মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি
রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৪৯ পি.এম
দরিদ্র ও অসহায় পরিবারকে স্বাবলম্বী করে তুলতে জামালপুর সদর উপজেলার তুলশীচর ইউনিয়নে দশটি হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন Unity CareX।
শনিবার (৫ সেপ্টেম্বর) তুলশীচর ইউনিয়নের ডৌয়াতলা সাখাওয়াত হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এ ছাগল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য হলো, দরিদ্র পরিবারের সদস্যদের আয় বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদে তাদের স্বাবলম্বী করে তোলা।
অনুষ্ঠানে Unity CareX-এর চেয়ারম্যান সৌরভ নির্ভান বলেন, শুধু এককালীন সহায়তা প্রদান নয়, দরিদ্র পরিবারগুলোর জন্য স্থায়ী আয়ের সুযোগ সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য। ছাগল পালনের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো ভবিষ্যতে নিজেদের আয় বাড়াতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় সংগঠনের অন্যতম সদস্য শহর আলী বলেন, মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Unity CareX-এর চেয়ারম্যান সৌরভ নির্ভান, বিশেষ অতিথি চ্যানেল আই সেরাকণ্ঠ তারকা তরিক মৃধা, সংগঠনের সদস্য জাফর ইকবাল, লুৎফর রহমান লিখন, শেখ ফরিদসহ অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, দরিদ্র পরিবারকে শুধু সাময়িক সহায়তা দেওয়ার পরিবর্তে তাদের আয় করার সুযোগ তৈরি করে দেওয়ার মাধ্যমে জীবনমানের ইতিবাচক পরিবর্তন আনাই Unity CareX-এর অন্যতম লক্ষ্য। এ ধরনের মানবিক ও স্বাবলম্বীকরণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ছাগল পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের পরিবারের আর্থিক সংকট কাটিয়ে উঠে নিজেদের পায়ে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অপরাধবিষয়ক জনপ্রিয় টিভি অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে কোটি দর্শকের প্রশংসা অর্জন করা মিসরের তারকা উপস্থাপিকা সারা খলিফা এখন অপরাধের অভিযোগে ফাঁসির মঞ্চে যেতে চলেছেন। মাদক চোরাচালান, অবৈধ অস্ত্র এবং একটি আন্তর্জাতিক অপরাধচক্র পরিচালনায় জড়িত থাকার অভিযোগে ৩৯ বছর বয়সী এই উপস্থাপিকাসহ মোট ১১ জনের বিরুদ্ধে মিসরের একটি আদালত মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে।
মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘আল-আহরাম’-এর তথ্য অনুযায়ী, অভিযুক্তরা একটি বিশাল সন্ত্রাসী ও অপরাধী চক্র গঠন করেছিল। তারা বিদেশ থেকে বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান আমদানি করে দেশে কৃত্রিম মাদক তৈরি এবং তা বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করত।
বিচার চলাকালে আদালত জানতে পারে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই চক্রের কাছ থেকে সাড়ে ৭০০ কেজি (১,৬৫৩ পাউন্ড) মারাত্মক মাদকদ্রব্য, তৈরির কাঁচামাল এবং বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
মামলায় ২০ জন সাক্ষীর জবানবন্দির পাশাপাশি আসামিদের মধ্যকার অডিও রেকর্ড ও ভিডিও ক্লিপ আদালতের সামনে উপস্থাপন করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণের পর আদালত সারা খলিফাসহ ১১ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। একই মামলায় আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং নির্দোষ প্রমাণিত হওয়ায় ৭ জনকে খালাস দেওয়া হয়েছে।
মিসরের আইনি বাধ্যবাধকতা অনুসারে, এই মৃত্যুদণ্ডের চূড়ান্ত অনুমোদনের জন্য দেশটির শীর্ষ ধর্মীয় গুরু ‘গ্র্যান্ড মুফতি’র কাছে ধর্মীয় মতামত চাওয়া হয়েছিল। মুফতির অনুমোদনের পর আদালত এই ঐতিহাসিক রায় নিশ্চিত করেন।
জনপ্রিয় টিভি শো ‘মিশন ইম্পসিবল’-এর মাধ্যমে ক্রাইম রিপোর্টিংয়ে আলোড়ন তোলা সারা খলিফা শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। আদালতে তিনি দাবি করেন, মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর কার্যালয়ে নিয়ে ছবি তোলার আগে তিনি কখনো মাদক চোখেও দেখেননি।
সারা খলিফার আইনজীবী জানিয়েছেন, আদালতের এই কঠোর রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করা হবে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, দেশটিতে অপরাধ দমনে মৃত্যুদণ্ডের ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা থেকে দুই দিনের সফরে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছেন।
