ার পর থেকে একাধিকবার গোটা কিউবা অন্ধকারে ছেয়ে গেছে। গত মার্চ মাসে এক সপ্তাহের ব্যবধানে অন্তত দুইবার সম্পূর্ণ ব্ল্যাকআউট হয়েছিল।

বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক কিউবা প্রতিষ্ঠার পর থেকেই দেশটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা মোকাবিলা করে আসছে। প্রতিবেশী পরাশক্তি যুক্তরাষ্ট্র কিউবায় সরকার পরিবর্তনের লক্ষ্যে নানা ধরনের অবরোধ ও চাপ সৃষ্টি করে আসছে। তবে এই বছর তারা জ্বালানি অবরোধ শুরুর পাশাপাশি ব্যাপক চাপ অব্যাহত রেখেছে।

পূর্বে, কিউবা ভেনেজুয়েলা ও মেক্সিকো মতো বন্ধু রাষ্ট্র থেকে জ্বালানি সংগ্রহ করত, বিশেষ করে ভেনেজুয়েলা থেকে। সেখানে তারা ভর্তুকি মূল্যে জ্বালানি তেল পেতো। কিন্তু যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। বাড়তি শুল্ক আরোপের মার্কিন হুমকির কারণে মেক্সিকো বা অন্য কোনো দেশও কিউবায় তেল বিক্রি করতে পারছে না।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে যেকোনো দেশ থেকে সাধারণ নিয়মে জ্বালানি কেনার কোনো সুযোগ নেই কিউবার। এর ফলে দেশটি নজিরবিহীন দীর্ঘ জ্বালানি সংকটে পড়েছে। ২০/২২ ঘণ্টার লোডশেডিং এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।

সোমবার, কিউবার ন্যাশনাল গ্রিডে বিপর্যয় সৃষ্টি হলে পুরো কিউবা অন্ধকারে চলে যায়। কিউবার জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কিউবার ন্যাশনাল গ্রিড সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে এবং গ্রিড পরিচালনাকারী সংস্থা এই বিপর্যয়ের কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু করেছে।

জ্বালানিমন্ত্রী ভিসেন্তে দে লা ও লেভি জানিয়েছেন, বিদ্যুৎ ব্যবস্থা সচল করার জন্য কর্মকর্তারা কাজ করছেন এবং জরুরি সেবার জন্য জরুরি ‘মাইক্রোসিস্টেম’ চালু করা হয়েছে। সোমবার কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জ্বালানি আমদানিতে বাধা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, ওয়াশিংটন মূলত ‘অবরুদ্ধ করে সামাজিক বিস্ফোরণ’ ঘটানোর চেষ্টা করছে।

দ্বীপরাষ্ট্রটির বিদ্যুৎ সংকটের ফলে শিক্ষা, পরিবহন এবং চিকিৎসা সেবা সহ বিভিন্ন জরুরি পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাগুলো কিউবার অর্থনীতিকে আরো দুর্বল করে তুলেছে এবং অনেক পর্যটককে দ্বীপে আসতে বাধা দিচ্ছে। তবে, মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, এই অর্থনৈতিক চাপ প্রয়োগের উদ্দেশ্য হচ্ছে কিউবা সরকারকে তাদের কঠোর রাজনৈতিক ব্যবস্থা শিথিল করতে এবং সরাসরি বিদেশি বিনিয়োগের অনুমতি দিতে বাধ্য করা।

গত মাসে কিউবার ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থনীতি উন্মুক্ত করার লক্ষ্যে একগুচ্ছ সংস্কার প্রস্তাব অনুমোদন করেছে। তবে দেশটির বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জানান, এই পদক্ষেপগুলো কোনো বহিরাগত বা বিদেশি চাপের মুখে নেওয়া হয়নি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র এই সংস্কারগুলোকে অপর্যাপ্ত, লোক দেখানো এবং ভাসা ভাসা হিসেবে মন্তব্য করেছেন।