তিনি রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা ত্যাগ করেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঠাকুরগাঁওয়ে এটি তার প্রথম সফর।
সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরবর্তী দিন সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরিকল্পনা রয়েছে তার।
এছাড়া, সফরের সময় তিনি তার মা-বাবার কবর জিয়ারত করবেন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঠাকুরগাঁওজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে প্রধান সড়ক, বিভিন্ন মোড় ও সরকারি দপ্তরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ চলছে।
ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু জানিয়েছেন, রাষ্ট্রপতির আগমনের খবরে তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে।
তাকে একনজর দেখার জন্য সবাই অপেক্ষা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মোরাদাবাদে, ভারতের উত্তর প্রদেশের সার্কিট হাউসে নামাজ আদায়ের অভিযোগে সমাজবাদী পার্টির (এসপি) এক নেতার বিরুদ্ধে স্থানীয় পুলিশ মামলা দায়ের করেছে। অভিযোগ করা হয়েছে যে, জনসাধারণের চলাচলের পথে বাধা সৃষ্টি হয়েছে, তবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পার্ক করা গাড়ির সামনে তিনি শান্তিপূর্ণভাবে নামাজ পড়ছেন। এতে সাধারণ মানুষের চলাচলে বা যানবাহনে কোনো ব্যাঘাত ঘটার প্রমাণ নেই।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত নেতার নাম হাজী মোহাম্মদ উসমান। তিনি সমাজবাদী পার্টির মোরাদাবাদ জেলা শাখার সহসভাপতি এবং বিলারি আসনের বিধায়ক মোহাম্মদ ফাহিম ইরফানের চাচা।
পুলিশের সূত্র অনুযায়ী, ভারতীয় দণ্ডবিধির ২৮৫ ধারায় (জনসাধারণের চলাচলের পথে বাধা সৃষ্টি) এবং ২৯২ ধারায় (জনসাধারণের অসুবিধা সৃষ্টি) তার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
জানা গেছে, উসমান উত্তর প্রদেশ বিধান পরিষদের বিরোধীদলীয় নেতা লাল বিহারি যাদবের সঙ্গে দলের বৈঠকে অংশ নিতে মোরাদাবাদ সার্কিট হাউসে গিয়েছিলেন। সেখানে একটি পার্ক করা গাড়ির পেছনে তাকে নামাজ পড়তে দেখা যায়। তবে অভিযোগকারী, মোরাদাবাদের গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী অনিত কুমার, দাবি করেছেন যে, সার্কিট হাউসের পথ আটকে গাড়ি পার্ক করার কারণে চলাচলে বাধা সৃষ্টি হয়েছে।
এই ঘটনার পেছনে স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের বিষয়টি উঠে এসেছে। স্থানীয় সংবাদপত্র দৈনিক ভাস্কর জানায়, সার্কিট হাউসের মতো সরকারি স্থাপনায় নামাজ পড়ার অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে রাষ্ট্রীয় বজরং দলের রাজ্য সভাপতি রোহান সাক্সেনা প্রশ্ন তুলেছেন। তার এই অবস্থানের পর প্রশাসনের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়।
উল্লেখ্য, উত্তর প্রদেশ সরকারের নীতি অনুযায়ী, সড়কে নামাজ পড়ার ক্ষেত্রে কড়াকড়ি থাকলেও সরকারি স্থাপনায় নামাজ পড়া আইনত বেআইনি নয়। একই সময়ে কানওয়ার যাত্রায় অংশগ্রহণকারী ব্যক্তিদের দ্বারা সড়ক অবরোধ ও ভাঙচুরের একাধিক ভিডিও প্রকাশিত হলেও তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া এবং এক মুসলিম নেতার বিরুদ্ধে পুলিশি তৎপরতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আইনি ব্যবস্থার দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর দারুস সালাম এলাকায় টেলিভিশন দেখার সময় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে পাঠানো এক বার্তায় র্যাব-৪ এই তথ্য জানায়।
গুলিবিদ্ধ জেসমিন বেগম (৩৮) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাললা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। বর্তমানে তিনি দারুস সালামের মসজিদ গলির একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন।
এর আগে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালাম থানাধীন মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় জেসমিনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আলামত উদ্ধার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় র্যাব মিডিয়া সেন্টার, কারওয়ান বাজারে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ে র্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
সংবাদ সম্মেলনে গুলির ঘটনায় গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধার হওয়া আলামতসহ বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