অবশ্য, গত কয়েক সপ্তাহে মার্কিন ও কিউবান কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মে মাসে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ হাভানায় কিউবার গোয়েন্দা প্রধানদের সাথে বৈঠক করেন এবং মার্কিন সাউদার্ন কমান্ডের কমান্ডার গুয়ান্তানামো বে নৌঘাঁটির সীমানায় কিউবার সিনিয়র সামরিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র কিউবান কর্মকর্তাদের বিরুদ্ধে দ্বীপে রাশিয়া ও চীনের নজরদারি কেন্দ্র স্থাপন এবং ওই অঞ্চলে মার্কিন স্বার্থ ক্ষুন্ন করার অভিযোগ এনেছে। তবে কিউবা এই দাবিগুলি অস্বীকার করেছে।

কিউবার বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী অস্কার পেরেজ-অলিভা ফ্রাগা দ্বীপের মানবিক সংকটের বিবরণ দিতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিত শাস্তির অভিযোগ এনেছেন। তিনি বলেন, ‘আজ আমাদের জনগণের সাথে যা ঘটছে, তা একটি গণহত্যা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৪ এম


এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৩০০ এমএমসিএফডি কমে যাওয়ায় তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপের সমস্যায় পড়তে পারেন।

মঙ্গলবার (৭ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালীস্থ এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকার সব ধরনের গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেন যুদ্ধ বন্ধের সমাধান খুব কাছাকাছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৭ এম


ইউক্রেন যুদ্ধ বন্ধের সমাধান খুব কাছাকাছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইউক্রেনে চলা রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের সমাধান ‘মানুষের ধারণার চেয়েও অনেক কাছাকাছি চলে এসেছে’। তিনি এ কথা সোমবার (৬ জুলাই) হোয়াইট হাউজে সাংবাদিকদের জানান। অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর তিনি এটা মনে করেন।

ট্রাম্প আরও জানান চলতি সপ্তাহে তুরস্কের ন্যাটো শীর্ষ সম্মেলনে এই যুদ্ধ বন্ধের বিষয়ে বড় ধরনের আলোচনা হবে।

ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমার মনে হয় আমরা যুদ্ধের সমাধানের যতটা কাছাকাছি চলে এসেছি, মানুষ তা এখনো টের পাচ্ছে না। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও এই যুদ্ধের অবসান চান। আমি আপনাদের খুব জোরালোভাবে বলছি।’

ক্রেমলিন সূত্রে জানা গেছে, পুতিনের সঙ্গে ট্রাম্পের ৪ জুলাইয়ের ছুটির দিনে প্রায় ৮৫ মিনিট দীর্ঘ ফোনালাপ হয়। এই ফোনালাপে ট্রাম্প শান্তির পথে সাহায্য করার প্রস্তাব দেন। এরপর জেলেনস্কির সঙ্গেও তিনি কথা বলেন। ট্রাম্প জানান, জেলেনস্কিও এখন এই যুদ্ধ থামানোর পক্ষে রয়েছে।

আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সরাসরি বৈঠকের কথা রয়েছে বুধবার (৮ জুলাই)। ট্রাম্প যুদ্ধ শেষের দাবি করলেও মাঠের পরিস্থিতি এখনো থমথমে। কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। তবে জেলেনস্কি জানান, ইউক্রেনের সাম্প্রতিক সাফল্যের কারণে ট্রাম্প এখন যুদ্ধটিকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখছেন।

ফিনান্সিয়াল টাইমসকে জেলেনস্কি জানান, রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলাকে ট্রাম্প বেশ ইতিবাচকভাবে দেখছেন। জেলেনস্কির ভাষায়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় সাফল্যের পাশে থাকতে চান। আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচন ও নিজের মর্যাদার স্বার্থেই তিনি এই যুদ্ধ শেষ করতে আগ্রহী।’

এদিকে মস্কোতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুদ্ধ নিরসনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্ট ও সংগতিপূর্ণ। তিনি ঘন ঘন মত বদলান না। পেসকভ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুদ্ধক্ষেত্রে আসল পরিস্থিতি কী, তা পুতিনের কাছ থেকে সরাসরি শুনতে ট্রাম্প বেশ আগ্রহী।’ ক্রেমলিন নিশ্চিত করেছে যে, পুতিন ও ট্রাম্প অদূর ভবিষ্যতে যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%